মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। দেশের বাইরে থেকেও যে লাখো মানুষের ভালোবাসা ও সমর্থন তার সঙ্গে রয়েছে, তা নতুন করে উপলব্ধি করলেন এই প্রতিযোগী।
প্রিলিমিনারি রাউন্ড শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জানিয়েছেন, প্রায় ৮ কোটি ভোটের সমর্থন তাকে আবেগাপ্লুত করেছে।ফেসবুক পোস্টে মাহি লিখেছেন, ‘প্রায় ৮ কোটি ভোটের এই অভাবনীয় সমর্থন শুধু একটি সংখ্যা নয়, এটি আমার প্রতি আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং বাংলাদেশের মানুষের এক বিশাল আবেগের প্রতিফলন।’
দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও প্রতিটি মুহূর্তে দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন অনুভব করছেন বলে জানান মাহি। তার ভাষায়, এই যাত্রায় তিনি একা এলেও প্রতিটি মুহূর্তে অনুভব করেছেন, তার সঙ্গে রয়েছে পুরো বাংলাদেশ। মানুষের প্রতিটি ভোট, বার্তা ও দোয়া তাকে আরও সাহসী করেছে।আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম গর্বের সঙ্গে তুলে ধরতে চান জানিয়ে মাহি আরও লিখেছেন, ‘আমি জানি, আপনারা আমাকে নিয়ে কতটা স্বপ্ন দেখছেন। আমিও মন থেকে চাই আপনাদের ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা রাখতে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম গর্বের সঙ্গে তুলে ধরতে।’
পোস্টের শেষাংশে দেশের মানুষের প্রতি ভালোবাসা জানিয়ে মাহি লিখেছেন, ‘ভালোবাসি বাংলাদেশ। ভালোবাসি আমার দেশের মানুষকে। তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি।’
এবারের মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি হওয়ার গল্পটিও মাহির জন্য বেশ নাটকীয়। গত ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জেতেন তিনি। এরপর মাত্র একদিনের প্রস্তুতি নিয়ে ৮ নভেম্বর পুয়ের্তো রিকোর উদ্দেশ্যে দেশ ছাড়েন। আগামীকাল (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের চূড়ান্ত আয়োজন।মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু মাহির। তার প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি। ১৯৯৭ সালের ৭ ফেব্রুয়ারি সিলেটে জন্ম ও বেড়ে ওঠা তার। ২০১৪ সালে ‘রং আরটিভি ২০-২০ কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মধ্য দিয়ে পরিচিতি পান তিনি। এরপর র্যাম্প, ফ্যাশন শো ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেন।
‘তরুণ তুর্কী’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন মাহি। তবে অসুস্থতার কারণে ক্যারিয়ারের শুরুর দিকে প্রায় তিন বছর মডেলিং ও অভিনয় থেকে দূরে থাকতে হয় তাকে। বিরতি কাটিয়ে ২০২১ সালের শেষ দিকে নাটকে নিয়মিত হন। ‘গার্লস স্কোয়াড’ সিরিজ তার অভিনয়জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে পরিচিতি বাড়ান।মাহির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত ১২০টির বেশি নাটকে অভিনয় করেছেন তিনি।
নিজ নিজ ক্ষেত্রে দুজনেই কিংবদন্তি। একজন ছয় দশকেরও বেশি সময় ধরে সুরের জাদুতে মুগ্ধ করে চলেছেন শ্রোতাদের, অন্যজন অভিনয়ে হয়ে উঠেছেন একাধিক প্রজন্মের আদর্শ। শুক্রবার (২০ নভেম্বর) প্রথমবারের মতো একই মঞ্চে হাজির হয়েছিলেন তারা। আর সেখানেই দর্শকদের উপহার দিয়েছেন এক মুগ্ধকর সন্ধ্যা।
