মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’

  • প্রকাশ : রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৯:৩৬ পিএম

আসন্ন ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। আজ রোববার সকাল ১০টায় ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির নাম ঘোষণা করে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) উদ্যোগে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি।


সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে চূড়ান্তভাবে নির্বাচিত সিনেমার নাম ঘোষণা করেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ও অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ জহিরুল ইসলাম।


৯৯তম অস্কারে বাংলাদেশের সিনেমা পাঠানোর জন্য নির্ধারিত সময়সীমা ছিল ১৬ সেপ্টেম্বর ২০২৬। এর মধ্যে মোট পাঁচটি সিনেমা জমা পড়ে। 


সিনেমাগুলো হলো রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।


পরবর্তীতে ‘মানুষের বাগান’ সিনেমাটি স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। বাকি চারটি সিনেমার মধ্য থেকে সিলেকশন কমিটির সদস্যদের দীর্ঘ বিশ্লেষণ ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ‘রইদ’কে অস্কারে বাংলাদেশের আনুষ্ঠানিক মনোনয়ন হিসেবে নির্বাচন করা হয়।


ছয় সদস্যের অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ছিলেন ড. জহিরুল ইসলাম। কমিটির সদস্যরা হলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।


‘রইদ’ মূলত সাধু ও তাঁর স্ত্রী পাগলির সম্পর্কের সরল অথচ গভীর আখ্যান। প্রেম ও নীরবতার মধ্য দিয়ে মানবজীবনের চিরন্তন এক আদিম প্রেমের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমানের চিত্রনাট্যে নির্মিত ছবিটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।


নির্বাচিত সিনেমার নির্মাতা, প্রযোজক, শিল্পী ও কলাকুশলীদের অভিনন্দন জানিয়েছে অস্কার বাংলাদেশ কমিটি। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেছে, ‘রইদ’ বিশ্বমঞ্চে বাংলাদেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরতে সক্ষম হবে।



সর্বশেষ সব খবর

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবিঃ ফেসবুক।

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৪৫ পিএম

শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে আবেগ, স্মৃতি আর ভালোবাসা। বিশেষ করে মায়ের আলমারিতে যত্নে তুলে রাখা শাড়িগুলোর আবেদন যেন একটু অন্য রকম। সেই আবেগের পাশাপাশি মায়ের শাড়ি পরার মধ্যে খুঁজে পান সাশ্রয়ের পথও। অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার জামদানি-প্রীতির গল্পেও রয়েছে এমনই এক মজার বিষয়।


জামদানি পরার ইচ্ছা হলেই নিজের জন্য নতুন শাড়ি কিনতে ছোটেন না প্রভা। বরং মায়ের শাড়ির সংগ্রহ থেকেই পছন্দমতো একটি বেছে নেন। এতে একদিকে যেমন নতুন শাড়ি কেনার খরচ বাঁচে, অন্যদিকে মায়ের শাড়ি পরার মধ্য দিয়ে মিশে থাকে আলাদা এক ভালো লাগা।


<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1598401928238375%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>


সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিয়মিতই বিভিন্ন পোস্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে নিজের ভাবনা ও দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন তিনি। সম্প্রতি মায়ের শাড়ি পরার প্রসঙ্গেও নিজের অভ্যাসের কথা জানিয়েছেন প্রভা।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শাড়িটা সুন্দর, তাই না? আমারও বেশ পছন্দ। তবে দুর্ভাগ্যজনকভাবে এটি আমার নয়, আম্মুর। আমি জামদানি পরতে চাইলে সাধারণত নিজের জন্য শাড়ি কিনি না। আম্মুর শাড়ির সংগ্রহ থেকেই পছন্দমতো একটি বেছে নিই।’


এর পেছনে খরচ বাঁচানোর বিষয়টিও রয়েছে বলে জানান অভিনেত্রী। প্রভার কথায়, ‘এতে নিজের শাড়ি কেনার খরচটাও বেঁচে যায়। কারণ, আম্মুর মতো তো আর আয় করি না! তাই জামদানি পরার ইচ্ছা হলে আম্মুর সংগ্রহ থেকেই একটি শাড়ি নিয়ে পরি।’

