• প্রকাশ : সোমবার ০৪ মে, ২০২৬, সময় : ৮:২৩ এএম

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অঞ্চল প্রতিবছরই জলবায়ু পরিবর্তনজনিত নানা ঝুঁকির মুখে পড়ে। ভৌগোলিকভাবে সমুদ্রপৃষ্ঠের তুলনায় নিচু হওয়ায় আকস্মিক বন্যায় দ্রুত পানিতে প্লাবিত হয়ে বিশাল জলাভূমিতে রূপ নেয় পুরো এলাকা। ফলে এ অঞ্চলের কৃষি ব্যবস্থা স্বভাবতই অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

হাওরাঞ্চলের প্রধান ফসল বোরো ধান হলেও আগাম বন্যা, শিলাবৃষ্টি, খরা এবং শীতজনিত চাপ উৎপাদনে বড় বাধা সৃষ্টি করে। বিশেষ করে আগাম বন্যার কারণে ফসল ঘরে তোলার আগেই ক্ষতির মুখে পড়েন কৃষকেরা, যার প্রভাব পড়ে দেশের সামগ্রিক ধান উৎপাদনেও।

এই প্রেক্ষাপটে হাওরাঞ্চলের কৃষি ঝুঁকি কমাতে স্বল্পমেয়াদি বোরো ধান চাষ ও বন্যার আগেই ফসল সংগ্রহের উপযোগী কৌশল উদ্ভাবনে সফলতা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।

আজ সোমবার ( ৪ মে) বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান গবেষক অধ্যাপক ড. মো হাবিবুর রহমান প্রামানিক। এসময় আরও উপস্থিত ছিলেন গবেষণার সহযোগী গবেষক অধ্যাপক ড. ইসরাত জাহান শেলী। এছাড়া উপস্থিত ছিলেন গবেষণার সাথে সংশ্লিষ্ট স্নাতকোত্তর শিক্ষার্থীরা।

 গবেষক অধ্যাপক ড. মো হাবিবুর রহমান প্রামানিক বলেন,, 'দেশের মোট ধান উৎপাদনের ৬০ শতাংশ উৎপন্ন হয় বোরো মৌসুমে। আর মোট বোরোধানের উৎপাদনের ১৮ শতাংশ হাওরাঞ্চলে উৎপন্ন হয়। তবে প্রায় প্রতিবছর আগাম বন্যায় ধানের ১০ থেকে প্রায় ১০০ শতাংশই ক্ষতির মুখে পরে। কৃষকেরা ধান ঘরে তুলতে পারেননা। এ পরিস্থিতিতে বন্যা শুরুর আগেই যদি ধান ঘরে তুলতে পারি তাহলে বন্যা থেকে ধানের ফসল পরিত্রাণ পাবে। এক্ষেত্রে হাওরে প্রচলিত দীর্ঘমেয়াদি বোরোধানের পরিবর্তে স্বল্পমেয়াদি ধানের জাত চাষ করলে ১৫ থেকে ২০ দিন আগেই ফসল তোলা সম্ভব। এতে বন্যার ক্ষতি এড়ানো সম্ভব।'

তিনি জানান, ২০২০ সাল থেকে আমরা হাওরে স্বল্পমেয়াদী বোরোধান চাষের গবেষণা শুরু করি। হাওরে মূলত বোরোধানই একমাত্র ফসল হিসেবে চাষ করা হয়। অগ্রহায়ণ মাসের শুরুতে হাওরের পানি নেমে গেলে ধান লাগানোর জন্য জমি ঠিক করা হয়। ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে ধান লাগানো হয়। প্রচলিত জাতের ধান বড় হতে এপ্রিলের শেষ বা মে মাস এসে যায়। তখনি হঠাৎ বন্যার পানি নেমে আসে। সাধারণত এপ্রিলের শেষে কিংবা মে মাসের শুরুতে হাওরে পানি ঢুকতে শুরু করে। বিশেষ করে মে মাসে বন্যার প্রকোপ বেশি। এতে পুরো মাঠের ধান পানিতে ডুবে যায়। কৃষকেরা শেষ সময়ে এসে ফসল ঘরে তুলতে পারেননা।'

