পরীর মসজিদ

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ মার্চ, ২০২৬, সময় : ১১:৫৯ এএম

মুঘল স্থাপত্যশৈলীতে বরগুনায় নির্মিত একটি শাহী মসজিদের সৌন্দর্য আজও মুগ্ধ করছে দূর-দূরান্ত থেকে ঘুরতে আসা দর্শনার্থীদের। মুঘল আমলের গৌরবময় স্থাপত্য ঐতিহ্যের এক অনন্য নিদর্শন, দৃষ্টিনন্দন কারুকাজ, নান্দনিক নকশাই এ মসজিদের মূল আকর্ষণ। 


তবে কথিত আছে- প্রায় ৩০০ বছর আগে জিন-পরির মাধ্যমে এ মসজিদটি রাতারাতি নির্মাণ করা হয়। আর এ কারণেই স্থানীয়দের কাছে মসজিদটি ‘পরীর মসজিদ’ নামেও পরিচিত।    


বরগুনার বেতাগী উপজেলায় নির্মিত বিবিচিনি শাহী মসজিদটি লাল ইটের গাঁথুনি, সুচারু অলংকরণ আর প্রাচীন ঐতিহ্য ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কয়েক শতাব্দী ধরে এ মসজিদটি কেবল ইবাদতেরই স্থান নয়, এটি ভারতীয় উপমহাদেশে মুসলমানদের সমৃদ্ধ অতীতের একটি গর্বিত স্মারক। বর্তমানে এ মসজিদটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে।


ইতিহাস থেকে জানা যায়, সুউচ্চ টিলার ওপর বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নে মুঘল শাসক সম্রাট শাহজাহানের শাসনামলে এ মসজিদটি নির্মাণ করা হয়। এর আয়তন ৩৩ ফুট লম্বা, ৩৩ ফুট চওড়া এবং প্রতিটি দেওয়াল প্রায় ৬ ফুট প্রশস্ত। ১৬৫৯ সালে সুদূর পারস্য থেকে আধ্যাত্মিক সাধক শাহ নেয়ামতউল্লাহ দিল্লিতে আসেন। পরে তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে বেতাগীর ওই এলাকায় এসে ওই সময়ের সুবেদার মোহাম্মদ শাহ সুজার অনুরোধে এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ প্রতিষ্ঠা করেন। পরে ওই মসজিদটি তার মেয়ে হায়াচ বিবি চিনির নামে বিবিচিনি মসজিদ নামে নামকরণ করা হয়। 


তবে ওই সময়ে এলাকাটি প্রায় জনমানবহীন থাকায় হঠাৎ করে জঙ্গলের মধ্যে মসজিদটি দেখে জিন-পরিরা রাতারাতি তৈরি করেছেন বলে ধারণা অধিকাংশ স্থানীয় বাসিন্দাদের। বর্তমানে মসজিদটির স্থাপত্যশৈলী ও প্রাচীন সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন বয়সী পর্যটকরা।  


বিবিচিনি শাহী মসজিদ দেখতে আসা মো. মিরাজ নামে এক পর্যটক বলেন, মসজিদটি প্রায় সাড়ে তিনশ বছরের পুরোনো। এর যে ধরনের স্থাপত্য সৌন্দর্য রয়েছে তা আসলেই মুগ্ধ করে। বিশেষ করে প্রাচীন নিদর্শন হওয়ায় এখানে দূর-দূরান্ত থেকে মানুষ নামাজ আদায় করতে আসেন। তবে জায়গা কম থাকা একসঙ্গে অনেক বেশি মানুষ নামাজ আদায় করতে পারে না। যদি সরকারিভাবে উদ্যোগ নিয়ে মসজিদটির জায়গা বৃদ্ধি করা হয় তাহলে অনেক বেশি মানুষ একসঙ্গে  নামাজ আদায় করতে পারবেন। 


একটি ওষুধ কোম্পানিতে বেতাগী উপজেলায় কর্মরত মো. আহাদ রহমান বলেন, আমি চাকরির সুবাদে বেশ কয়েকবার এ মসজিদটি দেখতে এবং নামাজ পড়তে এসেছি। তবে যতবারই এখানে এসেছি ততবারই মুগ্ধ হয়েছি। তবে আমি মনে করি এ মসজিদটির উন্নয়ন এবং প্রাচীন ঐতিহ্য ধরে রাখতে সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা উচিত। 


