ছবি : সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আন্দোলনে অংশগ্রহণকারী ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করা হয়েছে। তাঁরা মার্জনা চেয়ে আবেদন করলে তা মঞ্জুর করে দণ্ডাদেশ বাতিলের আদেশ দেন রাষ্ট্রপতি। ইতিমধ্যে শাস্তি মওকুফ করার প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।
গত বছর রাজস্ব খাতের সংস্কার আন্দোলনের ওই কর্মকর্তারা প্রকাশ্যে তাঁদের বদলির আদেশ ছিঁড়ে ফেলেন, যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার লঙ্ঘন। কেউ কেউ আন্দোলনে সংগঠকের ভূমিকা পালন করেন। কেউ নিজ নিজ দপ্তর বন্ধ রেখে আন্দোলনে অংশ নেন।
শাস্তি বাতিল হওয়া কর্মকর্তারা হলেন কমিশনার জাকির হোসেন (চলতি দায়িত্বে), অতিরিক্ত কর কমিশনার হাছান তারেক রিকাবদার, মির্জা আশিক রানা, চাঁদ সুলতানা চৌধুরানী, সুলতানা হাবীব, মুরাদ আহমেদ, সিফাত ই মরিয়ন, আ আ আমীমুল ইহসান, সাধন কুমার কুণ্ডু, যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন, মামুন মিয়া, মাসুমা খাতুন, মোরশেদ উদ্দীন খান, সানোয়ারুল কবির, উপ কর কমিশনার জিল্লুর রহমান, ইমাম তৌহিদ হোসেন, সাইদুল ইসলাম, শাহাদাৎ জামিল, রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া ও শফিউল বশর।
প্রজ্ঞাপন অনুসারে, শাস্তি মওকুফ করা এনবিআরের কর্মকর্তারা ২০২৫ সালের জুন মাসে রাজস্ব খাতের আন্দোলনের সময় তাঁদের বদলি করা হয়। পরে তাঁরা প্রকাশ্যে বদলির আদেশ ছিঁড়ে ফেলেন। ১৯৭৯ সালের সরকারি কর্মচারী আচরণ বিধিমালার ৩০এ বিধির লঙ্ঘন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর বিধি (খ) অনুসারে ‘অসদাচরণ’।
পরে বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের বিভিন্ন মেয়াদে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়। যেমন সাময়িক বরখাস্ত, বেতন গ্রেড অবনমন ইত্যাদি।
আইআরডির প্রজ্ঞাপনে আরও বলা হয়, শাস্তি পাওয়া কর্মকর্তারা মার্জনা প্রার্থনা করে আপিল আবেদন করলে রাষ্ট্রপতি আপিল আবেদন মঞ্জুর করে দণ্ডাদেশ বাতিলের আদেশ প্রদান করেন।
২০২৫ সালের ১২ মে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারির পর এর বিরোধিতা করে প্রায় দেড় মাসজুড়ে আন্দোলন করেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। ওই বছরের জুন মাসের শেষের দিকে দেশের শুল্ক-কর কার্যালয়ে কাজ বন্ধ হয়ে যায়। অর্থবছরের শেষ সময়ে রাজস্ব আদায় হুমকির মুখে পড়ে। ওই সময়ে টানা কয়েক দিন রাজধানীর এনবিআরসহ দেশের সব শুল্ক-কর কার্যালয়ে কাজ বন্ধ থাকে। এনবিআর ইতিহাসে এমন কখনো হয়নি। সারা দেশে অবস্থান কর্মসূচির পাশাপাশি মিছিল-সমাবেশ চলে। তখন স্থবির হয়ে যায় পুরো রাজস্ব খাত।
একপর্যায়ে ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন স্থগিত করেছিলেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। এরপর এনবিআরে আন্দোলনের জেরে বরখাস্ত, বদলিসহ নানা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বর্ধিত তালিকা প্রকাশ করা হয়েছে। আজ ১০ নভেম্বর রাতে পেশাজীবী অধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাউছার শেখ স্বাক্ষরিত এবং কেন্দ্রীয় সভাপতি এডভোকেট খালিদ হোসেন এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান সুমনের অনুমোদনক্রমে এই বর্ধিত তালিকা প্রকাশ করা হয়। বর্ধিত তালিকায় সহ-সভাপতি হিসেবে ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান ইমরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান ও মোঃ সাইফুল ইসলাম সিজান কে পদায়ন করা হয়েছে। ইঞ্জিনিয়ার আকাশ মাহমুদ কে ইঞ্জিনিয়ার সেল সমন্বয়ক এবং সাংবাদিক মোঃ সাইফুল্লাহ ঢালীকে সাংবাদিক সেল সমন্বয়ক পদে পদায়ন করা হয়েছে। অ্যাডভোকেট মোঃ আবু হানিফ দিদার কে সহ আইন সম্পাদক, শেখ ইসরাকুল ইসলাম ও জসিম উদ্দিন কে কার্যনির্বাহী সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে। উক্ত সিদ্ধান্ত অতি দ্রুত কার্যকর হবে বলে জানা গেছে।
প্রতীকী ছবি
দেশের বাজারে দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় এ সিদ্ধান্ত নিয়েছে বাজুস। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমে হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ৬২৪ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা কমে হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
