ব্যারিস্টার ফুয়াদ
`বাংলাদেশের সব ফ্যাসিস্ট, টাউট ও ক্রিমিনাল তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়’- এমন বক্তব্যের জন্য আমার বাংলাদেশ পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ও সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরাবরে এ নোটিশ পাঠান। নোটিশে ঐতিহাসিক খ্যাতি ও সুনাম ক্ষুণ্ণ করার দায়ে ক্ষতিপূরণ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তহবিলে একশো কোটি টাকা মাত্র জমা দিতে বলা হয়েছে।
‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অত্যন্ত অবমাননাকর, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর মন্তব্য করার কারণে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে জরুরি আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ’ চেয়ে নোটিশে বলা হয়,
গত ১ জুলাই ঢাকসু কার্যালয়ে আয়োজিত "বাঙালি মুসলমানের জাগরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়" শীর্ষক এক আলোচনা সভায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং অনুষদ সদস্যদের বিরুদ্ধে অত্যন্ত অবমাননাকর, মানহানিকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন।
এই ধরনের বেপরোয়া ও অবমাননাকর বক্তব্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি, খ্যাতি ও সুনামকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। এই মন্তব্যগুলো লাখ লাখ প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং সাধারণ জনগণের মনে গভীর মানসিক কষ্ট, যন্ত্রণা এবং জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে।
অতএব, এই নোটিশ প্রাপ্তির ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে নিম্নলিখিত দাবিগুলো পূরণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে:
এক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রদানের জন্য ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে যথাযথ আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ।
দুই : ১ জুলাই প্রদত্ত অবমাননাকর বক্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েন কাছে ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা।
তিন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক খ্যাতি ও সুনাম ক্ষুণ্ণ করার দায়ে দৃষ্টান্তমূলক ও শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে একশো কোটি টাকা প্রদান করুন, যা সরাসরি 'ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিল'-এ জমা দেওয়া হবে, যাতে এটি একাডেমিক উন্নয়ন ও জাতীয় সমৃদ্ধিতে ব্যবহৃত হতে পারে।
এই দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হন বা ৭২ ঘণ্টার নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নেন, তবে জনস্বার্থে হাইকোর্ট রিট করার কথা নোটিশে উল্লেখ করা হয়েছে। আইনজীবী তনয় কুমার সাহা আজ শনিবার জানান, বৃহস্পতিবার ইমেইল যোগে এ নোটিশ পাঠানো হয়েছে।
রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেফতার এস এম আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসমাঈল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের উপ-পরিদর্শক মো. ইরফান খান আসামির সাতদিনের রিমান্ড আবেদন করেন। হত্যাকাণ্ডের পরিকল্পনা, ইন্ধনদাতা, ব্যবহৃত অস্ত্র এবং অন্য জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। পরে শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ এপ্রিল রাত ৭টা ৫০ মিনিটের দিকে নিউমার্কেট থানার শাহনেওয়াজ হলের সামনে বটতলা এলাকায় টিটনকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টা ২৭ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এজাহারে বলা হয়েছে, বসিলা গরুর হাটের ইজারার দরপত্রের শিডিউল নিয়ে টিটনের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে বাদীর অভিযোগ।
এ ঘটনায় নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদীয় হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্তে রোববার (২২ নভেম্বর) দিনগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে থাইল্যান্ডে যাওয়ার চেষ্টাকালে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।
প্রথমে রাজধানীর তেজগাঁও থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হলেও আজ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার
ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র সকালে জানিয়েছিল, তেজগাঁও থানার একটি মামলায় আসলামকে গ্রেপ্তার করে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে এবং মামলাটি ডিবি তদন্ত করছে।