আগাম বন্যার তথ্য ও বিশ্লেষণ নিয়ে প্রধান গবেষক বলেন, 'হাওরে আগাম বন্যার গত ৩৬ বছরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, হাওরে আকস্মিক বন্যার প্রকোপ সবচেয়ে বেশি মে মাসে (প্রায় ৫০ শতাংশ)। এপ্রিলের শেষার্ধে প্রায় ৪২ শতাংশ এবং মার্চের শেষভাগে ও এপ্রিলের প্রথমার্ধে তুলনামূলক কম প্রকোপ দেখা গেছে। ফলে এপ্রিলের মাঝামাঝির আগেই ধান কাটতে পারলে ক্ষতির ঝুঁকি অনেকটাই কমে।

তিনি আরও বলেন, 'যেহেতু আগাম বন্যা বৈশাখ-জৈষ্ঠ্য মাসে শুরু হয়। কোনোভাবে যদি এর আগেই ধানের ফসল কর্তন করা যায়, তাহলে বন্যায় ক্ষয়ক্ষতি থেকে পরিত্রাণ পাওয়া যাবে। এই চিন্তা থেকে আমরা হাওরে স্বল্পমেয়াদি বোরোধান চাষ করছি। দেখা যায়, প্রচলিত বোরোধানের তুলনায় স্বল্পমেয়াদি জাত ১৫ থেকে ২০ দিন আগেই কর্তন সম্ভব। এতে বন্যায় সমসাময়িক থেকে কিছুটা আগেই কৃষক ফসল ঘরে তুলতে পারবে।'

হাওরে স্বল্পমেয়াদি ধানের জাত নিয়ে অধ্যাপক প্রামাণিক বলেন, 'হাওরে বহুল চাষকৃত ধানের জাত ব্রি ধান ৯২, যার জীবনকাল ১৬০। অগ্রহায়ণের প্রথমদিকে অথবা ডিসেম্বর মাসের শেষের দিকে এই জাতের ধান রোপণ করা হয়। তবে ধান পেকে কর্তন করতে বৈশাখের মাঝামাঝি পর্যন্ত সময় লেগে যায়। এই সময়ে আগাম বন্যা নেমে আসে। ফলে ফসল ঘরে তোলা সম্ভব হয়ে উঠে না। এক্ষেত্রে ব্রি ধান ৯২ এর পরিবর্তে স্বল্পমেয়াদি জাত যেমন ব্রি ধান ৮৮, ব্রি ধান ১০১, ব্রি ধান ১১৩, ব্রি ধান ১০৫, ব্রি ধান ২৫ লাগালে বন্যার আগেই কর্তন সম্ভব। এসব জাতের জীবনকাল প্রায় ১৪৫ দিনের মতো। একই সময়ে রোপণ করে হাওরে প্রচলিত ধানের জাতের চেয়ে ১৫ দিন আগেই কর্তন করা যায়।'

হাওরে বোরোধান উৎপাদনের প্রতিবন্ধকতা নিয়ে তিনি বলেন, ' হাওরে বোরোধান চাষে বন্যার পাশাপশি আরও সমস্যা রয়েছে। যদি থোড় আসার সময় বাতাসের তাপমাত্রা ১০ ডিগ্রীর কম হয় তাহলে ধান চিটা হবে। আবার ফুল আসার সময় বাতাসের তাপমাত্রা ৩৫ ডিগ্রীর বেশি হলে চিটা হবে। আবার বৈশাখ জৈষ্ঠ্য মাসে প্রচুর বৃষ্টি শুরু হয়। শিলাবৃষ্টিতে গাছের ক্ষতি হয়। তাই এমন সময়ে ধান বপণ করতে হবে যাতে ন্যূনতম এসব ক্ষতি এড়ানো যায়। আরেকটি বড় প্রতিবন্ধকতা হলো কৃষকরা চান দীর্ঘমেয়াদী অধিক ফলন দেওয়া ধান। স্বল্পমেয়াদী ধানে উৎপাদন এক থেকে দেড় টন মতো কম হওয়ার কারণে কৃষক অনুৎসাহী হয়ে পড়েন। দীর্ঘমেয়াদী ধানে বন্যায় পড়লে ১০০ভাগ ধান ই ক্ষতির মুখে পড়বে এটি তারা বুঝতে চান না অনেকসময়।'

