সিলেটে নানা আয়োজনের মধ্যদিয়ে বর্ষবরণ অনুষ্ঠিত

  • প্রকাশ : মঙ্গলবার ১৪ এপ্রিল, ২০২৬, সময় : ১২:৩০ পিএম

নানা আয়োজনে সিলেটে বরণ করে নেওয়া হচ্ছে বাংলা নতুন বছর ১৪৩৩। পহেলা বৈশাখের সকাল থেকেই নাচ-গান আর বর্ণিল পরিবেশনায় মুখর হয়ে ওঠে নগরী। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠান, যেখানে অংশ নিয়েছেন বিভিন্ন বয়স ও পেশার মানুষ। 



সকালে ‘শ্রুতি সিলেট’-এর আয়োজনে নববর্ষ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নতুন বছরে সরকার সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। পাশাপাশি তিনি অভিযোগ করেন, যারা অতীতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চায়নি, তারা এখনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের জনগণ তা প্রতিহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





এদিকে, পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে সিলেট জেলা প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি মুরারি চাঁদ কলেজ,সরকারি মদন মোহন কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসেও বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করা হচ্ছে। 



বাংলা নববর্ষ উপলক্ষে আজ সকাল ৯টায় সিলেট সার্কিট হাউজ প্রাঙ্গণে পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে সিলেট জেলা প্রশাসন। বর্ষবরণ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার সময় জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। 


এ দিন সিলেটের সর্বস্তরের মানুষ জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী ও গোত্র নির্বিশেষে এক মিলনমেলায় অংশগ্রহণ করেছে, যা জাতির ঐক্যের প্রতীক। তিনি বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ এবং সিলেট অঞ্চলের মানুষও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই মিলনমেলার মাধ্যমে সম্প্রীতি আরও সুদৃঢ় ও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 


নববর্ষ উপলক্ষে সারদা হল প্রাঙ্গণে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করে। এছাড়া ক্বিন ব্রিজের নিচে বৈশাখী মেলার আয়োজন করা হয়। সিলেট কেন্দ্রীয় কারাগার, বিভিন্ন হাসপাতাল ও শিশু পরিবার (এতিমখানা) সমূহে ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়। 



জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংগীত এবং বৈশাখী সংগীত ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্বিন ব্রিজ সংলগ্ন সারদা হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থীও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। 




এদিকে,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। সকাল থেকেই পুরো ক্যাম্পাস জুড়ে ছিল নববর্ষের রঙিন উচ্ছ্বাস। বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে মাছ, তরমুজ, ডাকটিকিটের বক্স, হাত পাখাসহ বিভিন্ন ঐতিহ্যের প্রতীক নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। নববর্য উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন-ই এর সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। 



শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গা গিয়ে শেষ হয়।শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈশাখী মেলার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়সহ দেশের উন্নয়নে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। 


আমাদের প্রিয় শিক্ষার্থীরা যেন নববর্ষের শপথ নিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করে। শিক্ষাজীবনে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ; পড়ালেখা ও খেলাধুলা উভয় ক্ষেত্রেই একে অন্যকে সহযোগিতা করতে হবে। উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, আমি শাবিপ্রবি পরিবারের সকল সদস্যকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা পুরোনো খাতা বন্ধ করে নতুন খাতা উন্মোচন করি-এটাই নববর্ষের বার্তা। অতীতের ভুল-ভ্রান্তি ও ত্রুটি-বিচ্যুতি ভুলে নতুনভাবে কাজ শুরু করব।


এ দিনে তিনি দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের কথা স্মরণ করেন এবং সবার শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি সুন্দর আয়োজনের জন্য আয়োজক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। সমাবেশে বক্তব্য রাখেন আয়োজক কমিঠির সভাপতি ও ছাত্র উপদেশ নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। সঞ্চালনা করেন অধ্যাপক ইফতেখার রহমান। 



পরবর্তীতে বিকাল ৩টায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে,বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।




জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৪:১৬ পিএম

 নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। চল‌তি বছ‌রের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত সময়ে এ কার্যক্রমে সর্বোচ্চ দুবার শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতিস্বরূপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমানকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবীর তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। 

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ইউএনও মো. আসাদুর রহমান বলেন, এ অর্জন উপজেলা প্রশাসনের একার নয়। ইউনিয়ন পরিষদ ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং আড়াইহাজারবাসীর সম্মিলিত সহযোগিতার ফল এটি।

