হজযাত্রীকে বিদায় জানানোর সময় দোয়া পড়তে হয়
কেউ দূরের সফরে বের হওয়ার সময় বিদায় জানানোর সময় তার জন্য দোয়া করা সুন্নত। হজের সফরে যারা বের হবেন, তারা তো আরও বেশি দোয়ার হকদার। তাদের কাছেও দোয়া চাইতে হবে, যেন তারা পবিত্র স্থানগুলোতে, দোয়া কবুলের জায়গাগুলোতে আমাদের জন্য দোয়া করেন। পাশাপাশি তাদের নিরাপত্তা ও হজ সুসম্পন্ন করতে পারার তওফিকের জন্যও দোয়া করতে হবে।
হজযাত্রীদের বিদায় জানানোর সময় নবীজি (সা.) থেকে বর্ণিত নিম্নোক্ত তিনটি দোয়া পড়ুন, নবীজি (সা.) দূরের যে কোনো সফরের জন্য বিদায়া জানানোর সময়ই দোয়াগুলো পড়তেন।
১. হজযাত্রীকে আল্লাহর আশ্রয়ে সোপর্দ করার জন্য পড়ুন:
أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ وَأَمَانَتَكَ وَخَوَاتِيمَ عَمَلِكَ
উচ্চারণ: আসতাওদিউ-ল্লাহা দীনাকা ওয়া আমানাতাকা ওয়া আখিরা আমলিকা।
অর্থ: আপনার দীন আমানত আমানাত ও আপনার শেষ আমল আল্লাহর কাছে সমর্পণ করলাম। (সুনানে আবু দাউদ: ২৬০০)
২. হজযাত্রীর সফরের কষ্ট লাঘব হওয়ার জন্য পড়ুন:
اللَّهُمَّ اطْوِ لَهُ الأَرْضَ وَهَوِّنْ عَلَيْهِ السَّفَرَ
উচ্চারণ: আল্লাহুম্মা ইতওয়ি লাহুল আরযা ওয়া হাওয়িন আলাইহিস সাফারা।
অর্থ: হে আল্লাহ! তার পথের ব্যবধান কমিয়ে দিন এবং তার জন্য সফর সহজতর করে দিন। (সুনানে তিরিমিজি: ৩৪৪৫)
৩. হজযাত্রী যেন হজের সব আমল ইখলাসের সঙ্গে উত্তমরূপে পালন করতে পারেন সেজন্য পড়ুন:
زَوَّدَكَ اللَّهُ التَّقْوَى وَغَفَرَ ذَنْبَكَ وَيَسَّرَ لَكَ الْخَيْرَ حَيْثُمَا كُنْتَ
উচ্চারণ: যাওওয়াদাকা-ল্লাহুত তাকওয়া ওয়া গাফারা যামবাকা ওয়া য়াসসারা লাকাল খাইরা হাইসুমা কুনতা।
অর্থ: আল্লাহ তাআলা আপনাকে তাকওয়ার পাথেয় দান করুন। আপনার গুনাহ ক্ষমা করুন। আপনার জন্য কল্যাণকে সহজতর করুন, আপনি যেখানেই থাকুন। (সুনানে তিরমিজি: ৩৪৪৫)
হজযাত্রীর জন্য নিজের ভাষায় যে দোয়াগুলো করবেন
ওপরের দোয়াগুলোর পাশাপাশি হজযাত্রীর জন্য নিজের ভাষায় মনের গভীর থেকে এই দোয়াগুলোও করুন:
১. হজ কবুল হওয়ার জন্য দোয়া করুন
হে আল্লাহ! এই বান্দাকে আপনার ঘরের মেহমান হিসেবে কবুল করে নিন। তার হজকে হজে মাবরুর বানান যে হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয়।
২. নিরাপদে ফিরে আসার জন্য দোয়া করুন
হে আল্লাহ! এই হজযাত্রীকে সুস্থ, সুন্দর ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিন। পথে-ঘাটে, জলে-স্থলে ও আকাশপথে আপনি তার হেফাজত করুন।
৩. গুনাহ মাফ ও নতুন জীবনের জন্য দোয়া করুন
হে আল্লাহ! এই হজযাত্রী যেন হজ শেষে সদ্যোজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে ঘরে ফেরেন। তার জীবনের সব গুনাহ আপনি ক্ষমা করুন এবং তাকে বাকি জীবন আপনার আনুগত্যে কাটানোর তওফিক দিন।
হজযাত্রীর কাছে দোয়ার আবেদন করুন
হজযাত্রীর জন্য দোয়া করার পাশাপাশি তার কাছে দোয়া চাইতে ভুলবেন না। তিনি যেহেতু ইবাদতের সফরে থাকবেন, তাই তিনি আল্লাহর বেশি নিকটবর্তী থাকবেন। এ ছাড়া মক্কা মদিনার দোয়া কবুলের জায়গাগুলোতেও তিনি দোয়া করার সুযোগ পাবেন।
হজ/ওমরাহযাত্রীকে বিদায় জানানোর সময় তার কাছে দোয়া চাওয়া নবীজির (সা.) সুন্নত।
রাসুলুল্লাহ (সা.) ওমরকে (রা.) ওমরাহর সফরে বিদায় দেওয়ার সময় বলেছিলেন, ভাই! দোয়া করার সময় আমাদের ভুলে যেও না। (সুনানে আবু দাউদ: ১৪৯৮)
নিজে নামাজ আদায়ের পাশাপাশি পরিবারের সদস্যদের নামাজের প্রতি আহ্বান করা পবিত্র কোরআনের সুস্পষ্ট নির্দেশ। আল্লাহ বলেন, ‘আর তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং তার ওপর অবিচল থাকো।’ (সুরা ত্বহা, আয়াত: ১৩২)