স্বল্পমেয়াদি ধানে চাষের বিষয়ে তিনি বলেন, 'আকস্মিক বন্যা পরিহারে এপ্রিলের প্রথমার্ধে বোরোধান কর্তন করতে হলে অবশ্যই ১০ জানুয়ারির মধ্যে চারা রোপণ করতে হবে। ইতোমধ্যে ব্রি ধান ৮৮ জাত ২৬ ডিসেম্বর রোপণ করে এপ্রিলের ৮ তারিখে কর্তন করতে পেরেছি। এতে বন্যার ক্ষতি থেকে ফসল মুক্ত। এর আগে সুনামগঞ্জে বন্যা আসার আগেই ধান কেটে ফেলতে পেরে কৃষকেরা খুশি ছিল।'

বিভিন্ন জায়গায় স্বল্পমেয়াদি ধানে লাগিয়ে আগাম কর্তনের বিষয়ে তিনি বলেন, 'অষ্টগ্রামে ব্রি ধান ৮৮, ব্রি ধান ২৫ এর চারা ২ জানুয়ারি লাগিয়ে এপ্রিলের ১২ তারিখে কর্তন করা গেছে। এ আর ইটনাতে স্বল্পমেয়াদি জাত ব্রি ধান ১১৩ জানুয়ারির ১০ তারিখে রোপণ করে ১৭ এপ্রিলের কর্তন সম্ভব হয়েছে। কিন্তু দীর্ঘমেয়াদি ব্রি ধান ৯২ এখনো কর্তন সম্ভব হয়নি।'

কৃষি যান্ত্রিকিকরণের বিষয়ে তিনি বলেন, 'হাওরে যেহেতু স্বল্পসময়ে ধানের চারা রোপণ করতে হয়, আবার একই সময়ে ধান পরিপক্ক হয়, তাই বন্যার ক্ষতি এড়াতে হাওরে কৃষি যান্ত্রিকীকরণের বিকল্প নেই। আগাম বন্যা যেহেতু এপ্রিলের শেষার্ধে অথবা মে মাসের শুরু হয়, তাই কৃষির উন্নত ব্যবস্থাপনার জন্য রাইচ ট্রান্সপ্লান্টার, হার্ভেস্টার, সেচ সুবিধাসহ অন্যান্য কৃষি উপকরণ সহজলভ্য হবে। এতে দ্রুতই এবং একই সাথে ফসল তোলা যাবে।'



সর্বশেষ সব খবর

সেমিনারে বক্তব্য রাখছেন বক্তারা

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬, সময় : ৪:৪৩ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং বারসিক (BARCIK)-এর সহযোগিতায় ‘খাদ্য ব্যবস্থা, আঞ্চলিক বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ: ন্যায়সঙ্গত ও টেকসই ভ্যাবষ্যতের সন্ধানে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই ও ন্যায়সঙ্গত খাদ্য ব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শামীমা নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের এর ডিন ড. মোহাম্মদ রেজাউল করিম। আরও উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক এন. এম. রবিউল আওয়াল চৌধুরী, প্রভাষক তহমিনা খাতুন ও অমিত দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা 


সেমিনারে বক্তারা বলেন, কৃষক ও স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে পরিবেশবান্ধব, জলবায়ু সহনশীল এবং ন্যায়সঙ্গত খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজিভিত্তিক উদ্যোগের বিকল্প নেই। 


অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারসিকের এগ্রোইকোলজি অ্যান্ড ফুড সিকিউরিটি ইউনিটের পরিচালক সৈয়দ আলী বিশ্বাস। তিনি বলেন, “বাংলাদেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেলেও বর্তমান কৃষিব্যবস্থায় কৃষক ও পরিবেশ নানা সংকটের মুখোমুখি। বীজ, সার, কীটনাশক, সেচ ও ঋণের ওপর অতিনির্ভরশীলতার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, মাটির ক্ষয়, পানির সংকট ও জীববৈচিত্র্যের হ্রাস খাদ্য ব্যবস্থাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।”


