• প্রকাশ : সোমবার ১২ অক্টোবর, ২০২৬, সময় : ১০:৩১ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে পূর্বাচল ৩০০ ফিট সড়কে বাইক শোডাউন ও বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর দিকনির্দেশনায় এবং রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সারফারাজ মিয়ার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


কর্মসূচিতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন। পরে মোটরসাইকেল নিয়ে পূর্বাচল ৩০০ ফিট সড়কে বাইক শোডাউন ও বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের প্রতিবাদ জানান।


আয়োজকদের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা।




শতবর্ষী বৃদ্ধ আব্বাস প্রামাণিক

  • প্রকাশ : মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬, সময় : ১:০৮ পিএম

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই কুরআন পড়তে পারা আলোচিত শতবর্ষী বৃদ্ধ আব্বাস প্রামাণিক মারা গেছেন। তার বয়স ছিল ১২৩ বছর ৪ মাস। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাতি রিপন হোসেন। মৃত্যুকালে আব্বাস প্রামাণিক দুই মেয়ে ও ছয় ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি যোগেন্দ্রনগর গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে।


পরিবার সূত্রে জানা গেছে, আব্বাস প্রামাণিক শারীরিকভাবে সুস্থ ছিলেন। তবে রোববার (১১ অক্টোবর) হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় তার কথাবার্তায় অস্বাভাবিকতা দেখা দেয়। একপর্যায়ে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। পরে তার চিকিৎসার দায়িত্বে থাকা খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্র কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে সেবাকেন্দ্রের পক্ষ থেকে চিকিৎসক পাঠানো হয় এবং তাকে চিকিৎসাসেবা দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।


ভোটার আইডি কার্ড অনুযায়ী তার বয়স ১২৩ বছর। তবে পরিবারের দাবি, প্রকৃত বয়স আরও বেশি। দীর্ঘ জীবনে তিনি দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ব্রিটিশ শাসন, পাকিস্তান আমল, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। তার নাতি-নাতনিদের বয়সও ৬০ বছর ছাড়িয়েছে।


নাটোরের গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের বাসিন্দা আব্বাস আলী প্রামাণিক। সারাজীবন ধর্মচর্চায় কাটিয়েছেন তিনি। অসুস্থতা কিংবা বয়সের ভার—কোনো অবস্থাতেই নামাজ ছাড়েননি সদাচারী এই মানুষটি।


পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন আব্বাস আলী। পাশাপাশি বিনামূল্যে কুরআন শিক্ষা দিয়ে আলোকিত করেছেন অনেক মানুষকে। জীবনের একটি বড় অংশ কেটেছে মানুষের সেবায়।


যেখানে আজকাল অল্প বয়সেই অনেকের দৃষ্টিশক্তি কমে যায়, সেখানে এই বয়সেও আব্বাস আলীর দৃষ্টিশক্তি অটুট থাকা সবাইকে বিস্মিত করেছে। হাঁটাচলা তো দূরের কথা, যেখানে কিছুক্ষণ বসে থাকতেই কষ্ট হয়, সেখানে এখনো পরম মমতায় হাতে তুলে নেন পবিত্র কুরআন। একের পর এক পাতা উলটে কোনো চশমা ছাড়াই তিলাওয়াত করতেন এ বৃদ্ধ।


শতবর্ষী এ প্রবীণের জীবন কেটেছে অতি সাদামাটাভাবে। কখনো যানবাহনে চড়েননি তিনি, পায়ে হেঁটেই গেছেন গন্তব্যে। একসময় সংসারে সচ্ছলতা থাকলেও সময়ের পরিক্রমায় এখন তার দিন কাটে একটি ভাঙা ঘরে। তবে ছেলে, মেয়ে, নাতি ও নাতবউদের সেবা পাওয়ার সৌভাগ্য হয়েছে তার।


ছয় ছেলে ও দুই মেয়েকে মানুষ করে বিয়ে দিয়েছেন আব্বাস আলী। মেয়েরাও সময় পেলেই বাবাকে দেখতে ছুটে আসেন।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১২ অক্টোবর, ২০২৬, সময় : ১০:০৯ পিএম

রংপুরের জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন রংপুর-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য (এমপি) মাহবুবুর রহমান। 


এমপি হওয়া সত্ত্বেও প্রশাসন থেকে গুরুত্ব না পাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, ‘আমাকে বাধ্য করবেন না থানা ঘেরাওয়ের জন্য, আমাকে বাধ্য করবেন না ডিসি অফিস ঘেরাওয়ের জন্য। পরিষ্কার বললাম। আমি ভদ্র লোক, কিন্তু অভদ্র হতে বাধ্য করবেন না।’