বলা হচ্ছে সংগীতশিল্পী রুনা লায়লা ও অভিনেতা তারিক আনাম খানের কথা। শুক্রবার তারা একসঙ্গে হাজির ছিলেন ‘সিক্স ডিকেডস অব রুনা লায়লা: লিগ্যাসি কন্টিনিউস’ শীর্ষক অনুষ্ঠানে। একটি বেসরকারি ব্যাংকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উদযাপন করা হয় রুনা লায়লার সমৃদ্ধ সংগীতজীবনের ছয় দশকের বেশি সময়ের পথচলা।অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন তারিক আনাম খান। অন্যদিকে, গান পরিবেশন করেন রুনা লায়লা। পাশাপাশি দুজনের কথোপকথনেও জমে ওঠে আয়োজন। পুরো অভিজ্ঞতা তারিক আনাম খানের কাছে ছিল বিশেষ কিছু। রুনা লায়লার প্রতি নিজের মুগ্ধতার কথাও জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানের কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে তারিক আনাম খান লেখেন, ‘ভাবিনি কোনো দিন তার (রুনা লায়লা) সঙ্গে একই মঞ্চে দাঁড়াব, কথা বলব, তাকে প্রশ্ন করব। তার গানের ভক্ত এই উপমহাদেশজুড়ে অনেক, আমিও। কিন্তু তার ‘উইট’ আর ‘সেন্স অব হিউমার’-এর বিশাল ভক্ত আমি। অনুষ্ঠানের আগে সে কথা বলেছিলাম তাকে, বলেছিলাম আমি কিন্তু আপনার মজার কথা শুনতে চাই মঞ্চে।’গান ও আড্ডার ফাঁকে রুনা লায়লার কাছে নাচও শিখেছেন তারিক আনাম খান! সেই অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেতা লেখেন, ‘তার গান শুনেছি, জীবনের গল্প শুনেছি, মজার কথা শুনেছি; এমনকি তিনি আমাকে মঞ্চে নাচও শিখিয়েছেন। গানে তিনি আজও অনবদ্য, হিউমারও অনন্য সাধারণ। তিনি রুনা লায়লা। ছয় দশক ধরে গান গেয়ে চলেছেন, আজও ক্লান্তিহীন। প্রায় আড়াই ঘণ্টা একাই গাইলেন, মাতিয়ে রাখলেন দর্শককে। সালাম রুনা আপা। আরও ছয় দশক কাটুক এমনই করে।’
এদিকে, নিজের সংগীতজীবনের এই বিশেষ আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রুনা লায়লাও। ৬২ বছরের সংগীতজীবন উদযাপনের স্মৃতি তুলে ধরে তিনি লেখেন, ‘আমার ৬২ বছরের সংগীতজীবন উদযাপনের এক অপূর্ব, স্মরণীয় সন্ধ্যা কাটালাম। আমাকে এমন সম্মাননা দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বরাবরের মতোই নতুন প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী, সংগীতশিল্পী ও শিল্পীদের সঙ্গে একই মঞ্চে গান গাইতে পেরে আমি ভীষণ আনন্দিত।’
আয়োজক, অতিথি, দর্শক ও সতীর্থদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত এই সংগীতশিল্পী।
অভিনেত্রী রম্যা কৃষ্ণান
ভারতের চলচ্চিত্রশিল্পে যৌন হয়রানির অস্তিত্ব অস্বীকার করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অভিনেত্রী রম্যা কৃষ্ণান। তার মতে, এ ধরনের শোষণ শুধু নারী শিল্পীদের মধ্যে সীমাবদ্ধ নয়; নারী-পুরুষ উভয় এর শিকার হতে পারেন। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে এসব কথা বলেন তিনি।
মালয়ালম চলচ্চিত্রশিল্পে নারীদের প্রতি বৈষম্য ও হয়রানির নানা চিত্র উঠে এসেছিল বিচারপতি হেমা কমিটির প্রতিবেদনে। এরপরও ভারতের চলচ্চিত্রশিল্প নারীদের জন্য পুরোপুরি নিরাপদ হয়ে উঠেছে, এমনটা বলা যায় না। কাস্টিং কাউচ নিয়ে আলোচনা এখনো চলছে। এর মধ্যেই বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রম্যা।