• প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ১:১০ পিএম

রেস্টুরেন্টে গিয়ে টেবিলে মেনুর বদলে দেখলেন একটি কিউআর কোড। মোবাইল ফোনে স্ক্যান করতেই সামনে এলো খাবারের তালিকা। দোকানে বিল দেওয়া কিংবা কোনো অনুষ্ঠানে নিবন্ধনের ক্ষেত্রেও এখন কিউআর কোডের ব্যবহার বাড়ছে।বাংলাদেশেও বাংলা কিউআর, ব্যাংকিং সেবা ও মোবাইল আর্থিক লেনদেনসহ নানা কাজে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এতে সময় ও ঝামেলা দুটোই কমছে। তবে কিউআর কোড ব্যবহারের কিছু ঝুঁকিও রয়েছে। কারণ, কোডটি স্ক্যান করার আগে এর ভেতরে কোন ওয়েব ঠিকানা বা তথ্য রয়েছে, তা বোঝার উপায় নেই। একই রকম দেখতে একটি কোড আপনাকে সঠিক ওয়েবসাইটে নিতে পারে, আবার নিয়ে যেতে পারে প্রতারকদের তৈরি নকল ওয়েবসাইটেও।


কোডের ওপর নতুন স্টিকার আছে কি না দেখুন

প্রতারকেরা আসল কিউআর কোডের ওপর নিজেদের তৈরি কোডের স্টিকার লাগিয়ে দিতে পারে। ফলে রেস্টুরেন্টে বিল দেওয়ার জন্য স্ক্যান করা কোড আপনাকে অন্য কারও পেমেন্ট হিসেবে নিয়ে যেতে পারে। একই ঘটনা পার্কিং, অনুষ্ঠানস্থল বা দোকানের ক্ষেত্রেও ঘটতে পারে।


তাই স্ক্যান করার আগে কোডটি ভালো করে দেখুন। এর ওপর নতুন কোনো স্টিকার লাগানো হয়েছে কি না কিংবা কোডটি অস্বাভাবিকভাবে বসানো মনে হচ্ছে কি না, খেয়াল করুন। সন্দেহ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের কাছ থেকে নিশ্চিত হয়ে নিন।


স্ক্যান করার পর ওয়েব ঠিকানা যাচাই করুন

কিউআর কোড স্ক্যান করলেই সঙ্গে সঙ্গে খোলা লিংকে প্রবেশ করবেন না। আগে ওয়েব ঠিকানাটি দেখে নিন। সেটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সেবার আসল ওয়েবসাইট কি না, যাচাই করুন।


প্রতারকেরা অনেক সময় আসল প্রতিষ্ঠানের নামের সঙ্গে সামান্য পরিবর্তন এনে নকল ওয়েবসাইট তৈরি করে। বানানে একটি অক্ষর বদলে বা অতিরিক্ত শব্দ যোগ করেও বিভ্রান্ত করা সম্ভব। মনে রাখবেন, ওয়েবসাইটে তালা চিহ্ন বা নিরাপদ সংযোগের সংকেত থাকলেই সেটি আসল বলে নিশ্চিত হওয়া যায় না।


টাকা পাঠানোর আগে প্রাপকের নাম মিলিয়ে নিন

বাংলা কিউআরসহ বিভিন্ন কিউআরভিত্তিক পেমেন্ট সেবায় লেনদেনের আগে প্রাপকের নাম দেখার সুযোগ থাকে। টাকা পাঠানোর আগে নামটি সংশ্লিষ্ট দোকান বা প্রতিষ্ঠানের সঙ্গে মিলিয়ে নিন।


ধরুন, রেস্টুরেন্টে বিল দিতে গিয়ে পর্দায় কোনো অপরিচিত ব্যক্তির নাম দেখাচ্ছে। এমন পরিস্থিতিতে লেনদেন না করে কর্মীদের সঙ্গে কথা বলুন। শুধু টাকার পরিমাণ ঠিক আছে কি না দেখলেই হবে না, প্রাপকের পরিচয়ও নিশ্চিত হতে হবে।


পাসওয়ার্ড ও ওটিপি দেওয়ার আগে সতর্ক হোন

কিউআর কোড স্ক্যান করার পর কোনো ওয়েবসাইট বা পেজে পাসওয়ার্ড, ওটিপি, ব্যাংক কার্ড কিংবা হিসাবের গোপন তথ্য চাওয়া হলে সতর্ক থাকুন। তথ্য দেওয়ার আগে সেবাটির সত্যতা ও প্রয়োজনীয়তা যাচাই করুন।


