ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা বন্ধের সুযোগ পুরোপুরি নিষিদ্ধ করে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
বুধবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের ৫২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এই সংশোধনীর মাধ্যমে নাগরিকদের গোপনীয়তার সুরক্ষা, রাষ্ট্রীয় নজরদারিতে জবাবদিহিতা এবং বিটিআরসির স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে।
নতুন এই অধ্যাদেশে এনটিএমসি বিলুপ্ত করে ‘সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট’ নামে নতুন প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে বৈধ ইন্টারসেপশনের ক্ষেত্রে আধা-বিচারিক অনুমোদন ও সংসদীয় তদারকি বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে ‘স্পিচ অফেন্স’ সংক্রান্ত নিবর্তনমূলক ধারা সংশোধন করে কেবল সহিংসতার আহ্বানকে অপরাধের আওতায় আনা হয়েছে।
সরকার বলছে, সংশোধিত অধ্যাদেশের মাধ্যমে টেলিযোগাযোগ সেবার মানবিক মানোন্নয়ন, নিয়ন্ত্রক কাঠামোর সংস্কার এবং রাষ্ট্রীয় নজরদারি ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংশোধন আন্তর্জাতিক উত্তম অনুশীলনের সঙ্গে সামঞ্জস্য রেখে টেলিযোগাযোগ খাতকে আরও গণতান্ত্রিক, বিনিয়োগবান্ধব ও নাগরিক অধিকার সংরক্ষণমূলক করে তুলবে।
জানা গেছে, সংশোধিত আইনে স্পষ্টভাবে বলা হয়েছে- ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা কখনোই বন্ধ করা যাবে না। এমন বিধান যুক্ত করা হয়েছে ধারা ৯৭-এর মাধ্যমে। ফলে ভবিষ্যতে কোনো প্রশাসনিক সিদ্ধান্তে দেশব্যাপী বা আংশিকভাবে ইন্টারনেট শাটডাউনের সুযোগ থাকছে না।
একইসঙ্গে ২০১০ সালের বিতর্কিত সংশোধনী কাঠামো থেকে সরে এসে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্বাধীনতা ও জবাবদিহিতা পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। মন্ত্রণালয় ও বিটিআরসির ক্ষমতা ও কার্যপরিধির মধ্যে ভারসাম্য আনা হয়েছে। আগে যেখানে সব ধরনের লাইসেন্স অনুমোদন মন্ত্রণালয়ের হাতে ছিল, এখন জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ কিছু লাইসেন্স ইন্ডিপেন্ডেন্ট স্টাডির ভিত্তিতে মন্ত্রণালয় অনুমোদন দেবে। অন্যান্য সব লাইসেন্স ইস্যুর এখতিয়ার পুনরায় বিটিআরসির কাছে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সভাপতিত্বে একটি ‘জবাবদিহিতা কমিটি’ গঠন করা হয়েছে, যা নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম তদারকিতে ভূমিকা রাখবে।
লাইসেন্স আবেদন থেকে সিদ্ধান্ত দেওয়ার সময়সীমা কমানো হয়েছে। পাশাপাশি পূর্ববর্তী আইনে বর্ণিত উচ্চ ও পুনরাবৃত্তিমূলক জরিমানা কমানো হয়েছে, যা টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ উৎসাহিত করবে বলে মনে করছে সরকার।
সংশোধিত আইনে বিটিআরসির স্বচ্ছতা বাড়াতে প্রতি চার মাসে গণশুনানি আয়োজন বাধ্যতামূলক করা হয়েছে। এসব গণশুনানির সিদ্ধান্ত ও ফলোআপ বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। পাশাপাশি কনফ্লিক্ট অব ইন্টারেস্ট রোধে নির্দিষ্ট বিধান যুক্ত করা হয়েছে (ধারা ৮৭)।
নাগরিকের গোপনীয়তা সুরক্ষায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সিম ও ডিভাইস রেজিস্ট্রেশনের তথ্য ব্যবহার করে কোনো নাগরিককে নজরদারি বা অযথা হয়রানি করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে (ধারা ৭১)।
বহুল আলোচিত ‘স্পিচ অফেন্স’ সংক্রান্ত নিবর্তনমূলক ধারা পরিবর্তন করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর সঙ্গে সামঞ্জস্য আনা হয়েছে। এখন থেকে কেবল সহিংসতার আহ্বান অপরাধ হিসেবে বিবেচিত হবে (ধারা ৬৬ক)।
টেলিযোগাযোগ সেবায় আপিল ও সালিশ ব্যবস্থাও যুক্ত করা হয়েছে (ধারা ৮২খ), যাতে গ্রাহক ও অপারেটর উভয়ই আইনি প্রতিকার পেতে পারে।
আইনানুগ ইন্টারসেপশন বা বৈধ নজরদারির সংজ্ঞা ও পরিধি এবার স্পষ্টভাবে আইনে নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ‘সেন্টার ফর ইনফর্মেশন সাপোর্ট (সিআইএস)’ প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে (ধারা ৯৭ক)। এই কেন্দ্র ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশের মানদণ্ড অনুযায়ী পরিচালিত হবে।
