নেইমার ও এমবাপ্পে
যুক্তরাষ্ট্রের ফক্সবরোয় জিলেট স্টেডিয়ামে আজ প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। এ ম্যাচের আগে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’কে একটি সাক্ষাৎকার দেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।
সেখানে একটু ঝামেলাতেই পড়েছিলেন রিয়াল মাদ্রিদ তারকা। সেই ঝামেলাটা একটু অন্য রকম। এমবাপ্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, লোকে ব্রাজিল জাতীয় দলকে এখন কোন চোখে দেখবে?
ভিনিসিয়ুস জুনিয়রের দল, নাকি নেইমারের দল? এমবাপ্পের সমস্যা হলো, ভিনি বর্তমানে তাঁর রিয়াল সতীর্থ আর নেইমার একসময় ছিলেন তাঁর পিএসজি সতীর্থ। শেষ পর্যন্ত কার ব্যালটে ভোট পড়ল এমবাপ্পের?
পিএসজিতে ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত সতীর্থ ছিলেন নেইমার ও এমবাপ্পে। দুজনের সম্পর্ক যেসব সময় খুব ভালোই ছিল; সেটা কিন্তু নয়। প্যারিস থেকে তখন দুই তারকার মন কষাকষির খবরও ভেসে এসেছে। কিন্তু এ যাত্রায় নেইমারকে প্রশংসায় ভাসিয়ে দেন এমবাপ্পে।
ভিনি না নেইমারের দল- প্রশ্নের উত্তরে ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘কী প্রশ্ন (হেসে)! আমার বিশ্বাস দুজনেরই। জাতীয় দলে ভিনিকে আরও এক ধাপ ওপরে উঠতে হবে। আর নেইমার তো নেইমারই। অসাধারণ খেলোয়াড়।’
এমবাপ্পে এটুকু বলার পর টানলেন ২০২৬ বিশ্বকাপের প্রসঙ্গ। ক্রমাগত চোটের কারণে দুই বছরের বেশি সময় নেইমার ব্রাজিল জাতীয় দলের বাইরে। ফিটনেস সমস্যায় সান্তোসের হয়ে নিয়মিত ম্যাচ খেলতে না পারায় এবারের আন্তর্জাতিক বিরতিতেও তাঁকে জাতীয় দলে ডাকেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে এবার আন্তর্জাতিক বিরতিতে শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেখানে জাতীয় দলে নেইমারের জায়গা না পাওয়ার অর্থ হলো, বিশ্বকাপেও তাঁর খেলা অনিশ্চিত। নেইমারকে ঘিরে এখন তাই সবচেয়ে বড় প্রশ্ন হলো, আনচেলত্তির স্কোয়াডের অংশ হিসেবে তাঁকে বিশ্বকাপে দেখা যাবে তো?
এমবাপ্পে কিন্তু আশাবাদী, ‘বিশ্বকাপ তারকাদের প্রতিযোগিতা। নেইমার আমার চোখে অন্যতম বড় তারকা। নেইমারকে ছাড়া বিশ্বকাপ আমি ভাবতেই পারছি না। তবে শেষ পর্যন্ত আমি আমার সাবেক কোচ আনচেলত্তির বিপক্ষে যেতে পারব না। তাঁর সিদ্ধান্তকে সম্মান করতে হবে।’
নেইমারকে নিয়ে আলাদা করে আশার কথাও জানিয়ে রাখলেন এমবাপ্পে, ‘নেইমার আমার চোখে এমন খেলোয়াড় যে বড় পার্থক্য গড়ে দেয়। তার সঙ্গে খেলেছি, অনেক কিছু শিখেছি। নেইমারকে আমি জানি, সে প্রস্তুত হয়ে যাবে, থাকবে সেখানে (বিশ্বকাপ)। আমি তাকে জানি।’
ফিফা র্যাঙ্কিংয়ে ফ্রান্স তিনে, ব্রাজিল পাঁচে। পাশাপাশি ১৯৮৬, ১৯৯৮ ও ২০০৬ বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়েছে ফ্রান্স। সাম্প্রতিক সময়ে ব্রাজিলের চেয়ে ভালো ফুটবলও খেলছে দিদিয়ের দেশমের দল। এমবাপ্পের কাছে তাই জানতে চাওয়া হয়েছিল, আজ রাতের প্রীতি ম্যাচে ফ্রান্সই ফেবারিট কি না?