তিনি আরও বলেন, “এগ্রোইকোলজি কেবল রাসায়নিকের ব্যবহার কমানোর ধারণা নয়; এটি কৃষক ও স্থানীয় মানুষের জ্ঞানকে ভিত্তি করে টেকসই কৃষিব্যবস্থা গড়ে তোলার একটি কার্যকর পথ। দেশীয় বীজ সংরক্ষণ, বহুমুখী ফসল চাষ, মাটির উর্বরতা রক্ষা এবং কৃষকের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি কৃষিতে নারীদের ভূমিকার স্বীকৃতি ও সিদ্ধান্ত গ্রহণে তাদের সম্পৃক্ততা বাড়ানো জরুরি।”


সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৬ আগস্ট, ২০২৬, সময় : ৯:০৩ পিএম

বিশেষ বৃত্তির অর্থ এখনো না পাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। যেসব শিক্ষার্থী পূর্বে অনলাইনে ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য প্রদান করেননি এবং ফলে বিশেষ বৃত্তির অর্থ পাননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য আপলোড করতে বলা হয়েছে।


আজ বুধবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, অদ্য অনুষ্ঠিত বিশেষ বৃত্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বৃত্তি সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে ব্যাংক হিসাবের তথ্য হালনাগাদ করতে পারবেন। আগামী ২৬ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট থেকে ৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত তথ্য জমা দেওয়ার সুযোগ থাকবে।


তথ্য প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীর আইডি নম্বর, নাম, ব্যাংকের নাম, নিজস্ব ব্যাংক হিসাব নম্বর, শাখার নাম এবং ব্যাংক রাউটিং নম্বর সঠিকভাবে উল্লেখ করতে হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীর নাম ও ব্যাংক হিসাবের নাম অবশ্যই এক হতে হবে। ব্যাংক হিসাব নম্বর ১৩ থেকে ১৭ সংখ্যার মধ্যে হতে হবে এবং এতে কোনো স্পেস বা ড্যাশ ব্যবহার করা যাবে না। এছাড়া রাউটিং নম্বর ৯ সংখ্যার হতে হবে এবং ব্যাংক হিসাব সচল থাকতে হবে।


এছাড়াও অনলাইনে তথ্য আপলোডে কোনো সমস্যা হলে ব্যাংক স্টেটমেন্টের কপি নিয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলে যোগাযোগ করতে বলা হয়েছে।


উল্লেখ্য, রেজিস্ট্রার দপ্তর জানিয়েছে এটি এ সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তি। পরবর্তীতে বিশেষ বৃত্তির জন্য ব্যাংক হিসাব সংক্রান্ত কোনো নতুন তথ্য গ্রহণ করা হবে না।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৬ আগস্ট, ২০২৬, সময় : ৮:৫৫ পিএম

তিস্তা মহাপরিকল্পনার কাজ অনেকদূর এগিয়েছে এবং আগামী ২০২৭ সালে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।


গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত 'নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিস্তা প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী বলেন, "এটি নিয়ে অনেক ধরনের নেতিবাচক প্রচারণা হলেও এর কাজ অনেকদূর এগিয়েছে। এত বড় একটি বৃহৎ প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে আগে হাওয়ার ওপর বক্তব্য দেয়া হতো। এখন বড় বড় বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা হচ্ছে। তারা রিপোর্ট জমা দিলে শিগগিরই আমরা কাজ শুরু করব ইনশাআল্লাহ।" 


তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই একটিমাত্র প্রকল্পের মাধ্যমেই লালমনিরহাটের সার্বিক চেহারা পরিবর্তন হয়ে যাবে।


অনুষ্ঠানে মন্ত্রী তার অন্যান্য বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আগামী দিনে লালমনিরহাটের নেতৃত্ব তোমাদেরই দিতে হবে। নিজেদের জেলার ঐতিহ্য ও আঞ্চলিক ভাষা নিয়ে লজ্জিত না হয়ে তা নিয়ে গর্ববোধ করতে হবে।" 


শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে তিনি বাস মালিক সমিতির সাথে কথা বলে ঈদের সময় ভাড়া নিয়ন্ত্রণের আশ্বাস দেন এবং ছাত্রীদের আবাসিক হলের ব্যাপারে উপাচার্যের সাথে কথা বলেছেন বলে জানান। 


