• প্রকাশ : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬, সময় : ৫:৫৮ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  


গ্রেপ্তার মো. সালাউদ্দিন নেকবর আলী প্রামাণিক (৫৮) উপজেলার পৌর করিমপুর এলাকার হাজী ওয়াসিম উদ্দিন ভূঁইয়া বাড়ির লোকমানের ছেলে।


মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার পৌর করিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  


র‍্যাব জানায়, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় বিচার শেষে আদালত সালাউদ্দিনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর তিনি পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম শুরু করে র‍্যাব। পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে উপজেলার পৌর করিমপুর এলাকায় হাজী ওয়াসিম উদ্দিন ভূঁইয়া বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬, সময় : ৬:৪৫ পিএম

সিলেট নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। 


আজ মঙ্গলবার দুপুরে নগরীর নাইওরপুল এলাকার হোটেল ফরচুন গার্ডেনে সংস্থাটির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়। এসময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নতুন একটি সরকারি সংস্থার যাত্রা শুরু হওয়া সিলেটবাসীর জন্য আনন্দের বিষয়। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষকে সরকারের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি নগরের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আরো বলেন, সরকারি কাজ সঠিকভাবে পরিচালনার জন্য বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় থাকা জরুরি। সমন্বয়ের ঘাটতি থাকলে উন্নয়নকাজই অনেক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।


উন্নয়নকাজে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার উদাহরণ তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, একটি সড়ক বা উন্নয়ন প্রকল্পের কাজ করতে গিয়ে কখনো গ্যাসের লাইন কাটা হচ্ছে, আবার পরে সেখানে গ্যাসের লাইন বসাতে হচ্ছে। একইভাবে পানির পাইপ সরিয়ে আবার নতুন করে বসাতে হচ্ছে। এ ধরনের পরিস্থিতি এড়াতে বিভিন্ন সংস্থার মধ্যে আন্তঃসংস্থা সমন্বয় (ইন্টার-এজেন্সি হারমনি) নিশ্চিত করা প্রয়োজন।


সিলেট উন্নয়ন কর্তৃপক্ষকে এ বিষয়টির দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যেন এ ধরনের সমন্বয়হীনতা তৈরি না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব নতুন এই সংস্থারও রয়েছে।


খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ সরকারের নির্ধারিত দায়িত্ব ও প্রত্যাশা পূরণ করবে এবং সিলেটের আগামী দিনের উন্নয়নে সহযোগী ভূমিকা পালন করবে। 


নতুন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের এমপি এমরান আহমদ চৌধুরী, সিলেট-আসনের এমপি তাহসিনা রুশদি লুনা প্রমুখ। নগরীর নাইওর পুল সংলগ্ন হোটেল ফরচুন গার্ডেনে অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। উল্লেখ্য, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়াম্যান রেজউল হাসান কয়েস লোদী রোববার উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬, সময় : ৬:০৩ পিএম

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।


সোমবার (২৪ আগস্ট) রাত ৮টায় তারুণ্য একাডেমির আয়োজনে ঠাকুরগাঁও প্রেসক্লাবে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


তারুণ্য একাডেমির পরিচালক  প্রীতি গাঙ্গুলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম (শরিফ), ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফর রহমান মিঠু, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আলমগীর হোসেনসহ অনেকে।


আলোচনা সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ, সাহিত্য ও সংগীত সাধনা, মানবতাবোধ এবং দেশপ্রেমের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। তারা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির চেতনা, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক মূল্যবোধকে সমৃদ্ধ করেছে। নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও সাহিত্যচর্চা পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।


অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা, ছড়া, সংগীত ও নৃত্য পরিবেশন করেন জেলা শিশু একাডেমির শিল্পীরা। তাদের পরিবেশনায় অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬, সময় : ৫:৫২ পিএম

দলিল লেখকদের দীর্ঘদিনের ৭ দফা দাবি বাস্তবায়ন ও পেশাগত মর্যাদা রক্ষায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস), শরীয়তপুর সদর উপজেলা শাখা।


মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বাংলাদেশ দলিল লেখক সমিতি শরীয়তপুর সদর উপজেলা শাখার সভাপতি সাগীর হোসেন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম পাহাড় স্বাক্ষরিত স্মারকলিপি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর কাছে পাঠানো জন্য শরীয়তপুর-১ আসনের সাংসদ সদস্য সাঈদ আহমেদ (আসলাম) এর হাতে এ স্মারকলিপি প্রদান করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, ফরিদপুর বিভাগীয় ও শরীয়তপুর জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল হক মিয়া সহ বাংলাদেশ দলিল লেখক সমিতি শরীয়তপুর সদর উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ। 


এতে দলিল লেখকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।


স্মারকলিপিতে বলা হয়, দলিল লেখকরা দীর্ঘদিন ধরে দেশের জনগণের সম্পত্তি সংক্রান্ত নিবন্ধন সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আধুনিকায়নের নামে যেন অভিজ্ঞ দলিল লেখকদের পেশাচ্যুত করা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।


সমিতির উত্থাপিত ৭ দফা দাবির মধ্যে রয়েছে—দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল লেখা বা মুসাবিদার সুযোগ না দেওয়া এবং অনভিজ্ঞ ব্যক্তিদের লাইসেন্স প্রদান বন্ধে প্রজ্ঞাপন জারি করা। এ ছাড়া থানা ও জেলা পর্যায়ের দলিল লেখক কার্যালয়ে সরকারি খরচে বসার জায়গা ও নামাজের স্থান নির্মাণ, পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল প্রস্তুত করায় পেশাগত কারণে দলিল লেখকদের হয়রানি বা মামলায় আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়েছে।