ফরাসি তারকার উত্তর, ‘জার্সিতে পাঁচ তারকা (পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন) থাকা একটি দলের বিপক্ষে আপনি কখনোই ফেবারিট হতে পারেন না। এটা অসম্ভব। ফুটবলে ব্রাজিলই শ্রেষ্ঠ জাতি। ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ। আমরা কী করতে পারি এবং এই গ্রীষ্মে বিশ্বকাপ জয়ের প্রস্তুতিও নিতে হবে।’
ভিনিসিয়ুস এর আগে বলেছেন, ব্রাজিল ও ফ্রান্সের মধ্যে প্রীতি ম্যাচ বলে কিছু নেই।
এই কথা এমবাপ্পেকে জানানোর পর ক্লাব সতীর্থদের মন্তব্যেই সায় দিয়েছেন তিনি, ‘সঠিক। দুটি দলই দুর্দান্ত। ম্যাচ শেষে কে জিতল, সেটা নিয়ে আমরা ড্রেসিংরুমে কথা বলব। আমরা বন্ধু। শুধু মাঠেই বন্ধুত্বটা থাকবে না। কিন্তু ম্যাচ শেষে আমরা সবাই বন্ধু এবং হাসাহাসিও হবে।’
এমবাপ্পে তাঁর ক্যারিয়ারে দুজনকে দারুণ কোচকে পেয়েছেন। ফ্রান্স জাতীয় দলে পেয়েছেন দেশমকে, আর রিয়াল এর আগে পেয়েছিলেন আনচেলত্তিকে।
দুই কোচকে নিয়ে এমবাপ্পে বলেছেন, ‘সবচেয়ে দারুণ ব্যাপার হলো, তাঁরা দুজন পুরোপুরি ভিন্ন ধাঁচের, ফুটবলের প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গিও আলাদা। একজন খেলোয়াড় হিসেবে এটি আমার জন্য এক সুবর্ণ সুযোগ। কারণ, শেখার ও জয়ের দুটি ভিন্ন দর্শন দেখার সুযোগ পাচ্ছি। দেশমকে পাওয়া আমার জন্য গর্বের। আর কার্লোর (আনচেলত্তি) অধীনে মাত্র এক বছর খেলার সুযোগ হলেও কোচ হিসেবে তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা ও মুগ্ধতা রয়েছে।’
ছবি: সংগৃহীত
আইসিসির চেয়ারম্যান জয় শাহ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন জয় শাহ। আইসিসি বোর্ডের পরিচালকদের প্রস্তাবের পর বালিতে অনুষ্ঠিত সংস্থাটির বোর্ড সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন তিনি। জয় শাহর নেতৃত্বের প্রতি আস্থা এবং ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় ধারাবাহিকতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি বোর্ড। বিশ্বজুড়ে ক্রিকেটের সম্প্রসারণ, দর্শক-সমর্থক বৃদ্ধি এবং বাণিজ্যিক উন্নয়নকে সামনে রেখে কাজ করছে সংস্থাটি।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয় শাহ। আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত। প্রত্যেক পরিচালকের প্রতি তাঁদের অব্যাহত বিশ্বাস ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মান ও দায়িত্বের বিষয়। বিশ্বের ক্রিকেটের উন্নয়নে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
ক্রিকেটের সামনে গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে উল্লেখ করে জয় শাহ বলেন, ‘আমরা আমাদের খেলাটির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকের কাছে খেলাটিকে পরিচিত করার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার অসাধারণ সুযোগ।’
তিনি আরও বলেন, ‘আমাদের দায়িত্ব শুধু সফল আয়োজন নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়। সমর্থক, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের গুরুত্ব দিয়ে খেলাটির জন্য আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।’
ক্রিকেটের ঐক্যবদ্ধ করার শক্তির কথা তুলে ধরে আইসিসি চেয়ারম্যান বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি, মানুষকে একত্রিত করার সক্ষমতাই ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি। বোর্ড ও সদস্য দেশগুলোর সহযোগিতায় আমাদের লক্ষ্য হবে পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দেওয়া এবং এমন অগ্রগতি নিশ্চিত করা, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী উত্তরাধিকার তৈরি করবে।’