বিশেষ করে এসএমএস, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ই-মেইলে আসা কিউআর কোডের ক্ষেত্রে বেশি সতর্ক থাকা দরকার। ‘এখনই যাচাই করুন’, ‘অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে’ কিংবা ‘টাকা ফেরত পেতে স্ক্যান করুন’—এ ধরনের তাড়াহুড়ো তৈরি করা বার্তা প্রতারণার কৌশল হতে পারে।


পুরস্কার বা পার্সেলের বার্তায় সতর্ক থাকুন

কিউআর কোড ব্যবহার করে প্রতারণার আরেকটি কৌশল হলো পুরস্কার, কুরিয়ার বা টাকা ফেরতের প্রলোভন দেখানো। যেমন, পার্সেল ছাড়াতে টাকা দিতে হবে, পুরস্কার পেতে কোড স্ক্যান করতে হবে কিংবা ভুল লেনদেনের টাকা ফেরত পেতে নির্দিষ্ট লিংকে যেতে হবে।


এ ধরনের বার্তা পেলে সরাসরি কোড স্ক্যান না করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট, অ্যাপ বা গ্রাহকসেবার মাধ্যমে তথ্য যাচাই করুন।


কিউআর কোড স্ক্যান করলেই কি ফোন হ্যাক হয়?

সাধারণত শুধু কিউআর কোড স্ক্যান করলেই ফোন হ্যাক হয়ে যায় না। তবে কোডটি যদি কোনো ক্ষতিকর ওয়েবসাইটে নিয়ে যায়, সেখানে ব্যক্তিগত তথ্য দিলে বা সন্দেহজনক অ্যাপ ডাউনলোড করলে বিপদ হতে পারে। তাই স্ক্যান করার পর কোথায় যাচ্ছেন এবং কী তথ্য দিচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকুন।


অচেনা পোস্টার, লিফলেট, দেয়াল বা বিদ্যুতের খুঁটিতে থাকা কিউআর কোডের ক্ষেত্রেও একই সতর্কতা প্রয়োজন। কোডটি কে দিয়েছে এবং স্ক্যান করলে কোথায় নিয়ে যাবে, তা নিশ্চিত না হয়ে ব্যবহার না করাই ভালো।


সন্দেহজনক কোড স্ক্যান করলে কী করবেন

কোনো সন্দেহজনক কিউআর কোড স্ক্যান করেছেন, কিন্তু কোনো তথ্য দেননি বা লেনদেন করেননি—তাহলে সাধারণত আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট পেজটি বন্ধ করে দিন।


তবে সেখানে পাসওয়ার্ড দিয়ে থাকলে দ্রুত তা পরিবর্তন করুন। ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার তথ্য দিয়ে থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গ্রাহকসেবায় যোগাযোগ করুন। কোনো সন্দেহজনক অ্যাপ ডাউনলোড করলে সেটি মুছে ফেলুন এবং ফোনের নিরাপত্তা ও অ্যাপের অনুমতিগুলো পরীক্ষা করুন।


কিউআর কোডের ব্যবহার দিন দিন বাড়ছে। তাই এটি এড়িয়ে চলার প্রয়োজন নেই। স্ক্যান করার আগে কোডের উৎস যাচাই করা, ওয়েব ঠিকানা দেখা এবং লেনদেনের সময় প্রাপকের পরিচয় নিশ্চিত করলেই অনেক ঝুঁকি এড়ানো সম্ভব।



সর্বশেষ সব খবর

ছবি: আইসিডিডিআর, বি

  • প্রকাশ : সোমবার ৩০ নভেম্বর, ২০২৬, সময় : ১:১৩ এএম

গবেষণাগারে ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করার যন্ত্র থাকলেও সিকোয়েন্সিং ডেটা বিশ্লেষণ করতে প্রয়োজন হয় শক্তিশালী কম্পিউটার, দক্ষ গবেষক ও দীর্ঘ সময়। এ কাজ সহজ করতে বিনামূল্যে ব্যবহারযোগ্য একটি সফটওয়্যার তৈরি করেছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এর গবেষকরা। ‘ডিজেনরিজলভ’ (DeGenRESOLVE) নামের সফটওয়্যারটি ইন্টারনেট সংযোগ ছাড়াই সাধারণ ল্যাপটপে ভাইরাসের জিনোম বিশ্লেষণ করতে পারবে।

আইসিডিডিআর,বি’র ওয়ান হেলথ ল্যাবরেটরিতে তৈরি এই ওপেন-সোর্স সফটওয়্যার ন্যানোপোর সিকোয়েন্সার থেকে পাওয়া প্রাথমিক ডেটাকে ব্যবহারযোগ্য ভাইরাস জিনোম সিকোয়েন্সে রূপান্তর করে। একই সঙ্গে ডেটা বিশ্লেষণ, সিকোয়েন্সের মান যাচাই এবং ম্যানুয়ালি পর্যালোচনার বেশ কিছু ধাপ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করে।

