জাহ্নবী কাপুর
জাহ্নবী কাপুরের ক্যারিয়ারে ‘পেড্ডি’ এখন শুধু একটি বাণিজ্যিক সাফল্যের নাম নয়, বরং বিতর্ক, সমালোচনা এবং আত্মপক্ষ সমর্থনেরও এক বড় অধ্যায়। ছবিতে তাঁর চরিত্র আচিয়াম্মাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে।
নারীকে যৌন আবেদনময়ী হিসেবে উপস্থাপন ও নায়িকার সীমিত উপস্থিতি—সব মিলিয়ে ছবিটি সমালোচকদের নিশানায়। ঠিক এমন সময়েই জাহ্নবী নিজেই ছবির একটি অপ্রত্যাশিত মুহূর্তের কথা তুলে ধরেছেন, যেটিকে তিনি ‘পুরো ছবির সবচেয়ে বাস্তব দৃশ্য’ বলে অভিহিত করেছেন।
বিতর্কের মধ্যেও ‘সবচেয়ে বাস্তব’ মুহূর্ত
ছবির প্রচারণার অংশ হিসেবে প্রকাশিত এক ভিডিওতে জাহ্নবী জানান, ‘হেল্লাল্লালো’ গানের শুটিংয়ের সময় একটি দৃশ্য একেবারেই পরিকল্পিত ছিল না। নাচের মাঝখানে সহশিল্পী রামচরণের শক্তি ও উপস্থিতিতে তিনি এতটাই মুগ্ধ হয়ে পড়েছিলেন যে কোরিওগ্রাফি ভুলে কিছুক্ষণ শুধু তাঁর দিকেই তাকিয়ে ছিলেন।
জাহ্নবীর ভাষায়, ‘আমি যেন মাঝপথে থেমে গিয়ে ভাবছিলাম, আমি আসলে কী করছি! সেই মুহূর্ত একেবারে স্বতঃস্ফূর্ত ছিল। পরে নির্মাতারা সেটি গানের মধ্যেই রেখে দেন।’ অভিনেত্রীর মতে, ক্যামেরার সামনে অভিনয় করতে গিয়ে অনেক সময় এমন কিছু মুহূর্ত তৈরি হয়, যা লেখা সংলাপ বা পরিকল্পিত অভিনয়ের চেয়ে বেশি সত্য ও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। তাঁর কাছে সেই দৃশ্য ছিল তেমনই এক মুহূর্ত।
রামচরণের প্রতি মুগ্ধতা
শুধু ওই দৃশ্য নয়, পুরো ছবিতেই রামচরণের কাজের ধরন তাঁকে অনুপ্রাণিত করেছে বলেও জানান জাহ্নবী। বিশেষ করে একজন ক্রীড়াবিদের চরিত্রে অভিনয়ের জন্য রামচরণ যে শারীরিক রূপান্তরের মধ্য দিয়ে গেছেন, তা তাঁকে মুগ্ধ করেছে।
জাহ্নবী বলেন, অনেক অভিনেতা চরিত্রের প্রস্তুতি নিয়ে সেটে আলাদা গুরুত্ব পেতে চান। তাঁরা প্রায়ই জানান কী খেতে পারছেন না, কতটা কষ্ট করছেন বা কী ধরনের ত্যাগ স্বীকার করছেন। কিন্তু রামচরণ ছিলেন সম্পূর্ণ উল্টো। ‘তিনি কখনোই নিজের প্রস্তুতি নিয়ে বাড়াবাড়ি করেননি। তাঁর মনোভাব ছিল—আমি এই চরিত্রে অভিনয়ের দায়িত্ব নিয়েছি, তাই সর্বোচ্চটা দেব। তিনি চুপচাপ নিজের কাজ করেছেন,’ বলেন জাহ্নবী। এই পেশাদারত্বই রামচরণকে অন্যদের থেকে আলাদা করে বলে মনে করেন জাহ্নবী।
বাবার শেখানো পাঠ
একই ভিডিওতে রামচরণও নিজের অভিজ্ঞতার কথা বলেন। তিনি জানান, তাঁর বাবা, দক্ষিণি তারকা চিরঞ্জীবী তাঁকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন।
রামের কথায়, ‘বাবা সব সময় বলেন, “একজন অসাধারণ অভিনেতা যদি শৃঙ্খলাহীন হন, তাহলে তাঁর পরবর্তী কাজ পাওয়ার সম্ভাবনা কমে যায়। কিন্তু একজন মাঝারি মানের অভিনেতা যদি খুব শৃঙ্খলাবদ্ধ হন, তাহলে তিনি আবারও কাজের সুযোগ পাবেন।”’