তবে পরিবারের অন্য সদস্য—যেমন ভাইবোন বা সন্তানদের নামাজের নির্দেশ দেওয়া যতটা সহজ, মা-বাবাকে নামাজের দাওয়াত দেওয়া ততটাই সংবেদনশীল। ইসলামে মা-বাবার স্থান সবার ওপরে।
তাই তাঁদের কোনো ভুল শুধরে দেওয়া বা নেক কাজের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ শিষ্টাচার ও বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া মুমিনের দায়িত্ব। মা-বাবাকে নামাজের দাওয়াত দেওয়ার কার্যকর কিছু উপায় তুলে ধরা হলো।
সম্মানজনক ভাষার ব্যবহার
মা-বাবাকে নামাজের কথা বলার সময় সন্তানের ভাষা ও আচরণ হতে হবে নম্র। কোনো অবস্থাতেই তাঁদের শিক্ষক বা মুরব্বি সাজার চেষ্টা করা যাবে না। কোরআনের নির্দেশ হলো, ‘আর তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলো।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ২৩)
পিতা আজরকে ইমান ও ইবাদতের দাওয়াত দেওয়ার সময় নবী ইব্রাহিমের ভাষা ছিল মধুর। তিনি বারবার ‘হে আমার প্রিয় পিতা’ বলে সম্বোধন করেছেন। (সুরা মারইয়াম, আয়াত: ৪২-৪৫)
ইমাম কুরতুবি লিখেছেন, পিতা-মাতাকে সৎকাজের আদেশ দেওয়া বা অন্যায় থেকে বারণ করার সময় সন্তানের ভাষা হতে হবে খুবই বিনয়ী; কোনো অবস্থাতেই রূঢ় আচরণ বা তিরস্কার করা যাবে না, বরং তাঁরা দাওয়াত গ্রহণে অস্বীকৃতি জানালে বা রাগ করলেও সন্তানকে নীরব ও শ্রদ্ধাশীল থাকতে হবে। (আল-কুরতুবি, আল-জামি লি–আহকামিল কুরআন, ১১ত/৯৫, দারুল কুতুব আল-মিসরিয়্যাহ, কায়রো, ১৯৬৪)
সুন্দর চরিত্রের মাধ্যমে উপস্থাপন
মানুষ কথার চেয়ে কাজের দ্বারা বেশি প্রভাবিত হয়। সন্তান যখন নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এবং নামাজের কারণে তার চরিত্রে ইতিবাচক পরিবর্তন আসবে, তখন মা-বাবা প্রাকৃতিকভাবেই প্রভাবিত হবেন।
সন্তান যদি নামাজের পাশাপাশি মা-বাবার সেবায় আগের চেয়ে বেশি যত্নবান হয়, তখন তাঁরা উপলব্ধি করবেন যে নামাজই তাঁর সন্তানকে এত সুন্দর মানুষে পরিণত করেছে। মহানবী (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই উত্তম চরিত্রই হলো শ্রেষ্ঠ নেক আমল।’ (মুসনাদে আহমদ, হাদিস: ৮৯৫২)
সুন্দর চরিত্রই হলো সবচেয়ে শক্তিশালী নীরব দাওয়াত।
ঘরে ধর্মীয় পরিবেশ তৈরি করা
সরাসরি নামাজের কথা বললে মা-বাবার আত্মসম্মানে আঘাত লাগতে পারে। তাই কৌশলগত পদ্ধতি অবলম্বন করা বেশ কার্যকর। যেমন—আজান শুনলে আওয়াজ করে আজানের জবাব দেওয়া বা কোরআন পাঠ করা।
অনেক সময় সন্তানের জায়নামাজে বসে মোনাজাত করা দেখে মা-বাবার হৃদয়ও গলে যায়। এ ছাড়া তাঁদের বলতে পারেন, ‘মা, ফজরের সময় আমাকে একটু ডেকে দিয়ো।’
এর মাধ্যমে তাঁদের মনে নামাজের সময় সম্পর্কে একধরনের দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি হবে।
তাদের জন্য দোয়া করা
কারও অন্তরে সুপথের আলো দেওয়া একমাত্র মহান আল্লাহর হাতে। মহানবী (সা.) চাইলেও তাঁর প্রিয় চাচা আবু তালিবকে ইমান আনানোর তওফিক পাননি। তাই মা-বাবাকে নামাজের দাওয়াত দেওয়ার পাশাপাশি শেষরাতে তাদের জন্য প্রার্থনা করা বেশি জরুরি।
কোরআনে একটি চমৎকার দোয়া শেখানো হয়েছে, ‘হে আমার প্রতিপালক, আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও।’ (সুরা ইব্রাহিম, আয়াত: ৪০)
ইবনুল কাইয়িম আল-জাওজিয়া লিখেছেন, মানুষের অন্তর আল্লাহর আঙুলগুলোর মধ্যে থাকে; তাই বাহ্যিক চেষ্টার চেয়ে আল্লাহর কাছে গভীর রাতের দোয়া অনেক বেশি জাদুকরি প্রভাব ফেলে এবং মানুষের অন্তরে দ্রুত পরিবর্তন আনে। (আল-জাওজিয়া, মাদারিজুস সালিকিন, ১/২৩৫, দারুল কিতাব আল-আরাবি, বৈরুত, ১৯৯৬)
ধৈর্য ধারণ ও তর্ক না করা