এদিকে বোর্ড সভায় নারী ক্রিকেটের উন্নয়ন, সহযোগী সদস্য দেশগুলোর জন্য সুযোগ সম্প্রসারণ, আন্তর্জাতিক ক্রিকেটের সততা ও স্বচ্ছতা রক্ষা এবং খেলাটির দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধির বিষয়েও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে আইসিসি।
২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনকে সামনে রেখে বৈশ্বিক সম্প্রসারণ, নতুন দর্শক তৈরি এবং ক্রিকেটের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নই হবে জয় শাহর দ্বিতীয় মেয়াদের অন্যতম প্রধান লক্ষ্য।
ছবি : সংগৃহীত
ব্রাজিল ও পর্তুগালের মতো ফুটবল পরাশক্তিকে পেছনে ফেলে ফিফা র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে উঠে এসেছে মরক্কো। সম্প্রতি নাইজারের বিপক্ষে বড় জয় আর ব্রাজিল-পর্তুগালের হারে দুই ধাপ এগিয়েছে ‘অ্যাটলাস লায়ন্স’রা। আফ্রিকার দল হিসেবে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের রেকর্ডও স্পর্শ করেছে তারা। অন্যদিকে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮২তম।
আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) বাছাইপর্বে নাইজারকে ৫-১ গোলে হারিয়েছে মরক্কো। অন্যদিকে প্রীতি ম্যাচে ডেনমার্কের কাছে ১-৪ গোলে হেরেছে পর্তুগাল। জাপানের কাছে ২-৩ গোলে হেরেছে ব্রাজিল। এই ফলগুলোর প্রভাব পড়েছে ফিফা র্যাঙ্কিংয়ে। দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে মরক্কো।
এছাড়া ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে স্পেন। তাদের পয়েন্ট ২ হাজার ১৩। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১ হাজার ৯৬৪। সর্বশেষ প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে হারলেও নিজেদের অবস্থান ধরে রেখেছে তিন বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স। চতুর্থ স্থানে ইংল্যান্ড। ফ্রান্সের চেয়ে ১৮ পয়েন্ট কম ইংলিশদের। পঞ্চম স্থানে থাকা মরক্কোর পয়েন্ট ১ হাজার ৮০৫।
মরক্কোর পরেই রয়েছে ব্রাজিল। এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে যাওয়া সেলেসাওদের পয়েন্ট ১ হাজার ৮০০। আর দুই ধাপ পিছিয়ে সপ্তম স্থানে থাকা পর্তুগালের পয়েন্ট ১ হাজার ৭৯৭।
এদিকে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮২তম। সাফ চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচের দুটিতে জিতেছিল হামজা চৌধুরীর দল। তবে সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ।
ছবি : সংগৃহীত
ফুটবলে জয়-পরাজয়ের গল্পে কখনো কখনো একটা সংখ্যা হয়ে ওঠে ইতিহাস। স্পেনের জন্য সংখ্যাটি ছিল ৪৩। টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হারতে হলো বিশ্ব চ্যাম্পিয়নদের। আর সেই ইতিহাসের ইতি টানল ইংল্যান্ড। মাদ্রিদে রোববার রাতে উয়েফা নেশনস লিগের গ্রুপ সির ম্যাচে স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে টমাস টুখেলের দল।
শুরু থেকে অনেকটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ইংল্যান্ডের হাতে। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেইন। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন এসরি কনসা। এরপর ৬০ মিনিট পূর্ণ হওয়ার আগেই ইংল্যান্ডের হয়ে তৃতীয় গোলটি করেন বেন হোয়াইট। মনে হচ্ছিল, স্পেনের মাঠে বড় এক জয় নিয়েই ফিরবে ইংল্যান্ড। কিন্তু ফুটবল তো আর চিত্রনাট্য মেনে চলে না!