এই শিক্ষাই রামচরণ ক্যারিয়ারের প্রতিটি ধাপে অনুসরণ করার চেষ্টা করেছেন। পেড্ডি তাঁকে শুধু একজন অভিনেতা হিসেবেই নয়, ব্যক্তি হিসেবেও আরও পরিণত করেছে বলে মনে করেন তিনি।
যে বিতর্ক থামছেই না
তবে ছবি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অন্য একটি বিষয়। মুক্তির পর দর্শকদের একাংশ অভিযোগ তোলেন, ছবিতে জাহ্নবীর চরিত্রকে অত্যধিকভাবে যৌন আবেদনময়ী হিসেবে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে কয়েকটি দৃশ্যে নায়ক পেড্ডি আচিয়াম্মার প্রতি যে আচরণ করে, তা অনেকের কাছে রোমান্স নয়, বরং হয়রানি বা জবরদস্তি বলে মনে হয়েছে।
সবচেয়ে বেশি সমালোচিত হয় এমন একটি দৃশ্য, যেখানে নায়ক জোরপূর্বক নায়িকাকে চুম্বন করে। সমালোচকদের অভিযোগ, নির্মাতারা সেই দৃশ্যকে প্রেমের বহিঃপ্রকাশ হিসেবে উপস্থাপন করেছেন, যা আধুনিক দর্শকের কাছে অস্বস্তিকর। বিতর্ক বাড়তে থাকলে পরিচালক বুচি বাবু সানা প্রকাশ্যে ক্ষমা চান। তিনি স্বীকার করেন, কিছু দৃশ্য দর্শকদের আহত করেছে এবং সেগুলো সংশোধন বা বাদ দেওয়ার আশ্বাস দেন।
জাহ্নবীর অবস্থান
বিতর্কের মধ্যেই জাহ্নবী এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে ছবিতে তাঁর চরিত্রের উপস্থাপন নিয়ে দর্শকদের অনেক অভিযোগ যৌক্তিক। তিনি এটিকে নিজের প্রতি অসম্মান হিসেবে দেখেন কি না, সে প্রশ্নে সরাসরি কিছু না বললেও, আলোচনাটিকে গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান। তাঁর বক্তব্য থেকে স্পষ্ট, তিনি একদিকে ছবির সাফল্য উদ্যাপন করছেন, অন্যদিকে দর্শকদের উদ্বেগও অস্বীকার করছেন না।
বক্স অফিসে ঝড়
সমালোচনা সত্ত্বেও ‘পেড্ডি’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে। নির্মাতাদের দাবি অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৩৪৫ কোটি রুপি আয় করেছে। দক্ষিণ ভারতের পাশাপাশি উত্তর ভারত ও আন্তর্জাতিক বাজারেও ছবিটি ভালো ব্যবসা করছে।
এই সাফল্য দেখিয়ে দিয়েছে, বিতর্ক কখনো কখনো একটি ছবির প্রতি দর্শকের কৌতূহলও বাড়িয়ে দেয়। তবে দীর্ঘ মেয়াদে একটি ছবির মূল্যায়ন হয় তার গল্প, চরিত্র এবং সামাজিক বার্তার ভিত্তিতে—এ কথাও মনে করিয়ে দিচ্ছেন সমালোচকেরা।
ছবি: সংগৃহীত
‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা
সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। ছবি: সংগৃহীত
নাজমুন মুনিরা ন্যান্সি।
গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করার পাশাপাশি বিভিন্ন সময় সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নিজের মতামত প্রকাশ করে থাকেন নাজমুন মুনীরা ন্যান্সি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসে সরাসরি কড়া বার্তা দিয়েছেন তিনি।
