জামায়াতপন্থি ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ।

  • প্রকাশ : মঙ্গলবার ২৩ জুন, ২০২৬, সময় : ৭:৩৯ এএম

জামায়াতপন্থি ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। 


সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জামায়াতপন্থি আইন কর্মকর্তারা একযোগে পদত্যাগপত্র জমা দেন।


মঙ্গলবার (২৩ জুন) পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


পদত্যাগকারী ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন— ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।


১০ সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন— ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।




সর্বশেষ সব খবর

নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:১২ এএম

দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের পর্যায়ক্রমে সরকারি ভাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

তিনি বলেন, ইতিমধ্যে কয়েকটি মসজিদে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি শুরু হয়েছে। পাইলট প্রকল্পের কার্যক্রম শেষ হলে তালিকা প্রণয়নের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের সব মসজিদে এ ভাতা পৌঁছে দেওয়া হবে।

শনিবার (১৪ নভেম্বর) ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৌরাস্তায় অরণ্যপাশায় খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতা প্রদানের কর্মসূচি চালু করেছেন। ইতোমধ্যে কয়েকটি মসজিদে পাইলট প্রকল্পের আওতায় এ কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পের অভিজ্ঞতা ও কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে সারা দেশের মসজিদগুলোকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক ও ধর্মীয় অবদান বিবেচনায় নিয়ে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।

বক্তব্যে বিগত সরকারের সমালোচনা করে ইয়াসের খান চৌধুরী বলেন, গত ১৭ বছরে দেশে ওয়াজ মাহফিল আয়োজন করতে দেওয়া হয়নি, অথচ যাত্রার আয়োজন করতে দেওয়া হয়েছে। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সংস্কৃতির প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, নির্বাচনের সময় একটি দল বেহেশতের টিকিট বিক্রির কথা বলেছে এবং নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে বলে প্রচার করেছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচার থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

শাপলা চত্বর ও জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ধরনের প্রশ্রয় দেওয়া উচিত নয়। তবে কেউ বড় ধরনের সমস্যা সৃষ্টি না করলে সরকারও তাদের ব্যাপারে কঠোর হতে চায় না। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

নান্দাইলের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এলাকার উন্নয়নে প্রয়োজনীয় কাজ নিয়মনীতি অনুসরণ করেই বাস্তবায়ন করা হচ্ছে। এ উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এর আগে প্রতিমন্ত্রী উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজার-বাহাদুরপুর নতুন বাজার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় তিনি বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন গ্রামীণ অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় জনগণের প্রয়োজন বিবেচনায় নিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এদিন নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা লাঘবে সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মাহফিলে অংশ নেওয়া মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইয়াসের খান চৌধুরী আয়োজক প্রতিষ্ঠানের পীর হযরত মাওলানা আব্দুল কুদ্দুসকে ধন্যবাদ জানান। আগামী বছর মাহফিলের সার্বিক উন্নয়নেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস। প্রতিমন্ত্রীও এতে অংশ নেন।

সর্বশেষ সব খবর

বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১১:১৭ পিএম

দেশের ব্যাংকিং খাতের খাতের এক-তৃতীয়াংশ চুরি হয়ে গেছে এবং সংস্কার ও পুনর্গঠনে সরকারকে বছরে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। আগামী পাঁচ থেকে আট বছর এ অর্থের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন তিনি।

একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিনিময় হার স্থিতিশীল রাখার ওপর গুরুত্ব দিয়ে আমদানিকারকদের কাছে তুলনামূলক কম দামে ডলার বিক্রির জন্য ব্যাংকারদের প্রতি আহ্বান জানিয়েছেন গভর্নর।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬’-এ বক্তব্য দেন তিনি।

গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, ‘আসলে চর্বিত চর্বণ করে লাভ নেই। আমরা যখন দায়িত্ব নিই, তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়া অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক সূচকের অবস্থা নেতিবাচক ছিল। এখনো অনেক ক্ষেত্রে সেই অবস্থা রয়েছে। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কিংবা কর্মসংস্থান—সব ক্ষেত্রেই নেতিবাচক পরিস্থিতি বিরাজ করছিল। এখনো কিছুটা রয়েছে।’ ব্যাংকিং খাতের সংকট তুলে ধরে তিনি বলেন, ‘এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাংকিং খাতের সমস্যা। আমরা বলি, এই খাতের এক-তৃতীয়াংশ চুরি হয়ে গেছে। এই কথা বলার পাশাপাশি আমাকে এটাও বলতে হয়, আমরা এমন একটি ব্যবস্থা পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাচ্ছি, যার দায় তাদের বহন করতে হবে।’