জাতীয় নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, জরুরি প্রাণরক্ষা, বিচারিক বা তদন্ত কার্যক্রম এবং আন্তঃসীমান্ত বিষয়ে কেবল নির্দিষ্ট ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই ইন্টারসেপশন করা যাবে। এ ক্ষমতা কেবল আইনে স্পষ্টভাবে বর্ণিত নির্দিষ্ট সংস্থাগুলো নিজ নিজ অধিক্ষেত্রের মধ্যে প্রয়োগ করতে পারবে।
সিআইএসের মাধ্যমে রোল-বেজড অ্যাক্সেস কন্ট্রোল ব্যবস্থা চালু করা হয়েছে। আধা-বিচারিক কাউন্সিলের অনুমোদন ছাড়া কোনো ইন্টারসেপশন পরিচালনা করা যাবে না। নতুন গঠিত সিআইএস নিজে কোনো ইন্টারসেপশন পরিচালনা করবে না। এটি কেবল কারিগরি সহায়তা প্রদান করবে (ধারা ১৭ক)। ফলে রাজনৈতিক নজরদারি, অপব্যবহার ও ব্ল্যাকমেইলিং বন্ধে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
এই সংশোধনের মাধ্যমে এনটিএমসি (ন্যাশনাল টেলিকমিউনিকেশন্স মনিটরিং সেন্টার) বিলুপ্ত ঘোষণা করা হয়েছে (ধারা ৯৭)।
আইনানুগ ইন্টারসেপশনের জবাবদিহিতা নিশ্চিত করতে একটি আধা-বিচারিক কাউন্সিল গঠন করা হয়েছে। কাউন্সিলের কাছে বেআইনি ইন্টারসেপশনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাবে। এই কাউন্সিলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী (সভাপতি), প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং স্বরাষ্ট্র সচিব সদস্য হিসেবে থাকবেন।
এছাড়া সংসদীয় স্থায়ী কমিটি প্রতি বছর আইনানুগ ইন্টারসেপশন বিষয়ে একটি জাতীয় বার্ষিক প্রতিবেদন প্রকাশ করবে। এতে ইন্টারসেপশনের ক্ষেত্র, বাজেট ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার তথ্য থাকবে। পাশাপাশি ইমেজ ও ভয়েস প্রোটেকশন, সিম ডেটা ও ডিভাইস ডেটা সুরক্ষার বিধানও যুক্ত করা হয়েছে।
সরকার জানিয়েছে, সংশোধিত এই অধ্যাদেশের আওতায় গৃহীত সব ব্যবস্থাপনা জাতিসংঘ, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নসহ (আইটিইউ) আন্তর্জাতিক উত্তম অনুশীলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
জাতীয় সংসদের সামনে সংরক্ষিত আসনের এমপি, স্পিকার এবং মন্ত্রী। ছবি: সংগৃহীত
বক্তব্য রাখছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ছবি: সংগৃহীত
গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট
গার্মেন্টস শ্রমিকদের বেতন নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা হঠাৎ স্থগিত করায় উদ্বেগ প্রকাশ করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। একই সঙ্গে মজুরি নির্ধারণের কাজে দীর্ঘসূত্রতা এড়ানোর আহ্বান এবং গার্মেন্টস শ্রমিক তৌফিক ও সু কারখানার শ্রমিক সুমন হত্যার বিচার এবং তাদের পরিবারকে আজীবন আয়ের মানদণ্ডে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনটি।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ বলেন, মজুরি বোর্ড গঠন করতে দেরি হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। নতুন মজুরি বোর্ড গঠন হওয়া এবং চলতি বছরের ডিসেম্বর থেকেই নতুন মজুরি বাস্তবায়নের ঘোষণা দেওয়ায় অধিকাংশ ক্ষেত্রে শ্রমিকরা কাজে ফিরে গেছে এবং ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় আছে।
বিবৃতিতে বলা হয়, এই অবস্থায় মজুরি বোর্ডের নির্ধারিত সভা সুনির্দিষ্ট ব্যাখ্যা ছাড়াই স্থগিত করে দেওয়া শ্রমিকদের মধ্যে আস্থাহীনতা তৈরি করতে পারে যা চলমান শ্রমিক অসন্তোষকে বাড়িয়ে তুলতে পারে।
মজুরি আন্দোলনে সাভারে জুতা কারখানার শ্রমিক সুমন নিহত হওয়ার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে তৌফিক ও সুমন হত্যার বিচার দাবি করা হয়। নিহত শ্রমিকদের পরিবারকে আজীবন আয়ের মানদন্ডে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়ে নেতারা বলেন, সুষ্ঠ শিল্প সম্পর্কের চর্চার সুযোগ না দেওয়ায় এবং আন্দোলনের নিয়মতান্ত্রিক উপায় সম্পর্কে অজ্ঞতার কারণে গার্মেন্টস শ্রমিকরা তাদের বিক্ষুব্ধতা প্রকাশ করতে বারবার রাস্তায় নামে আর শ্রমিকদের বঞ্চনার যন্ত্রণার প্রকাশকে নৈরাজ্য আখ্যা দিয়ে দমন করার কৌশল নেওয়া হয় যাতে প্রাণ হারায় নিরীহ শ্রমিকরা।
