ছবি : সংগৃহীত
ত্বকের যত্নে যুগ যুগ ধরে তেলের ব্যবহার জনপ্রিয়। বিশেষ করে শীতে ত্বকের রুক্ষতা দূর করতে তেলের জুড়ি নেই। আজকাল বাজারে বিভিন্ন ধরনের প্রসাধনী এলেও ত্বকের যত্নে তেলের আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে।
‘সংবাদ প্রতিদিনে’র এক প্রতিবেদন বলছে, তেল শুধু ত্বকে মাখলেই হবে না, তেল মাখার পরে ভালো করে মালিশ করতে হবে। তা না হলে তেল মাখার পরে গোসল করলে শরীর থেকে সব তেল বেরিয়ে যাবে। তবে ত্বক শুষ্ক থাকলে গোসলে পরে তেল মাখা উচিত। এতে শুষে যাওয়া পানি বেরতে পারে না। এর ফলে ত্বক কোমল ও নরম থাকে। যাদের দাদের মতো চর্মরোগ আছে তাদের শুকনো অবস্থায় তেল লাগিয়ে গোসল করতে হবে। কারণ, তেল লাগিয়ে গোসল করলে পানি শুষে যায় না বলে চামড়া নরম হয় না। ফলে ওই নির্দিষ্ট জায়গায় ফাঙ্গাস বাড়তে পারে না।
কোন তেলে কী গুণ?
নারকেল তেল
নারকেল তেল শুধু চুলের জন্যই উপকারী নয়, ত্বকের জন্যও সমান উপকারী। অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণ থাকায় এই তেল ময়েশ্চারাইজার হিসাবে খুব ভাল কাজ করে। ত্বককে শুষ্কতার হাত থেকে রক্ষা করতে এই তেল খুব ভালো কাজ করে।
বাদাম তেল
বাদাম তেলে ভিটামিন ‘ই’থাকায় ত্বকে লাগানোর সঙ্গে আমন্ড ওয়েল খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। আবার মাথায় আমন্ড ওয়েল লাগালে রক্ত সঞ্চালন ভালো হয়। এই তেল চুলের স্বাস্থ্যের জন্যও খুবই উপকারী।
তিলের তেল
শুষ্ক ত্বকের সমস্যা থাকলে তিলের তেল ত্বকের কোমলতা আনতে এবং বিভিন্ন ধরনের সংক্রমণ হওয়া থেকে রক্ষা করে। এছাড়া তিলের তেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকায় এটি খেলেও ত্বক মোলায়েম থাকে।
অলিভ অয়েল
শীতকালে অনেকেই অলিভ অয়েল মাখেন। এটিও ত্বকের জন্য খুব উপকারী।
ত্বকে তেল ব্যবহারের উপকারিতা একদিনে পাওয়া যায় না। নিয়মিত ত্বকে তেল ম্যাসাজ করলে একটি নির্দিষ্ট সময়ের পর উপকার চোখে পড়বে। তবে কার ত্বকে কোন উপযুক্ত তা সঠিকভাবে বাছাই করাটা গরুত্বপূর্ণ।
ময়মনসিংহে ইল্লিয়ীনের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর।
ফ্যাশনপ্রেমীদের কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে ময়মনসিংহে প্রথম ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন। নতুন বাজারের সাহেব আলী রোডে অবস্থিত স্টোরটি ময়মনসিংহে ব্র্যান্ডটির প্রথম আউটলেট।
সিগনেচার মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডস্ওয়্যার, ফুটওয়্যার, ফ্রাগ্রর্যান্স, ও অ্যাকসেসরিজসহ ইল্লিয়ীনের কালেকশনে রয়েছে দৈনন্দিন জীবন ও ব্যক্তিগত স্টাইলের নানা অনুষঙ্গ। নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরে সব কালেকশন এক ছাদের নিচে থাকায় ক্রেতারা সহজেই নিজেদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে পারবেন।