এতে সীমিত সুযোগ-সুবিধার গবেষণাগারেও ভাইরাসের জিনগত পরিবর্তন পর্যবেক্ষণ সহজ হবে। আইসিডিডিআর,বি’র ওয়ান হেলথ ল্যাবরেটরির রিসার্চ ফেলো শোয়েব সৈকত সফটওয়্যারটি তৈরি করেছেন। এর কার্যকারিতা পরীক্ষা ও বিশ্লেষণ করেছেন আইসিডিডিআর,বি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

গবেষকদের তথ্য অনুযায়ী, সফটওয়্যারটি ইনস্টল করার পর কোয়াড-কোর প্রসেসর ও ৮ জিবি মেমোরির সাধারণ ল্যাপটপেই অফলাইনে চালানো সম্ভব। ফলে যেসব গবেষণাগারে নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ নেই, কিংবা তথ্যের নিরাপত্তার কারণে ইন্টারনেটে ডেটা পাঠানো যায় না, সেসব প্রতিষ্ঠানেও এটি ব্যবহার করা যাবে।

সম্প্রতি ‘ফেবস ওপেন বায়ো’ জার্নালে প্রকাশিত গবেষণায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে সফটওয়্যারটির কার্যকারিতা পরীক্ষা করা হয়। ডিজেনরিজলভের মাধ্যমে পাওয়া ফলাফল তুলনামূলক নির্ভুল সিকোয়েন্সিং প্ল্যাটফর্ম ইলুমিনার ফলাফলের সঙ্গে মিলিয়ে দেখা হয়। এতে দুই পদ্ধতির ফলাফলের মধ্যে ৯৯ দশমিক ৯৮ শতাংশের বেশি মিল পাওয়া গেছে।

গবেষণায় ভাইরাসের জিনোম সিকোয়েন্সকে চারটি বর্ণ- এ (A), সি (C), জি (G) ও টি (T) এর ধারাবাহিক বিন্যাস হিসেবে বিবেচনা করা হয়। সফটওয়্যারটি প্রকাশিত ডেটাবেসে থাকা কাছাকাছি জিনোম সিকোয়েন্সগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে বিশ্লেষণ সম্পন্ন করে।

জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে মানুষ ও প্রাণীর মধ্যে রোগসৃষ্টিকারী ভাইরাস এবং অন্যান্য জীবাণুর কোন ধরনের স্ট্রেইন ছড়াচ্ছে, সেগুলো কীভাবে পরিবর্তিত হচ্ছে, তা শনাক্ত করা যায়। রোগের বিস্তার পর্যবেক্ষণ, নতুন ধরনের ভাইরাস শনাক্ত করা এবং প্রাদুর্ভাব মোকাবিলায় এসব তথ্য গুরুত্বপূর্ণ।

বহনযোগ্য ন্যানোপোর সিকোয়েন্সার সীমিত অবকাঠামোর গবেষণাগারেও কাঁচা বা প্রাথমিক সিকোয়েন্সিং ডেটা সংগ্রহের সুযোগ তৈরি করেছে। তবে সেই ডেটা বিশ্লেষণ করে জিনোম সিকোয়েন্স তৈরি ও তার মান যাচাই করতে বিশেষ সফটওয়্যার এবং দক্ষ জনবল প্রয়োজন হয়। ডিজেনরিজলভ এ কাজকে সহজ করেছে।

সফটওয়্যারটি ব্যবহার করতে গবেষকরা প্রাথমিক সিকোয়েন্সিং ডেটার ফোল্ডার ও একটি রেফারেন্স জিনোম ড্রপ করলেই এক ক্লিকে বিশ্লেষণ শুরু করতে পারবেন। এটি একসঙ্গে একাধিক নমুনা প্রক্রিয়াজাত করে জিনোম সিকোয়েন্স ও মান যাচাইয়ের প্রতিবেদন তৈরি করতে পারে। কোনো কোড লেখারও প্রয়োজন নেই।

এক বা একাধিক সেগমেন্টবিশিষ্ট জিনোমের ভাইরাস বিশ্লেষণের পাশাপাশি ইনফ্লুয়েঞ্জার সাবটাইপও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে সফটওয়্যারটি। জিনোম সিকোয়েন্সের যেসব অংশ অনিশ্চিত থাকে, সেগুলো পর্যালোচনার ক্ষেত্রে অভিজ্ঞ বিজ্ঞানীরা সাধারণত যে নিয়ম অনুসরণ করেন, সফটওয়্যারটিও সেসব নিয়ম স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ করে। এতে ম্যানুয়ালি যাচাইয়ের প্রয়োজন কমে আসে। তবে গবেষকরা চাইলে প্রয়োজন অনুযায়ী সফটওয়্যারের সেটিংস পরিবর্তন করতে পারবেন।