এর আগে গত ৬ নভেম্বর টানা তিন দফা দাম বাড়ানোর পর স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস। তখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ৬২৫ টাকা কমিয়ে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ২৭৫ টাকা কমিয়ে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়।
সব মিলিয়ে দ্বিতীয় দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমল ৫ হাজার ৪৮২ টাকা। এর আগে গত ২, ৪ ও ৫ নভেম্বর টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওই তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ১২ হাজার ৭২ টাকা বাড়ানো হয়েছিল।
এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
ছবি : সংগৃহীত
পরিমাপে কারচুপির অপরাধে রাজধানীর পশ্চিম কাফরুলের মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার বিএসটিআইর মোবাইল কোর্ট চলাকালে পেট্রোল পাম্পটির তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে প্রতি ১০ লিটার অকটেন ও ডিজেলে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।
বিএসটিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিযানকালে সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনের দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তিনটি নজেল পরীক্ষা করা হয়। এতে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৫০, ৪৪০ ও ২২০ মিলিলিটার অকটেন কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের দুটি নজেল পরীক্ষা করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০ ও ৫৩০ মিলিলিটার ডিজেল কম দেওয়ার প্রমাণ মেলে।
জ্বালানি তেল পরিমাপে এ ধরনের প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটিকে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়। পশ্চিম কাফরুল এলাকায় বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এই অনিয়ম শনাক্ত করা হয়। অভিযানে ডিএমপি পুলিশ সহায়তা দেয়।
মোবাইল কোর্টে বিএসটিআইর প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. আব্দুল কাদের, ফিল্ড অফিসার (সিএম) এবং আহসান হাবীব খান, পরীক্ষক (মেট্রোলজি)। বিএসটিআই জানিয়েছে, জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ছবি : সংগৃহীত
বিদেশে চিকিৎসার খরচ মেটাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়া বৈদেশিক মুদ্রা ছাড়ের সীমা দ্বিগুণ করা হয়েছে। এখন থেকে একজন ব্যক্তি বিদেশে চিকিৎসার জন্য অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার। সোমবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সার্কুলার জারি করেছে।
এতে বলা হয়েছে, বৈধ বৈদেশিক মুদ্রা লেনদেন সহজ করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশে পড়াশোনার জন্য বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রেও নিয়ম শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। আগে স্কুল পর্যায়ে পড়াশোনার জন্য বৈদেশিক মুদ্রা ছাড় করতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক ছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের পড়াশোনার জন্য অনুমোদিত ডিলার ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।
একই সঙ্গে করেসপন্ডেন্স কোর্সের মাধ্যমে নিয়মিত একাডেমিক পড়াশোনার জন্যও বৈদেশিক মুদ্রা ছাড়ের সুযোগ বাড়ানো হয়েছে। আগে সার্টিফিকেশন ও পেশাগত কোর্সের জন্য এ সুবিধা থাকলেও এখন থেকে নিয়মিত একাডেমিক পড়াশোনার ক্ষেত্রেও ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই অর্থ ছাড় করতে পারবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, বিদেশে পড়াশোনা এবং অন্যান্য অনুমোদিত খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়ে দেশে বসবাসকারী বাংলাদেশিদের আনা বৈদেশিক মুদ্রা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা রাখার ক্ষেত্রেও শর্ত নির্ধারণ করা হয়েছে। এখন থেকে এ ধরনের অর্থ আরএফসিডি হিসাবে জমা রাখতে হলে তা কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে ঘোষণা করতে হবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ সোমবার (৯ নভেম্বর) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) মোঃ ফয়েজ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল হুদা, মোঃআব্দুল মতিন এবং মোঃ ইকবাল হোসেন খাঁসহ ব্যাংকের জাতীয়তাবাদী অফিসারকল্যাণ সমিতি, জিয়া পরিষদ, জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও প্রধানকার্যালয়ের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আলোচনা সভা ও দোয়ায় অংশগ্রহণ করেন।
সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মারমাগফেরাত এবং জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ছবি : সংগৃহীত
তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় আজ সোমবার ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব করেছে শ্রমিক পক্ষ। অন্যদিকে মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। তারা সময় চেয়েছে এক সপ্তাহ।
বৈঠক শেষে ব্রিফিংয়ে নিম্নতম মজুরি মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেছেন, ‘মালিকপক্ষকে আগামী চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব দেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রস্তাব দিতে ব্যর্থ হলে মজুরি বোর্ড নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
মালিকপক্ষের প্রতিনিধি এক সপ্তাহের সময় চেয়েছিলেন। এ বিষয়ে মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন ব্রিফিংয়ে বলেন, ‘শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ থাকায় সব মালিকদের পক্ষ থেকে প্রস্তাব পাননি তারা। এ কারণে এক সপ্তাহের সময় চাওয়া হয়েছে।’
অন্যদিকে শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকা প্রস্তাবের পক্ষে বিভিন্ন যুক্তি তথ্য তুলে ধরেন।
এর আগে সোমবার দুপুরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ড কার্যালয়ে বৈঠকটিতে বোর্ডের সকল সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠক শুরুর আগে পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানায় শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। একই সঙ্গে মূল মজুরি (বেসিক) মোট মজুরির ৬০ শতাংশ, বাড়ি ভাড়া ৫০ শতাংশ এবং বার্ষিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে তারা। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের পাঁচটি জোট এ স্মারকলিপি দেয়।
স্মারকলিপিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়সহ মোট ১২টি মানদণ্ড বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণের আহ্বান জানানো হয়। পাশাপাশি সরকারি বেতন কাঠামো, এশীয় অঞ্চলের ন্যূনতম মজুরি এবং কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পর্যালোচনার প্রস্তাব দেওয়া হয়।
শ্রমিক প্রতিনিধিরা বলেন, দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবনমান ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত ও নিরপেক্ষ মজুরি কাঠামো নির্ধারণ করা প্রয়োজন। তারা ২০০৬ সালের মজুরি কাঠামোর আদলে মোট মজুরির ৬০ শতাংশ মূল মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।
তাদের মতে, মূল মজুরির অনুপাত কম হলে শ্রমিকদের ওভারটাইমের পারিশ্রমিক এবং চাকরি শেষে প্রাপ্য সার্ভিস বেনিফিট কমে যায়। বিশেষ করে দীর্ঘদিন চাকরি করার পর মূল মজুরির অনুপাত কম থাকায় শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
এছাড়া বাড়িভাড়া মোট মজুরির ৫০ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে খাদ্য ও পুষ্টিসামগ্রীর মূল্যবৃদ্ধি, বাজারদর এবং বার্ষিক মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার দাবি জানানো হয়।
শ্রমিক প্রতিনিধিরা জানান, ডাইং ও নিট খাতের শ্রমিকদের সুনির্দিষ্ট দাবিগুলো বিবেচনায় নিয়ে আজকের সভার পর আরও আটটি অতিরিক্ত প্রস্তাব যুক্ত করা হবে।
তারা বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক শ্রমবাজারের প্রতিযোগিতামূলক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা জরুরি।
এদিকে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকার দাবিতে মজুরি বোর্ডের সামনে সড়কে বিক্ষোভ করছেন সংগঠনের সদস্যরা।