সর্বশেষ সব খবর

‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’র দৃশ্য। ছবি: লাদেশ থিয়েটার

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১:১৫ পিএম

বাংলাদেশ নাট্যোৎসব


বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ শুরু হচ্ছে ‘বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬’-এর ঢাকা মহানগর পর্ব। ৯ দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ১২টি দলের ১২টি নাটক। ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটকের প্রদর্শনী হবে।


বাংলাদেশ থিয়েটারের পাশাপাশি এই নাট্যোৎসবে অংশগ্রহণ করছে নাটকের দল থিয়েটার, দেশ নাটক, বহুবচন, নাট্যতীর্থ, নান্দনিক নাট্য সম্প্রদায়, স্বপ্নদল, নাগরিক নাট্যাঙ্গন, ঢাকা থিয়েটার, মহাকাল নাট্য সম্প্রদায়, দৃষ্টিপাত নাট্য সংসদ ও নাট্যম রেপার্টরি। আজ উদ্বোধনী দিন জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে থাকছে বাংলাদেশ থিয়েটারের নাটক সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা। নবনাট্যরূপ ও নির্দেশনায় আবদুল আজিজ।


ব্যতিক্রমী আয়োজনে নেমেসিস


বাংলাদেশে মিক্সড মার্শাল আর্টস বা এমএমএকে জনপ্রিয় করতে ব্যতিক্রমী আয়োজন ‘খার ১৩’। আজ রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট সড়কের অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে আয়োজন। এতে থাকছে আটটি অপেশাদার এমএমএ লড়াই। এরপর মঞ্চে উঠবে দেশের জনপ্রিয় রক ব্যান্ড নেমেসিস। দর্শনীর বিনিময়ে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন দর্শকেরা।


‘ব্যাড আইডিয়া’


উত্তরায় স্ট্যান্ডআপ ঢাকা আয়োজন করেছে ‘ব্যাড আইডিয়া’ নামের স্ট্যান্ডআপ কমেডি শো। আলবিয়ন আর্ট গ্যালারিতে এই আয়োজনে পারফর্ম করবেন রাফিদ, জাদিদ, আফনান ও ইফতি। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই শো।

সর্বশেষ সব খবর

কনস্ট্যান্টাইন চরিত্রে অভিনয় করেন কিয়ানু রিভস। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৩:২৩ পিএম

দীর্ঘ দুই দশকের অপেক্ষার পর আবারও আলোচনায় এসেছে হলিউড তারকা কিয়ানু রিভস অভিনীত জনপ্রিয় অতিপ্রাকৃত অ্যাকশন-হরর সিনেমা ‘কনস্ট্যান্টাইন’-এর সিক্যুয়েল। ডিসি স্টুডিওসের নেতৃত্ব থেকে জেমস গান ও পিটার সাফরানের বিদায়ের পর ‘কনস্ট্যান্টাইন ২’ নির্মাণের নতুন সম্ভাবনা দেখছেন পরিচালক ফ্রান্সিস লরেন্স।


সম্প্রতি বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম কোলাইডারকে দেওয়া এক সাক্ষাৎকারে লরেন্স জানান, দীর্ঘদিন ধরে সিক্যুয়েলটি নির্মাণের চেষ্টা করলেও ডিসির তৎকালীন নেতৃত্বের কারণে প্রকল্পটি এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। পরিচালক বলেন, ‘আমরা ২০ বছরের বেশি সময় ধরে কনস্ট্যান্টাইন ২ নির্মাণের চেষ্টা করছি। আমাদের গল্প আছে, চিত্রনাট্যও আছে। আমরা সিনেমাটি বানাতে চাই। কিন্তু ডিসিতে যারা দায়িত্বে ছিলেন, তারাই আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন।’


তবে কারও চাকরি হারানোয় তিনি আনন্দিত নন বলেও স্পষ্ট করেছেন লরেন্স। তার মতে, নেতৃত্বের পরিবর্তনের ফলে দীর্ঘদিন আটকে থাকা প্রকল্পটি নতুন করে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।