স্টোর উদ্বোধন উপলক্ষে ইল্লিয়ীনের সেলস প্ল্যানিং অ্যান্ড অপারেশনস ম্যানেজার আবু আদম বলেন, “আমরা সবসময় ক্রেতাদের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ ও আনন্দদায়ক কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই। আমাদের প্রতিটি পণ্য ও সেবায় মানের ধারাবাহিকতা বজায় রাখা সেই প্রচেষ্টারই অংশ। নতুন এই ফ্ল্যাগশিপ স্টোর সেই লক্ষ্যপূরণে আমাদের আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবে।”
বড় শহরগুলোর বাইরেও আরও বেশি ক্রেতার কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে বিভিন্ন শহরে স্টোর চালু করছে ইল্লিয়ীন। ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, খুলনা, বগুড়া ও অন্যান্য শহরে ইতোমধ্যে ব্র্যান্ডটির ফ্ল্যাগশিপ ও মাল্টি-ব্র্যান্ড স্টোর রয়েছে।
ছবি : সংগৃহীত
ডায়াবেটিস ধরা পড়লে বেশির ভাগ মানুষ রক্তে শর্করার মাত্রা, কিডনি ও হৃদযন্ত্রের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েন। কিন্তু শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ চোখের কথা অনেকেই ভুলে যান। অথচ ডায়াবেটিস নীরবে চোখের ক্ষতি করতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, চোখে কোনো সমস্যা বা ঝাপসা দেখার লক্ষণ না থাকলেও ক্ষতি হতে পারে দৃষ্টিশক্তির।
সম্প্রতি হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে চোখের চিকিৎসক ও প্রিস্টিন আই হসপিটালসের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. সি জগদেশ রেড্ডি জানিয়েছেন, ডায়াবেটিসের কারণে চোখে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে। সময়মতো শনাক্ত ও চিকিৎসা না করালে এসব সমস্যা থেকে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি রয়েছে।
ডায়াবেটিস কীভাবে চোখের ক্ষতি করে
চিকিৎসক ডা. রেড্ডির মতে, রক্তে শর্করার মাত্রা দীর্ঘদিন বেশি থাকলে চোখের রেটিনার ক্ষুদ্র রক্তনালিগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। চোখের পেছনে থাকা আলোকসংবেদনশীল এই অংশটির নাম রেটিনা। এর ক্ষতিকে বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এ ছাড়া ডায়াবেটিসের কারণে চোখে আরও কয়েক ধরনের সমস্যা দেখা দিতে পারে।
১. ডায়াবেটিক রেটিনোপ্যাথি: দীর্ঘদিন রক্তে শর্করা বেশি থাকলে রেটিনার রক্তনালিগুলো দুর্বল ও ক্ষতিগ্রস্ত হয়। এতে রক্তক্ষরণ, দৃষ্টিশক্তি কমে যাওয়া এমনকি অন্ধত্বও দেখা দিতে পারে।
২. ম্যাকুলার এডিমা: ডায়াবেটিসের কারণে রেটিনার গুরুত্বপূর্ণ অংশ ম্যাকুলায় তরল জমে ফুলে যেতে পারে। ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায় এবং সূক্ষ্ম বিষয় দেখতে সমস্যা হয়।
৩. ছানি: ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের চোখে ছানি পড়ার ঝুঁকি বেড়ে যায়। এতে চোখের লেন্স ঘোলা হয়ে দৃষ্টিশক্তি কমতে থাকে।
৪. গ্লুকোমা: ডায়াবেটিসে গ্লুকোমা বা চোখের স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও বাড়তে পারে। সময়মতো চিকিৎসা না হলে এ কারণে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা থাকে।
কোন লক্ষণ দেখা দিলে সতর্ক হবেন