আইসিডিডিআর,বি’র ওয়ান হেলথ ল্যাবরেটরির অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট ও গবেষণার সংশ্লিষ্ট গবেষক ড. মোহাম্মদ এনায়েত হোসেন বলেন, জিনোম সিকোয়েন্সের অনিশ্চিত অবস্থানগুলো চোখে দেখে যাচাই করা সিকোয়েন্সিং ডেটা বিশ্লেষণের সবচেয়ে ধীরগতির এবং ব্যক্তিভেদে পরিবর্তনশীল ধাপ ছিল। ডিজেনরিজলভ প্রতিবার একই নিয়ম অনুসরণ করে এবং প্রতিটি সিদ্ধান্তের কারণও নথিভুক্ত করে রাখে।

নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর অনেক গবেষণাগারে ন্যানোপোর সিকোয়েন্সার থাকলেও ডেটা বিশ্লেষণের জন্য দক্ষ বিশেষজ্ঞ ও পর্যাপ্ত প্রযুক্তিগত সুবিধা নেই। এসব গবেষণাগারের কথা মাথায় রেখেই ডিজেনরিজলভ তৈরি করা হয়েছে বলে জানান আইসিডিডিআর,বি’র সিনিয়র সায়েন্টিস্ট এবং গবেষণাটির পরিকল্পনাকারী ও তত্ত্বাবধায়ক ড. মোহাম্মদ জিয়াউর রহমান।

সফটওয়্যারটির নির্মাতা শোয়েব সৈকত আশা প্রকাশ করেন, ডিজেনরিজলভ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘমেয়াদে ভাইরাস পর্যবেক্ষণে কাজে আসবে। এর মাধ্যমে আরও বেশি গবেষণাগার এভিয়ান ইনফ্লুয়েঞ্জার মতো রোগসৃষ্টিকারী ভাইরাসের জিনগত পরিবর্তন সহজে ও ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করতে পারবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ১:৪৩ পিএম

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অবশেষে ১৩ থেকে ১৭ বছর বয়সি টিনএজারদের জন্য অভিভাবকীয় নিয়ন্ত্রণ বা প্যারেন্টাল কন্ট্রোল চালু করেছে।


এর মাধ্যমে মা-বাবা ও অভিভাবকরা প্ল্যাটফর্মটিতে তাদের টিনএজ সন্তানদের ব্যবহারের অভিজ্ঞতা পরিচালনা করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।


এখন থেকে টিনএজারদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ‘প্রটেক্টেড মোড’-এ থাকবে, যেখানে সংবেদনশীল কনটেন্ট সীমিত ও লক্ষ্যভিত্তিক বা টার্গেটেড বিজ্ঞাপন বন্ধ রাখবে এক্স।


প্ল্যাটফর্মটি বলেছে, এসব পূর্বনির্ধারিত সুবিধার পাশাপাশি নতুন সেটিং বিভিন্ন অভিভাবককে ‘অতিরিক্ত টুল’ ব্যবহারের সুযোগ দেবে।


এই বাড়তি টুলের মাধ্যমে অভিভাবকরা দেখতে পাবেন তাদের সন্তান এক্স-এ কত সময় কাটিয়েছে। তারা শিশুদের জন্য দৈনিক সময়সীমাও নির্ধারণ করতে পারবেন।


পাশাপাশি, নতুন ফলোয়ার যোগ হওয়ার ক্ষেত্রে অনুমোদনের শর্ত ও ‘ফর ইউ’ সাজেশনগুলো কেবল টিনএজারের অনুসরণ করা অ্যাকাউন্টের মধ্যেই সীমিত রাখতে পারবেন মা-বাবারা।এ ছাড়া, নির্দিষ্ট শব্দ ফিল্টার করা, সংবেদনশীল মিডিয়া কনটেন্ট পুরোপুরি বন্ধ রাখা, কারা সরাসরি বার্তা বা ডাইরেক্ট মেসেজ পাঠাতে পারবেন তা নিয়ন্ত্রণ ও সন্তান কার কার সঙ্গে এককভাবে চ্যাটিং করেছে তা দেখার সুযোগ পাবেন অভিভাবকরা। তবে চ্যাটিংয়ের মূল বার্তাগুলো দেখা যাবে না।