এ সাফল্যের জন্য তিনি স্থানীয় সংসদ সদস্যের প্রতিও কৃতজ্ঞতা জানান।

ইউএনও জানান, আগামী ডিসেম্বরের মধ্যে উপজেলায় আরও প্রায় এক লাখ জন্মনিবন্ধন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এ জন্য তিনি আড়াইহাজারবাসীর সহযোগিতা কামনা করেন।


গোপন সংবাদের ভিত্তিতে রামু সেক্টরের অধীন ২ বিজিবির সদস্যরা এ অভিযান চালান। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫১ পিএম

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ কৌশলে পরিবহনের সময় বিপুল পরিমাণ বিস্ফোরক, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে সংস্থাটি। এ ঘটনায় দুটি অটোরিকশার চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে অটোরিকশা দুটি ও একটি মোটরসাইকেল।

বিজিবির ধারণা, এসব বিস্ফোরক ও অস্ত্র দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত ও পরিবহন করা হচ্ছিল। তবে এর পেছনে কারা জড়িত এবং চালানটির গন্তব্য কোথায় ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। রোববার সকাল ১১টায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মঈনুল আলম।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের নতুন পল্লানপাড়ার আবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার মো. হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮)। বিজিবি সূত্র জানায়, শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বটতলী থেকে পর্যটনপাড়া আদর্শগ্রাম হয়ে অস্ত্র ও বিস্ফোরকের একটি বড় চালান পরিবহনের খবর পায় বিজিবি। এরপর সম্ভাব্য চলাচলের পথে পাঁচটি চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান শুরু করা হয়।

অভিযান চলাকালে আদর্শগ্রামের একটি কাঁচা সড়ক দিয়ে আসা দুটি অটোরিকশাকে থামার সংকেত দেন বিজিবি সদস্যরা। জিজ্ঞাসাবাদে চালকেরা জানান, গাড়িতে থাকা মালামাল সামনের একটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের। পরে মোটরসাইকেলটির আরোহীদের থামানোর চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন। একপর্যায়ে মোটরসাইকেলে থাকা তিনজন সেটি ফেলে অন্ধকারে পালিয়ে যান।

পরে অটোরিকশা দুটি বিজিবি সদর দপ্তরে নিয়ে তল্লাশি করা হয়। এ সময় বস্তার ভেতরে প্লাস্টিকের ড্রাম ও এলপিজি গ্যাস সিলিন্ডারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক ও ২৫৪ রাউন্ড গুলি। এ ছাড়া আইইডি তৈরির ১০৩টি খালি ধাতব কৌটা, আট কয়েল বৈদ্যুতিক তার, ২৪টি স্কচটেপ, একটি উন্নতমানের টুলস বক্স ও ৫৪টি দিয়াশলাইয়ের বাক্স রয়েছে।

বিজিবির হিসাব অনুযায়ী, অভিযানে ৩ কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গানপাউডার, ১ কেজি ৮৫২ গ্রাম মোটা দানার বিস্ফোরক, ২ কেজি ৭০৮ গ্রাম মাঝারি দানার বিস্ফোরক এবং ২ কেজি ৪৯ গ্রাম মিহি দানার বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের বল ও ৩ কেজি পেরেক জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘সারা দেশের ন্যায় টেকনাফ সীমান্তেও নাশকতার পরিকল্পনা ছিল। এর অংশ হিসেবে বিপুল পরিমাণ বোমা তৈরির আইইডিসহ আগ্নেয়াস্ত্র ও গুলি মজুত করা হচ্ছিল। অবশেষে সেই চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বিজিবি।’

তিনি আরও বলেন, মাদক চোরাচালানের পাশাপাশি দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক মজুত এবং পরিবহন প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। এর পেছনে কারা জড়িত, তা বের করতে তদন্ত শুরু হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪১ পিএম

দিনাজপুরে শিশু সহিংসতা সংক্রান্ত বিচারাধীন মামলায় সমঝোতা, দেনমোহর নির্ধারণ ২ লাখ ৫০ হাজার ৫৫১ টাকা। 


দিনাজপুরের খানসামায় পারিবারিক বিরোধ ও শিশু সহিংসতা সংক্রান্ত একটি বিচারাধীন মামলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে লিখিত আপোষ- মীমাংসা সম্পন্ন হয়েছে। গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে সম্পাদিত আপোষনামায় বিরোধ নিষ্পত্তি এবং বিবাহের বিষয়ে কয়েকটি শর্ত উল্লেখ করে উভয় পক্ষ সম্মতি প্রকাশ করেছে।