অভিনেত্রী বলেন, ‘অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে, এখনো ঘটছে এবং ভবিষ্যতেও ঘটতে পারে। তবে সময়ের সঙ্গে শোষণের ধরন বদলাতে পারে। কখনো কাউকে জোর করা হয়, কখনো সম্মতির বিষয় থাকে, আবার কখনো বিষয়টি স্বাভাবিক আচরণের আড়ালে ঘটে। কেউ এটা অস্বীকার করতে পারবেন না।’রম্যার মতে, চলচ্চিত্রশিল্পকে শুধু ‘যৌন হয়রানি’ শব্দ দিয়ে ব্যাখ্যা করাও যথাযথ নয়। কারণ, এ ধরনের হয়রানি শুধু অভিনয়ে সুযোগ পাওয়ার সময় ঘটে না; বরং কর্মক্ষেত্র থেকে শুরু করে পরিবারসহ সমাজের বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, ‘এটা সব জায়গায় ঘটে এবং নারী-পুরুষের মধ্যে কোনো পার্থক্য করে না।’
অভিনেত্রীর মতে, চলচ্চিত্রশিল্প একটি চাকচিক্যময় পেশা। এ পেশার মানুষ সব সময় আলোচনার কেন্দ্রে থাকেন বলে তাদের অভিজ্ঞতাগুলোও সহজে জনসমক্ষে আসে। তবে কর্মক্ষেত্র বা পরিবারের মতো অন্যান্য জায়গায় নারীরা যে হয়রানির শিকার হন, সেসব ঘটনা অনেক সময় আলোচনায় আসে না।
প্রসঙ্গত, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে অভিনয় করছেন রম্যা কৃষ্ণান। বলিউডের সিনেমাতেও কাজ করেছেন তিনি। সম্প্রতি নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ সিনেমায় দেখা গেছে তাকে। এতে রজনীকান্তের অভিনীত চরিত্র ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ানের স্ত্রী বিজয়ার ভূমিকায় ফিরেছেন তিনি।
সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত
সালমান-ঐশ্বরিয়ার বিচ্ছেদের উত্তাল সময়ের অজানা গল্প শোনালেন সাবেক দেহরক্ষী কেতন করান্ডে। ছবি: সংগৃহীত
হানিফ সংকেত।
জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব। তিন শতাধিক বছরের পুরোনো দিঘির পাশে নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে সাজানো হয় অনুষ্ঠানের মঞ্চ।
এবারের আয়োজনে থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের গান। সংগীতশিল্পী খুরশীদ আলম গাইবেন তার জনপ্রিয় তিনটি গানের সমন্বয়ে বিশেষ পরিবেশনা।
‘নজরুল বর্ষ’ উপলক্ষে কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করবেন ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমিন মুশতারি। এ ছাড়া জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি নিয়ে থাকছে বিশেষ নৃত্যগীত।
অনুষ্ঠানে তুলে ধরা হবে জেলার কৃষি, পোলট্রি শিল্প, দর্শনীয় স্থান ও ঐতিহ্যের নানা দিক। থাকবে বাকপ্রতিবন্ধী তিন ভাইয়ের জীবনসংগ্রাম এবং ছাই দিয়ে মাটির ক্যানভাসে প্রতিকৃতি তৈরি করা শিল্পী প্রসেনজিৎ বর্মনের গল্প। যশোরের কেশবপুরের লেয়াকত আলীর মানবিক কর্মকাণ্ডও তুলে ধরা হবে।
এ ছাড়া অনলাইন প্রতারণা, সেলফি সংস্কৃতি, কনটেন্ট ক্রিয়েটর, ডিজিটাল ট্রল ও সামাজিক যোগাযোগমাধ্যমের নানা প্রবণতা নিয়ে থাকছে ব্যঙ্গাত্মক নাট্যাংশ। দর্শকপর্ব, চিঠিপত্র এবং নিয়মিত অন্যান্য আয়োজনও থাকছে এবারের পর্বে।
বরাবরের মতো অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
নব্বইয়ের দশকের শুরুতে স্টুডিওর চার দেয়াল থেকে বের হয়ে দেশের প্রান্তে প্রান্তে ছুটে চলার ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ প্রকৃতির সবুজ ক্যানভাসে আঁকা সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে। শিকড়ের সন্ধানেই ইত্যাদির এই নিরন্তর পথচলা।