নতুন ‘প্যারেন্টাল কন্ট্রোল’ ব্যবহার করতে এক্স-এর হেল্প সেন্টারের নির্দেশিকা অনুসরণ করতে হবে।


এক্স বলেছে, “সংযুক্ত করার প্রক্রিয়া মা-বাবা বা অভিভাবকের মাধ্যমে শুরু হয়ে টিনএজারের কাছে এসে শেষ হবে। উভয় ব্যবহারকারীকে এতে রাজি হতে হবে।”


টিনএজাদের ব্যক্তিগত জীবনে অযাচিত হস্তক্ষেপ না করেই অভিভাবকরা যাতে কনটেন্ট পরিচালনা করতে পারেন সে বিষয়টির ওপর জোর দিয়েছে এক্স।


কোম্পানিটি বলেছে, “মা-বাবা ও অভিভাবকরা ব্যক্তিগত বার্তা পড়তে, অনুসন্ধান বা সার্চ ইতিহাস দেখতে ও টিনএজারের পক্ষ থেকে পোস্ট করতে পারবেন না বা অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না।”


অভিভাবকরা সর্বোচ্চ পাঁচটি টিনএজার অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন।


মা-বাবাদের যে কারণে টিনএজারদের এক্স থেকে দূরে রাখা উচিত তার পেছনে যথেষ্ট কারণ রয়েছে।


গত পাঁচ বছরে প্ল্যাটফর্মটিতে বিদ্বেষমূলক বক্তব্য, এআই দিয়ে তৈরি শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট, ভুল তথ্য, ডিপফেইক ছবি, কনটেন্ট মডারেশনের অভাব, অননুমোদিত এআই প্রশিক্ষণ, অপপ্রচার, পক্ষপাতদুষ্ট কনটেন্ট ছড়িয়ে দেওয়ার অ্যালগরিদম, এআই বটের উপস্থিতির মতো নানা সমস্যা প্রকট হয়ে উঠেছে।


এক্সও স্বীকার করেছে প্ল্যাটফর্মটি শিশু বা টিনএজারদের লক্ষ্য করে তৈরি নয়।


কোম্পানিটি বলেছে, “এক্স শিশুদের জন্য তৈরি বা প্রচারিত না এবং আইন অনুসারে ব্যবহারকারীদের বয়স অন্তত ১৩ বা তার বেশি হওয়ার বাধ্যবাধকতা থাকলেও এখানে থাকা তরুণদের বিষয়ে আমরা বাড়তি যত্ন নিই।”


‘এক্স-এ শিশুদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পায়’ বলে দাবি করলেও বিভিন্ন অঙ্গরাজ্য ও দেশের বর্তমান বা ভবিষ্যৎ আইনি বিধিনিষেধ মেনে চলতেই প্ল্যাটফর্মটি সম্ভবত এসব নতুন নিয়ম চালু করেছে।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ২:০৯ পিএম

কোনো অনুষ্ঠান বা ভ্রমণের দৃশ্য ধারণের পাশাপাশি একই ভিডিওতে নিজের অভিব্যক্তিও তুলে ধরতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। ‘ডুয়াল ক্যামেরা মোড’ নামের এই সুবিধায় ফোনের সামনের ও পেছনের ক্যামেরা ব্যবহার করে একই সময়ে ছবি ও ভিডিও ধারণ করা যাবে। ফলে আলাদা করে নিজের প্রতিক্রিয়া রেকর্ড করার প্রয়োজন হবে না।


প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করেছে হোয়াটসঅ্যাপ। অ্যাপটির ২.২৬.৪৬.৯ বেটা সংস্করণ ব্যবহারকারী নির্বাচিত ব্যক্তিরা এই সুবিধা পাচ্ছেন। পেছনের ক্যামেরা দিয়ে কোনো দৃশ্য ধারণের পাশাপাশি সামনের ক্যামেরায় নিজের মুখ ও প্রতিক্রিয়াও একই সঙ্গে রেকর্ড করা যাবে।


নতুন ফিচারে পেছনের ক্যামেরার দৃশ্য পুরো পর্দাজুড়ে থাকবে। অন্যদিকে সামনের ক্যামেরার দৃশ্য ছোট একটি উইন্ডোতে দেখা যাবে। ব্যবহারকারী চাইলে উইন্ডোটি পর্দার যেকোনো জায়গায় সরিয়ে রাখতে পারবেন। এতে ভিডিওর গুরুত্বপূর্ণ দৃশ্য আড়াল হওয়ার আশঙ্কা কমবে।