তবে পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন জানান, খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
আদালতে আসলামকে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের রমনা জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান।
রিমান্ড আবেদনে ডিবি পুলিশ জানায়, ৬৪ বছর বয়সী এস এম আসলাম ওরফে সুইডেন আসলাম এ হত্যা মামলার ঘটনায় সরাসরি জড়িত। মামলার মূল রহস্য উদ্ঘাটন, ঘটনার ইন্ধনদাতা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে আসামি পলাতক হতে পারেন এবং আবার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সাত দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।
যেভাবে খুন হয়েছিলেন টিটন
গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক।
টিটন হত্যার ঘটনায় তাঁর ভাই সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় মামলা করেন। মামলায় আসামির তালিকা ফাঁকা রাখা হলেও সন্দেহভাজন হিসেবে আরেক শীর্ষ সন্ত্রাসীসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। তাঁরা হলেন শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল (পিচ্চি হেলাল), বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান, রনি ওরফে ড্যাগারি রনি। এখন এ মামলায় সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখাল পুলিশ।
২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকার ২ নম্বরে টিটনের নাম ছিল। ঘটনার পর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, তারা ধারণা করছে, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তঃকোন্দলে টিটনকে হত্যা করা হয়েছে।
টিটন হত্যা মামলার অভিযোগ ও বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ১৩ আগস্ট আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন টিটন। কারামুক্তির পর বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপনের সঙ্গে মুঠোফোনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে কথা বলতেন তিনি। বড় ভাইয়ের কাছে অনুতপ্ত হয়ে টিটন বলতেন, ‘বড় ভাই, আমি আপনার অনেক আর্থিক ক্ষতি করেছি। এখন চেষ্টা করছি আপনাদের আর কোনো বদনাম যেন না হয়। আমি যেন ভালোভাবে কাজ করে জীবন যাপন করতে পারি।’
স্বাভাবিক জীবনে ফেরার সেই চেষ্টার মধ্যেই ঘটনার কিছুদিন আগে রিপনকে শিডিউল কেনার কথা জানিয়ে টিটন বলেছিলেন, ইনশা আল্লাহ মোটামুটি কাজের মাধ্যমে থাকতে পারবেন। কিন্তু বছিলা গরুর হাটের ইজারার শিডিউল (দরপত্র) নিয়ে তাঁর সঙ্গে বিরোধ বাধে। পরে ২৬ এপ্রিল রিপনকে ফোন দিয়ে টিটন জানান, এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল ওরফে কাইলা বাদল, শাহজাহান ও রনি ওরফে ভাঙারি রনিদের সঙ্গে বছিলা গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে তাঁর ঝামেলা চলছে। পরদিন ২৭ এপ্রিল টিটন তাঁর ভাইকে জানান, তাঁরা তাঁকে ডাকছেন এবং উভয়ের সঙ্গে সমঝোতার মাধ্যমে কাজ করবেন।
তবে সেই সমঝোতা আর হয়ে ওঠেনি। পরদিন ২৮ এপ্রিল রাত ১১টার দিকে বিভিন্ন লোকের মাধ্যমে বড় ভাই রিপন জানতে পারেন, নিউমার্কেট থানার শাহনেওয়াজ হলের সামনে বটতলায় তাঁর ছোট ভাই টিটনকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ হয়ে টিটন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন ২৯ এপ্রিল রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
জুলাই আন্দোলনের সময় ঢাকার উত্তরা পশ্চিম থানায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। বিষয়টি জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন।
নাহিদের পক্ষে আইনজীবী সাথী সাহা জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, মামলার ঘটনার বহু আগেই নাহিদ রাজনীতি ও সব পেশা থেকে অবসর নিয়েছেন। রাজপথে মিছিল বা নেতৃত্ব দেওয়ার মতো বয়স কিংবা ধৈর্য তার নেই।
আইনজীবী বলেন, ‘তিনি অসুস্থ, বয়স্ক মানুষ। তার জামিন প্রার্থনা করছি। জামিন দিলে তিনি পলাতক হবেন না।’
রাষ্ট্রপক্ষে কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিন আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে দেন।বুধবার রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে সাদিকুল ইসলাম হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নেন মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম। ওই দিন বিকাল ৩টার দিকে ছাত্র-জনতার ওপর হামলা চালান যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা আন্দোলনকারীদের ধাওয়া করে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি গুলি চালান। এতে সাদিকুলের পেটে গুলি লাগে।
পরে তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই মারা যান তিনি।এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। ছবি: সংগৃহীত