বিবৃতিতে বলা হয়, ২০২৩ এর মজুরি আন্দোলনে ৪ জন শ্রমিককে জীবন দিতে হয়েছিল। এবারও ইতিমধ্যে জীবন গেল দুইজন শ্রমিকের। এ পরিস্থিতিতে মজুরি বোর্ডের নিয়মিত কাজ বাধাগ্রস্ত হলে এতে দীর্ঘসূত্রতার সম্ভাবনা দেখা দিলে শ্রমিকদের মধ্যে মজুরি বোর্ডের কাজের প্রক্রিয়া সম্পর্কে আস্থাহীনতা তৈরি হবে যা কাঙ্খিত নয়।
মালিক পক্ষের মজুরি প্রস্তাবনায় নিশ্চয় শ্রমিকদের মর্যাদাকর জীবনযাপনের অধিকার পূরণের প্রতিফলন এবং মজুরি বোর্ড তার প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি নির্ধারণের কাজ সম্পন্ন করবে এই প্রত্যাশা ব্যক্ত করে বিবৃতিতে নেতারা বলেন, যথাযথ দায়িত্বশীল আচরণের পরিবর্তে বল প্রয়োগে বা হুমকি-ধামকি দিয়ে শ্রমিক অসন্তোষ দমন করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে।
মওলানা আবদুল হামিদ খান ভাসানী (বাঁয়ে) এবং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবিঃ সংগৃহীত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন উপমহাদেশের রাজনীতি এবং মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তিনি বলেন, দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং কৃষক, শ্রমিক ও সাধারণ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন।
মঙ্গলবার মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে দেওয়া এক বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এ কথা বলেন।
রাষ্ট্রপতি আরও বলেন, মওলানা ভাসানীর আপসহীন সংগ্রামী জীবন ও সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ তাকে ‘মজলুম জননেতা’ হিসেবে সর্বস্তরের মানুষের অন্তরে চিরস্থায়ী আসন দিয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঔপনিবেশিক শাসনবিরোধী আন্দোলন থেকে শুরু করে কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচন, স্বায়ত্তশাসনের দাবি এবং স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রামের প্রতিটি পর্যায়ে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
তিনি বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন গঠিত তৎকালীন ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী, পরবর্তীতে তিনি ২৫ জুলাই ১৯৫৭ সালে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) বা ভাসানী ন্যাপ প্রতিষ্ঠা করেন।
রাষ্ট্রপতি বলেন, ১৯৫৭ সালের ঐতিহাসিক কাগমারী সম্মেলনে তিনিই প্রথম বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেন এবং প্রবাসী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বলেন, স্বাধীনতার পরও জাতীয় স্বার্থ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে তিনি সমানভাবে সক্রিয় ছিলেন। ১৯৭৬ সালে গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে তার নেতৃত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ ছিলো দেশের অধিকার আদায়ের লড়াইয়ে কূটনৈতিক ও রাজনৈতিক প্রজ্ঞার এক উজ্জ্বল ও সাহসী দৃষ্টান্ত।
রাষ্ট্রপতি বলেন, সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ, ন্যায় ও সাম্যের প্রতি অঙ্গীকার এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণে মওলানা ভাসানী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন।
তিনি আরও বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, তার জীবনাদর্শ ও কর্ম আমাদের দেশপ্রেম, সামাজিক ন্যায়বিচার, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে সর্বদা অনুপ্রেরণা জোগাবে।’
সাগরে ঘূর্ণিঝড়।
বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি সঞ্চয় করছে নিম্নচাপ। উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি এটি আরও ঘনীভূত হচ্ছে।
সবকিছু অনুকূলে থাকলে সোমবার (১৬ নভেম্বর) রাতের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি বর্তমানে ১১.৬° উত্তর অক্ষাংশ এবং ৮৬.০° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।
আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
সংস্থাটি আরও জানায়, নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি ক্রমেই ঘনীভূত হচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।