সংগৃহীত ছবি
আগে প্রশ্ন ছিল- এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে কি না। প্রশ্নটা বদলে গেছে! এখন প্রশ্নটা হয়ে গেছে এ রকম- টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ থাকবে কি না!
প্রশ্নটা আসলে বদলে গেছে পরশু রাতে একটি খবরে, যেটি করেছে ক্রিকেটবিষয়ক খবরের ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ও বার্তা সংস্থা এএফপি।
খবরটি ছিল এ রকম- বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি না, সেটা আগামী বুধবারের মধ্যে আইসিসিকে জানাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
খবরটিতে আরও লেখা হয়েছিল, আইসিসির একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে সেই জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে।
এ খবর নিয়ে কাল প্রায় সারা দিনই ক্রিকেটমহলে ছিল ব্যাপক আলোচনা। সেই আলোচনার মধ্যেই কাল বিকেলে ইএসপিএনক্রিকইনফো ও এএফপির খবরটি নাকচ করে দিয়েছে বিসিবি।
আইসিসির সূত্রের বরাত দিয়ে করা প্রতিবেদনটি সঠিক নয় বলে দাবি তাদের। একই সঙ্গে বিসিবির ভাষ্য, আইসিসি এ ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দেয়নি।
বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিসিবির সঙ্গে বৈঠকের পর আইসিসি প্রতিনিধিরা বলেছেন, তাঁরা ফিরে গিয়ে আইসিসিতে সবকিছু জানাবেন। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
আমজাদ কাল সাংবাদিকদের বলেন, ‘এ ব্যাপারে ওনারা সুনির্দিষ্টি তারিখ বা কবে নাগাদ জানাবেন, কিছুই বলেননি। শুধু জানিয়েছেন, পরবর্তী তারিখটি কবে হবে, আমাদের জানিয়ে দেবেন।’
আমজাদ হোসেনের সংবাদ সম্মেলনে প্রশ্ন করার সুযোগ ছিল না। এক মিনিটের কম সময়ে নিজের বক্তব্য শেষ করে তিনি চলে যান।
বিসিবি–সংশ্লিষ্ট কেউই এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে চাইছেন না। তবে সূত্রের খবর, বিসিবিকে সময় বেঁধে দেওয়ার আসলে কিছু নেই। কারণ, নিরাপত্তা–সংকটের কারণে ভারতে না গিয়ে শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে যাওয়ার সিদ্ধান্তে আগের মতোই অটল বিসিবি।
শুরুতে অনলাইন বৈঠকে বিসিবিকে ভারতে যেতে রাজি করানোর চেষ্টা করে আইসিসি। পরে গত শুক্রবার তারা একজন প্রতিনিধিকে ঢাকায় পাঠায়। অনলাইন ও সরাসরি—দুটি বৈঠকেই বিসিবি তাদের একই অবস্থানের কথা জানিয়েছে।
গত শনিবারের বৈঠকের পর তাদের কাছ থেকে তাই নতুন করে আর কিছু জানার নেই। এখন আইসিসিই শুধু জানাবে, বাংলাদেশের ম্যাচগুলোকে সরিয়ে নেওয়া সম্ভব কি না। তা না হলে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।
বিশ্বকাপ খেলা নিয়ে এই দোলাচলে এরই মধ্যে বিসিবির কর্তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। শনিবারের বৈঠকেই গ্রুপ বদলের একটি প্রস্তাবও বিসিবির পক্ষ থেকে দেওয়া হয়েছিল।
‘সি’ গ্রুপ থেকে সরিয়ে বাংলাদেশকে ‘বি’ গ্রুপে আয়ারল্যান্ডের জায়গায় নেওয়ার সেই প্রস্তাবে আবার আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড রাজি নয়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম তাদের সঙ্গে ব্যক্তিগত উদ্যোগে যোগাযোগ করেও ইতিবাচক সাড়া পাননি।
বাংলাদেশের শেষ আশা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমর্থন। বিভিন্ন সূত্র জানিয়েছে, সেই সমর্থন বিসিবি পেয়েছেও।
পিসিবি নাকি বলেছে, বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে বিশ্বকাপে খেলার সুযোগ না করে দিলে তারাও টুর্নামেন্ট বর্জন করতে পারে। তবে শেষ পর্যন্ত পাকিস্তান সেই অবস্থানে অনড় থাকবে কি না, সেই নিশ্চয়তা কোথায়!
