পারভেজ হোসেন ইমন।

  • প্রকাশ : শুক্রবার ২৩ জানুয়ারি, ২০২৬, সময় : ১১:২৪ পিএম

এমনিতে ওপেনার হলেও পারভেজ হোসেন ইমন এবারের বিপিএল শুরু করেছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। তার পারফরম্যান্সও ছিল বেশ উজ্জ্বল। পরে তাকে তুলে আনা হয় তাকে ওপেনিংয়েই। সহজাত ব্যাটিং পজিশনেও খুব একটা খারাপ করেননি। ধারাবাহিক পথচলার শেষে আসরের সবচেয়ে বেশি রান এই বাঁহাতি ব্যাটসম্যানেরই।


বিপিএলের গত আসরে চারশর বেশি রান করেছিলেন চার জন ব্যাটসম্যান। যাদের একজন ছুঁয়েছিলেন পাঁচশর ঠিকানা। এবার চারশ রান করতে পারেননি কেউ। কাছাকাছি যেতে পেরেছেন কেবল পারভেজ। তার মতো তিনশ বা এর বেশি রান করেছেন আরও চার জন। রানের তালিকায় সেরা পাঁচে আছেন তাওহিদ হৃদয়, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত ও দাভিদ মালান।


পারভেজ হোসেন ইমন- ১২ ইনিংসে ৩৯৫ রান


বিপিএলের নিলামে এবার পারভেজকে ৩৫ লাখ টাকায় দলে নেয় সিলেট টাইটান্স। এমনিতে সহজাত টপ অর্ডার ব্যাটসম্যান তিনি। ওপেনারই তার মূল পরিচয়। তবে এবারের আসরে প্রথম পাঁচটি ম্যাচে তাকে খেলানো হয় চার নম্বরে।


শুরুটাও তিনি করেন দারুণ। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৫টি ছক্কা ও ৪টি চারে ৩৩ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংস দিয়ে শুরু করেন আসর। পরের ম্যাচে আরেকটি ফিফটি করেন নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে (৪১ বলে ৬০)। তৃতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে করেন ৩২ বলে ৪৪।


পাঁচ ম্যাচ চার নম্বরে খেলে ৫০.২৫ গড় ও ১৩৬.৭৩ স্ট্রাইক রেটে তিনি করেন ২০১।


নোয়াখালীর বিপক্ষে ম্যাচ দিয়ে তাকে তুলে আনা হয় ওপেনিংয়ে। তবে এখানে ব্যর্থ হন তিনি প্রথম দুই ম্যাচে ( ১ ও ২)। পরে রংপুর রাইডার্সের বিপক্ষে ৩টি করে চার ও ছক্কায় ৪১ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান।


দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহীর বিপক্ষে হেরে বিদায় নেয় তার দল সিলেট। ওই ম্যাচে রান তাড়ায় পারভেজের ব্যাটে আসে ৩৪ বলে ৪৮ রানের ইনিংস।


সব মিলিয়ে ১২ ইনিংসে ৩৯.৫০ গড় ও ১৩২.৯৯ স্ট্রাইক রেটে তার রান ৩৯৫।


আসরের সেরা ব্যাটসম্যানের পুরস্কার তিনি পেয়েছেন। যদিও তার দল ফাইনালে ছিল না বলে তিনিও ছিলেন না মঞ্চে। তার হয়ে পুরস্কারটি গ্রহণ করেন সেরা বোলারের স্বীকৃতি পাওয়া শরিফুল ইসলাম।


তাওহীদ হৃদয়।
তাওহিদ হৃদয়- ১১ ইনিংসে ৩৮২ রান


পারভেজের খুব কাছেই আছেন হৃদয়। এলিমিনেটর ম্যাচে হেরে বিদায় নেওয়া রংপুর রাইডার্সের হয়ে ১১ ইনিংসে ৩৮.২০ গড় ও ১৩৭.৯০ স্ট্রাইক রেটে তিনি করেন ৩৮২ রান।