মা-বাবাকে একবার বা দুবার বলেই হাল ছেড়ে দেওয়া যাবে না। আবার তাঁরা যদি নামাজের কথা শুনে বিরক্ত হন বা বকাঝকা করেন, তবে তাঁদের সঙ্গে কোনোভাবেই তর্ক করা যাবে না।
ইসলামে শিরক বা কুফরের নির্দেশ ছাড়া মা-বাবার অন্য সব কথা মানার নির্দেশ থাকলেও তাঁদের সঙ্গে দুর্ব্যবহারের কোনো সুযোগ নেই।
আল্লাহ বলেন, ‘আর যদি তারা তোমাকে আমার সঙ্গে এমন কিছু শরিক করতে পীড়াপীড়ি করে, যার কোনো জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মেনো না; কিন্তু দুনিয়াতে তাদের সঙ্গে সদ্ভাবে বসবাস করো।’ (সুরা লুকমান, আয়াত: ১৫)
মা-বাবাকে নামাজের দাওয়াত দেওয়া একটি দীর্ঘমেয়াদি ও ভালোবাসাপূর্ণ প্রক্রিয়া। জোরজবরদস্তি বা তর্কের মাধ্যমে নয়, বরং অকৃত্রিম ভালোবাসা, নিরবচ্ছিন্ন সেবা এবং আল্লাহর কাছে অবিরাম প্রার্থনার মাধ্যমেই তাঁদের হৃদয়কে নামাজের প্রতি আকৃষ্ট করা সম্ভব।
ছবি : সংগৃহীত
ইসলামে খাদ্য ও পানীয় গ্রহণের বিষয়টি মুমিনের ইমান, চরিত্র ও ইবাদত কবুল হওয়ার সঙ্গে সরাসরি জড়িত। রাসুল (সা.) সতর্ক করেছেন যে হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর বেহেশতে প্রবেশ করবে না এবং হারাম ভক্ষণকারীর দোয়াও আল্লাহর দরবারে কবুল হয় না। ইসলামি আইনশাস্ত্রের মূলনীতি হলো—পৃথিবীর সব বৈধ, পবিত্র ও স্বাস্থ্যকর খাবার মানুষের জন্য হালাল; শুধু সেসব খাবারই নিষিদ্ধ (হারাম) করা হয়েছে, যেগুলো মানুষের শরীর, মস্তিষ্ক ও আত্মার জন্য ক্ষতিকর এবং যেগুলোর ব্যাপারে কোরআন ও হাদিসে সুস্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে।
১. পবিত্র কোরআনে নিষিদ্ধ চারটি মৌলিক বস্তু
পবিত্র কোরআনের একাধিক আয়াতে (সুরা বাকারা, আয়াত: ১৭৩; সুরা মায়িদা, আয়াত: ৩; সুরা আনআম, আয়াত: ১৪৫) চারটি বস্তুকে সরাসরি হারাম ঘোষণা করা হয়েছে:
ক. মৃত প্রাণী: যেসব হালাল প্রাণী ইসলামি উপায়ে জবাই না হয়ে স্বাভাবিক রোগে, বার্ধক্যে বা দুর্ঘটনায় মারা যায়, সেগুলোর মাংস খাওয়া হারাম। এ ছাড়া সুরা মায়িদার ৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে—গলা টিপে মারা যাওয়া প্রাণী, প্রহারে মৃত প্রাণী, ওপর থেকে পড়ে মারা যাওয়া প্রাণী, শিংয়ের আঘাতে মৃত প্রাণী এবং হিংস্র পশুতে খাওয়া প্রাণী (যদি জীবিত অবস্থায় জবাই করা সম্ভব না হয়) খাওয়া নিষিদ্ধ।
তবে সমুদ্র বা নদীর মৃত মাছ এবং পঙ্গপাল (ফড়িং) এই নিষেধাজ্ঞার বাইরে; এগুলো জবাই ছাড়াই হালাল। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৩১৪)
খ. প্রবাহিত রক্ত: জবাই করার সময় প্রাণীর শরীর থেকে যে রক্ত প্রবাহিত হয়ে বের হয়ে আসে, তা পান করা বা রান্না করে খাওয়া হারাম। তবে জবাইয়ের পর মাংসের ভেতরে লেগে থাকা সামান্য রক্ত এবং কলিজা ও প্লীহা (তিল্লি) খাওয়া সম্পূর্ণ হালাল। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৩১৪)।
গ. শূকরের মাংস ও এর যেকোনো অংশ: শূকরের মাংস, চর্বি, হাড় বা শূকর থেকে তৈরি যেকোনো উপাদান (যেমন—শূকরের চর্বিযুক্ত জেলাটিন বা ইমালসিফায়ার) খাওয়া সম্পূর্ণ হারাম। পবিত্র কোরআনে একে ‘রিজস’ বা অপবিত্র বস্তু হিসেবে অভিহিত করা হয়েছে। (সুরা আনআম, আয়াত: ১৪৫)
ঘ. ভিন্ন নামে উৎসর্গকৃত প্রাণী: যে প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়ার পরিবর্তে কোনো দেব-দেবী, মূর্তি, পীর-বুজুর্গ বা অন্য কারও নামে জবাই বা উৎসর্গ করা হয়, তার মাংস খাওয়া হারাম।
এমনকি জবাইকারী মুসলমান হলেও যদি জবাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে ‘বিসমিল্লাহ’ না বলেন, তবে হানাফি ও হাম্বলি ফিকহ অনুযায়ী সেই প্রাণীর মাংস খাওয়া বৈধ নয়। (সুরা আনআম, আয়াত: ১২১)