এছাড়াও, এলাকার দরিদ্র শিক্ষার্থীদের ভর্তির সুবিধার্থে তিনি ছাত্রকল্যাণ সমিতির ফান্ডে ৫ লাখ টাকার অনুদান ঘোষণা করেন এবং সবাইকে মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার সামাজিক আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। 


আনিসুর রহমান খোকন ত্রাণমন্ত্রীকে সারা দেশের রাজনৈতিক কর্মীদের জন্য একজন অনুকরণীয় সংগঠক ও অভিভাবক হিসেবে আখ্যা দিয়ে শিক্ষার্থীদের দেশ গড়ার কাজে সহযোগিতার আহ্বান জানান। 


অন্যদিকে, রোকন উদ্দিন বাবুল শিক্ষার্থীদের শেকড় না ভোলার পরামর্শ দেন। তিনি জানান, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে লালমনিরহাট জেলার তিনজন সংসদ সদস্যই প্রধানমন্ত্রীর নিকট ডিও লেটার দিয়েছেন। এছাড়া ফোরলেন সড়কটি লালমনিরহাট হয়ে বুড়িমারী পর্যন্ত নিতে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান। তিনিও ব্যক্তিগত তহবিল থেকে সমিতিতে অনুদান দেয়ার প্রতিশ্রুতি দেন।


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন তার বক্তব্যে মন্ত্রীকে ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বলেন, "বিগত আওয়ামী ফ্যাসিবাদের ১৫-১৬ বছর মানুষ যখন ভয়ে কথা বলতে পারত না, তখন আসাদুল হাবিব দুলু ছিলেন সাহসের একটি বাতিঘর।" তিনি লালমনিরহাটের মানুষদের অত্যন্ত সাদা মনের ও নীতিবান হিসেবে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।


লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আজিজুল হাকিম (আকাশ)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানা সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।


এছাড়াও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা সমিতির সাবেক প্রধান উপদেষ্টা জনাব এম এ কাদের সরকার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মেজবাহ-উল-আজম সওদাগর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মুনমুন মাশরাফীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং নবীন ও বিদায়ী শিক্ষার্থীবৃন্দ।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৬ আগস্ট, ২০২৬, সময় : ৮:৩৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আটটি বিভাগে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে মোট ১৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে সময়সীমা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার (২৬ আগস্ট) থেকে শুরু করে আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।


নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী অধ্যাপক পদে দুজন এবং প্রভাষক পদে ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। সহকারী অধ্যাপক পদে সমাজকর্ম বিভাগে একজন এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে একজন নিয়োগ পাবেন।


প্রভাষক পদে সংগীত বিভাগে দুজন, নাট্যকলা বিভাগে দুজন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে একজন, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে দুজন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে একজন, ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগে একজন, প্রিন্ট মেকিং বিভাগে একজন এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগে একজন নিয়োগ দেওয়া হবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট পদের জন্য বিশ্ববিদ্যালয় নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে। প্রতিটি পদের বিস্তারিত যোগ্যতা ও শর্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। আবেদন ফি হিসেবে ৬০০ টাকা নগদ অথবা রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে।


অনলাইনে আবেদন শেষে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন কপি সত্যায়িত রঙিন ছবি এবং অনলাইনে দাখিল করা আবেদন ফরমের প্রিন্ট কপিসহ পূর্ণাঙ্গ আবেদনপত্রের আট সেট জমা দিতে হবে।


আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে সরাসরি, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে। কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।


আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ আবেদন করার শেষ সময়। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল, সাধারণ শর্তাবলি ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।


নিয়োগ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী পদসংখ্যা কমানো বা বাড়ানোর ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৬ আগস্ট, ২০২৬, সময় : ৮:২৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী পরিবহনের বাসে যাত্রী উপস্থিত না থেকেও খাতা, শিট, পানির বোতলসহ বিভিন্ন সামগ্রী রেখে আসন 'রিজার্ভ’ করে রাখায় আগে বাসে ওঠা শিক্ষার্থীরা খালি আসন থাকা সত্ত্বেও বসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এই প্রচলিত নিয়ম বন্ধে প্রজ্ঞাপন জারি করে কঠোরভাবে বাস্তবায়নের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 