জয়পুরহাটের কালাই উপজেলায় সপ্তদশ শতাব্দীতে খনন করা ইতিহাসের নীরব সাক্ষী ঐতিহাসিক ‘নান্দাইল দিঘি’র কোল ঘেঁষে অবস্থিত নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে নির্মিত হয়েছে ইত্যাদির মূল মঞ্চ। দিঘির স্বচ্ছ জলরাশি আর প্রাচীন ঐতিহ্যের আবহে মঞ্চের নান্দনিক আলোকসজ্জা পুরো পরিবেশকে এক ভিন্ন রূপ দিয়েছিল।
নিজেদের জেলায় প্রিয় অনুষ্ঠানকে দেখে পুরো জয়পুরহাট জুড়েই বিরাজ করছিল উৎসবমুখর আবহ। বরাবরের মতোই জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে দর্শকদের মধ্যে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতরণ করা হয়। দেখতে দেখতে নির্ধারিত সময়ের আগেই দর্শক উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
অনুষ্ঠানটি কালাই উপজেলায় আয়োজিত হলেও জেলার অন্যান্য উপজেলা, এমনকি পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও নানা বয়সের হাজারো মানুষ ছুটে আসেন ধারণ অনুষ্ঠান উপভোগ করতে। ভেতরে স্থান সংকুলান না হওয়ায় শত শত উৎসাহী মানুষ আশেপাশের বহুতল ভবনের ছাদ, সংলগ্ন রাস্তা, দেয়াল এমনকি গাছের ডালে উঠেও দীর্ঘ সময় ধরে অনুষ্ঠানটি উপভোগ করেন। দর্শকদের এই বাঁধভাঙা উচ্ছ্বাস, শৃঙ্খলা আর বিপুল উদ্দীপনা প্রমাণ করে-ইত্যাদি কেবল একটি টেলিভিশন অনুষ্ঠান নয়, এটি গণমানুষের হৃদয়ের স্পন্দন।
এবারের পর্বে থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের বৈচিত্র্যময় গান। যার মধ্যে একটিতে কণ্ঠ দিয়েছেন জয়পুরহাটেরই কৃতী সন্তান, দেশের খ্যাতনামা সংগীতশিল্পী খুরশিদ আলম। তাঁর গাওয়া অসংখ্য জনপ্রিয় গানের মধ্য থেকে শ্রোতাপ্রিয় তিনটি বাছাই করা গানের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই সংকলিত গানটি।
চলমান ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে এবারের ইত্যাদিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অত্যন্ত জনপ্রিয় একটি গান নতুন ও আধুনিক সংগীতায়োজনে পরিবেশন করেছেন প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী, জয়পুরহাটের কৃতী সন্তান ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর ইয়াসমিন মুশতারি। দুটি গানেরই সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
বরাবরের মতো এবারও জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে ফুটিয়ে তুলতে পরিবেশন করা হয়েছে একটি মনোমুগ্ধকর জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছেন শিল্পী রাশেদ ও স্বীকৃতি। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের পরিচালনায় নাচটিতে অংশগ্রহণ করেছে স্থানীয় নৃত্যশিল্পীরা। সুরের মূর্ছনা আর নৃত্যছন্দে মুগ্ধ হয়ে উপস্থিত হাজারো দর্শক করতালির মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
দর্শকপর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান জয়পুরহাটকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে চারজন দর্শক নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকরা জয়পুরহাটের অন্যতম প্রধান ব্র্যান্ডিং পণ্য সুস্বাদু ‘লতিরাজ কচু’ এবং ‘সোনালি মুরগি’ নিয়ে রচিত একটি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেন, যা ছিল বেশ উপভোগ্য।