২. হিংস্র পশু ও শিকারি পাখি
সহিহ হাদিসে রাসুল (সা.) দুই শ্রেণির প্রাণীর মাংস খাওয়া নিষিদ্ধ করেছেন। এক. সব ধরনের দাঁতাল হিংস্র প্রাণী (যেমন—বাঘ, সিংহ, কুকুর, বিড়াল, নেকড়ে, শেয়াল, হাতি, বানর) এবং দুই. নখর দিয়ে শিকারকারী পাখি (যেমন—ঈগল, বাজপাখি, শকুন, পেঁচা, কাক) খাওয়া নিষিদ্ধ করেছেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৯৩৪)
৩. গৃহপালিত গাধা, খচ্চর, কীটপতঙ্গ
খায়বার যুদ্ধের দিন রাসুল (সা.) গৃহপালিত গাধার মাংস খাওয়া কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করেছেন। (সহিহ বুখারি, হাদিস: ৪২১৯)
তবে বন্য গাধা বা জেব্রার মাংস খাওয়া হালাল।
এ ছাড়া যেসব প্রাণী বা কীটপতঙ্গ স্বভাবগতভাবে অপবিত্র ও মানুষের কাছে ঘৃণিত (খাবায়িস)—যেমন ইঁদুর, সাপ, বিচ্ছু, টিকটিকি, তেলাপোকা, ব্যাঙ ও শামুক খাওয়া নিষিদ্ধ।
পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তিনি (নবী) তাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করেন এবং অপবিত্র ও ঘৃণিত বস্তুসমূহ হারাম করেন।’ (সুরা আরাফ, আয়াত: ১৫৭)
৪. সব ধরনের মাদকদ্রব্য
মানুষের বিবেক-বুদ্ধি লোপ করে দেয় বা নেশা সৃষ্টি করে এমন যেকোনো তরল বা কঠিন বস্তু—যেমন মদ, বিয়ার, ফেনসিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজা বা আফিম খাওয়া ও পান করা সম্পূর্ণ হারাম।
রাসুল (সা.) একটি সর্বজনীন মূলনীতি ঘোষণা করে বলেছেন, ‘নেশা সৃষ্টি করে এমন প্রতিটি বস্তুই খামর (মদ), আর প্রতিটি নেশাজাতীয় বস্তুই হারাম।’ (সহিহ মুসলিম, হাদিস: ২০০৩)
অন্য হাদিসে তিনি বলেছেন, ‘যে বস্তুর অধিক পরিমাণ নেশা সৃষ্টি করে, তার সামান্য পরিমাণও হারাম।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৬৮১)
তবে চিকিৎসার প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে ঘুমের ওষুধ বা চেতনানাশক (অ্যানেসথেশিয়া) ব্যবহার করা জায়েজ।
৫. বিষাক্ত ও ক্ষতিকর খাবার
যেকোনো বিষাক্ত পদার্থ, তামাক বা মাদকযুক্ত ক্ষতিকর দ্রব্য কিংবা যে খাবার খেলে মানুষের মৃত্যু বা মারাত্মক শারীরিক ক্ষতি হওয়ার নিশ্চিত আশঙ্কা থাকে, তা গ্রহণ করা হারাম।
পবিত্র কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে, ‘তোমরা নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিয়ো না।’ (সুরা বাকারা, আয়াত: ১৯৫)
৬. অবৈধভাবে নেওয়া হালাল খাবার
খাবারটি মূলত হালাল হলেও (যেমন—ভাত, মাছ বা ফলমূল), যদি তা চুরি, ডাকাতি, ঘুষ, সুদ বা এতিমের সম্পদ আত্মসাৎ করার মাধ্যমে অর্জিত হয়, তবে সেই খাবার খাওয়া হারাম।
হালাল বস্তুও যখন হারাম উপার্জন বা অন্যের অধিকার হরণের মাধ্যমে অর্জিত হয়, তখন তা ভক্ষণ করা বান্দার জন্য হারাম হয়ে যায় এবং ইবাদত কবুল হওয়ার পথে অন্তরায় সৃষ্টি করে। (ইবনে আবিদিন, রদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতার, ৫/৯৯, দারুল ফিকর, বৈরুত, ১৯৯২)
জীবন বাঁচানোর তাগিদে জরুরি ব্যতিক্রম
ইসলাম মানবজীবনের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। যদি কোনো ব্যক্তি এমন চরম দুর্ভিক্ষ বা মরুভূমিতে আটকা পড়েন, যেখানে হালাল কোনো খাবার নেই এবং হারাম খাবার (যেমন—মৃত প্রাণী বা শূকরের মাংস) না খেলে নিশ্চিত মৃত্যুর আশঙ্কা তৈরি হয়, তবে শুধু প্রাণ বাঁচানোর প্রয়োজনটুকু (ক্ষুধা মেটানোর অতিরিক্ত নয়) খাওয়া আল্লাহ বৈধ করে দিয়েছেন। (সুরা বাকারা, আয়াত: ১৭৩)
