প্রতীকী ছবি

  • প্রকাশ : মঙ্গলবার ১৪ জুলাই, ২০২৬, সময় : ৪:৪০ এএম

সিলেটের মুরারিচাঁদ কলেজে (এমসি কলেজ) ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন সাজা দেন আদালত। এই মামলায় চারজনকে খালাস দেওয়া হয়েছে। ঘটনার ৫ বছর ৯ মাস পর আজ মঙ্গলবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক বিশেষ জজ স্বপন কুমার সরকার এ রায় প্রদান করেন।


২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় শাহপরাণ থানায় ছয়জনের নাম উল্লেখসহ আটজনের বিরুদ্ধে একটি মামলা করেন ভুক্তভোগীর স্বামী। পরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ ও র‍্যাব। 


ছাত্রাবাস থেকে অভিযুক্ত সাইফুর রহমানের কক্ষে তল্লাশি চালিয়ে একটি পাইপগান, ৪টি রামদা, ২টি চাকু উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শাহপরান থানায় অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়। এছাড়া অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় আরেকটি মামলা করে পুলিশ। তিনটি মামলারই চার্জশিট দেওয়া হয় ওই সময়। 

এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণঃ সে রাতে কী ঘটেছিল, কারা ঘটিয়েছিল

বর্তমানে আসামিরা কারাগারে বন্দী রয়েছেন। ডিএনএ পরীক্ষায় আট আসামির মধ্যে ছয়জনের ধর্ষণের আলামতের সাথে মিল পাওয়া যায়। ২০২১ সালের ৩ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।


অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন—নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান ওরফে রনি, তারেকুল ইসলাম ওরফে তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল হাসান ও মাহফুজুর রহমান মাসুম। তাঁদের মধ্যে আসামি সাইফুর, রনি, মাসুম ও রবিউল এমসি কলেজের ছাত্র হওয়ায় ওই সময় কলেজ কর্তৃপক্ষ তাঁদের বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ও ৪ জনের ছাত্রত্ব ও সার্টিফিকেট বাতিল করে। 


২০২২ সালে চাঞ্চল্যকর এই মামলাটি সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে চলাকালে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য উচ্চ আদালতে আবেদন করেন বাদী। ওই বছরের ১৫ ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ দলবদ্ধ ধর্ষণ ও চাঁদাবাজির মামলা দুটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন। ওই আদেশে ৩০ দিনের মধ্যে এ বিষয়ে গেজেট জারি করতেও বলা হয়েছিল। তবে তৎকালীন অ্যাটর্নি জেনারেল উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন না করে ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন; যা ছিল নজিরবিহীন।


আইনজীবীরা সে সময় রাষ্ট্রপক্ষের ওই আপিলকে ‘বিচার না চাওয়ার’ সঙ্গে তুলনা করেন। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পর গতবছর রাষ্ট্রপক্ষ সেই আপিল আবেদন তুলে নিলে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।


গত বছরের ৬ মে ট্রাইব্যুনালে এই মামলার প্রথম শুনানি অনুষ্ঠিত হয়। একই বছরের ১৩ মে ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। এই মামলায় ধর্ষণের শিকার নারী, তাঁর স্বামী, স্বীকারোক্তি নেওয়া ম্যাজিস্ট্রেট শারমিন খানম লিনা, সাইফুর রহমান ও জিয়াদুর রহমান, মামলার তদন্ত কর্মকর্তা ইন্দ্রনীল ভট্টাচার্য, এমসি কলেজের অধ্যাপক তৌফিক ইয়াজদানী চৌধুরী ও ওসমানী হাসপাতালের চিকিৎসকসহ সর্বমোট ২৪ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। 





  • প্রকাশ : শনিবার ১৫ আগস্ট, ২০২৬, সময় : ৩:৪৯ পিএম

ময়মনসিংহের ভালুকায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


আজ শনিবার (১৫ আগস্ট) সকালে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।


মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।


উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখরুদ্দীন আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান।


এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু, উসমান গনি মল্লিক মাখন ও সাখাওয়াত হোসেন পাঠান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাজনৈতিক অঙ্গনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


  • প্রকাশ : শনিবার ১৫ আগস্ট, ২০২৬, সময় : ১:৩২ পিএম

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ সার্কেলে দায়িত্ব পালনরত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রবিউল ইসলামসহ এএসপি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী ‘জনস্বার্থে’ তাদের অবসর দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন।


বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সাত কর্মকর্তা হলেন—র‍্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান, র‍্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, ঢাকার আরআরএফের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।


প্রজ্ঞাপন জারির পর থেকেই সংশ্লিষ্ট সাত কর্মকর্তা সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত হিসেবে গণ্য হবেন। তবে তাদের অবসরজনিত প্রাপ্য সুবিধা প্রচলিত বিধি অনুযায়ী বহাল থাকবে।


  • প্রকাশ : শনিবার ১৫ আগস্ট, ২০২৬, সময় : ১:২৮ পিএম

সন্ত্রাস বিরোধী আইনে ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বিদ্যালয়ের ভেতরের বাসা থেকে জলিলুর রহমানকে আটক করা হয়। একই দিন দুপুরে দপদপিয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লাকে আটক করা হয়। 


পুলিশ জানায়, ১৫ আগস্ট নাশকতামূলক কর্মকান্ড পরিচালনার পরিকল্পনা করার অভিযোগে নলছিটি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জলিলুর রহমান আকন্দকে আটক করা হয়। তিনি নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একই অভিযোগে দপদপিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লাকে বাড়ি থেকে আটক করা হয়।


নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতে পাঠানো হবে।


  • প্রকাশ : শনিবার ১৫ আগস্ট, ২০২৬, সময় : ১১:১৫ এএম

কুমিল্লায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের তত্ত্বাবধানে ডেঙ্গু সচেতনতামূলক ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে ময়নামতি রেজিমেন্টের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিপুলসংখ্যক বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন।


র‍্যালিটি কুমিল্লার আলেখারচর বিশ্বরোড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরেন।


বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের পক্ষ থেকে জানানো হয়, বৃহত্তর কুমিল্লা ও সিলেট অঞ্চলের ১০টি জেলার ১১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে থাকা বিএনসিসি প্লাটুনের সদস্যরা একই সময়ে ডেঙ্গু সচেতনতামূলক ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক র‍্যালিতে অংশ নেন।


একযোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়।


  • প্রকাশ : শনিবার ১৫ আগস্ট, ২০২৬, সময় : ১০:৫৭ এএম

১৫ আগস্টকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টাকে প্রতিহত করার লক্ষে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপি ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা।


শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে শরীয়তপুর-ঢাকা মহাসড়কে রাজনগর ইউনিয়ন বিএনপি নেতা সুজন বেপারীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি বটতলা থেকে জামতলা বাজার পর্যন্ত গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।


সমাবেশে সুজন বেপারী বলেন, আওয়ামী লীগের যারা লুটপাট ও সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল, তাদের অনেকে দেশ ছেড়ে পালিয়েছে। এলাকায় থাকা কেউ নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। নড়িয়া-সখিপুরের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ কোনো ধরনের নাশকতা সহ্য করবেন না বলেও তিনি উল্লেখ করেন। তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানান।


বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাজনগর ইউনিয়ন বিএনপি নেতা সাদেক আলী সরদার, নেছার উদ্দিন মেলকার, শাহ আলম ফরাজী, যুবদল নেতা রুবেল কাজী, কামরুল মীর বহর, জাকির মুসল্লী, আনোয়ার রাড়িসহ বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


  • প্রকাশ : শনিবার ১৫ আগস্ট, ২০২৬, সময় : ১০:৫২ এএম

বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজির সম্মেলন কক্ষে রংপুর রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।


সভায় গত জুলাই/২০২৬ খ্রিঃ মাসে রংপুর রেঞ্জ দপ্তরে অনুষ্ঠিত বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড এবং এ সংক্রান্তে মোট আটটি জেলার পুলিশের গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনান্তে অত্র রেঞ্জের শ্রেষ্ট জেলা হিসাবে নির্বাচিত হয় পঞ্চগড় জেলা।  শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরুপ রংপুর রেঞ্জের ডিআইজির নিকট থেকে ক্রেস্ট গ্রহণ করেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ আবু সাইম।


এদিকে, রেঞ্জের মধ্যে পঞ্চগড় জেলা শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হওয়ার খবরটি প্রচারিত হওয়ার পর বিভিন্ন ব্যক্তি ও সংগঠন পুলিশ সুপারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


পুলিশ সুপার মো. আবু সাইম বলেন, এ অর্জন আমার একার না পুরো পুলিশ বাহিনী ও জেলাবাসীর অর্জন। আমারা সকলে জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সম্মিলিতভাবে কাজ করবো।