বরাবরের মতো ইত্যাদির এই পর্বেও দর্শকদের জন্য থাকছে সমাজসচেতনতামূলক, তথ্যবহুল ও হৃদয়স্পর্শী কিছু প্রতিবেদন। জয়পুরহাটের সমৃদ্ধ কৃষি ও দেশের পোল্ট্রি শিল্পের অগ্রযাত্রার পাশাপাশি এই জেলার বর্ণাঢ্য ইতিহাস, ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলোর ওপর তৈরি করা হয়েছে একটি তথ্যভিত্তিক বিশেষ প্রতিবেদন। রয়েছে জয়পুরহাটের বাকপ্রতিবন্ধী তিন ভাইকে নিয়ে একটি অনুপ্রেরণামূলক প্রতিবেদন। শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে নিজেদের নীরবতাকেই যারা শক্তিতে পরিণত করেছেন। থাকছে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বিস্ময়কর শিল্পী প্রসেনজিৎ বর্মনের ওপর বিশেষ প্রতিবেদন। যিনি মাটির ক্যানভাসে ছাই দিয়ে অবিশ্বাস্য সব প্রতিকৃতি ফুটিয়ে তোলেন।
অনুষ্ঠানের শেষে রয়েছে যশোরের কেশবপুর উপজেলার মানবসেবায় নিবেদিতপ্রাণ এক নীরব কর্মী লেয়াকত আলীর ওপর একটি মানবিক প্রতিবেদন। পেশায় একজন সাধারণ ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী হওয়া সত্ত্বেও যিনি দীর্ঘদিন ধরে নীরবে-নিভৃতে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে থাকছে কাশেম টিভির রিপোর্টার ও নাতির প্রাণবন্ত আলাপ। পাশাপাশি নিয়মিত ‘চিঠিপত্র’ পর্বের সঙ্গে থাকছে সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে একাধিক তীক্ষ্ণ ও তীর্যক নাট্যাংশ। এসব নাট্যাংশে অভিনয় করেছেন দেশের শীর্ষস্থানীয় অভিনয় শিল্পীরা।
সব সময়ের মতো ইত্যাদির এবারের পর্বটিও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। গণমানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদির এই পর্বটি প্রচারিত হবে আগামী ২৭ নভেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর, বাংলাদেশ টেলিভিশনে। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।
তাসনিয়া ফারিণ
দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ছোট পর্দার নাটকে ফিরছেন তারকা অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তাঁর সঙ্গী হয়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘প্রাণ সখিয়া’ শিরোনামের নতুন একটি নাটকে অভিনয় করছেন তারা। সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে। শুটিং সেট থেকে জোভান ও ফারিণের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নাটকটির খবর জানিয়েছেন নির্মাতা রাজ। তবে এ নাটকের মধ্য দিয়ে শুধু দীর্ঘদিন পর জোভানের সঙ্গে জুটি বাঁধছেন না ফারিণ, ফিরছেন ছোটপর্দার অভিনয়েও। ওয়েব কনটেন্ট ও চলচ্চিত্রে ব্যস্ত হয়ে পড়ার পর নিয়মিত নাটকে দেখা যায়নি তাঁকে।
সর্বশেষ গত রোজার ঈদে শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেন তিনি। সিনেমাটি প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর কিছুটা আড়ালে ছিলেন এ অভিনেত্রী। চলতি মাসে ইমরাউল রাফাত পরিচালিত ‘ডাকাতিয়া বাঁশি’ ওয়েব সিরিজের মাধ্যমে আবারও অভিনয়ে ফেরেন ফারিণ। সিরিজটি চলতি বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
একটি নাটকের প্রচারকে কেন্দ্র করে জোভান ও ফারিণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। ফলে তিন বছরের বেশি সময় ধরে পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাদের। দীর্ঘ বিরতি শেষে ‘প্রাণ সখিয়া’ নাটকের মাধ্যমে আবারও একসঙ্গে হাজির হচ্ছেন এ জনপ্রিয় জুটি।