আসরের শুরুটা হৃদয়ের মোটেও ভালো ছিল না। প্রথম ছয় ম্যাচে তিন ও চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ফিফটি করতে পারেন কেবল একটি। ওই ছয় ম্যাচে ১৭.৬৬ গড় ১০৯.২৭ স্ট্রাইক রেটে তার রান ছিল কেবল ১০৬।


এরপরই তাকে তুলে আনা হয় ওপেনিংয়ে। তাতে বদলে যায় তার ব্যাটিংও। প্রথম ম্যাচেই রাজশাহীর বিপক্ষে ৮ চার ও ৬ ছক্কায় খেলেন ৫৬ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস। পরের ম্যাচে ভালো করতে না পারলেও ঢাকার বিপক্ষে করেন ৪৬ বলে ৬২।


আরও বিধ্বংসী রূপে দেখা দেন তিনি পরের ম্যাচে। নোয়াখালীর বিপক্ষে ১৭৪ রান তাড়ায় ১৫ চার ও ২ ছক্কায় উপহার দেন ৬৩ বলে ১০৯ রানের ইনিংস।


এলিমিনেটর ম্যাচে অবশ্য ৪ রানের বেশি তিনি করতে পারেননি।



তানজিদ হাসান।
তানজিদ হাসান- ১৩ ইনিংসে ৩৫৬ রান


গত আসরে ১২ ইনিংসে ৪৮৫ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তানজিদ। এবার অতটা ভালো তিনি করতে পারেননি। ১৩ ইনিংসে ২৭.৩৮ গড় ও ১৩৬.৯০ স্ট্রাইক রেটে ৩৫৬ রান করে তৃতীয় সর্বোচ্চ স্কোরার ২৫ বছর বয়সী ওপেনার।


নিজের সেরাটা উপহার দেন তিনি সবচেয়ে বড় ম্যাচে। ফাইনালে দুর্দান্ত এক সেঞ্চুরিতে রাজশাহীর শিরোপা জয়ের নায়ক তিনিই। এ দিন ৭ ছক্কা ও ৬ চারে তিনি খেলেন ৬২ বলে ১০০ রানের ইনিংস।


বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলে তিনটি সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি।


এবার নিলামের আগেই সরাসরি চুক্তিতে তাকে দলে নেয় রাজশাহী। কিন্তু শুরুতে দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি। প্রথম সাত ইনিংসে ছুঁতে পারেননি ৩০, তিনটিতে আউট হন তিনি দুই অঙ্ক ছোঁয়ার আগে। অষ্টম ম্যাচে ৪৩ বলে ৭৬ রানের ইনিংস খেলেন ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে।


পরের দুই ম্যাচে আবার তিনি আউট হয়ে যায় দুই অঙ্ক ছোঁয়ার আগে। প্রথম কোয়ালিফায়ারে খেলেন ৪১ রানের মন্থর ইনিংস। দ্বিতীয় কোয়ালিফায়ারে শুরুটা ভালো করলেও ইনিংস টেনে নিতে পারেননি (১৫ বলে ৩২)।


তবে ফাইনালে নিজের সেরাটা মেলে ধরে দুর্দান্ত সেঞ্চুরিতে দলকে শিরোপা জেতালেন তিনি।


নাজমুল হোসেন শান্ত- ১৩ ইনিংসে ৩৫৫ রান


রানের তালিকায় তানজিদের ঠিক পরেই আছেন তার দলের অধিনায়ক শান্ত। ১৩ ইনিংসে ২৯.৯৮ গড় ও ১৩৫.৪৯ স্ট্রাইক রেটে ৩৫৫ রান করেছেন রাজশাহীর শিরোপা জয়ী অধিনায়ক।


১৯১ রানের লক্ষ্য তাড়ায় দুর্দান্ত এক সেঞ্চুরিতে এবারের আসর শুরু করেন শান্ত। সিলেটের বিপক্ষে ১০ চার ও ৫ ছক্কা খেলেন ৬০ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস। পরের ম্যাচে ঢাকার বিপক্ষে করেন ২৮ বলে ৩৭। পরের দুই ম্যাচে ২৪ ও ৪১।


এরপর দুই ম্যাচে অল্পে আউট হয়ে যান তিনি। তবে রংপুরের বিপক্ষে খেলেন ৪২ বলে ৭৬ রানের ম্যাচ জয়ী ইনিংস।