সিক্যুয়েলটি নির্মাণে কিয়ানু রিভসের পাশাপাশি চিত্রনাট্যকার আকিভা গোল্ডসম্যান এবং প্রযোজক জে জে আব্রামসও আগ্রহী বলে জানান তিনি। তবে সিনেমাটির ভবিষ্যৎ নির্ভর করছে প্যারামাউন্ট, ওয়ার্নার ব্রাদার্স এবং ডিসির নতুন নেতৃত্বের সিদ্ধান্তের ওপর।


লরেন্স আরও জানান, ডিসি চাইলে নিজেদের সিনেমাটিক ইউনিভার্সের জন্য কনস্ট্যান্টাইন চরিত্রের আলাদা সংস্করণ তৈরি করতে পারে। এতে কিয়ানু রিভস অভিনীত মূল সিনেমার সিক্যুয়েল নির্মাণে কোনো সমস্যা হওয়ার কথা নয়।


এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কিয়ানু রিভস জানিয়েছিলেন, এক দশকের বেশি সময় ধরে তারা সিক্যুয়েলটি নির্মাণের চেষ্টা করছেন। নতুন একটি গল্প ডিসি স্টুডিওসের কাছে উপস্থাপনের পর ইতিবাচক সাড়া পাওয়ার কথাও জানিয়েছিলেন অভিনেতা।


২০০৫ সালে মুক্তি পাওয়া ‘কনস্ট্যান্টাইন’ সিনেমায় অতিপ্রাকৃত শক্তির বিরুদ্ধে লড়াই করা জন কনস্ট্যান্টাইন চরিত্রে অভিনয় করেন কিয়ানু রিভস। ডিসি কমিকসের ‘হেলব্লেজার’ অবলম্বনে নির্মিত সিনেমাটি পরবর্তী সময়ে দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করে।


তবে নতুন আশার কথা জানালেও ‘কনস্ট্যান্টাইন ২’ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা কিংবা মুক্তির তারিখ এখনো নিশ্চিত করা হয়নি।

সর্বশেষ সব খবর

দর্শকপ্রিয় অভিনেত্রী ফারজানা চুমকি। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ২:২৯ পিএম

বিগত দুই দশকেরও বেশি সময় ধরে সাবলীল অভিনয় ও নান্দনিক রূপায়ণে দর্শকের মনে বিশেষ স্থান করে নিয়েছেন দর্শকপ্রিয় অভিনেত্রী ফারজানা চুমকি। কখনো মঞ্চে, আবার কখনো ছোটপর্দায় নিজের অনবদ্য অভিনয়ে তিনি বরাবরই মুগ্ধ করেছেন দর্শকদের। দুই দশকেরও বেশি সময়ের এই বর্ণাঢ্য অভিনয় যাত্রায় এসে তিনি বর্তমানে আলোচনায় রয়েছেন তার নতুন একটি ধারাবাহিক নাটক ও বহুমুখী কাজের সুবাদে।


বর্তমানে ‘নাফ এন্টারটেইনম্যান্ট’ ইউটিউব চ্যানেলে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘প্রথম প্রেমের গল্প’। এই ধারাবাহিকে ‘আয়েশা’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসায় ভাসছেন তিনি। নাটকটির মাত্র কয়েকটি পর্ব প্রচারের পরই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এই নাটকে চুমকি অভিনয় করছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির (মেহনাজ কবির চরিত্রে) মায়ের ভূমিকায়।


নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন গুণী অভিনেতা জাহিদ হোসেন শোভন। নতুন কাজ নিয়ে ফারজানা চুমকি বলেন, “এই ধারাবাহিকে আয়েশা চরিত্রে অভিনয় করে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মাত্র কয়েকটি পর্ব প্রচারে এলেও নাটকটি ইতিমধ্যে তুমুল আলোচনায় এসেছে। নিলয় এবং হিমি যে কতোটা জনপ্রিয়, তা এই নাটকে অভিনয় করতে গিয়ে নতুন করে উপলব্ধি করেছি। শিল্পী হিসেবেও তারা দু’জন ভীষণ ভালো এবং বেশ বিনয়ী। আর শোভন ভাইয়ের সঙ্গে বহুদিন পর কাজ করে খুব ভালো লাগলো। আমি এই ধারাবাহিকের পরিচালক তানভীর তন্ময়সহ পুরো টিমের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি ভবিষ্যতেও আরও ভালো ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি।”