ডায়াবেটিসজনিত চোখের সমস্যার সবচেয়ে বড় বিপদ হলো, প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনো লক্ষণই দেখা যায় না। এমনকি চোখে স্বাভাবিকভাবে দেখতে পেলেও রেটিনার ক্ষতি হতে পারে। সমস্যা বাড়তে থাকলে চোখে ঝাপসা দেখা, দৃষ্টির মধ্যে কালো দাগ বা ছায়া দেখা এবং দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। এসব লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই চোখের রোগ অনেকটা এগিয়ে যেতে পারে। তাই চোখে কোনো সমস্যা না থাকলেও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চোখ পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
যেভাবে শনাক্ত করবেন
ডা. রেড্ডির পরামর্শ, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের সাধারণত বছরে অন্তত একবার পূর্ণাঙ্গ চোখ পরীক্ষা করানো উচিত। তবে কারও চোখের অবস্থা ও ঝুঁকির ওপর নির্ভর করে আরও ঘন ঘন পরীক্ষা করার প্রয়োজন হতে পারে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যেও ডায়াবেটিসজনিত চোখের সমস্যা শনাক্ত করা সহজ হচ্ছে। বিশেষ ক্যামেরার মাধ্যমে রেটিনার ছবি তোলা হয়। এরপর এআই সফটওয়্যার সেই ছবি বিশ্লেষণ করে ডায়াবেটিক রেটিনোপ্যাথির সম্ভাব্য লক্ষণ শনাক্ত করতে পারে। এতে যাদের আরও বিস্তারিত পরীক্ষা প্রয়োজন, তাদের দ্রুত চিহ্নিত করা সম্ভব হয়। তবে এআই প্রযুক্তি পূর্ণাঙ্গ চোখ পরীক্ষার বিকল্প নয় বলে সতর্ক করেছেন চিকিৎসক।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ডায়াবেটিসজনিত চোখের জটিলতা কমাতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি। পাশাপাশি রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রাও স্বাভাবিক রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চোখে কোনো সমস্যা দেখা দেয়ার অপেক্ষা না করে নিয়মিত পরীক্ষা করানো। কারণ ডায়াবেটিসের কারণে চোখের ক্ষতি অনেক সময় নীরবে শুরু হয়। আর সময়মতো সতর্ক হলে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
ছবি : সংগৃহীত
শীতকাল এলেই চুলের নানা সমস্যা বাড়ে। মাথার চুল রুক্ষ-শুষ্ক হয়ে পড়া, চুলকানি, চুল পড়ার মতো সমস্যা দেখা দেয়। এর পাশাপাশি খুশকির সমস্যাও বেড়ে যায়। খুশকির সমস্যা দূর করতে অনেকেই বাজার পাওয়া বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করেন। এতে চুলের প্রাকৃতিক আর্দ্রতা আরও কমে যায়। তবে বাড়িতেই যদি কিছু ঘরোয়া উপকরণ দিয়ে একেবারে প্রাকৃতিক শ্যাম্পু তৈরি করে নেওয়া যায় তাহলে তা যেমন খরচ কমাবে তেমনি এটি শীতকালে মাথার খুশকি দূর করবে। এর পাশাপাশি মাথার ত্বক থেকে সমস্ত ময়লা পরিষ্কার করতে এবং চুলকে আরও উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে। এই কারণেই রিঠা ও আমলকি দিয়ে তৈরি এই প্রাকৃতিক শ্যাম্পুর প্রচলন রয়েছে বহু যুগ ধরে।
যেভাবে তৈরি করবেন প্রাকৃতিক শ্যাম্পু
উপকরণ
শুকনো আমলকি, শুকনো রিঠা (বীজ যুক্ত), প্রয়োজন মতো পানি এবং মেথি দানা
তৈরি করার পদ্ধতি