পবিত্র ও হালাল রিজিক অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। তাই প্যাকেটজাত খাবার, প্রসাধনী বা ওষুধ কেনার সময়ও সেগুলোতে হারাম কোনো উপাদান (যেমন—অ্যালকোহল বা হারাম প্রাণীর চর্বি) মিশ্রিত আছে কি না, তা যাচাই করে নেওয়া একজন সচেতন মুমিনের কর্তব্য।
ব্যস্ত জীবনের হাহাকার আর হাজারো কাজের চাপে অনেক সময়ই আমাদের নামাজে সেই আগের মতো একাগ্রতা (খুশু) থাকে না। কাজের চিন্তা, সংসারের ঝামেলা কিংবা শারীরিক ক্লান্তি—সব মিলিয়ে নামাজ অনেক সময় কেবল একটি যান্ত্রিক অভ্যাসে পরিণত হয়। নিচে নামাজের সেই হারানো আধ্যাত্মিক স্বাদ ও গভীর মনোযোগ ফিরিয়ে আনার ৬টি কার্যকর উপায় আলোচনা করা হলো, যা আমাদের প্রত্যেকের জন্যই প্রযোজ্য।
খুশু কী
খুশু মানে কেবল স্থির হয়ে দাঁড়িয়ে থাকা নয়; এটি হলো অন্তরের এমন এক উপস্থিতি যেখানে আপনি অনুভব করবেন যে আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে আছেন। এটি হলো অন্তরের প্রশান্তি, আল্লাহর প্রতি ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধার এক অপূর্ব সংমিশ্রণ।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “নামাজ হলো আমার চোখের শীতলতা।” (সুনানে নাসায়ি, হাদিস নম্বর: ৩৯৩৯)
নামাজে মনোযোগ ফিরিয়ে আনার উপায়
আপনার জীবন যেমনই হোক—অফিসের ব্যস্ততা, ব্যবসার চাপ কিংবা ঘরের কাজ—এই ধাপগুলো আপনাকে নামাজে আরও মনোযোগী হতে সাহায্য করবে:
১. মনকে শান্ত করার অভ্যাস করা
নামাজে দাঁড়ানোর ঠিক আগের মুহূর্তে হন্তদন্ত হয়ে জায়নামাজে না গিয়ে কিছুটা সময় নিজেকে স্থির করুন। গভীর শ্বাস নিন এবং দুনিয়াবি চিন্তাগুলো একপাশে সরিয়ে রাখার চেষ্টা করুন। শরীর ও মন শান্ত থাকলে নামাজে একাগ্রতা আনা অনেক সহজ হয়
২. নামাজের অর্থ বুঝে পড়া
আমরা নামাজে যা পড়ছি, তার অর্থ না জানলে মন এদিক-ওদিক ছুটে বেড়াবেই। সুরা ফাতিহা এবং ছোট ছোট সুরাগুলোর অর্থ অন্তত একবার ভালো করে বুঝে নিন। প্রতিটি ‘আল্লাহু আকবার’ বা ‘সুবহানা রাব্বিয়াল আজিম’ বলার সময় সেটির মর্মার্থ হৃদয়ে অনুভব করার চেষ্টা করুন।
৩. পরিবেশ নিয়ন্ত্রণ ও সাহায্য নেওয়া
আপনার নামাজের জায়গায় যদি অনেক শব্দ বা বিশৃঙ্খলা থাকে, তবে মনোযোগ রাখা কঠিন। সম্ভব হলে নিরিবিলি জায়গায় নামাজ পড়ুন। যদি ঘরে ছোট শিশু বা অন্য কোনো কাজের চাপ থাকে, তবে পরিবারের অন্য কারো সাহায্য নিন যাতে ওই কয়েকটা মিনিট আপনি সম্পূর্ণ দুশ্চিন্তামুক্ত থাকতে পারেন।
৪. নিজেকে অপরাধবোধ থেকে মুক্ত রাখা
অনেকে মনে করেন, “আমার নামাজে একদম মন বসে না, তাই হয়তো আমার ইবাদত কবুল হচ্ছে না।”
এই চিন্তা মানুষকে ইবাদত থেকে আরও দূরে সরিয়ে দেয়। মনে রাখবেন, আল্লাহ আর-রাহমান (পরম দয়ালু)। আপনি যে চেষ্টা করছেন, আল্লাহ সেটিই দেখছেন। নিজের অসম্পূর্ণতা নিয়েই আল্লাহর সামনে দাঁড়ান এবং তাঁর কাছেই সাহায্য চান।
৫. অস্থিরতাকেই দোয়ায় রূপান্তর করা
নামাজের পর মোনাজাতে আপনার মনের সব অস্থিরতা আল্লাহর কাছে খুলে বলুন। "হে আল্লাহ, আমার মন নামাজে স্থির থাকছে না, তুমি আমাকে সাহায্য করো।" আপনার এই অসহায়ত্ব প্রকাশই আল্লাহর সাথে আপনার সম্পর্ককে আরও গভীর করবে। আপনার জীবনের প্রতিটি সমস্যাকে নামাজের পর দোয়ার মাধ্যম বানান।
৬. কাজের মাঝে ইবাদত খোঁজা
আমাদের দৈনন্দিন যে কাজগুলো আমাদের নামাজের মনোযোগ সরিয়ে দেয় (যেমন: চাকরি, সন্তান পালন বা ঘরের কাজ), সেগুলোকে বোঝা মনে না করে আল্লাহর নেয়ামত হিসেবে দেখুন। এই কাজগুলোও যদি আপনি সঠিক নিয়তে করেন, তবে সেগুলোও ইবাদত। যখন আপনি আপনার পুরো জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করবেন, তখন নামাজে দাঁড়ানো আপনার কাছে বোঝা নয়, বরং পরম শান্তির মুহূর্ত মনে হবে।
শেষ কথা