ব্যাংক খাতের পুনর্গঠনে সরকারের কাছে অর্থ চাওয়ার প্রসঙ্গে গভর্নর বলেন, ‘আমি সরকারকে অনুরোধ করেছি, ব্যাংকিং খাতের সংস্কার ও পুনঃমূলধনীকরণের জন্য অন্তত বছরে ৬০ হাজার কোটি টাকা রাজস্ব বাজেট থেকে দিতে হবে। কথাটি বলার সময় আমার খুব কষ্ট হয়। কারণ, পরবর্তী প্রজন্ম চাকরি করবে, ব্যবসা করবে, কর দেবে; কিন্তু তারা নিজেদের উপার্জনের সুফল ভোগ করতে পারবে না। তাদের কাছ থেকে নেওয়া অর্থ আমরা আগেই ভোগ করে ফেলেছি। এভাবে হয়তো পাঁচ থেকে আট বছর আমাদের ৬০ হাজার কোটি টাকা করে নিতে হবে। পরবর্তী প্রজন্মের জন্য এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

মুদ্রানীতি ও আর্থিক স্থিতিশীলতা প্রসঙ্গে তিনি বলেন, দেশে মূল্যস্ফীতি বেশি থাকায় সুদের হার কমানোর সুযোগ সীমিত ছিল। তবে ইতোমধ্যে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। সামনে আরও কিছুটা কমানোর চেষ্টা করা হবে।

মূল্যস্ফীতির পেছনে বিনিময় হারের প্রভাব তুলে ধরে গভর্নর বলেন, ‘আমি তথ্য বিশ্লেষণ করে দেখেছি, মূল্যস্ফীতির একটি বড় অংশ বিনিময় হার থেকে আসছে। গত কয়েক বছরে আমাদের মুদ্রার অবমূল্যায়ন হয়েছে প্রায় ৬০ শতাংশ। অর্থাৎ বছরে গড়ে ৬ শতাংশ। আমরা যেহেতু আমদানিনির্ভর দেশ, এমনকি আমাদের উৎপাদন খাতের কাঁচামাল ও উপকরণের বড় অংশও আমদানি করতে হয়, তাই বিনিময় হারের এই অবমূল্যায়নের প্রভাব শেষ পর্যন্ত মূল্যস্ফীতিতে পড়ে।’

প্রকৃত কার্যকর বিনিময় হার (রিয়েল ইফেকটিভ এক্সচেঞ্জ রেট) হিসাবের ক্ষেত্রে ২০২২-২৩ সালকে ভিত্তিবছর না ধরে ২০১৫-১৬ সাল বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি। গভর্নর বলেন, ‘আমাদের অনেকেই ২০২২-২৩ সালকে ভিত্তি বছর ধরছেন। আমি সবাইকে অনুরোধ করব, ২০১৫-১৬ সালকে ভিত্তিবছর ধরলে আমরা প্রকৃত চিত্রটি পাব।’

এ সময় ব্যাংকারদের উদ্দেশে ডলার বিক্রির ক্ষেত্রে মুনাফার হার কমানোর আহ্বান জানান গভর্নর। নিজের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, একটি সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিষ্ঠানটি প্রতিবছর মুনাফা করে। কারণ, তারা খরচের সঙ্গে নির্দিষ্ট হারে মুনাফা যোগ করে বিল করে। ফলে লোকসানের সুযোগ থাকে না। কিন্তু খরচ পর্যালোচনা করে সেখানে ৫ শতাংশ অপচয় পাওয়া গেছে। ক্রয়প্রক্রিয়ায় ব্যয় কমানোরও উদ্যোগ ছিল না।

তিনি বলেন, ‘আমরা এসব বিষয় নিয়ে কাজ শুরু করার পর দেখছি, এ বছর প্রতিষ্ঠানটির সরকারি গ্রাহকদের খরচ অন্তত ২০ শতাংশ কমে আসবে। কারণ, প্রতিষ্ঠানটি খরচের সঙ্গে নির্দিষ্ট হারে মুনাফা যোগ করে বিল করে।’

এই অভিজ্ঞতার আলোকে ব্যাংকারদের উদ্দেশে গভর্নর বলেন, ‘আপনারা যখন একজন আমদানিকারকের জন্য ডলার কেনেন, যে দামেই কেনেন, তার সঙ্গে মুনাফা যোগ করে দেন। আমার অনুরোধ থাকবে, এ জায়গায় একটু চেষ্টা করুন। একজন আমদানিকারক যদি ৫০ পয়সাও কম দামে ডলার পান, শেষ পর্যন্ত সেই সুবিধা তার পকেটে থাকে না; পণ্যের দামের মাধ্যমে তা ভোক্তার ওপরই বর্তায়। তাই ব্যাংকার ভাইদের কাছে অনুরোধ, আপনারা চেষ্টা করলে কিছুটা কম দামে ডলার দেওয়া সম্ভব হবে।’

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৪৮ পিএম

শ্রম অসন্তোষ ও সার্বিক নিরাপত্তার অভাবে আশুলিয়া, সাভার ও গাজীপুরের আংশিক এলাকার পোশাক কারখানা আগামীকাল রোববার (১৫ নভেম্বর) থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ রাখা হতে পারে বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।


শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।


এর আগে বেলা ১২টার পর বিজিএমইএর কার্যালয়ে জরুরি মতবিনিময় সভা শুরু হয়। এতে প্রায় ২০০টি কারখানার মালিক অংশ নেন।সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, ‘বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের জরুরি মতবিনিময় সভায় অংশগ্রহণকারী সদস্যদের প্রায় সবাই মতামত দিয়েছেন, এই মুহূর্তে কারখানাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে মজুরি বোর্ডে আলোচনা করার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। সার্বিক পরিস্থিতি ও শিল্পের নিরাপত্তা গভীরভাবে পর্যালোচনা করে সংশ্লিষ্ট অঞ্চলের বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত কারখানাগুলোর মালিকেরা কঠিন অথচ অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সামগ্রিক নিরাপত্তা এবং উৎপাদনের অনুকূল পরিবেশ বজায় না থাকায় এসব কারখানা সচল রাখা সম্ভব হচ্ছে না।’তিনি আরও বলেন, ‘চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম সচল রাখতে ব্যর্থ হওয়া সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী আগামীকাল ১৫ নভেম্বর থেকে বন্ধ রাখতে বাধ্য হবেন বলে মালিকেরা আমাদের জানিয়েছেন।’


মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘আশুলিয়া, সাভার ও গাজীপুরের আংশিক এলাকার এসব কারখানা আমাদের জাতীয় অর্থনীতি এবং রপ্তানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এই শিল্পগুলোকে রক্ষা করা এবং এর সঙ্গে জড়িত লাখো মানুষের কর্মসংস্থান টিকিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব।’


তিনি বলেন, ‘পোশাক খাতের উদ্যোক্তারা আন্তরিকভাবে আশা করেন, সরকার দ্রুততম সময়ের মধ্যে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে এবং আইনের সার্বিক প্রয়োগে কঠোর ও কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে এই সংকট উত্তরণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’


কারখানা বন্ধের সিদ্ধান্তের বিষয়ে বিজিএমইএ সভাপতি বলেন, ‘শ্রম আইনের ১৩(১) ধারায় কোনো বাণিজ্য সংগঠন চাইলেই কোনো কারখানা বন্ধ করতে পারে না। সংশ্লিষ্ট কারখানাগুলো এই বিশৃঙ্খল পরিস্থিতিতে উৎপাদন কার্যক্রম চালাতে না পারার কারণে নিজেরাই বন্ধ করতে বাধ্য হচ্ছে।’


তিনি জানান, বিজিএমইএ ও সরকারের অনুরোধে গত ১২ থেকে ১৪ দিন ধরে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও কারখানাগুলো সর্বোচ্চ চেষ্টা করে চালু রাখা হয়েছিল। তবে পরিস্থিতির কারণে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না।


কারখানা বন্ধের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘আজ পর্যন্ত ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ রয়েছে। তবে আজ ৯২টি কারখানা চেষ্টা করেও উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারেনি। এদের মধ্যে কোনো কারখানা চাইলে আগামীকাল ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করতে পারবে।’


তিনি আরও বলেন, ‘আজ সব মিলিয়ে ১৪৭টি কারখানা উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারেনি। বিজিএমইএর একটি কারখানায় গড়ে ২ হাজার শ্রমিক কাজ করেন। সেই হিসাবে এসব কারখানায় প্রায় ৩ লাখ শ্রমিক কাজ করেন।’

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৫:১৯ পিএম

নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।


শনিবার (১৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।


যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ সব খবর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪৩ পিএম

বিগত সময়ে দেশের চিকিৎসকরা রাজনীতির শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বলেন, এমন ঘটনা পৃথিবীর অন্য কোনো দেশে নজিরবিহীন।শনিবার (১৪ নভেম্বর) সকালে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


মির্জা আব্বাস বলেন, রাজনৈতিক কারণে অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগানোর সুযোগ পাননি। অথচ দেশের চিকিৎসকদের দক্ষতা নিয়ে গর্ব করার মতো যথেষ্ট কারণ রয়েছে।


তিনি আরও বলেন,  বাংলাদেশের চিকিৎসকরা বিশ্বের অন্য কোনো দেশের চিকিৎসকদের চেয়ে পিছিয়ে নেই। তবে দেশের বিপুল জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। 

সর্বশেষ সব খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৭:২৫ পিএম

সবাই মিলে একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।


বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারা জীবন নিয়ন্ত্রণে রাখতে হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতির কারণে সংক্রমণ এমনকি অঙ্গচ্ছেদের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। তবে ডায়াবেটিস সুনিয়ন্ত্রণের মাধ্যমে সারা জীবন সুস্থ ও স্বাভাবিক এবং কর্মক্ষম জীবনযাপন করা যায়। তাই সুস্থভাবে জীবনযাপন করতে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানতে হবে এবং নিজেকে রক্ষার জন্য এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।


এ প্রেক্ষাপটে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’-এর এ বছরের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি।


  দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি


রাষ্ট্রপতি বলেন, নগরায়ণের প্রভাবে আমাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন ঘটেছে। একই সঙ্গে কায়িক পরিশ্রমের অভাবে ডায়াবেটিসের প্রকোপ দিন দিন বাড়ছে। তাই ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে।


আসুন আমরা প্রত্যেকে নিজের ঘর, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কাজ করি। সবাই মিলে গড়ে তুলি একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ।


ডায়াবেটিক রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।


এ ছাড়া বাণীতে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেছেন রাষ্ট্রপতি।

সর্বশেষ সব খবর