পরিষ্কার পানিতে রিঠা আর আমলকি সারারাত ভিজিয়ে রাখুন। পরের দিন রিঠা ও আমলকি পানিসহ কম আঁচে ১০-১৫ মিনিটের জন্য ফুটিয়ে নিন। ঠান্ডা হলে রিঠাটি হাত দিয়ে ভালভাবে পিষে নিন। যাতে এর নির্যাস এবং ফেনা পানিতে মিশে যায়। এবার মিশ্রণটি ছেঁকে নিয়ে একটি পরিষ্কার, বায়ুরোধী কাচের বোতলে ভরে নিন। এটি ফ্রিজে রেখে কয়েক দিন ব্যবহার করা যেতে পারে।
ব্যবহার করার পদ্ধতি
হালকা গরম পানি অথবা সাধারণ ঠান্ডা পানি দিয়ে মাথার চুল ধুয়ে, মাথার ত্বকে এটি লাগিয়ে হালকা হাতে মালিশ করা যেতে পারে। তারপর কয়েক মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এই প্রাকৃতিক শ্যাম্পুটি সম্পূর্ণ রাসায়নিক মুক্ত।
সকালে এক কাপ কফি অনেকেরই দিনের শুরুটা সহজ করে দেয়। কেউ ক্লান্তি দূর করতে, কেউ কাজে মনোযোগ বাড়াতে, আবার কেউ কেবল স্বাদের জন্য কফি পান করেন। নতুন এক গবেষণা বলছে, কফির কিছু প্রাকৃতিক উপাদান কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। এমনকি এগুলো বয়স বাড়ার প্রক্রিয়া ধীর করে তারুণ্য ধরে রাখতে সহায়ক হতে পারে।বিজ্ঞান সাময়িকী পপুলার সায়েন্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা কফির এমন কিছু উপাদানের সন্ধান পেয়েছেন, যা শরীরের একটি বিশেষ প্রোটিনের কার্যক্রমে প্রভাব ফেলে। প্রোটিনটির নাম এনআর৪এ১। এটি কোষের ওপর চাপ ও ক্ষতির প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে। গবেষকদের ধারণা, কফির কিছু উপাদান এই প্রোটিনের কার্যক্রম আরও বাড়াতে পারে।
ক্যাফেইন নয়, কফির অন্য উপাদান
কফির স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চলছে। বিভিন্ন গবেষণায় কফি পানের সঙ্গে দীর্ঘায়ু এবং বয়সজনিত কিছু রোগের ঝুঁকি কমার সম্পর্ক পাওয়া গেছে। তবে এর পেছনে ঠিক কোন উপাদান কাজ করে, তা এত দিন স্পষ্ট ছিল না।টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের ডা. স্টিফেন সেফের নেতৃত্বে নতুন গবেষণায় গুরুত্ব দেওয়া হয়েছে এনআর৪এ১ প্রোটিনকে। গবেষকেরা দেখেছেন, কফিতে থাকা পলিফেনল নামের কয়েকটি উদ্ভিজ্জ যৌগ এই প্রোটিনের সঙ্গে যুক্ত হতে পারে। পলিফেনলের অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহবিরোধী বৈশিষ্ট্য আছে। ফলে এগুলো কোষকে বিভিন্ন ধরনের ক্ষতি থেকে রক্ষা করতে পারে।
এ ধরনের একটি উপাদান হলো ক্যাফেইক অ্যাসিড। নামের সঙ্গে মিল থাকলেও এটি ক্যাফেইন নয়। কফি ছাড়াও বিভিন্ন উদ্ভিদে ক্যাফেইক অ্যাসিড পাওয়া যায়।পরীক্ষাগারে গবেষকেরা দেখেছেন, ক্যাফেইক অ্যাসিডসহ কফির কয়েকটি উপাদান এনআর৪এ১ প্রোটিনের সুরক্ষামূলক কার্যক্রম বাড়ায়। এতে কোষের ক্ষতি কমার পাশাপাশি ক্যানসার কোষের বংশবৃদ্ধিও ধীর হওয়ার সম্ভাবনা দেখা গেছে।
গবেষণায় আরও দেখা যায়, কোষ থেকে এনআর৪এ১ প্রোটিন সরিয়ে দিলে এসব উপকার আর পাওয়া যায়নি। অর্থাৎ কফির উপাদানগুলোর উপকারি প্রভাব তৈরিতে এই প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গবেষণার আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষাগারের কোষে ক্যাফেইনমুক্ত কফিতেও একই ধরনের ফল পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, কফির সম্ভাব্য উপকারের পেছনে ক্যাফেইনের চেয়ে অন্য উপাদানগুলোর ভূমিকা বেশি।