স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এর আগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।


এসময় বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, ফরিদপুর বিভাগীয় ও শরীয়তপুর জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল হক মিয়া আশা প্রকাশ করেন, আইনমন্ত্রী দলিল লেখকদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।


তিনি আরও বলেন, তাদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হলে সাধারণ মানুষ ভূমি ও সম্পত্তি নিবন্ধন সংক্রান্ত সেবা আরও সহজ ও কার্যকরভাবে পাবেন।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬, সময় : ১২:২৫ পিএম

উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে বরগুনার পাথরঘাটার একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ‘এফবি বরকত’ নামের ট্রলারটিতে ১৩ জন জেলে ছিলেন। তাদের মধ্যে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ জেলে। সোমবার বিকেলে কুয়াকাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির মালিক পাথরঘাটার আশরাফ কোম্পানি। ট্রলারে থাকা ১৩ জেলের বাড়িই পাথরঘাটার বিভিন্ন এলাকায়।


বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, তিন দিন আগে পাথরঘাটা থেকে মাছ ধরতে বঙ্গোপসাগরে যায় ‘এফবি বরকত’। সোমবার বিকেলে সাগরে প্রচণ্ড ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।


পরে ট্রলারটি ভাসতে দেখে কাছাকাছি থাকা আরেকটি মাছ ধরার ট্রলারের জেলেরা বিষয়টি মালিক পক্ষকে জানান। দুর্ঘটনার পর আশপাশের ট্রলারের জেলেরা সাগরে ভাসতে থাকা ৮ জেলেকে উদ্ধার করেন।


বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দুর্ঘটনার পর ৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে ৫ জন এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে বঙ্গোপসাগরে তল্লাশি অভিযান শুরু করেছে ট্রলার মালিক সমিতি। নিখোঁজ জেলেদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬, সময় : ১০:১৭ এএম

ময়মনসিংহ নগরীর ব্যস্ততম গাঙ্গিনাপাড় এলাকায় সড়ক ও জনসাধারণের চলাচলের পথ দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন।


সোমবার (২৪ আগস্ট) দুপুরে নগরীর পালিকা মার্কেট, মেছুয়া বাজার ও দুর্গাবাড়ি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে রাখা বিভিন্ন মালামাল ও আসবাবপত্র জব্দ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা না করার বিষয়ে সতর্ক করা হয়।


অভিযান চলাকালে দেখা যায়, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল ও আসবাবপত্র সড়ক ও ফুটপাতের ওপর রাখায় পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে ব্যস্ত সড়কে যানবাহন চলাচলেও সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। এতে যানজট ও জনদুর্ভোগ বাড়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে।


সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, “সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার কারণে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। নগরবাসীর ভোগান্তি কমানো এবং সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।”


তিনি আরও বলেন, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নগরবাসীর প্রত্যাশা, শুধু অভিযান পরিচালনার মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ না রেখে নিয়মিত তদারকি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে গাঙ্গিনাপাড়সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতগুলো দখলমুক্ত রাখা হবে। এতে পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি যানজট ও জনদুর্ভোগও অনেকাংশে কমবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ২৪ আগস্ট, ২০২৬, সময় : ১১:১১ পিএম

মাদারীপুরের শিবচরে মাকে হত্যার পাঁচ দিন পর আড়িয়াল খাঁ নদ থেকে এক বছর বয়সী শিশু আবিরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার নিলখী এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।


স্থানীয়রা নদে শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে থানা-পুলিশ ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে শিবচর থানার মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি গ্রামের খান বাড়ির দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার পাশে একটি জমির ঝোপে অজ্ঞাত এক নারীর লাশ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়। নিহত ওই নারীর নাম শাম্পা খাতুন। তিনি নাটোরের লালপুর উপজেলার বেরিলাবাড়ি এলাকার ছামরুল ইসলামের মেয়ে। এ ঘটনায় তার বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শিবচর থানায় মামলা করেন।


নিহতের বাবা ও মামলার বাদী ছামরুল ইসলাম জানান, প্রায় তিন বছর আগে মাদারীপুর সদর উপজেলার বড়মেহের এলাকার সাহাবুদ্দিন হাওলাদারের সঙ্গে শাম্পা খাতুনের বিয়ে হয়। তাদের এক বছর বয়সী ছেলে আবির ছিল। একটি মামলায় শাম্পার স্বামী কারাগারে থাকাকালে শিবচরের বাখরেরকান্দি এলাকার রতন মোল্লার ছেলে ফারুক মোল্লার সঙ্গে তার পরিচয় হয়।


পুলিশের দাবি, ফারুকের বাড়িতে শম্পাকে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে তার মরদেহ জঙ্গলে ফেলে রাখা হয়। একই ঘটনায় শিশু আবিরকে শ্বাসরোধে হত্যার পর আড়িয়াল খাঁ নদে ফেলে দেওয়া হয়।


তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজৈর থেকে ফারুক মোল্লাকে গ্রেফতার করে শিবচর থানা-পুলিশ ও র‍্যাব-৮। তার কাছ থেকে শাম্পার ব্যবহৃত চেইন, ওড়না ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সব খবর