শনিবার চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে বিভাগের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে অভিভাষণে প্রধান বিচারপতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিষয়ে সতর্ক করে বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, 'বিচারিক কাজে প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স অনুসন্ধানের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা যেতে পারে। তবে রায় প্রস্তুত বা রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না।'
তিনি বলেন, রায়ের অপারেটিভ অংশ অবশ্যই সংশ্লিষ্ট বিচারককে নিজের হাতে ও নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে। বিচারিক সিদ্ধান্ত গ্রহণে বিচারকের নিজস্ব মেধা, মনন ও আইনগত বিশ্লেষণই প্রাধান্য পাবে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে বিচারকদের অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এজলাসে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং মোবাইল ফোন বহন থেকে বিরত থাকার নির্দেশনাও দেন প্রধান বিচারপতি।
আজ শনিবার চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে দেওয়া অভিভাষণে এসব কথা বলেন প্রধান বিচারপতি।
এতে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা—চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তারা অংশ নেন।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিচারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সামাজিক বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সংশ্লিষ্ট মামলার আইনগত দিকের পাশাপাশি দেশের সামাজিক অবস্থা ও বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। মাদক ও অস্ত্রসংক্রান্ত মামলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।
বিচারপ্রক্রিয়ায় গতিশীলতা আনা, মামলা ব্যবস্থাপনার আধুনিকায়ন, বিচারিক দক্ষতা বৃদ্ধি, সময়ের যথাযথ ব্যবহার এবং বিচারপ্রার্থীদের জন্য আদালতবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে প্রধান বিচারপতি বলেন, বিচারিক কার্যক্রমকে আরও বিশেষায়িত ও কার্যকর করার লক্ষ্যে বিশেষায়িত বিচারিক পদ সৃষ্টি করা প্রয়োজন। বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় আইন সংশোধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট আদালতে বিচারক পদায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, বিচারকদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ প্রশিক্ষক এনে বাংলাদেশে বিচারকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। কেইস এবং কোর্ট ব্যাবস্থাপনার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে কার্যকরভাবে মামলা পরিচালনার ওপর গুরুত্বারোপ করে প্রধান বিচারপতি বলেন, বিচারকদের তাদের সামর্থ্য অনুযায়ী কার্যতালিকা প্রণয়ন, শুনানি শেষে উন্মুক্ত আদালতে পরবর্তী তারিখ ঘোষণা, মামলার নথির নিরাপত্তা এবং দ্রুত সার্টিফায়েড কপি সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া প্রত্যেক জেলা আদালতে বিচারপ্রার্থীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি ডে-কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগও নেওয়া হবে।
কাদের মোল্লার রায় নিয়ে গণমাধ্যমে প্রধান বিচারপতির মন্তব্য অসত্য: সুপ্রিম কোর্ট
বিচারকদের ব্যক্তিগত আচরণ ও পেশাগত শৃঙ্খলা সম্পর্কে প্রধান বিচারপতি বলেন, একজন বিচারকের আচরণ শুধু আদালতের এজলাসের মধ্যেই সীমাবদ্ধ নয়; আদালতের বাইরেও তার আচরণে বিচারকের মর্যাদা, দায়িত্ববোধ ও ব্যক্তিত্বের প্রতিফলন থাকতে হবে।
আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, অকারণে দীর্ঘ সময় গ্রহণের প্রবণতা পরিহার করতে হবে। শুনানির জন্য প্রয়োজনীয় সময় সীমিত ও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে। সময় মঞ্জুর করাকে কোনোভাবেই নিয়মিত বা রুটিন কার্যক্রমে পরিণত করা যাবে না। আদালতের সময় অত্যন্ত মূল্যবান। এর যথাযথ ব্যবহারের মাধ্যমে মামলা নিষ্পত্তিতে গতি আনতে হবে।