ছয় শেষ ইনিংসে অবশ্য তিনি ত্রিশ ছুঁতে পারেন মাত্র একবার। ফাইনালে ৭ বলে ১১ রানে অপরাজিত রয়ে যান বাংলাদেশের টেস্ট অধিনায়ক।


দাভিদ মালান- ৯ ইনিংসে ৩০০


দেশি-বিদেশি ক্রিকেটার আর শক্তি সামর্থ্যে অন্য সব দলের চেয়ে অনেক এগিয়ে থাকা রংপুর রাইডার্সের হয়ে এবার ৯ ইনিংসে ৩৭.৫০ গড় ও ১১২.৩৫ স্ট্রাইক রেটে ৩০০ রান করেন মালান।


ইংলিশ ব্যাটসম্যান প্রথম দুই ম্যাচেই করেন কার্যকর ফিফটি। প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই তিনি স্পর্শ করেন ত্রিশ। ষষ্ঠ ম্যাচে আউট হয়ে যান অল্পতে। পরের ম্যাচে ৮ চার ও ৪ ছক্কায় খেলেন ৪৯ বলে ৭৮ রানের ইনিংস।


তবে শেষ দুই ম্যাচে তিনি ভালো করতে পারেননি। বিশেষ করে এলিমিনেটর ম্যাচে আউট হয়ে যান কেবল ৪ রানে।




ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪৮ পিএম

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হারের রেশ কাটতে না কাটতেই মাঠের বাইরের এক ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ব্রাজিলের ফুটবল অঙ্গন। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র এবং রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ও জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকা। একটি ব্যক্তিগত পার্টিতে তাদের দুজনের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন নেইমার ও ভার্জিনিয়া।


ব্রাজিলীয় সংবাদমাধ্যম ‘মেট্রোপোলেস’-এর কলামিস্ট ফাবিয়া অলিভেইরার এক প্রতিবেদনে দাবি করা হয়, সান্তোস তারকা নেইমার ও ব্যবসায়ী ভার্জিনিয়া ফনসেকা একান্তে ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছেন। উল্লেখ্য, গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টেনেছিলেন ভার্জিনিয়া।


প্রতিবেদনে ফাবিয়া অলিভেইরা দাবি করেন, গত ৬ নভেম্বর ফর্মুলা ওয়ান সাও পাওলো গ্রাঁ প্রি শুরুর কয়েক দিন আগে আয়োজিত একটি ব্যক্তিগত পার্টিতে এই ঘটনা ঘটে। ওই অনুষ্ঠানে প্রবেশাধিকার সীমিত ছিল এবং মোবাইল ফোন ব্যবহারেরও অনুমতি ছিল না। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে আরও বলা হয়, পার্টিতে ভার্জিনিয়া বসে থাকা নেইমারের কোলে উঠে নাচতে শুরু করেন এবং নেইমার মাইক্রোফোন হাতে তাকে বন্ধুদের দেওয়া ডাকনাম ‘ভাইপার’ বলে সম্বোধন করেন।


অনুষ্ঠানে দুজনেই প্রচুর পরিমাণে মদ্যপান করেছিলেন বলেও দাবি করা হয়। তবে মোবাইল ফোন নিষিদ্ধ থাকায় ঘটনার কোনো ছবি বা ভিডিও না থাকায় এর সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এদিকে, খবরটি ছড়িয়ে পড়ার পরপরই সংশ্লিষ্ট দুই পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা দেওয়া হয়েছে।


প্রথমে ভার্জিনিয়া ফনসেকার প্রেস অফিস থেকে এক কড়া বিবৃতিতে বলা হয়, প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা। ভার্জিনিয়াকে তার ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন জল্পনা-কল্পনার জবাব দিতে হচ্ছে, এমন ঘটনা এই প্রথম নয়। তিনি এসব ইঙ্গিত ও অভিযোগ আনুষ্ঠানিকভাবে অস্বীকার করছেন। পাশাপাশি সত্যতা যাচাই না করে এবং এসব তথ্য প্রচারের পরিণতি বিবেচনা না করে অনুমাননির্ভর খবরকে বাস্তব ঘটনা হিসেবে উপস্থাপন করার বিষয়টি তিনি অত্যন্ত দুঃখজনক বলে মনে করেন।
 