দুই ক্যামেরার দৃশ্য অদলবদলের ব্যবস্থাও থাকছে। রোটেট বোতামে চাপ দিলে সামনের ক্যামেরার দৃশ্য বড় পর্দায় এবং পেছনের ক্যামেরার দৃশ্য ছোট উইন্ডোতে চলে আসবে। তবে দৃশ্যের অবস্থান পরিবর্তন হলেও দুটি ক্যামেরাই একসঙ্গে ভিডিও ধারণ করতে থাকবে।


ছবি বা ভিডিও ধারণের পর তা ব্যক্তিগত চ্যাট, গ্রুপ, চ্যানেল কিংবা স্ট্যাটাসে শেয়ার করা যাবে। শেয়ার করার আগে ক্যাপশন যোগ করা এবং প্রয়োজনীয় সম্পাদনার সুযোগও থাকছে।


তবে আপাতত সীমিতসংখ্যক অ্যান্ড্রয়েড বেটা ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হয়েছে। ধাপে ধাপে অন্য ব্যবহারকারীদের কাছে এটি পৌঁছে দিচ্ছে হোয়াটসঅ্যাপ। অ্যাপের সর্বশেষ বেটা সংস্করণ ইনস্টল করলেই সবাই ফিচারটি পাবেন না। সাধারণ ব্যবহারকারীদের জন্য কবে এটি উন্মুক্ত করা হবে, তা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি।


ভ্রমণ, কনসার্ট কিংবা বিশেষ কোনো মুহূর্ত ধারণের ক্ষেত্রে নতুন ফিচারটি কাজে আসবে। একই ভিডিওতে দৃশ্যের পাশাপাশি নিজের প্রতিক্রিয়া তুলে ধরতে পারবেন ব্যবহারকারীরা।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫৩ পিএম

গুগল ওয়ালেট এখন যুক্তরাষ্ট্রের আইফোন ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত হয়েছে। তবে অ্যাপটির একটি গুরুত্বপূর্ণ সুবিধা না থাকায় অনেক ব্যবহারকারীকে অ্যাপল ওয়ালেটের ওপরই নির্ভর করতে হতে পারে।গুগলের নিজস্ব ডিজিটাল ওয়ালেট সেবাটির মাধ্যমে পেমেন্ট কার্ড, বিভিন্ন পাস ও পরিচয়পত্র সংরক্ষণ করা যায়। এমনকি অনলাইনে কেনাকাটার অর্ডারের অবস্থানও জানা যায়। আইফোন ব্যবহারকারীরা এখন গুগল ওয়ালেট অ্যাপ ও এর এজেন্টিক শপিং সুবিধা ব্যবহার করতে পারবেন। তবে এতে ট্যাপ-টু-পে সুবিধা থাকছে না।


গুগলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গুগল ওয়ালেট স্বয়ংক্রিয়ভাবে জিমেইলসহ গুগলের অন্যান্য অ্যাপের সঙ্গে যুক্ত হয়ে ডিজিটাল বোর্ডিং পাস, কেনাকাটার রসিদ, কনসার্টের টিকিট এবং অর্ডারের হালনাগাদ তথ্য দেখাবে। পাশাপাশি ব্যবহারকারীরা পেমেন্ট কার্ড ব্যবস্থাপনার মাধ্যমে গুগল পে সমর্থিত ওয়েবসাইটে দ্রুত লেনদেন করতে পারবেন। সদস্যপদ ও লয়্যালটি কার্ডের মতো বিভিন্ন ফিজিক্যাল কার্ডও ডিজিটাল আকারে সংরক্ষণ করা যাবে।


তবে আপাতত ট্যাপ-টু-পে প্রযুক্তির মাধ্যমে সরাসরি সংযোগহীন লেনদেনের সুবিধা পাওয়া যাবে না। এ সুবিধা কবে চালু হবে, সে বিষয়েও গুগল স্পষ্ট করে কিছু জানায়নি।


প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম জেডডিনেটের পর্যবেক্ষণ অনুযায়ী, আইফোনে গুগল ওয়ালেট চালুর পেছনে গুগলের অন্যতম লক্ষ্য হলো জেমিনির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা বাড়ানো। ব্যবহারকারীরা কেনাকাটার জন্য গুগলের জেমিনিকে অনুমতি দিতে পারবেন। পাশাপাশি কেনাকাটার সর্বোচ্চ বাজেটও নির্ধারণ করে দেওয়া যাবে। এভাবে গুগল ওয়ালেট ব্যবহারকারীদের কেনাকাটা ব্যবস্থাপনার এআই হাবে পরিণত হবে। তবে ইতিবাচক দিক হলো, আইফোন ব্যবহারকারীরা এখন গুগল ওয়ালেটের এমন কিছু সুবিধা ব্যবহার করতে পারবেন, যেগুলো এত দিন অনেকের নজরের বাইরে ছিল।