প্রধান বিচারপতি বিচারপ্রার্থীদের দ্রুত ও কার্যকর বিচারসেবা প্রদান, মামলা দ্রুত নিষ্পত্তি, বিচারিক কার্যক্রমে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টে চট্টগ্রাম-১-এর দায়িত্বপ্রাপ্ত বিচারপতি এস এম কুদ্দুস জামান, চট্টগ্রাম-২-এর দায়িত্বপ্রাপ্ত বিচারপতি আহমেদ সোহেল এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিনসহ সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তারা বক্তব্য দেন। এ সময় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তারা বক্তব্য দেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তারা তাঁদের বিচারিক অভিজ্ঞতা, পেশাগত প্রত্যাশা এবং অধস্তন আদালতের বিচারকার্য পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় বক্তব্য প্রদান করেন কক্সবাজার জেলার কুতুবদিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ, লক্ষ্মীপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুর পারিবারিক আপীল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ), রাঙামাটি, নোয়াখালী ও চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এবং চট্টগ্রাম মহানগর দায়রা জজ। বক্তারা বিচারপ্রার্থীদের দ্রুত ও কার্যকর বিচারসেবা প্রদান, মামলা দ্রুত নিষ্পত্তি, বিচারিক কার্যক্রমে পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বৃদ্ধি এবং বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করার বিষয়ে তাঁদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও মতামত তুলে ধরেন।
সুপ্রিম কোর্ট
“যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার রায় নিয়ে গণমাধ্যমে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বক্তব্য অসত্য। প্রকৃতপক্ষে প্রধান বিচারপতি এ ধরনের কোনো মন্তব্য করেননি। ‘কাদের মোল্লার ফাঁসির রায় ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ শিরোনামের সংবাদে প্রধান বিচারপতির যে মন্তব্য প্রকাশিত হয়েছে তা অসত্য, বিভ্রান্তিকর ও মনগড়া।”
সুপ্রিম কোর্ট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে মামলার কার্যতালিকার ১ নম্বর ক্রমিকে থাকা S.M. Aminuzzaman Faruk and ors. vs. International Crimes Tribunal (Criminal Appeal No. 8 of 2024) মামলা দীর্ঘ সময় ধরে শুনানি হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম অংশগ্রহণ করেন।’
এতে বলা হয়, “শুনানির সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হকসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। আদালত সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। ওই মামলা শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ‘সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’/ ‘কাদের মোল্লার ফাঁসির রায় ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ মন্তব্য করেছেন বলে অসত্য, বিভ্রান্তিকর ও মনগড়া সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী মামলাটি শুনানির সময় এ ধরনের কোনো মন্তব্য করেননি।”
সুপ্রিম কোর্ট বলছে, ‘গণমাধ্যমে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সুপ্রিম কোর্টের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে। দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন আদালত অবমাননার শামিল।’
এ ধরনের সংবাদ প্রকাশ বা প্রচারের আগে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মী কর্তৃক যথাযথভাবে সংবাদের সত্যতা যাচাই করা হলে এরূপ অনভিপ্রেত পরিস্থিতির উদ্ভব হতো না বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
হাইকোর্ট
এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না। এ বিষয়ে নির্দেশনা দিয়ে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে রুল জারি করেছেন আদালত।
বুধবার (১৮ নভেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। মাত্র সাত দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি বিষয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করেন। গত কয়েক বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি আবেদন জমা হয়েছে।
শিক্ষা বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের কথা রয়েছে। এ লক্ষ্যে ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পরীক্ষকদের মাধ্যমে উত্তরপত্র পুনর্মূল্যায়নের কার্যক্রম চলার কথা। এরপর ২০ নভেম্বরের মধ্যে পরীক্ষকদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং ২১ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নম্বর পরিবর্তন হওয়া উত্তরপত্র যাচাইয়ের পরিকল্পনা রয়েছে।
এদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি আগেই ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ১৬ জানুয়ারি ২০২৭। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১০ থেকে ২১ জানুয়ারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ৮, ৯ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া মেডিক্যাল ও ডেন্টাল কলেজসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
হাইকোর্টের বুধবারের আদেশের ফলে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা নিতে পারবে না।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত ২২ বছরের মধ্যে এবারই পাসের হার সর্বনিম্ন ছিল।