স্ট্যাটাসে ন্যান্সি লিখেছেন, ‘যেমন পীর তেমন তার মুরিদ! ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন।’
সোমবার (১৬ নভেম্বর) দেওয়া এই স্ট্যাটাসে কাউকে সরাসরি নাম উল্লেখ করেননি গায়িকা। ‘ক্ষমতা আর পাবেন না আপা’ মন্তব্যের মাধ্যমে কাকে উদ্দেশ করে কথাগুলো বলেছেন, তাও স্পষ্ট করেননি তিনি। ফলে তার বক্তব্যের লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
অনেকেই মনে করছেন বিএনপির সমর্থক এই গায়িকা স্ট্যাটাসটি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করেই লিখেছেন।
এর আগে বিভিন্ন সময় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিষয়ে মতামত জানিয়ে আলোচনায় এসেছেন ন্যান্সি। বিশেষ করে রাজনৈতিক অবস্থান ও সমসাময়িক ঘটনা নিয়ে তার বক্তব্য অনুসারীদের মধ্যে আগ্রহ তৈরি করে।
টালিউড ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রী মিমি চক্রবর্তী।
টালিউড ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রীদের একজন মিমি চক্রবর্তী। জীবনের ৩৭ বসন্তে এসেও এখনো সিঙ্গেল রয়ে গেছেন তিনি। ফলে এ নিয়ে বিভিন্ন সময় আলোচনা ও শিরোনামে উঠে এসেছেন। কিন্তু এবার সেই চর্চা যেন একধাপ এগিয়ে। সরাসরি বিয়ের কার্ড ও রেজিস্ট্রি ম্যারিজের দিনক্ষণ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এরইমধ্যে নাকি নতুন জীবনের যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী মিমি। পাত্র ইন্ডাস্ট্রির কেউ নন। ছেলে দীর্ঘদিনের বন্ধু সিদ্ধার্থ, পেশায় ভারতীয় নৌ সেনার একজন অফিসার।
গত ১২ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় মিমির বিয়ের কার্ড প্রকাশ্যে আসে। সেখানে নব বিবাহিত দম্পতির সঙ্গে বিয়ের মন্ডপে তিন সারমেয়কে বসে থাকতে দেখা যায়। আর অভিনেত্রীকে যে আগে থেকেই একজন পশুপ্রেমিক, সেটি সবারই জানা। তারই ছোঁয়া রেখেছেন নিজের বিয়ের কার্ডে।
৩৭ এ সাতপাকে মিমি! পাত্র কে এই নৌসেনা
টালি তারকার বিয়ের কার্ডের ছবি ভাইরাল হওয়ার রেশ কাটিয়ে ওঠার আগেই, এবার সামনে এল তার রেজিস্ট্রি ম্যারিজের দিনক্ষণ। সূত্রের বরাতে বলা হয়েছে, আগামী ২৬ নভেম্বর মিমি ও সিদ্ধার্থের আইনি বিয়ে হবে। আর ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়বেন তারা। তবে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি মিমি।
এদিকে এমনটাও জানা গেছে, বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন মিমি। শপিং থেকে শুরু করে সব কাজ পুরোদমে চলছে। কিছুদিন আগেই অবশ্য সব্যসাচী মুখার্জির স্টোরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে, যা দেখে স্পষ্ট- হাতে বেশি সময় নেই।
দার-ই-নিজাত