আইফোনে যেভাবে ব্যবহার করবেন গুগল ওয়ালেট


গুগল ওয়ালেট অ্যাপ চালুর আগে আইফোন ব্যবহারকারীদের মোবাইল ব্রাউজার, যেমন গুগল ক্রোমের মাধ্যমে পেমেন্ট কার্ড ও অন্যান্য তথ্য ব্যবহারের ওপর নির্ভর করতে হতো। অবশ্য আইওএসের জন্য গুগল পের একটি অ্যাপ ছিল। তবে ২০২৪ সালে সেটি বন্ধ করে দেওয়া হয়। ওই অ্যাপেও ট্যাপ-টু-পে সুবিধা ছিল না। সে সময় গুগল ওয়ালেটের সুবিধা বাড়ানোর দিকে মনোযোগ দিতে গুগল পে অ্যাপটি বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।


এখন অ্যাপলের অ্যাপ স্টোর থেকেই গুগল ওয়ালেট ডাউনলোড করা যাবে। অ্যাপটি বর্তমানে ৪৬টি রেটিং ও ১০টি রিভিউয়ের ভিত্তিতে ৫-এর মধ্যে ৩.৮ স্টার পেয়েছে। তবে কয়েকজন ব্যবহারকারী রিভিউতে ট্যাপ-টু-পে সুবিধা না থাকাকে অ্যাপটির সবচেয়ে বড় সীমাবদ্ধতা হিসেবে উল্লেখ করেছেন।


আইফোনে গুগল ওয়ালেট ব্যবহার শুরু করতে অ্যাপটি ডাউনলোড করে নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। এ সময় অ্যাপটি ধাপে ধাপে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। পাশাপাশি গুগল অ্যাকাউন্ট থেকে কোন কোন তথ্য ওয়ালেটে যুক্ত করতে চান, তা বেছে নেওয়ার সুযোগও থাকবে।


অবশ্য অ্যাপল পে ও গুগল ওয়ালেট ছাড়াও ডিজিটাল ওয়ালেট ব্যবহারের আরও অনেক বিকল্প রয়েছে। তাই ব্যবহারকারীদের শুধু গুগল ও অ্যাপলের মধ্যে একটি বেছে নিতে হবে, এমন নয়। আপাতত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরাই গুগল ওয়ালেটের আইওএস সংস্করণ ব্যবহার করতে পারবেন। অন্য দেশে কবে এটি চালু হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি গুগল। এ ছাড়া অ্যাপল ওয়াচেও এখন পর্যন্ত গুগল ওয়ালেটের আনুষ্ঠানিক সমর্থন নেই। তবে আইফোনে অ্যাপটি চালু হওয়াকে এ ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৪৬ পিএম

সৌরজগতের সুদূর প্রান্তে নেপচুনের বাইরে আরও একটি অজানা গ্রহের অস্তিত্ব থাকতে পারে। নতুন এক গবেষণায় বলা হয়েছে, সম্ভাব্য এই গ্রহটির ভর পৃথিবীর প্রায় দ্বিগুণ হতে পারে।


গবেষকদের ধারণা, এই গ্রহের অস্তিত্ব সৌরজগতের বাইরের অঞ্চলে বরফে আবৃত কিছু মহাজাগতিক বস্তুর কক্ষপথের রহস্যময় বিন্যাস ব্যাখ্যা করতে পারে।


সোমবার (২৩ নভেম্বর) ‘Monthly Notices of the Royal Astronomical Society’ সাময়িকীতে প্রকাশিত গবেষণাটিতে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে সৌরজগতের ৪৫০ কোটি বছরের বিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। এতে নেপচুনের বাইরে থাকা বরফময় বস্তুগুলোর কক্ষপথে একটি কাল্পনিক গ্রহের সম্ভাব্য প্রভাব পরীক্ষা করেন গবেষকেরা। গ্রহটির নাম দেওয়া হয়েছে ‘প্ল্যানেট এক্স২’ (Planet X2)।


জাপানের কিনদাই বিশ্ববিদ্যালয়ের গবেষক পাত্রিক সোফিয়া লিকাওয়া ও তার নেতৃত্বাধীন দল জানিয়েছে, পৃথিবীর প্রায় দ্বিগুণ ভরের একটি গ্রহ সূর্য থেকে গড়ে ৩৫০ থেকে ৫০০ জ্যোতির্বৈজ্ঞানিক একক (এইউ) দূরত্বে অবস্থান করলে বাইরের সৌরজগতের বেশ কিছু অস্বাভাবিক কক্ষপথের বিন্যাস ব্যাখ্যা করা সম্ভব।উল্লেখ্য, এক জ্যোতির্বৈজ্ঞানিক একক হলো পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব, যা প্রায় ১৫ কোটি কিলোমিটার।