ম্যাচে ফেরার সুযোগ পেয়ে যায় স্পেন। লামিনে ইয়ামালকে নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করে লাল কার্ড দেখেন ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসন। পেনাল্টি থেকে স্পেনের প্রথম গোলটি আসে, গোলদাতা ওইয়ারসাবাল। এরপর পাল্টা আক্রমণে ব্যবধান কমান বদলি খেলোয়াড় নিকো উইলিয়ামস।
তখনো খেলা শেষ হতে ১৫ মিনিট বাকি। ১০ জনের ইংল্যান্ডের ওপর একের পর এক আক্রমণ চালাতে থাকে স্পেন। সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারিও তখন স্বাগতিকদের সমর্থনে গর্জন করছে। কিন্তু গোলরক্ষক জেমস ট্রাফোর্ড দুবার দুর্দান্তভাবে স্পেনের নিশ্চিত গোলের চেষ্টা আটকে দেন। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।
এই জয় টুখেলের দলের জন্য প্রতিশোধেরও। ইউরো ২০২৪-এর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল স্পেন। কিছুদিন আগে ওয়েম্বলিতে নেশনস লিগের আরেক ম্যাচেও ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছিল স্পেন।
অন্যদিকে স্পেনের জন্য হারটি বিশেষ এক অধ্যায়ের সমাপ্তি। টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পথে দলটি জিতেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, নেশনস লিগ ও বিশ্বকাপ। নিজেদের মাঠেও চার বছরের বেশি সময় পরে হারল তারা। তবে এই হারে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠা আটকে যায়নি স্পেনের। গ্রুপের সেরা দুই দল হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলবে স্পেন ও ইংল্যান্ড।
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত সভার পর আইসিসি ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আইসিসি ইভেন্টগুলোর সময়সূচি অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ-ভারত। এছাড়া ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০৩৩ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ২০৩৩ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০৩৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ২০৩৫ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় ইভেন্টগুলো রয়েছে।
এমন এক সময়ে আইসিসি এই সময়সূচি প্রকাশ করল যখন ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অপেক্ষায় রয়েছেন। আইসিসির প্রকাশিত সময়সূচি অনুযায়ী, পরবর্তী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। তবে ২০৩৩ ও ২০৩৫ সালের এর ফাইনাল কোথায় হবে, তা এখনো জানানো হয়নি।
আসন্ন ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত; এর আয়োজক দেশগুলো হলো দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। টুর্নামেন্টটির পরবর্তী আসর ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বরের মধ্যে ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে। এছাড়া ২০৩৫ সালের ওয়ানডে বিশ্বকাপ ২ অক্টোবর শুরু হওয়ার কথা রয়েছে এবং এর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর।
সূচির বাকি অংশে, আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন সময়সূচি সম্পর্কে জানিয়েছে। ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে ভারত। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২৮ সালে) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে আয়োজন করবে। এছাড়া ২০৩৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অক্টোবর মাসে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হবে।
আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা বলেছেন, আইসিসির ইভেন্ট পোর্টফোলিও এবং সময়সূচি ক্রিকেটের বৈশ্বিক কাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এগুলো ক্রিকেট ইকোসিস্টেমে বাড়তি গুরুত্ব, প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ এবং তাৎপর্য যোগ করে। এই টুর্নামেন্টগুলো খেলোয়াড় ও ভক্ত উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে কাজ করে। এর সাথে যুক্ত বিভিন্ন ধাপ বা পথগুলো খেলোয়াড়দের আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করে এবং বৃহত্তর ক্রিকেট অঙ্গনে অংশগ্রহণের সুযোগ তৈরি করে।
তিনি আরও বলেন, আমরা খেলোয়াড় এবং সদস্য অ্যাসোসিয়েশনগুলোর কাছে এই ইভেন্টগুলোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরার গুরুত্ব বুঝি। এটি খেলোয়াড়দের উন্নয়নের পথ সুগম করতে, উচ্চ-কার্যক্ষমতাসম্পন্ন কর্মসূচি গ্রহণ করতে এবং একটি সুসংগঠিত ক্যালেন্ডার তৈরিতে সহায়তা করবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: সংগৃহীত