উল্লেখ্য, কয়েক দিন আগেই নিজের তিন সন্তানের বাবা ও সংগীতশিল্পী জে ফেলিপের সঙ্গে পুনরায় সম্পর্ক জোড়া লাগানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন ভার্জিনিয়া।


অন্যদিকে, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি দীর্ঘ বার্তা প্রকাশ করে ক্ষোভ ঝেড়েছেন নেইমারও। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড লিখেছেন, অন্য একজনের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে আবারও গুঞ্জন ছড়ানো শুরু হয়েছে, যা আমি সম্পূর্ণ অস্বীকার করছি! এমন এক সময়ে বাস করতে হচ্ছে, যখন মানুষ সত্যের চেয়ে পরিচিত নাম ও খ্যাতি নিয়ে তৈরি হওয়া আলোচনা এবং শোরগোলকে বেশি গুরুত্ব দেয়—এটা সত্যিই দুঃখজনক। এ বিষয়ে আমার দল ইতিমধ্যে বিবৃতি দিয়েছে। তবে বিষয়টির ইতি টানতে নিজে থেকেও কথা বলা প্রয়োজন মনে করেছি।a


আইসিসির চেয়ারম্যান জয় শাহ

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ২:২৩ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন জয় শাহ। আইসিসি বোর্ডের পরিচালকদের প্রস্তাবের পর বালিতে অনুষ্ঠিত সংস্থাটির বোর্ড সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন তিনি। জয় শাহর নেতৃত্বের প্রতি আস্থা এবং ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় ধারাবাহিকতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি বোর্ড। বিশ্বজুড়ে ক্রিকেটের সম্প্রসারণ, দর্শক-সমর্থক বৃদ্ধি এবং বাণিজ্যিক উন্নয়নকে সামনে রেখে কাজ করছে সংস্থাটি।


দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয় শাহ। আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত। প্রত্যেক পরিচালকের প্রতি তাঁদের অব্যাহত বিশ্বাস ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মান ও দায়িত্বের বিষয়। বিশ্বের ক্রিকেটের উন্নয়নে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’


ক্রিকেটের সামনে গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে উল্লেখ করে জয় শাহ বলেন, ‘আমরা আমাদের খেলাটির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকের কাছে খেলাটিকে পরিচিত করার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার অসাধারণ সুযোগ।’


তিনি আরও বলেন, ‘আমাদের দায়িত্ব শুধু সফল আয়োজন নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়। সমর্থক, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের গুরুত্ব দিয়ে খেলাটির জন্য আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।’


ক্রিকেটের ঐক্যবদ্ধ করার শক্তির কথা তুলে ধরে আইসিসি চেয়ারম্যান বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি, মানুষকে একত্রিত করার সক্ষমতাই ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি। বোর্ড ও সদস্য দেশগুলোর সহযোগিতায় আমাদের লক্ষ্য হবে পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দেওয়া এবং এমন অগ্রগতি নিশ্চিত করা, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী উত্তরাধিকার তৈরি করবে।’


এদিকে বোর্ড সভায় নারী ক্রিকেটের উন্নয়ন, সহযোগী সদস্য দেশগুলোর জন্য সুযোগ সম্প্রসারণ, আন্তর্জাতিক ক্রিকেটের সততা ও স্বচ্ছতা রক্ষা এবং খেলাটির দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধির বিষয়েও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে আইসিসি।


২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনকে সামনে রেখে বৈশ্বিক সম্প্রসারণ, নতুন দর্শক তৈরি এবং ক্রিকেটের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নই হবে জয় শাহর দ্বিতীয় মেয়াদের অন্যতম প্রধান লক্ষ্য।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০০ পিএম