বিবিচিনি এলাকার স্থানীয় বাসিন্দা মো. সবুজ হোসেন বলেন, আমরা মসজিদটিকে জিনের মসজিদ হিসেবেই চিনি। তবে অনেকে আবার শাহী মসজিদ বলেন। আসলে আমরা বাবা-দাদার মুখে শুনেছি মসজিদটি এক রাতে নির্মাণ করা হয়েছে। এছাড়াও মসজিদটি আরও অনেক উঁচুতে ছিল। এর পাশে একটি পুকুর ছিলো সে পুকুর থেকেও গায়েবিভাবে অনেক কিছু পাওয়া যেত শুনেছি।


আব্দুল শুক্কুর মোল্লা নামে স্থানীয় আরেক বাসিন্দা বলেন, আগেকার মানুষের মুখে শুনেছি এ মসজিদটি জিন-পরিরা তৈরি করেছে। মসজিদের জয়গাটি উঁচু করে এক রাতের মধ্যেই মসজিদটি নির্মাণ করে তারা। এছাড়াও এই জায়গাটি জঙ্গল থাকায় বাঘ ভাল্লুকের বসবাস ছিল। মানুষের মাধ্যমে ওই সময় এখানে এ মসজিদ তৈরি হয়নি। নির্মাণ কাজে ব্যবহৃত ইট কোনো জায়গার বা কি নাম তা উল্লেখ নেই। 


ঐতিহাসিক বিবিচিনি শাহী মসজিদে দীর্ঘ ২০ বছর ধরে ইমাম হিসেবে কর্মরত আছেন মো. আব্দুল মান্নান। তিনি বলেন, বিবিচিনি এলাকার ফুলতলা নামক এলাকায় রুহুল আমিন নামে একজন মেজর ছিলেন। তিনি লন্ডন গিয়ে এই মসজিদটির খোঁজ জানতে পারেন এবং একটি ছবি দেখেন। পরে তিনি এখানে এসে স্থানীয়দের সঙ্গে নিয়ে জঙ্গল কেটে হাঁটার পথ তৈরি করে মসজিদটি বের করেন। 


পরবর্তীতে ১৯৯২ সাল পর্যন্ত মসজিদটিতে শুধু জুমার নামাজ আদায় করা হতো। ইতিহাস থেকে জেনেছি ইসলাম প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন সময় আল্লাহর অলিরা এই দেশে এসেছেন। ওই সময়ে থাকার জন্য তারা বিভিন্ন জায়গায় এমন অনেক মসজিদ নির্মাণ করেছেন। 


জিন অথবা পরির মাধ্যমে মসজিদটি তৈরি করা হয়েছে স্থানীয়দের এমন দাবির বিষয়ে তিনি বলেন, মসজিদটি শাহ নেয়ামতউল্লাহ তৈরি করেছেন এটাই সত্য। তবে যে সময়ে নির্মাণ করা হয়েছে সে সময়ের কোনো মানুষই এখন বেঁচে নেই। এ কারণেই কে কীভাবে মসজিদটি নির্মাণ করেছে তা না জানায় অনেকেই মসজিদটিকে জিনের মসজিদ বলেন। 


এছাড়াও ওই সময় এই এলাকার সঙ্গে কোনো ধরণের যোগাযোগ ব্যবস্থা না থাকায় মসজিদটি ইটের মাধ্যমে তৈরি করায় অনেক মানুষ এটাকে গায়েবি মসজিদও বলেন। কারণ কোনোভাবেই এত ইট মানুষের পক্ষে কোনো প্রকার যোগাযোগ মাধ্যম ছাড়া এখানে নিয়ে আসা সম্ভব না। তবে আল্লাহর অলি যারা ছিলেন তাদেরকে কিছু ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এবং সেই ক্ষমতার বলেই তারা এ ধরনের অনেক কাজ করেছেন। যার আরও অনেক নিদর্শন রয়েছে। বর্তমানে মসজিদটি দেখতে প্রতিদিনই দেশের দূর-দূরান্ত থেকে অনেক পর্যটকরাই আসেন। 


উল্লেখ্য, ১৯৮৫ সালে মসজিদটি প্রথম সংস্কার করে বেতাগী উপজেলা প্রশাসন। পরে ১৯৯২ সালে প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদটির রক্ষণাবেক্ষণ ও সংস্কারের দায়িত্ব গ্রহণ করে।



সর্বশেষ সব খবর

খুলনা পুলিশ সুপার সরকার ওমর ফারুক

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৫ অক্টোবর, ২০২৬, সময় : ৮:৩৯ পিএম

 খুলনায় শারদীয় দূর্গাপূজা ২০২৬ ইং উপলক্ষে আজ ডিউটিরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ ব্রিফিং প্রদান করেন খুলনা পুলিশ সুপার সরকার ওমর ফারুক। 