আপোষনামা সূত্রে জানা যায়, প্রথম পক্ষ মোঃ হাসেন আলী তাঁর কন্যা মোছাঃ হাবিবা খাতুনের বিষয়কে কেন্দ্র করে দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে বিজ্ঞ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, দিনাজপুরে শিশু সহিংসতা-০৭/২০২৬ (খানসামা) নম্বর মামলা দায়ের করেন।


পরবর্তীতে উভয় পক্ষের আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আইনজীবী এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, দিনাজপুর জেলা শাখার মধ্যস্থতায় আপোষ-মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।


লিখিত আপোষনামায় উল্লেখ করা হয়েছে, দ্বিতীয় পক্ষের ১ নম্বর ব্যক্তি মোঃ বরকত আলীর সঙ্গে প্রথম পক্ষের কন্যা হাবিবা খাতুনের আইনানুগ বিবাহের ব্যবস্থা করা হবে। এ ক্ষেত্রে ২ লাখ ৫০ হাজার ৫৫১ টাকা দেনমোহর নির্ধারণের বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।


বিবাহের আনুষ্ঠানিকতা শেষে হাবিবা খাতুনকে যথাযথ মর্যাদায় স্বামীর সংসারে নিয়ে যাওয়া এবং দাম্পত্য জীবনে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার শর্তও এতে অন্তর্ভুক্ত রয়েছে। আপোষনামার অন্যান্য শর্তে বলা হয়েছে, উভয় পক্ষ ভবিষ্যতে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন, পরস্পরের প্রতি কটূক্তি বা অসম্মানজনক আচরণ করবেন না এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। কোনো পক্ষ আপোষনামার শর্ত ভঙ্গ করলে অপর পক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন বলেও উল্লেখ রয়েছে।


এ ছাড়া আপোষ-মীমাংসার ভিত্তিতে প্রথম পক্ষ তাঁর দায়ের করা শিশু সহিংসতা-০৭/২০২৬ (খানসামা) নম্বর মামলাটি প্রত্যাহারের উদ্যোগ নেবেন বলে আপোষনামায় উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে দ্বিতীয় পক্ষ প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলেও শর্ত রাখা হয়েছে।


আপোষনামার শেষাংশে উভয় পক্ষ স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং শর্তাবলি পড়ে ও শুনে সম্মত হয়ে স্বাক্ষর করেছেন বলে উল্লেখ রয়েছে। এতে আইনজীবী মোঃ মাশহুর রহমান ফাতেম এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, দিনাজপুর জেলা শাখার জেলা তদন্ত কমিটির আহ্বায়ক ও দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান শাহের স্বাক্ষর ও সিল রয়েছে।


আইনগত প্রক্রিয়া ও মানবাধিকারের গুরুত্ব


আইনগতভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপোষনামা সম্পাদিত হলেই বিচারাধীন মামলা স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি হয়ে যায় না। মামলাটি প্রত্যাহার বা নিষ্পত্তির বিষয়টি সংশ্লিষ্ট আদালতের এখতিয়ার ও প্রযোজ্য আইন অনুযায়ী নির্ধারিত হবে।


অন্যদিকে, প্রস্তাবিত বিবাহের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনগত বয়স, স্বাধীন ও স্বতঃস্ফূর্ত সম্মতি এবং নিরাপত্তা নিশ্চিত করা জরুরী। বিশেষ করে হাবিবা খাতুনের নিজস্ব মতামত ও অধিকারকে যথাযথ গুরুত্ব দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, উভয় পক্ষ আপোষনামার শর্ত যথাযথভাবে অনুসরণ করবেন এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিরোধের একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাবেন।


অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৩:২৫ পিএম

সশস্ত্র বাহিনী দিবসকে জাতীয় জীবনের ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিন হিসেবে অভিহিত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দিনটি দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় প্রত্যেকের নিজ নিজ দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়।


শনিবার (২১ নভেম্বর) নগরের পতেঙ্গায় বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সশস্ত্র বাহিনী দিবস দেশের প্রতিরক্ষা সক্ষমতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার অঙ্গীকার এবং জাতীয় আত্মবিশ্বাসের প্রতীক। দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমসহ বিশ্বের বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ভবিষ্যতেও তাঁরা এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এদিন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করে। সশস্ত্র বাহিনীর এই সম্মিলিত প্রতিরোধ ও অভিযান মুক্তিযুদ্ধকে আরও বেগবান করে এবং চূড়ান্ত বিজয় অর্জনের পথ সুগম করে।