সব মিলিয়ে বাংলাদেশের এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা এখনো অনিশ্চয়তার মধ্যেই আছে।
ছবি: সংগৃহীত
আইসিসির চেয়ারম্যান জয় শাহ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন জয় শাহ। আইসিসি বোর্ডের পরিচালকদের প্রস্তাবের পর বালিতে অনুষ্ঠিত সংস্থাটির বোর্ড সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন তিনি। জয় শাহর নেতৃত্বের প্রতি আস্থা এবং ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় ধারাবাহিকতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি বোর্ড। বিশ্বজুড়ে ক্রিকেটের সম্প্রসারণ, দর্শক-সমর্থক বৃদ্ধি এবং বাণিজ্যিক উন্নয়নকে সামনে রেখে কাজ করছে সংস্থাটি।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয় শাহ। আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত। প্রত্যেক পরিচালকের প্রতি তাঁদের অব্যাহত বিশ্বাস ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মান ও দায়িত্বের বিষয়। বিশ্বের ক্রিকেটের উন্নয়নে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
ক্রিকেটের সামনে গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে উল্লেখ করে জয় শাহ বলেন, ‘আমরা আমাদের খেলাটির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকের কাছে খেলাটিকে পরিচিত করার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার অসাধারণ সুযোগ।’
তিনি আরও বলেন, ‘আমাদের দায়িত্ব শুধু সফল আয়োজন নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়। সমর্থক, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের গুরুত্ব দিয়ে খেলাটির জন্য আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।’
ক্রিকেটের ঐক্যবদ্ধ করার শক্তির কথা তুলে ধরে আইসিসি চেয়ারম্যান বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি, মানুষকে একত্রিত করার সক্ষমতাই ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি। বোর্ড ও সদস্য দেশগুলোর সহযোগিতায় আমাদের লক্ষ্য হবে পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দেওয়া এবং এমন অগ্রগতি নিশ্চিত করা, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী উত্তরাধিকার তৈরি করবে।’
এদিকে বোর্ড সভায় নারী ক্রিকেটের উন্নয়ন, সহযোগী সদস্য দেশগুলোর জন্য সুযোগ সম্প্রসারণ, আন্তর্জাতিক ক্রিকেটের সততা ও স্বচ্ছতা রক্ষা এবং খেলাটির দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধির বিষয়েও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে আইসিসি।
২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনকে সামনে রেখে বৈশ্বিক সম্প্রসারণ, নতুন দর্শক তৈরি এবং ক্রিকেটের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নই হবে জয় শাহর দ্বিতীয় মেয়াদের অন্যতম প্রধান লক্ষ্য।
ছবি : সংগৃহীত
ব্রাজিল ও পর্তুগালের মতো ফুটবল পরাশক্তিকে পেছনে ফেলে ফিফা র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে উঠে এসেছে মরক্কো। সম্প্রতি নাইজারের বিপক্ষে বড় জয় আর ব্রাজিল-পর্তুগালের হারে দুই ধাপ এগিয়েছে ‘অ্যাটলাস লায়ন্স’রা। আফ্রিকার দল হিসেবে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের রেকর্ডও স্পর্শ করেছে তারা। অন্যদিকে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮২তম।
আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) বাছাইপর্বে নাইজারকে ৫-১ গোলে হারিয়েছে মরক্কো। অন্যদিকে প্রীতি ম্যাচে ডেনমার্কের কাছে ১-৪ গোলে হেরেছে পর্তুগাল। জাপানের কাছে ২-৩ গোলে হেরেছে ব্রাজিল। এই ফলগুলোর প্রভাব পড়েছে ফিফা র্যাঙ্কিংয়ে। দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে মরক্কো।
এছাড়া ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে স্পেন। তাদের পয়েন্ট ২ হাজার ১৩। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১ হাজার ৯৬৪। সর্বশেষ প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে হারলেও নিজেদের অবস্থান ধরে রেখেছে তিন বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স। চতুর্থ স্থানে ইংল্যান্ড। ফ্রান্সের চেয়ে ১৮ পয়েন্ট কম ইংলিশদের। পঞ্চম স্থানে থাকা মরক্কোর পয়েন্ট ১ হাজার ৮০৫।
মরক্কোর পরেই রয়েছে ব্রাজিল। এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে যাওয়া সেলেসাওদের পয়েন্ট ১ হাজার ৮০০। আর দুই ধাপ পিছিয়ে সপ্তম স্থানে থাকা পর্তুগালের পয়েন্ট ১ হাজার ৭৯৭।
এদিকে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮২তম। সাফ চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচের দুটিতে জিতেছিল হামজা চৌধুরীর দল। তবে সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ।
ছবি : সংগৃহীত
ফুটবলে জয়-পরাজয়ের গল্পে কখনো কখনো একটা সংখ্যা হয়ে ওঠে ইতিহাস। স্পেনের জন্য সংখ্যাটি ছিল ৪৩। টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হারতে হলো বিশ্ব চ্যাম্পিয়নদের। আর সেই ইতিহাসের ইতি টানল ইংল্যান্ড। মাদ্রিদে রোববার রাতে উয়েফা নেশনস লিগের গ্রুপ সির ম্যাচে স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে টমাস টুখেলের দল।
শুরু থেকে অনেকটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ইংল্যান্ডের হাতে। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেইন। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন এসরি কনসা। এরপর ৬০ মিনিট পূর্ণ হওয়ার আগেই ইংল্যান্ডের হয়ে তৃতীয় গোলটি করেন বেন হোয়াইট। মনে হচ্ছিল, স্পেনের মাঠে বড় এক জয় নিয়েই ফিরবে ইংল্যান্ড। কিন্তু ফুটবল তো আর চিত্রনাট্য মেনে চলে না!