এ সময় তিনি বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য বলে ব্রিফিংয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ব্রিফিংয়ে এসপি ডিউটিরত সকল সদস্যকে উৎসাহ যোগান এবং সর্বোচ্চ দায়িত্ব পালনে আন্তরিকতা ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানান।


উক্ত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল বেরুনী, অতিঃ পুলিশ সুপার ট্রাফিক ও ডিএসবি, আবির সিদ্দিকী শুভ্র, অতিঃ পুলিশ সুপার, (বি-সার্কেল) মোঃ খায়রুল আনাম, বিপিএম-সেবা, অতিঃ পুলিশ সুপার (সি-সার্কেল) মোঃ সালাউদ্দিন সহ ডিউটিতে মোতায়েনকৃত ফোর্সবৃন্দ।

সর্বশেষ সব খবর

ড্রেনের পাশে নবজাতক কন্যাশিশুকে উদ্ধার

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৫ অক্টোবর, ২০২৬, সময় : ৮:৩৫ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে ড্রেনের পাশে পড়ে থাকা একদিন বয়সী এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা শিশুটিকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।


আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহেশগঞ্জ এলাকায় সমীরের বাড়ির গলির পেছনে ড্রেনের পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়।


স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মহেশগঞ্জ বাজার এলাকায় পথচারীরা নবজাতক কন্যাশিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে দ্রুত বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নবজাতককে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।  


বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, নবজাতকের পরিচয় ও তার মা-বাবার সন্ধান বের করার চেষ্টা চলছে। কে বা কারা শিশুটিকে সেখানে রেখে গেছে, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ সব খবর

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৫ অক্টোবর, ২০২৬, সময় : ৮:১৭ পিএম

"দূর্বার তারুন্য, দূর্নীতি রুখবেই" এই প্রতিপাদ্য সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে দুর্নীতি দমন কমিশন পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 


আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল দশটায় সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়। 


বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার সরকারি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়, পাওতা মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নান্দিকাঠি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিচারকরা প্রতিযোগিতায় নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কে বিজয়ী ও সরকারি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয় রানারআপ ঘোষণা করেন। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইকরা অমি আলম।


বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডু, নলছিটি উপজেলা দুর্নীতি প্রতিরোধ সমিটির সভাপতি শামসুল আলম খান বাহারের সভাপতিত্বে এসময় আর-ও উপস্থিত ছিলেন, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান, সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল বাশার, প্রভাষক মানবেন্দ্র মুখার্জী, জয়নাল আবেদীন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবদুল কুদ্দুস, শাহাদাত আলম, শিক্ষক জান্নাতুল ফেরদৌস প্রমুখ। 


অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, নলছিটি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৫ অক্টোবর, ২০২৬, সময় : ৮:০৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় সমিতির পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির কর্মকর্তা বৃন্দ নির্বাহী অফিসারের সঙ্গে এ সৌজন্য সাক্ষাত করেন। 


রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ওমর শাহজাদা শাহাদাত, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহসভাপতি মাজহারুল ইসলাম আজহার, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদ ওমর, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ইউসুফ মোল্লা, তথ্যবিষয়ক সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, সহপ্রচার সম্পাদক তুষার আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক আসমা আক্তার ঝুলি এবং চিকিৎসাবিষয়ক সম্পাদক ডালিম উপস্থিত ছিলেন। এ ছাড়া সমিতির নির্বাহী সদস্য শাওন আহমেদ ও শামীম আহমেদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


সৌজন্য সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি রূপগঞ্জের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পল্লী চিকিৎসকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।


এ সময় সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাঁরা জনস্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে পারবেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৫ অক্টোবর, ২০২৬, সময় : ৭:৫৯ পিএম

নাটোর-১, (লালপুর - বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন, তিনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোন ভেদাভেদ না রেখে কেবলমাত্র সবাইকে বাংলাদেশী হিসেবে পরিচিতি দেওয়ার জন্য এবং তাদের প্রত্যেকটি অধিকারকে সমুন্নত করার জন্য কাজ করে যাচ্ছেন।


আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নাটোরের লালপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে ৪৬টি মন্দিরে জিআর চালের ডিও প্রদান অনুষ্ঠানে অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এ সময় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল আরও বলেন, আগামী বছর সারা বাংলাদেশের মন্দির গুলো এমন পর্যায়ে পৌঁছে যাবে আপনারা নিজেরাই স্বাবলম্বী হয়ে মন্দির পরিচালনা এবং নিজেদের পুজো অনেক চমৎকার ভাবে উদযাপন করতে পারেন সে ব্যবস্থা আমরা করবো। 


সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আরো বলেন, এই বাংলাদেশ এখন আর কেউ আপনাদের সংখ্যালঘু বলতে পারবে না, আমি এখন একটি মসজিদে যেমন অনুদান দেই সাথে সাথে একটি মন্দিরের জন্যও অনুদান দেই।


এ সময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু ও হামিদুর রহমান বাবু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রঞ্জু, লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ সব খবর

শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

ক্লাস চলাকালীন টেবিলেই ঘুমাচ্ছিলেন শিক্ষিকা


  • প্রকাশ : বৃহস্পতিবার ১৫ অক্টোবর, ২০২৬, সময় : ৭:৫১ পিএম

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে টেবিলে মাথা রেখে রাজিয়া সুলতানা নামক এক শিক্ষিকার ঘুমানোর অভিযোগ উঠেছে।


সম্প্রতি এ ঘটনার ছবি ও ভিডিও স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ার পর অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।




ঘটনাটি ঘটেছে জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের শ্যামপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গতকাল শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাজিয়া সুলতানা একটি টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে। এ সময় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা নিজেদের মতো অবস্থান করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।


কয়েকজন সাংবাদিক বিদ্যালয়ে গেলে বিষয়টি তাদের নজরে আসে। তারা প্রায় পাঁচ থেকে ছয় মিনিট শ্রেণিকক্ষের সামনে অবস্থান করেন। এ সময় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের হৈচৈ ও চিৎকারের একপর্যায়ে শিক্ষিকার ঘুম ভাঙ্গে।


বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ক্লাস চলাকালে এভাবে ঘুমানো উচিত হয়নি। ক্লাস চলছিল, অথচ তিনি ঘুমাচ্ছিলেন। শিক্ষার্থীরাও তখন চিৎকার-চেঁচামেচি করছিল। তিনি দীর্ঘ সময় ঘুমিয়ে ছিলেন। শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় একজন শিক্ষকের এভাবে ঘুমিয়ে পড়া স্বাভাবিক বিষয় নয়।


ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কয়েকজন অভিভাবক বলেন, শিশুদের নিয়মিত পাঠদান ও সঠিক পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশায় তারা সন্তানদের বিদ্যালয়ে পাঠান। শ্রেণিকক্ষে শিক্ষক ঘুমিয়ে পড়লে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ব্যাহত হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।


এদিকে, ঘটনার সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষিকা মমতা বেগম বলেন,এই শিক্ষিকা এর আগে যেখানে চাকুরী করতেন সেখানে একই কাজ করতে, বিভিন্ন শিক্ষক ও শিক্ষিকার সাথে ঝগড়া,তর্ক করতেন বলে জানিয়েছেন। বারবার শর্তক করার পরেও কোন ভাবে তিনি আমাদের কথা শুনতে রাজি না। তিনি আরো জানান জলঢাকা উপজেলার শিক্ষা অফিসার স্যার এর আগেও শর্তক করেছিলেন ১৪ দিনের কিন্তু ওনার কোন পরির্বতন নেই।


ক্লাস চলাকালে ঘুমিয়ে পড়ার বিষয়ে আর একজন শিক্ষকের কাছে জানতে চাইলে সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন বলেন, রাজিয়া সুলতানা সব সময় আমাদের তিন জন শিক্ষকের সাথে ঝগড়া ঝাটি করেন, স্কুলের কাছে বাসা কিছুক্ষণ পরপর ক্লাস না করে বাসায় যান, এই বিষয়ে বার বার বলার পরেও তিনি তার ইচ্ছা মতো চলেন।


এ বিষয়ে জলঢাকা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ক্লাসে ঘুমানোর কোনো নিয়ম নেই। কোনো শিক্ষক অসুস্থ হলে তিনি ছুটি নিতে পারেন। ভালো না লাগলেও প্রধান শিক্ষককে জানিয়ে ছুটি নেওয়া যায়। অথচ তিনি সেটা না করে ক্লাসে ঘুমিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসি হ্যাপি বলেন, শ্রেণিকক্ষে শিক্ষকদের এই ধরনের আচরণকে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা এবং শিক্ষার পরিবেশের জন্য মারাত্মক পরিপন্থী হিসেবে দেখেন।বিষয়টি আমরা তদন্ত করে সত্যতা যাচাই করে শাস্তির ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

সর্বশেষ সব খবর