তবে গবেষণাটি এখনো ওই গ্রহের সরাসরি অস্তিত্ব প্রমাণ করেনি। বরং কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে দেখানো হয়েছে, এমন একটি গ্রহ থাকলে সৌরজগতের কিছু অমীমাংসিত রহস্যের ব্যাখ্যা পাওয়া যেতে পারে।


সূত্র: দ্য প্রিন্ট

বিষয় :

সর্বশেষ সব খবর

ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০৭ এএম

প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সাইবার জালিয়াতির ঝুঁকিও। প্রতারকরা হোয়াটসঅ্যাপের স্ক্রিন শেয়ারিং সুবিধা ব্যবহার করে মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। ‘হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ারিং ফ্রড’ নামে পরিচিত এই প্রতারণায় একটি কলের মাধ্যমেই ব্যবহারকারীর গোপন তথ্য চলে যেতে পারে অপরাধীদের হাতে। সম্প্রতি এ বিষয়ে সতর্ক করেছে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ওয়ানকার্ড।

ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রতারকরা ব্যাংক বা বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয়ে গ্রাহকদের ফোন করে। এরপর ব্যাংক অ্যাকাউন্টে জরুরি সমস্যা হয়েছে জানিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারিং চালু করতে বলে। ব্যবহারকারী এতে সম্মতি দিলেই প্রতারকরা তার ফোনের পর্দায় থাকা বিভিন্ন তথ্য দেখতে পারে।

এর মাধ্যমে পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যক্তিগত বার্তা এবং ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) হাতিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়। এসব তথ্য ব্যবহার করে প্রতারকরা অনুমতি ছাড়া আর্থিক লেনদেন করতে পারে, এমনকি ব্যাংক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণও নিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ফোনে কী-লগারের মতো ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করে ব্যবহারকারীর টাইপ করা প্রতিটি তথ্য রেকর্ড করার চেষ্টা করে তারা। এতে ব্যাংক ও সামাজিক যোগাযোগমাধ্যমের পাসওয়ার্ডও চুরি হতে পারে।

যেভাবে প্রতারণার ফাঁদে পড়েন

প্রতারকরা সাধারণত মানুষের বিশ্বাস ও আতঙ্ককে কাজে লাগায়। ব্যাংক অ্যাকাউন্টে জরুরি সমস্যা হয়েছে কিংবা দ্রুত ব্যবস্থা না নিলে অর্থ হারানোর আশঙ্কা রয়েছে বলে জানায় তারা। এরপর স্ক্রিন শেয়ারিং চালু করতে অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে চাপ দেয়।

স্ক্রিন শেয়ারিং চালু হলে প্রতারকরা সরাসরি ব্যবহারকারীর ফোনের কার্যক্রম দেখতে পারে। ফলে পাসওয়ার্ড বা ওটিপি প্রবেশ করানোর সঙ্গে সঙ্গেই সেগুলো জেনে যায়। কিছু ব্যাংকিং অ্যাপে স্ক্রিন রেকর্ডিং বন্ধ রাখার নিরাপত্তাব্যবস্থা থাকলেও স্ক্রিন শেয়ারিংয়ের কারণে ব্যবহারকারী ঝুঁকিতে পড়তে পারেন।

যেভাবে নিরাপদ থাকবেন

- ফোনকারীর পরিচয় ব্যাংকের আনুষ্ঠানিক নম্বর বা মাধ্যমে যাচাই করুন।

- অপরিচিত বা সন্দেহজনক কারও অনুরোধে স্ক্রিন শেয়ারিং চালু করবেন না।

- স্ক্রিন শেয়ারিংয়ের সময় ব্যাংকিং অ্যাপ ব্যবহার করবেন না। - অপরিচিত উৎস থেকে অ্যাপ ইনস্টল করার অনুমতি বন্ধ রাখুন।

- অপরিচিত নম্বরের কল ও সন্দেহজনক যোগাযোগ এড়িয়ে চলুন।

- কেউ দ্রুত সিদ্ধান্ত নিতে চাপ দিলে সতর্ক হোন এবং সন্দেহজনক নম্বরের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

বিশেষজ্ঞদের পরামর্শ, ব্যাংক কখনো ফোনে গ্রাহকের কাছে ওটিপি বা পাসওয়ার্ড জানতে চায় না। তাই এসব তথ্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। সচেতনতা, সতর্কতা এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখাই এ ধরনের ডিজিটাল প্রতারণা থেকে সুরক্ষিত থাকার প্রধান উপায়।

সর্বশেষ সব খবর