‘প্রথম প্রেমের গল্প’ ছাড়াও ফারজানা চুমকি ব্যস্ত রয়েছেন বৈচিত্র্যময় সব কাজ নিয়ে। কিছুদিন আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প অবলম্বনে নির্মিত ‘জীবিত ও মৃত’ নাটকে ‘কাদম্বিনী’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। এ ছাড়া বর্তমানে সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘আমরা ভাইরাল’ নামের একটি ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন।


ছোটপর্দার পাশাপাশি মঞ্চনাটকের প্রতিও তার রয়েছে গভীর অনুরাগ। ঐতিহ্যবাহী নাট্যদল ‘ঢাকা থিয়েটার’-এর হয়ে বর্তমানে তিনি ফারুক আহমেদের নির্দেশনায় ‘রঙমহল’ নাটকে নিয়মিত অভিনয় করছেন। এ ছাড়া দলটির হয়ে শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ নাটকেও তার নিয়মিত উপস্থিতি রয়েছে। চুমকির সাফ কথা, মঞ্চনাটকে তিনি আজীবন নিয়মিত অভিনয় করে যেতে চান।


ফারজানা চুমকির অভিনয় জীবনের পথচলা শুরু হয় ১৯৯৮ সালে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত বহুল আলোচিত নাটক দিয়ে। এর পরের বছরই তিনি অংশ নেন সেসময়ের অত্যন্ত জনপ্রিয় ‘লাক্স আনন্দধারা ফটোজেনিক’ প্রতিযোগিতায়। প্রয়াত প্রখ্যাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদের তোলা ছবির মাধ্যমেই এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি সেকেন্ড রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন।


এরপর নিজের স্বপ্ন ও আগ্রহের জায়গা থেকেই তিনি যুক্ত হন দেশের অন্যতম শীর্ষস্থানীয় নাট্যদল ‘ঢাকা থিয়েটার’-এর সঙ্গে। ঢাকা থিয়েটারের হয়ে তিনি মঞ্চে উপহার দিয়েছেন ‘হাত হদাই’, ‘বনপাংশুল’, ‘প্রাচ্য’, ‘যৈবতীকন্যার মন’, ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’-এর মতো অসংখ্য প্রশংসিত নাটক। মঞ্চ ও টেলিভিশন—দুটি মাধ্যমেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে ফারজানা চুমকি আজও দর্শকদের হৃদয়ে ভালোবাসার আসন ধরে রেখেছেন।

সর্বশেষ সব খবর

বাংলাদেশে ফিরেছেন শাকিলা জাফর। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১:০২ পিএম

জীবনের দীর্ঘ একটি অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে আবারও বাংলাদেশে ফিরেছেন বাংলাদেশী গায়িকা শাকিলা জাফর।


ভারতের কবি ও সাবেক করপোরেট নির্বাহী রবি শর্মার সঙ্গে প্রায় এক দশকের দাম্পত্য জীবনের অবসানের পর বর্তমানে ঢাকায় মায়ের সঙ্গে বসবাস করছেন তিনি।


জানা গেছে, তাদের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।





২০১৫ সালে রবি শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিলা। বিয়ের পর তিনি শাকিলা শর্মা নামে পরিচিতি পান। এরপর স্বামীর সঙ্গে ভারতের মুম্বাইয়ে বসবাস করছিলেন তিনি। প্রায় দশ বছর একসঙ্গে সংসার করার পর তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে।


সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, দাম্পত্য সম্পর্কের অবসানের পাশাপাশি তাদের বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক প্রক্রিয়াও শেষ হয়েছে। প্রায় এক বছর আগে বাংলাদেশে ফিরে আসেন শাকিলা। এরপর থেকে তিনি দেশেই অবস্থান করছেন।


বর্তমানে ঢাকায় মায়ের সঙ্গে থাকছেন শাকিলা জাফর। দীর্ঘদিন ভারতের মুম্বাইয়ে কাটানোর পর দেশে ফিরে আসা এবং দাম্পত্য জীবনের সমাপ্তি তার ব্যক্তিগত জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৪৬ এএম