ব্রাজিল ও পর্তুগালের মতো ফুটবল পরাশক্তিকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে উঠে এসেছে মরক্কো। সম্প্রতি নাইজারের বিপক্ষে বড় জয় আর ব্রাজিল-পর্তুগালের হারে দুই ধাপ এগিয়েছে ‘অ্যাটলাস লায়ন্স’রা। আফ্রিকার দল হিসেবে সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ের রেকর্ডও স্পর্শ করেছে তারা। অন্যদিকে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮২তম।


আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) বাছাইপর্বে নাইজারকে ৫-১ গোলে হারিয়েছে মরক্কো। অন্যদিকে প্রীতি ম্যাচে ডেনমার্কের কাছে ১-৪ গোলে হেরেছে পর্তুগাল। জাপানের কাছে ২-৩ গোলে হেরেছে ব্রাজিল। এই ফলগুলোর প্রভাব পড়েছে ফিফা র‍্যাঙ্কিংয়ে। দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে মরক্কো।


এছাড়া ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে স্পেন। তাদের পয়েন্ট ২ হাজার ১৩। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১ হাজার ৯৬৪। সর্বশেষ প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে হারলেও নিজেদের অবস্থান ধরে রেখেছে তিন বারের বিশ্বচ্যাম্পিয়নরা।


তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স। চতুর্থ স্থানে ইংল্যান্ড। ফ্রান্সের চেয়ে ১৮ পয়েন্ট কম ইংলিশদের। পঞ্চম স্থানে থাকা মরক্কোর পয়েন্ট ১ হাজার ৮০৫।


মরক্কোর পরেই রয়েছে ব্রাজিল। এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে যাওয়া সেলেসাওদের পয়েন্ট ১ হাজার ৮০০। আর দুই ধাপ পিছিয়ে সপ্তম স্থানে থাকা পর্তুগালের পয়েন্ট ১ হাজার ৭৯৭।


এদিকে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮২তম। সাফ চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচের দুটিতে জিতেছিল হামজা চৌধুরীর দল। তবে সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৫২ এএম

ফুটবলে জয়-পরাজয়ের গল্পে কখনো কখনো একটা সংখ্যা হয়ে ওঠে ইতিহাস। স্পেনের জন্য সংখ্যাটি ছিল ৪৩। টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হারতে হলো বিশ্ব চ্যাম্পিয়নদের। আর সেই ইতিহাসের ইতি টানল ইংল্যান্ড। মাদ্রিদে রোববার রাতে উয়েফা নেশনস লিগের গ্রুপ সির ম্যাচে স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে টমাস টুখেলের দল।


শুরু থেকে অনেকটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ইংল্যান্ডের হাতে। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেইন। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন এসরি কনসা। এরপর ৬০ মিনিট পূর্ণ হওয়ার আগেই ইংল্যান্ডের হয়ে তৃতীয় গোলটি করেন বেন হোয়াইট। মনে হচ্ছিল, স্পেনের মাঠে বড় এক জয় নিয়েই ফিরবে ইংল্যান্ড। কিন্তু ফুটবল তো আর চিত্রনাট্য মেনে চলে না!


ম্যাচে ফেরার সুযোগ পেয়ে যায় স্পেন। লামিনে ইয়ামালকে নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করে লাল কার্ড দেখেন ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসন। পেনাল্টি থেকে স্পেনের প্রথম গোলটি আসে, গোলদাতা ওইয়ারসাবাল। এরপর পাল্টা আক্রমণে ব্যবধান কমান বদলি খেলোয়াড় নিকো উইলিয়ামস।


তখনো খেলা শেষ হতে ১৫ মিনিট বাকি। ১০ জনের ইংল্যান্ডের ওপর একের পর এক আক্রমণ চালাতে থাকে স্পেন। সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারিও তখন স্বাগতিকদের সমর্থনে গর্জন করছে। কিন্তু গোলরক্ষক জেমস ট্রাফোর্ড দুবার দুর্দান্তভাবে স্পেনের নিশ্চিত গোলের চেষ্টা আটকে দেন। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।


এই জয় টুখেলের দলের জন্য প্রতিশোধেরও। ইউরো ২০২৪-এর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল স্পেন। কিছুদিন আগে ওয়েম্বলিতে নেশনস লিগের আরেক ম্যাচেও ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছিল স্পেন।