ডা. ত্রিন জানান, ক্যাফেইক অ্যাসিড, ক্লোরোজেনিক অ্যাসিড ও ফেরুলিক অ্যাসিডের মতো উপাদান এনআর৪এ১ প্রোটিনের সঙ্গে মিথস্ক্রিয়া করেছে। তবে ক্যাফেইনের ক্ষেত্রে এমন প্রভাব নিয়মিত দেখা যায়নি।বেশি কফি খেলেই কি বেশি উপকার
গবেষণার ফল আশাব্যঞ্জক। তাই বলে বেশি বেশি কফি পান করার পরামর্শ দিচ্ছেন না বিশেষজ্ঞরা। কারণ, গবেষণাটি মানুষের ওপর করা হয়নি। পরীক্ষাগারে কফির নির্যাস ও এর বিশুদ্ধ উপাদান ব্যবহার করে কোষের ওপর প্রভাব পরীক্ষা করেছেন গবেষকেরা।
ডা. ত্রিনের মতে, এই গবেষণার ফল থেকে বেশি কফি পান করলে এনআর৪এ১ প্রোটিনের কার্যকারিতাও বেশি বাড়বে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।
বরং তারা সতর্ক করছেন, অতিরিক্ত ক্যাফেইন গ্রহণে নানা সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে ঘুমের সমস্যা, উদ্বেগ ও বুক ধড়ফড় করা। যাদের উচ্চ রক্তচাপের প্রবণতা রয়েছে, তাদের রক্তচাপও বেড়ে যেতে পারে।
গবেষণায় ইঁদুরের রোগ প্রতিরোধী কোষ এবং পরীক্ষাগারে তৈরি নির্দিষ্ট ধরনের ক্যানসার কোষও ব্যবহার করা হয়েছে। তাই মানুষের শরীরে কফির দীর্ঘমেয়াদি প্রভাব জানতে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করছেন তারা।
গবেষকরা বলছেন, সুস্থাভাবে বেঁচে থাকতে ও তারুণ্য ধরে রাখতে কোনো একটি খাবার বা পানীয়ের ওপর নির্ভর করার সুযোগ নেই। এ ক্ষেত্রে জীবনযাপনের সামগ্রিক অভ্যাস গুরুত্বপূর্ণ। নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম ও ধূমপান থেকে দূরে থাকা সুস্থ থাকার জন্য জরুরি। পাশাপাশি রক্তচাপ ও বিপাকীয় স্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখা, পুষ্টিকর খাবার খাওয়া এবং সামাজিক ও মানসিকভাবে সক্রিয় থাকা প্রয়োজন।
ছবি : সংগৃহীত
শিশু কান্না থামাতে হাতে চকলেট, ভালো ফল করলে পুরস্কার হিসেবে আইসক্রিম, আর স্কুল থেকে ফিরলে কোমল পানীয়- অনেক পরিবারেই এমন অভ্যাস দেখা যায়। শিশুকে খুশি করতে বা আদর করে অভিভাবকেরা প্রায়ই এসব খাবার তুলে দেন।
এছাড়া জন্মদিন, পারিবারিক অনুষ্ঠান বা বেড়াতে গেলেও শিশুদের সামনে থাকে মিষ্টি, কেক, বিস্কুট ও নানান ধরনের মিষ্টিজাতীয় খাবার।
মাঝেমধ্যে এসব খাবার খাওয়া বড় কোনও সমস্যা না হলেও, প্রতিদিনের খাদ্যাভ্যাসে বাড়তি চিনির পরিমাণ বেড়ে গেলে, শিশুর দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে।
চিকিৎসাবিজ্ঞান বলছে, শিশুর অতিরিক্ত চিনি খাওয়ার প্রভাব কেবল দাঁতের ক্ষয় বা ওজন বেড়ে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং শৈশবে অতিরিক্ত চিনি গ্রহণের সঙ্গে পরবর্তী জীবনে উদ্বেগ ও বিষণ্ণতার মতো মানসিক সমস্যারও গভীর সম্পর্ক রয়েছে।
শৈশবের চিনি ও মানসিক স্বাস্থ্যের সম্পর্ক