কনসার্টের একদিন আগে সুনির্দিষ্ট কারণ না জানিয়ে সংগীতশিল্পী লাকি আলীর বাংলাদেশ সফর বাতিলের কথা জানানো হয়েছে।


আয়োজক ‘ইকিউব এন্টারটেইনমেন্ট’ বুধবার ফেইসবুক পোস্টে বলেছে, “অনিবার্য পরিস্থিতির কারণে দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, লাকি আলীর বাংলাদেশ সফরের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এটি আর অনুষ্ঠিত হচ্ছে না। সব টিকেট এখন থেকে অকার্যকর বলে গণ্য হবে।”


‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ শিরোনামে বৃহস্পতিবার চট্টগ্রামের র‍্যাডিসন ব্লুতে এবং পরদিন শুক্রবার ঢাকার মাদানী অ্যাভেনিউয়ের শেফস টেবিল কোর্টসাইডে কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।তিন বছর পর বাংলাদেশের শ্রোতাদের সামনে গান শোনানোর এ আয়োজনে লাকি আলীর পাশাপাশি বাংলাদেশের কয়েকটি ব্যান্ডেরও পারফর্ম করার কথা ছিল।


এই কনসার্টের টিকেট তিনটি ভিন্ন ক্যাটাগরিতে দাম নির্ধারণ করা হয়েছিল। ৪ হাজার টাকা (জেনারেল), ৭ হাজার টাকা (প্রিমিয়াম) এবং ১২ হাজার টাকা (ভিআইপি)।ফেইসবুক পোস্টে টিকেটের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া জানিয়ে ইকিউব এন্টারটেইনমেন্ট লিখেছে, ইতোমধ্যে যেসব দর্শক রিফান্ডের আবেদন করেছেন, তাদের অর্থ ২৪ ঘণ্টার মধ্যে ফেরত দেওয়া হয়েছে।যারা এখনো সাড়া দেননি, তাদের পাঠানো রিফান্ড ই-মেইল খুলে ‘গেট মাই রিফান্ড’ অপশনে ক্লিক করতে বলা হয়েছে। সেখানে বিকাশ, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট নির্বাচন করলে ২৪ ঘণ্টার মধ্যে টিকেটের মূল্য ফেরত পাওয়া যাবে। ই-মেইলটি ইনবক্সে খুঁজে না পেলে স্প্যাম ফোল্ডার চেক করার পরামর্শ দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।


আগামী সোমবার পর্যন্ত রিফান্ডের জন্য সাড়া দেওয়া যাবে। নির্ধারিত এ সময়ের পর টিকেট কেনার সময় ব্যবহৃত কার্ড বা মোবাইল ওয়ালেটেই স্বয়ংক্রিয়ভাবে অর্থ ফেরত পাঠানো হবে; সে ক্ষেত্রে ৭ থেকে ১০ কর্মদিবস সময় লাগতে পারে বলে পোস্টে তুলে ধরা হয়েছে।কনসার্ট স্থগিতের কারণ জানতে ‘ইকিউব এন্টারটেইনমেন্ট’ এর সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।


এর আগে ২০২৩ সালে বাংলাদেশে এসে একক কনসার্টে ঢাকার শ্রোতাদের মাতিয়েছিলেন লাকি আলী।


নব্বইয়ের দশকের ইন্ডি-পপ ধারায় স্বতন্ত্র গায়কির জন্য পরিচিত লাকি আলী ১৯৯৬ সালে ‘সুনো’ অ্যালবামের ‘ও সানাম’ গান দিয়ে বিপুল জনপ্রিয়তা পান।


পরে বলিউডের প্লেব্যাকেও সাফল্য পান। ‘এক পল কা জিনা’, ‘না তুম জানো না হাম’, ‘আ ভি জা’ কিংবা ‘সফরনামা’র মত বহু গান জনপ্রিয় হয়েছে এই শিল্পীর কণ্ঠে ।


২০১৫ সালের পর বলিউডের বাণিজ্যিক প্লেব্যাক থেকে সরে এসে স্বাধীন সংগীতেই নিয়মিত পারফর্ম করছেন লাকি আলী।


সর্বশেষ সব খবর