ম্যাচে ফেরার সুযোগ পেয়ে যায় স্পেন। লামিনে ইয়ামালকে নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করে লাল কার্ড দেখেন ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসন। পেনাল্টি থেকে স্পেনের প্রথম গোলটি আসে, গোলদাতা ওইয়ারসাবাল। এরপর পাল্টা আক্রমণে ব্যবধান কমান বদলি খেলোয়াড় নিকো উইলিয়ামস।
তখনো খেলা শেষ হতে ১৫ মিনিট বাকি। ১০ জনের ইংল্যান্ডের ওপর একের পর এক আক্রমণ চালাতে থাকে স্পেন। সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারিও তখন স্বাগতিকদের সমর্থনে গর্জন করছে। কিন্তু গোলরক্ষক জেমস ট্রাফোর্ড দুবার দুর্দান্তভাবে স্পেনের নিশ্চিত গোলের চেষ্টা আটকে দেন। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।
এই জয় টুখেলের দলের জন্য প্রতিশোধেরও। ইউরো ২০২৪-এর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল স্পেন। কিছুদিন আগে ওয়েম্বলিতে নেশনস লিগের আরেক ম্যাচেও ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছিল স্পেন।
অন্যদিকে স্পেনের জন্য হারটি বিশেষ এক অধ্যায়ের সমাপ্তি। টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পথে দলটি জিতেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, নেশনস লিগ ও বিশ্বকাপ। নিজেদের মাঠেও চার বছরের বেশি সময় পরে হারল তারা। তবে এই হারে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠা আটকে যায়নি স্পেনের। গ্রুপের সেরা দুই দল হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলবে স্পেন ও ইংল্যান্ড।
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত সভার পর আইসিসি ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আইসিসি ইভেন্টগুলোর সময়সূচি অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ-ভারত। এছাড়া ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০৩৩ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ২০৩৩ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০৩৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ২০৩৫ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় ইভেন্টগুলো রয়েছে।
এমন এক সময়ে আইসিসি এই সময়সূচি প্রকাশ করল যখন ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অপেক্ষায় রয়েছেন। আইসিসির প্রকাশিত সময়সূচি অনুযায়ী, পরবর্তী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। তবে ২০৩৩ ও ২০৩৫ সালের এর ফাইনাল কোথায় হবে, তা এখনো জানানো হয়নি।
আসন্ন ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত; এর আয়োজক দেশগুলো হলো দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। টুর্নামেন্টটির পরবর্তী আসর ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বরের মধ্যে ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে। এছাড়া ২০৩৫ সালের ওয়ানডে বিশ্বকাপ ২ অক্টোবর শুরু হওয়ার কথা রয়েছে এবং এর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর।
সূচির বাকি অংশে, আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন সময়সূচি সম্পর্কে জানিয়েছে। ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে ভারত। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২৮ সালে) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে আয়োজন করবে। এছাড়া ২০৩৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অক্টোবর মাসে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হবে।
আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা বলেছেন, আইসিসির ইভেন্ট পোর্টফোলিও এবং সময়সূচি ক্রিকেটের বৈশ্বিক কাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এগুলো ক্রিকেট ইকোসিস্টেমে বাড়তি গুরুত্ব, প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ এবং তাৎপর্য যোগ করে। এই টুর্নামেন্টগুলো খেলোয়াড় ও ভক্ত উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে কাজ করে। এর সাথে যুক্ত বিভিন্ন ধাপ বা পথগুলো খেলোয়াড়দের আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করে এবং বৃহত্তর ক্রিকেট অঙ্গনে অংশগ্রহণের সুযোগ তৈরি করে।
তিনি আরও বলেন, আমরা খেলোয়াড় এবং সদস্য অ্যাসোসিয়েশনগুলোর কাছে এই ইভেন্টগুলোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরার গুরুত্ব বুঝি। এটি খেলোয়াড়দের উন্নয়নের পথ সুগম করতে, উচ্চ-কার্যক্ষমতাসম্পন্ন কর্মসূচি গ্রহণ করতে এবং একটি সুসংগঠিত ক্যালেন্ডার তৈরিতে সহায়তা করবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: সংগৃহীত