নামাজের একাগ্রতা কোনো জাদুর মতো একদিনে আসবে না; এটি একটি নিরন্তর সাধনা। আপনার নামাজ যদি আজ একটু অগোছালোও হয়, তবুও হাল ছাড়বেন না। আল্লাহ আমাদের নিখুঁত হওয়ার চেয়ে আমাদের আন্তরিকতা ও প্রচেষ্টাকে বেশি ভালোবাসেন।
মানুষ নিজের শরীরের প্রকৃত মালিক নয়, এটি আল্লাহর দেওয়া আমানত। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তাঁরই কাছে ফিরে যাব।’ (সুরা বাকারা, আয়াত: ১৫৬)
যা আমানত, তার যত্ন নেওয়া দায়িত্বের অংশ। তাই সুস্থতার প্রয়োজন উপেক্ষা করা বা ক্ষতিকর অভ্যাসে জড়িয়ে পড়া এই দায়িত্ববোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দৈনন্দিন জীবনে সুস্থ ও সুন্দরভাবে বাঁচার জন্য নবীজি যে ৭টি গুরুত্বপূর্ণ সুন্নত বলে দিয়েছে, তা আলোচনা করা হলো:
১. ভারসাম্যপূর্ণ জীবন
নবীজি (সা.) এমন জীবনের শিক্ষা দিয়েছেন, যেখানে আত্মার পরিশুদ্ধির পাশাপাশি দেহের সুস্থতাও গুরুত্ব পায়। তিনি বলেছেন, ‘তোমার শরীরেরও তোমার ওপর অধিকার রয়েছে।’ (সহিহ বুখারি, হাদিস: ১৯৬৮)
ইবাদতের নামে শরীরকে নিঃশেষ করে দেওয়া যেমন কাম্য নয়, তেমনি দেহের আরামের নামে আত্মিক কর্তব্য বিসর্জন দেওয়াও গ্রহণযোগ্য নয়।
২. খাদ্যে সংযম
সুস্থ জীবনের অন্যতম শর্ত খাদ্যাভ্যাসে সংযম। ইসলাম খাবার গ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করেনি, বরং শিখিয়েছে পরিমিতিবোধ। আল্লাহ–তাআলা বলেন, ‘তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।’ (সুরা আরাফ, আয়াত: ৩১)
রাসুল (সা.) বলেন, ‘আদমসন্তানের মেরুদণ্ড সোজা রাখার মতো কয়েক লোকমা খাবারই যথেষ্ট। আর যদি বেশি খেতেই হয়, তবে পেটের এক-তৃতীয়াংশ খাবারের জন্য, এক-তৃতীয়াংশ পানীয়ের জন্য এবং এক-তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য রাখবে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৩৮০)
অতিরিক্ত খাদ্য গ্রহণ স্থূলতা, ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। খাদ্যে সংযম শরীরকে সুস্থ রাখে এবং আত্মনিয়ন্ত্রণ শেখায়।
৩. পরিচ্ছন্নতা
পরিচ্ছন্নতা সুস্থ ও সুন্দর জীবনের অন্যতম ভিত্তি। আল্লাহ–তাআলা বলেন, ‘আপনার পোশাক পবিত্র রাখুন।’ (সুরা মুদ্দাসসির, আয়াত: ৪)
নবীজি (সা.) অজু ও গোসলের মাধ্যমে শরীর পরিচ্ছন্ন রাখার প্রতি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, ‘পবিত্রতা ইমানের অর্ধেক।’ (সহিহ মুসলিম, হাদিস: ২২৩)
ঘুম থেকে উঠে হাত না ধুয়ে পানির পাত্রে হাত ডোবাতেও তিনি নিষেধ করেছেন। (সহিহ বুখারি, হাদিস: ১৬২)
রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এবং স্থির পানিতে প্রস্রাব করা থেকে বিরত থাকাকেও ইসলাম সামাজিক পরিচ্ছন্নতার অংশ করেছে।
৪. রোগের আগেই সতর্ক থাকা
রোগ ও বিপদ থেকে বাঁচতে নবীজি আগেভাগেই সতর্ক হতে শিখিয়েছেন। সংক্রামক রোগের বিস্তার রোধে রাসুল (সা.) বলেন, ‘তোমরা যখন কোনো এলাকায় মহামারির প্রাদুর্ভাবের কথা শোনো, তখন সেখানে প্রবেশ করো না। আর কোনো এলাকায় মহামারি দেখা দিলে এবং তোমরা সেখানে অবস্থানরত থাকলে সেখান থেকে বের হয়ো না।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৭২৮)
৫. চিকিৎসা গ্রহণ
অসুস্থ হলে চিকিৎসা নেওয়া ইসলামের শিক্ষারই অংশ। রাসুল (সা.) বলেন, ‘হে আল্লাহর বান্দারা, তোমরা চিকিৎসা গ্রহণ করো। কেননা আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি, যার প্রতিষেধক বা চিকিৎসা সৃষ্টি করেননি। তবে একটি রোগ এর ব্যতিক্রম। তা হলো বার্ধক্য।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৮৫৫)