আজ বুধবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক বিষয়টি নিশ্চিত করেন।


জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থীর যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও ভাড়ায় পরিচালিত বাস রয়েছে। প্রতিদিন এসব বাসে বিপুলসংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসে যাতায়াত করেন। আসনের তুলনায় যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় অনেক শিক্ষার্থীকে দাঁড়িয়ে যাতায়াত করতে হয়। তবে সম্প্রতি বাসে বিভিন্ন সামগ্রী রেখে আসন দখল করে রাখার বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে। 


অভিযোগ রয়েছে, কেউ কেউ বাসে নিজের উপস্থিতি না থাকলেও আগে থেকেই খাতা, শিট, পানির বোতলসহ বিভিন্ন জিনিস আসনে রেখে সেটিকে নিজের জন্য সংরক্ষিত করে রাখছেন। ফলে পরে বাসে ওঠা শিক্ষার্থীরা খালি আসন থাকলেও সেখানে বসতে পারছেন না।


এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এক ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, “অনেকে বাস থেকে নামার সময় বাসে খাতা রেখে যান। যার কারণে আমরা পরে আগে এসেও বাসে সিট পাই না। অনেক দূর থেকে যাতায়াত করলেও বাধ্য হয়ে পুরোটা পথ দাঁড়িয়ে যেতে হয়।”


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক বলেন, “আমরা দ্রুতই একটি প্রজ্ঞাপন জারি করব। সেখানে স্পষ্টভাবে বলা থাকবে বাসে খাতা, কলম, বোতল বা অন্য কোনো কিছু রেখে আসন দখল করা যাবে না। এভাবে সিট রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। বাসের আসন বণ্টন হবে সম্পূর্ণভাবে আগে আসার ভিত্তিতে। অর্থাৎ, যিনি সশরীরে উপস্থিত থাকবেন, তিনিই আসনে বসার অগ্রাধিকার পাবেন।”


তিনি আরও বলেন, “পরিবহন প্রশাসনের পক্ষ থেকে নিয়োজিত গাড়িচালক ও সহকারীরা বিষয়টি তদারকি করবেন। এরপরও কেউ নির্দেশনা অমান্য করে অনিয়ম অব্যাহত রাখলে ভিসি স্যারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় শৃঙ্খলামূলক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬, সময় : ১০:১৯ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ক্যাম্পাসের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোবিপ্রবি শাখার নেতৃবৃন্দ। আলোচনায় শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট ছয় দফা প্রস্তাব তুলে ধরা হয়েছে।


আলোচনায় পকেট গেইট সার্বক্ষণিক খোলা রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে ৩৬০ ডিগ্রি সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ই-কারের ভাড়া ৫ টাকায় নামিয়ে আনা, ব্যাকলগ ও ইমপ্রুভমেন্টের নিয়ম পুনর্বিবেচনা, বিশ্ববিদ্যালয়ের বাসে লোকাল যাত্রী পরিবহন বন্ধ এবং নষ্ট হয়ে যাওয়া বাসগুলো দ্রুত মেরামত করে পরিবহন বহরে যুক্ত করার বিষয়গুলো তুলে ধরা হয়।


ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে সিজিপিএ ৩.০০-এর নিচে থাকা শিক্ষার্থীদের ইমপ্রুভমেন্ট পরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে বলে জানানো হয়েছে। তবে ব্যাকলগের বিষয়টি নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলেও জানানো হয়।


আলোচনায় নোবিপ্রবি ছাত্রদল নেতা সাব্বির হোসেন শান্ত, শাখাওয়াত সায়েম, সাখাওয়াত হোসেন, খায়রুল আমান শাওন ও আনিসুর রহমান সিফাতসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও প্রয়োজনীয় বিষয়গুলো পর্যায়ক্রমে সমাধানের মাধ্যমে ক্যাম্পাসকে আরও শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ করে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছে নোবিপ্রবি ছাত্রদল।

সর্বশেষ সব খবর