অন্যদিকে স্পেনের জন্য হারটি বিশেষ এক অধ্যায়ের সমাপ্তি। টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পথে দলটি জিতেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, নেশনস লিগ ও বিশ্বকাপ। নিজেদের মাঠেও চার বছরের বেশি সময় পরে হারল তারা। তবে এই হারে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠা আটকে যায়নি স্পেনের। গ্রুপের সেরা দুই দল হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলবে স্পেন ও ইংল্যান্ড।


  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ১০:২৪ পিএম

ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত সভার পর আইসিসি ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আইসিসি ইভেন্টগুলোর সময়সূচি অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ-ভারত। এছাড়া ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০৩৩ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ২০৩৩ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০৩৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ২০৩৫ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় ইভেন্টগুলো রয়েছে।


এমন এক সময়ে আইসিসি এই সময়সূচি প্রকাশ করল যখন ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অপেক্ষায় রয়েছেন। আইসিসির প্রকাশিত সময়সূচি অনুযায়ী, পরবর্তী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। তবে ২০৩৩ ও ২০৩৫ সালের এর ফাইনাল কোথায় হবে, তা এখনো জানানো হয়নি।


আসন্ন ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত; এর আয়োজক দেশগুলো হলো দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। টুর্নামেন্টটির পরবর্তী আসর ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বরের মধ্যে ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে। এছাড়া ২০৩৫ সালের ওয়ানডে বিশ্বকাপ ২ অক্টোবর শুরু হওয়ার কথা রয়েছে এবং এর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর।


সূচির বাকি অংশে, আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন সময়সূচি সম্পর্কে জানিয়েছে। ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে ভারত। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২৮ সালে) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে আয়োজন করবে। এছাড়া ২০৩৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অক্টোবর মাসে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হবে। 


আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা বলেছেন, আইসিসির ইভেন্ট পোর্টফোলিও এবং সময়সূচি ক্রিকেটের বৈশ্বিক কাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এগুলো ক্রিকেট ইকোসিস্টেমে বাড়তি গুরুত্ব, প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ এবং তাৎপর্য যোগ করে। এই টুর্নামেন্টগুলো খেলোয়াড় ও ভক্ত উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে কাজ করে। এর সাথে যুক্ত বিভিন্ন ধাপ বা পথগুলো খেলোয়াড়দের আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করে এবং বৃহত্তর ক্রিকেট অঙ্গনে অংশগ্রহণের সুযোগ তৈরি করে।


তিনি আরও বলেন, আমরা খেলোয়াড় এবং সদস্য অ্যাসোসিয়েশনগুলোর কাছে এই ইভেন্টগুলোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরার গুরুত্ব বুঝি। এটি খেলোয়াড়দের উন্নয়নের পথ সুগম করতে, উচ্চ-কার্যক্ষমতাসম্পন্ন কর্মসূচি গ্রহণ করতে এবং একটি সুসংগঠিত ক্যালেন্ডার তৈরিতে সহায়তা করবে।


যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৪৪ পিএম

খেলাধুলার প্রসারের মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন ও প্রকৃত সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বরুরা উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

১৯টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই জমজমাট টুর্নামেন্টের ফাইনালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। এর মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং খুব দ্রুতই বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বছরের নির্দিষ্ট কোনো সময়ে সীমাবদ্ধ না রেখে বছরব্যাপী ফুটবল, ক্রিকেট, ভলিবল ও টেবিল টেনিসসহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলা অব্যাহত রাখা হবে।

সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়াই তাদের মূল লক্ষ্য। এছাড়া পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের অন্যান্য বিকেএসপিগুলোকে আরও স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি খুব শীঘ্রই কুমিল্লায় একটি বিকেএসপি প্রতিষ্ঠার আশাবাদও ব্যক্ত করেন তিনি। দল-মত নির্বিশেষে ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনা ধারণ করে একটি সুশৃঙ্খল জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। এ ছাড়াও অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া উপজেলা বিএনপি সভাপতি কায়সার আলম সেলিম উপস্থিত ছিলেন।