তাই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে যথাযথ চিকিৎসা গ্রহণ করাই ইসলামের নির্দেশনা। কেবল তাকদিরের অজুহাতে চিকিৎসায় নিষ্ক্রিয় থাকা ইসলামের শিক্ষা নয়।
৬. পর্যাপ্ত বিশ্রাম
শরীর ও মনের সুস্থতার জন্য কাজের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামও অপরিহার্য। আল্লাহ–তাআলা বলেন, ‘আমি তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম এবং রাতকে করেছি আবরণ।’ (সুরা নাবা, আয়াত: ৯-১০)
একবার কয়েক সাহাবি নবীজির ইবাদত সম্পর্কে জেনে নিজেদের জন্য সারা রাত নামাজ পড়ার, সারা বছর রোজা রাখার সংকল্প করলেন।
বিষয়টি জানতে পেরে রাসুল (সা.) বললেন, ‘...আমি রোজা রাখি, আবার রোজা ছেড়েও দিই; নামাজ পড়ি, আবার ঘুমাইও এবং বিয়েও করি। সুতরাং যে আমার সুন্নাহ থেকে বিমুখ হবে, সে আমার দলভুক্ত নয়।’ (সহিহ বুখারি, হাদিস: ৫০৬৩)
অর্থাৎ শরীরের প্রয়োজন উপেক্ষা করে ইবাদত বা পরিশ্রমে ডুবে থাকা সুন্নাহসম্মত নয়।
৭. ক্ষতিকর অভ্যাস বর্জন
মদ, মাদক ও তামাকজাতীয় দ্রব্যের আসক্তি শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে বিবেক ও সামাজিক জীবনকেও বিপর্যস্ত করে। আল্লাহ–তাআলা বলেন, ‘তোমরা নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না।’ (সুরা বাকারা, আয়াত: ১৯৫)
রাসুল (সা.) বলেছেন, ‘নিজের ক্ষতি করা যাবে না এবং অন্যের ক্ষতিও করা যাবে না।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২৩৪০)
এই নীতি আমাদের যুগের ধূমপানের ক্ষেত্রেও প্রযোজ্য, যা নিজের ও অন্যের ক্ষতির কারণ। তাই স্বাস্থ্যবিধ্বংসী সব আচরণ পরিহার করা সচেতন মুমিনের পরিচয়।
পার্থিব সম্পদ মানুষের সব অস্থিরতা দূর করতে পারে না। কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় হলে জীবনের অনিশ্চয়তা ও প্রতিকূলতার মধ্যেও মানুষ প্রশান্তি খুঁজে পায়।
সুস্থ শরীর এমন সম্পদ, যার মূল্য হারিয়ে যাওয়ার পর বোঝা যায়। শরীর সুস্থ থাকলে মানুষ দীর্ঘ সময় ইবাদত করতে পারে, উপার্জন করতে পারে, পরিবারকে সময় দিতে পারে এবং সমাজের জন্য কল্যাণকর কাজ করতে পারে। তাই শারীরিক সুস্থতার প্রতি লক্ষ রাখা প্রতিটি মুমিনের দায়িত্ব।
ছবি : সংগৃহীত
২০২৭ সালের হজের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এ নিবন্ধন কার্যক্রম চলবে আগামী রোববার (২২ নভেম্বর) পর্যন্ত। গতকাল ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। হজ-২০২৭-এ বাংলাদেশের জন্য মোট অনুমোদিত হজযাত্রীর কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। পরবর্তী সময়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রীর কোটা বৃদ্ধি করে।
বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে নতুন করে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে। বর্ধিত বা অব্যবহৃত কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
এ ছাড়া প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রোগব্যাধি মানুষের জীবনের একটি স্বাভাবিক অনুষঙ্গ। অসুস্থ অবস্থায় শরীর দুর্বল থাকে, স্বাভাবিক চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। এ সময় অনেকেই মনে করেন, শরীর যেহেতু খারাপ, তাই সুস্থ হয়ে একবারে কাজা নামাজগুলো পড়ে নেবেন। কিন্তু ইসলামে অসুখ হলেই কি নামাজ ছেড়ে দেওয়া বা কাজা করার কোনো সুযোগ আছে? এর সহজ উত্তর হলো—না।
জ্ঞান বা চেতনা থাকা অবস্থায় কোনো অবস্থাতেই নামাজ মাফ নেই। তবে ইসলাম যেহেতু একটি সহজ ও মানবিক ধর্ম, তাই অসুস্থ ব্যক্তির জন্য নামাজ আদায়ের পদ্ধতিতে শিথিলতা দেওয়া হয়েছে।
জ্ঞান থাকা পর্যন্ত নামাজ অপরিহার্য