২০২৬ সালের জুলাই মাসে আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকী ‘জেনারেল সাইকিয়াট্রি’-তে প্রকাশিত এক গবেষণায় যুক্তরাজ্যের ‘ইউকে বায়োব্যাংক’-এর ৬৬ হাজার ২২৩ জনের তথ্য বিশ্লেষণ করা হয়।
চীনের গুয়াংজুতে অবস্থিত ‘সান ইয়াত-সেন ইউনিভার্সিটি’র ‘স্কুল অব পাবলিক হেলথের এপিডেমিওলজি’ বিভাগের গবেষক শিউপিং দোউ, ইয়াং সু, অধ্যাপক হুয়ালিয়াং লিন এবং সহযোগী অধ্যাপক ইয়িন ইয়াংসহ একদল গবেষক এই পর্যবেক্ষণমূলক গবেষণা পরিচালনা করেন।
গবেষকেরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যে চালু থাকা চিনির রেশনিং ব্যবস্থাকে কাজে লাগান, যা ১৯৫৩ সালের সেপ্টেম্বরে শেষ হয়েছিল। ফলে যারা শৈশবে চিনির সীমিত প্রাপ্যতার মধ্যে বড় হয়েছেন, তাদের সঙ্গে পরবর্তী সময়ে তুলনামূলক বেশি চিনি গ্রহণের সুযোগ পাওয়া ব্যক্তিদের স্বাস্থ্যের তথ্য তুলনা করা সম্ভব হয়।
গবেষণায় দেখা গেছে, শৈশবে তুলনামূলক কম চিনি গ্রহণের সঙ্গে পরবর্তী জীবনে উদ্বেগজনিত সমস্যার ঝুঁকি প্রায় ১৭ শতাংশ এবং বিষণ্ণতার ঝুঁকি প্রায় ১৪ শতাংশ কম থাকার সম্পর্ক রয়েছে।
গবেষকদের মতে, জীবনের প্রথম দিকের খাদ্যাভ্যাস দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে। বিশেষ করে মায়ের গর্ভাবস্থা থেকে শিশুর দ্বিতীয় জন্মদিন পর্যন্ত সময়টি (প্রথম ১,০০০ দিন) মস্তিস্কের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। তাই এই সময়ে শিশুর পুষ্টি ও খাদ্যাভ্যাস নিয়ে সচেতন থাকা আবশ্যক।
শিশুদের অতিরিক্ত চিনি খাওয়ার ৪টি প্রধান ক্ষতি
শিশুদের প্রতিদিনের খাবারে অতিরিক্ত চিনি থাকলে নিচের স্বাস্থ্যঝুঁকিগুলো তৈরি হতে পারে।
ওজন বৃদ্ধি ও স্থূলতা: কোমল পানীয়, প্যাকেটজাত জুস, মিষ্টি, কেক ও বিস্কুটে থাকা বাড়তি চিনি শরীরে অতিরিক্ত ক্যালরি যোগ করে। নিয়মিত এসব খাবার খেলে শিশুর ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে।
ডায়াবেটিসের ঝুঁকি: অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক নিষ্ক্রিয়তার সঙ্গে ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়ার সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন এসব অভ্যাস চলতে থাকলে ভবিষ্যতে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়।
দাঁতের ক্ষয়: চিনি মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়ার মাধ্যমে অ্যাসিড তৈরিতে সহায়তা করে। এই অ্যাসিড দাঁতের সুরক্ষামূলক আবরণ বা এনামেল ক্ষয় করে গর্ত (ক্যাভিটি) তৈরি করে। বিশেষ করে ঘন ঘন মিষ্টি খাবার খেলে দাঁতের ক্ষতির ঝুঁকি অনেক বাড়ে।
পুষ্টির ঘাটতি: শিশু যদি দুধ, ডিম, মাছ, ডাল, শাকসবজি ও তাজা ফলের পরিবর্তে মিষ্টি খাবার বেশি খায়, তবে তার শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি দেখা দেয়। এতে শিশুর স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ও মেধার বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
শিশুর খাবারে চিনি কমানোর বৈজ্ঞানিক উপায়