তিনি আরও বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও আত্মত্যাগকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করতে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।


সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, জেলার বিভিন্ন সংসদীয় এলাকার সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, শহীদ পরিবারের সদস্য, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৩:১৯ পিএম

চট্টগ্রাম মহানগরীতে সুপেয় পানির উৎপাদন ও সরবরাহ বাড়াতে ভান্ডালজুড়ি ও মোহরা পানি শোধনাগার প্রকল্প সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এ লক্ষ্যে প্রকল্প দুটির দ্বিতীয় পর্যায় বাস্তবায়নে দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতা চেয়েছে সংস্থাটি। প্রকল্প দুটি বাস্তবায়িত হলে মহানগরে পানির সরবরাহ বাড়ার পাশাপাশি ওয়াসার উৎপাদন ও সরবরাহ সক্ষমতাও বৃদ্ধি পাবে।


শনিবার চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলমের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধি দল। এ সময় চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন প্রকল্প নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।


প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও যোগাযোগ মন্ত্রণালয়ের কনস্ট্রাকশন বিভাগের পরিচালক চোই জংওন।


বৈঠকে ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রাম থেকে মহানগরে পানি সরবরাহের পরিকল্পনা তুলে ধরে ওয়াসা। পাশাপাশি কালুরঘাটের মোহরা পানি শোধনাগার প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের মাধ্যমে পানি উৎপাদন দ্বিগুণ করার উদ্যোগের কথাও জানানো হয়।


প্রকল্প দুটি বাস্তবায়নে দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতা চাওয়া হলে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রতিনিধি দলের প্রধান চোই জংওন।


চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতায় দক্ষিণ চট্টগ্রামে ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এবার ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পের দ্বিতীয় পর্যায় সম্প্রসারণে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে কোরীয় পক্ষের মনোভাব ইতিবাচক।


তিনি আরও বলেন, প্রকল্প দুটি বাস্তবায়ন করা গেলে চট্টগ্রাম মহানগরে পানি সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়বে। একই সঙ্গে ওয়াসার পানি উৎপাদন ও সরবরাহ সক্ষমতাও বৃদ্ধি পাবে।


বৈঠকে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ নজরুল ইসলাম ও আব্দুর রউফ উপস্থিত ছিলেন।


  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ২:৩৭ পিএম

একটি মামলার শুনানির তারিখ পেতে অপেক্ষা করতে হচ্ছে মাসের পর মাস। কোনো কোনো মামলায় বছরে মাত্র এক থেকে দুইবার শুনানির সুযোগ মিলছে। বছরের পর বছর আদালতে ঘুরেও মিলছে না নিষ্পত্তি। পর্যাপ্ত বিচারক, আদালতকক্ষ ও অবকাঠামোর অভাবে চট্টগ্রামের আদালতগুলোতে বাড়ছে মামলাজট, দীর্ঘ হচ্ছে বিচারপ্রক্রিয়া।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রামে তিন লাখের বেশি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালতেই বিচারাধীন মামলার সংখ্যা ৬৬ হাজার ৪১৮টি। মাত্র আটজন ম্যাজিস্ট্রেটকে এসব মামলার বিচারিক কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।


গত শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর'র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় বিচারিক সক্ষমতা বাড়াতে তিন দফা দাবি তুলে ধরেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা। দাবিগুলোর মধ্যে রয়েছে বিচারক ও ম্যাজিস্ট্রেটের সংখ্যা বৃদ্ধি, নতুন আদালত ভবন নির্মাণ এবং চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন।


আট ম্যাজিস্ট্রেটের ওপর ৬৬ হাজার মামলা


চট্টগ্রাম মহানগরের ১৬টি থানার বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে আটটি ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে। গড়ে একজন ম্যাজিস্ট্রেটের ওপর রয়েছে আট হাজার ৩০০টির বেশি মামলা। ২০২৪ সালে বিচারাধীন মামলা ছিল ৫৯ হাজার ৯৪৯টি। ২০২৫ সালে তা বেড়ে ৬৬ হাজার ২৪৯টিতে দাঁড়ায়। চলতি বছরের অক্টোবর পর্যন্ত এ সংখ্যা বেড়ে হয়েছে ৬৬ হাজার ৪১৮টি।


পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯২ সালে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলা ছিল ৮ হাজার ৫৬৭টি। ২০০৭ সালে তা বেড়ে দাঁড়ায় ১৫ হাজার ১০৬টিতে। ২০০৮ সালে আদালতের সংখ্যা আটে উন্নীত করা হলেও পরবর্তী ১৮ বছরে আর বাড়ানো হয়নি।




আদালতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিদিন নতুন মামলা যুক্ত হওয়ায় পুরোনো মামলা নিষ্পত্তি করেও চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। আদালত বাড়ানোর প্রস্তাবেও অগ্রগতি নেই ২০১৩ সাল থেকে মহানগরে আদালতের সংখ্যা বাড়ানোর জন্য বিভিন্ন সময়ে জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ে আবেদন জানিয়ে আসছে আদালত কর্তৃপক্ষ। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে অতিরিক্ত তিনটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং ২০টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রতিষ্ঠার প্রস্তাব পাঠানো হয়। তবে এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।


চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বলেন, আদালত বাড়ানোর ক্ষেত্রে সরকারের সদিচ্ছা থাকলেও অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। শুধু বিচারক নিয়োগ করলেই হবে না, তাঁদের জন্য আদালতকক্ষ, কর্মকর্তা-কর্মচারী ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও নিশ্চিত করতে হবে। দ্রুত নতুন আদালত প্রতিষ্ঠা ও অবকাঠামো সম্প্রসারণ না হলে বিচারপ্রার্থীদের দুর্ভোগ আরও বাড়বে।


প্রধান বিচারপতির কাছে তিন দফা দাবি


মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন বলেন, পর্যাপ্ত বিচারক ও অবকাঠামোর অভাবে চট্টগ্রামে তিন লাখের বেশি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। কোনো কোনো মামলায় বছরে মাত্র এক থেকে দুইবার শুনানির তারিখ পাওয়া যাচ্ছে।


তিনি দ্রুত বিচারক ও ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবন এবং মহানগর দায়রা জজ আদালত ভবন নির্মাণের দাবি জানান।


পাশাপাশি চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের প্রস্তাব তুলে ধরেন তিনি। তাঁর মতে, চট্টগ্রামসহ আশপাশের জেলার বিচারপ্রার্থীদের উচ্চ আদালতে বিচার পেতে ঢাকায় যেতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি ভোগান্তি বাড়ে। সার্কিট বেঞ্চ স্থাপন করা হলে এ অঞ্চলের মানুষের উচ্চ আদালতের বিচারপ্রাপ্তি সহজ হবে।


এ ছাড়া প্রায় ১০ হাজার আইনজীবীর পেশাগত সুবিধার্থে দুটি চেম্বার ভবন নির্মাণের দাবিও জানান তিনি।


আর্থিক সীমাবদ্ধতার কথা জানালেন প্রধান বিচারপতি


মতবিনিময় সভায় প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বাধীনতা ও আর্থিক সক্ষমতা নিয়ে কথা বলেন। তিনি জানান, পুরো বিচার বিভাগের জন্য বরাদ্দ প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা। এই সীমিত আর্থিক সক্ষমতার মধ্যেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে হচ্ছে। তবে স্থাপনা-সংক্রান্ত বিষয়ে সরকারের সহযোগিতা থাকবে।


তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে প্রায় ৯০ শতাংশ মামলা সরকারের পক্ষে করা হয়েছে। এর মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ মামলার রায় সরকারের বিপক্ষে গেছে। বিচার বিভাগ স্বাধীন না হলে এমনটি সম্ভব হতো না।


দ্রুত বিচার নিশ্চিত করাই চ্যালেঞ্জ


আইনজীবীদের মতে, মামলার সংখ্যা বাড়লেও বিচারিক সক্ষমতা না বাড়ায় সাধারণ মানুষ সময়মতো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘসূত্রতার কারণে বিচারপ্রার্থীদের সময়, অর্থ ও কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। বিশেষ করে দেওয়ানি ও ফৌজদারি মামলার দীর্ঘসূত্রতা সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক ও আর্থিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।


চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্রে মামলার চাপ সামাল দিতে নতুন আদালত প্রতিষ্ঠা, বিচারক ও জনবল নিয়োগ, আধুনিক আদালত ভবন নির্মাণ এবং প্রযুক্তিনির্ভর মামলা ব্যবস্থাপনা চালু করা জরুরি। অন্যথায় মামলাজট আরও বাড়বে এবং সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার দীর্ঘসূত্রতায় আটকে থাকবে।


 এআই দিয়ে রায় লেখা যাবে না, এজলাসে ফেসবুক-মোবাইল ব্যবহারে মানা