ইমান আনার পর একজন মুসলিমের ওপর সবচেয়ে বড় ফরজ ইবাদত হলো পাঁচ ওয়াক্ত নামাজ। সুস্থ হোক বা অসুস্থ—চেতনা থাকা পর্যন্ত নামাজ আদায় করতে হবে। মহান আল্লাহ কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কারও ওপর সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না।
আল্লাহ বলেন, ‘আল্লাহ কারও ওপর তার সাধ্যাতীত কোনো কাজের ভার চাপিয়ে দেন না।’ (সুরা বাকারা, আয়াত: ২৮৬)
এই আয়াতের মর্মার্থ হলো, মানুষ যতটুকু শারীরিক সক্ষমতা রাখে, ঠিক ততটুকুর মাধ্যমেই তাকে আল্লাহর ইবাদত করতে হবে। সামান্য জ্বর বা দুর্বলতার অজুহাতে নামাজ কাজা করা ইসলাম সমর্থন করে না।
শারীরিক সক্ষমতা অনুযায়ী শিথিলতা
অসুস্থ ব্যক্তির জন্য ইসলাম নামাজ আদায়ের পদ্ধতি সহজ করে দিয়েছে। সাহাবি ইমরান ইবনে হুসাইন (রা.) অর্শ্বরোগে আক্রান্ত ছিলেন। তিনি নবীজির কাছে নামাজ আদায়ের নিয়ম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি না পারো তবে বসে পড়ো, আর যদি তা-ও না পারো তবে শুয়ে শুয়ে নামাজ আদায় করো।’ (সহিহ বুখারি, হাদিস: ১১১৭)
যদি কোনো রোগীর দাঁড়িয়ে নামাজ পড়লে রোগ বেড়ে যাওয়ার বা সুস্থ হতে দেরি হওয়ার প্রবল আশঙ্কা থাকে, অথবা মাথা ঘুরে পড়ে যাওয়ার ভয় থাকে, তবে তার জন্য বসে রুকু-সেজদা করে নামাজ আদায় করা সম্পূর্ণ বৈধ। (আল-মারগিনানি, আল-হিদায়া শারহুল বিদায়া, ১/৭৪, মাকতাবাতুল বুশরা, করাচি, ২০০৬)
ইশারায় নামাজ আদায়ের বিধান
যদি রোগীর অবস্থা এমন হয় যে তিনি বসতেও পারছেন না, তখন তিনি পিঠের ওপর ভর দিয়ে বা একপাশে কাত হয়ে শুয়ে নামাজ পড়বেন। এ অবস্থায় মাথা নেড়ে ইশারায় রুকু ও সেজদা করবেন। সেজদার জন্য মাথার ইশারা রুকুর চেয়ে একটু বেশি নিচু করতে হবে।
কিন্তু যদি মাথা নেড়ে ইশারা করার শক্তিটুকুও না থাকে, তবে তাঁর আর ইশারা করার প্রয়োজন নেই। ইসলামি ফিকহের বিধান অনুযায়ী, চেতনা না থাকলে বা মাথার ইশারা করার শক্তি হারিয়ে ফেললে শুধু তখনই নামাজ স্থগিত থাকবে এবং সুস্থ হলে তা কাজা করে নিতে হবে।
ওজুর বিকল্প হিসেবে তায়াম্মুম
অসুস্থ অবস্থায় পানি ব্যবহার করলে যদি রোগ বেড়ে যাওয়ার বা মৃত্যুর আশঙ্কা থাকে, তবে ইসলাম ওজু বা গোসলের পরিবর্তে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করার অনুমতি দিয়েছে।
পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আর যদি তোমরা অসুস্থ হও কিংবা সফরে থাকো... এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো; তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করো।’ (সুরা নিসা, আয়াত: ৪৩)
অর্থাৎ, রোগীকে শুধু পানি ব্যবহারের ভয়ে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, বরং পবিত্র হওয়ার বিকল্প পথ দেখিয়ে দেওয়া হয়েছে।
অসুস্থতা মূলত পাপ মাফের মাধ্যম
মুমিনের জন্য রোগব্যাধি কোনো শাস্তি নয়, বরং এটি পাপ মোচনের একটি বড় মাধ্যম। মহানবী (সা.) বলেছেন, ‘যেকোনো মুসলিম যখন কোনো কষ্ট, রোগব্যাধি বা অন্য কোনো সমস্যায় ভোগে, তখন আল্লাহ এর মাধ্যমে তার পাপগুলো এমনভাবে ঝরিয়ে দেন, যেমন গাছ থেকে পাতা ঝরে পড়ে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৬৪০)
তাই অসুস্থ অবস্থায় কষ্ট করে আল্লাহর বিধান পালন করলে তার আধ্যাত্মিক মর্যাদা ও সওয়াব বহুগুণে বেড়ে যায়।
সামান্য জ্বর, মাথাব্যথা বা শারীরিক দুর্বলতার কারণে নামাজ কাজা করা বা ছেড়ে দেওয়া অনুচিত। জ্ঞান থাকা অবস্থায় নামাজ মাফ হওয়ার কোনো বিধান ইসলামে নেই। তাই অসুস্থ হলে ইসলামপ্রদত্ত সহজ বিকল্প পদ্ধতিগুলো গ্রহণ করে নামাজ আদায় করাই একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য।