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, শিশু ও প্রাপ্তবয়স্কদের খাবারে যুক্ত চিনির পরিমাণ দৈনিক মোট শক্তির ১০ শতাংশের নিচে রাখা উচিত এবং আরও ভালো সুফলের জন্য তা ৫ শতাংশের নিচে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া দুই বছরের কম বয়সি শিশুকে কোনওভাবেই বাড়তি চিনি দেওয়া উচিত নয়।
> শিশুকে প্রতিদিন কোমল পানীয়, প্যাকেটজাত জুস বা চিনিযুক্ত পানীয় দেওয়ার অভ্যাস সম্পূর্ণ বাদ দিতে হবে এবং তৃষ্ণা মেটাতে সাধারণ বিশুদ্ধ পানি দিতে হবে।
> দুধে অতিরিক্ত চিনি বা মিষ্টি চকলেটের গুঁড়া মেশানোর অভ্যাস কমাতে হবে।
> চকলেট, ক্যান্ডি, লজেন্স, কেক ও বিস্কুটকে প্রতিদিনের নিয়মিত খাবার হিসেবে দেওয়া যাবে না।
> মিষ্টি খাবারের পরিবর্তে পেয়ারা, কলা, পেঁপে, কমলা বা অন্যান্য মৌসুমি ফল দিতে হবে এবং ফলের রসের চেয়ে আস্ত ফল খাওয়ানোর অভ্যাস করতে হবে।
> প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম, মাছ, ডাল, দুধ, শাকসবজি ও অন্যান্য সুষম পুষ্টিকর খাবার রাখতে হবে।
> শিশুকে পুরস্কার দিতে সবসময় চকলেট বা আইসক্রিমের প্রয়োজন নেই। বরং গল্পের বই, শিক্ষামূলক খেলনা বা পরিবারের সঙ্গে খেলাধুলার সুযোগও হতে পারে আনন্দের দারুণ উপহার।
শিশুর খাদ্যাভ্যাস গড়ে ওঠে পরিবার থেকেই। তাই ছোটবেলা থেকে অতিরিক্ত মিষ্টি খাবারের প্রতি নির্ভরতা তৈরি না করে সুষম ও বৈচিত্র্যময় খাবারের অভ্যাস গড়ে তুললে শিশুর শারীরিক বৃদ্ধি, দাঁতের সুরক্ষা এবং দীর্ঘমেয়াদী সুস্থতা নিশ্চিত করা সম্ভব।
সামিরা খান মাহি
দর্শক ভোটে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন বাংলাদেশের সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি সেই অবস্থান। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।
দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্সের মূল্যায়নের ভিত্তিতে বাছাই করা হয়েছে সেমিফাইনালের প্রতিযোগীদের। দেখে নেওয়া যাক, কোন কোন দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা জায়গা পেয়েছেন সেরা ৩০-এ।
সেরা ৩০
১. নিউজিল্যান্ড
২. চিলি
৩. ব্রাজিল
৪. ভারত
৫. নেদারল্যান্ডস
৬. টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ
৭. পেরু
৮. কিউবা
৯. সার্বিয়া
১০. ডমিনিকান রিপাবলিক
১১. কুরাসাও
১২. যুক্তরাষ্ট্র
১৩. ইসরায়েল
১৪. ইকুয়েডর (দর্শক ভোটে নির্বাচিত)
১৫. পুয়ের্তো রিকো
১৬. তানজানিয়া
১৭. মেক্সিকো
১৮. গিনি
১৯. কলম্বিয়া
২০. ইউক্রেন
২১. পানামা
২২. কোস্টারিকা
২৩. উগান্ডা
২৪. ফিলিপাইন
২৫. ফ্রান্স
২৬. ইথিওপিয়া
২৭. বেলজিয়াম
২৮. ভেনেজুয়েলা
২৯. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
৩০. নিকারাগুয়া
সেরা ৩০ প্রতিযোগী এবার অংশ নেবেন সুইমস্যুট পর্বে। সেখান থেকে বাছাই করা হবে সেরা ১২ জনকে। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বসহ চূড়ান্ত মূল্যায়নের মধ্য দিয়ে নির্ধারিত হবেন এবারের মিস ইউনিভার্স।
সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় এখানেই শেষ হলো সামিরা খান মাহির এবারের মিস ইউনিভার্স যাত্রা।