মাহবুবুর রহমানের ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, চিৎকারের সুরে সংসদ সদস্য বলছেন, ‘আপনারা এমপিকে পাত্তা দিচ্ছেন না? হোয়াই? হোয়াই? কী মনে করেন, আমরা আসমান থেকে আসছি? মঙ্গল গ্রহ থেকে আসছি? উই আর দ্য সন অব দিস সয়েল, অব দিস ল্যান্ড। জনগণ আমাকে ভোট দিয়েছে। আপনারা পাত্তা দিচ্ছেন না কেন? চেয়ার দিতে চান না কেন? জনগণ নিয়ে কি ঘেরাও করব? রাস্তাঘাট চলাচল বন্ধ করে দেব?’


রংপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ছিল গতকাল রোববার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান। তাঁর নির্বাচনী আসনটি রংপুর সদর ও রংপুর সিটি করপোরেশনের ১০ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। 


সভায় প্রশাসনের বিরুদ্ধে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (পদমর্যাদাক্রম) না মানা, বিভিন্ন কমিটিতে সংসদ সদস্যদের প্রতিনিধি না রাখা, সার ডিলার নিয়োগে অনিয়ম এবং একটি দলের প্রতি পক্ষপাতের অভিযোগ তোলেন জামায়াতের এ সংসদ সদস্য।


প্রশাসনের লোকজনকে উদ্দেশ করে মাহবুবুর রহমান বলেন, ‘যদি পাবলিক খেপে যায়, তাহলে কিন্তু সেই খ্যাপানো আপনারা থামাতে পারবেন না, পরিষ্কার বলে দিলাম। সেই ক্ষমতা পুলিশের নাই, কারও নাই। পাবলিক অত বোকা আর নাই। পুলিশকে, র‍্যাবকে আর ভয় পায় না, তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য।’


আইনশৃঙ্খলা কমিটির সভায় সার ডিলার নিয়োগ নিয়েও কথা বলেন এই সংসদ সদস্য। সার ডিলারের নিয়োগে ন্যক্কারজনক দলীয়করণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপিকে ইঙ্গিত করে মাহবুবুর রহমান বলেন, ‘সব ডিলার একটা দল থেকে দেওয়া হয়েছে। যদি তা–ই হয়, তাহলে আপনারা অন্যদেরকে এখানে আবেদন করালেন কেন? প্রকৃত ব্যবসায়ীরা বঞ্চিত হলো কেন?’


সংসদ সদস্য অভিযোগ করেন, এমনও হয়েছে, একই পরিবারের তিনজন সারের ডিলারশিপ পেয়েছেন। মাহবুবুর রহমান বলেন, ‘এ রকম ঘটনা ইতিপূর্বে ঘটছে বলে আমি মনে করি না। এটা নিয়ে তীব্র অসন্তোষ জনগণের মধ্যে আছে। এই অসন্তোষ কত দূর পর্যন্ত যাবে, আমি জানি না। আমি জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে এর জবাবদিহি দিতে পারতেছি না। জবাবটা কী হবে, মাননীয় ডিসি ঠিক করে দিলে ভালো হয়।’


ওই আইনশৃঙ্খলা সভায় মহানগর পুলিশ কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক উপস্থিত ছিলেন না। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ওই সংসদ সদস্য বলেন, ‘সিটি নিয়ে আলোচনা হবে; সিটি প্রশাসক নাই, মেয়র নাই, এ তো হতে পারে না! তাঁরা আসবেন না কেন, আমার মাথায় ঢোকে না। এমপিরা যদি থাকতে পারেন, হোয়াই নট প্রশাসক? হোয়াই নট মেয়র? আমি বুঝি না। হোয়াই নট পুলিশ কমিশনার? তাহলে কী তাঁরা আমাদের চেয়েও সুপেরিওর। রুল অব প্রিসিডেন্স, আমি থাকব ওরা থাকবে না কেন? ওরা কি বড় লাটসাহেব হয়ে গেছে? নিজেকে লাটসাহেব ভাববেন না। ইউ আর দ্য সার্ভেন্ট অব দ্য পিপল।’


সংসদ সদস্য সভাটি পুনর্নির্ধারণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করার প্রস্তাব দেন।


জেলার বিভিন্ন সরকারি কমিটিতে সংসদ সদস্যদের প্রতিনিধি না রাখার অভিযোগও তোলেন মাহবুবুর রহমান। এ বিষয়ে তিনি বলেন, ‘জেলায় অনেক কমিটি আছে, কিন্তু এমপির কতজন প্রতিনিধি সেখানে আছেন। স্পষ্ট বলা আছে, এমপির প্রতিনিধি থাকতে হবে, সেখানেও নাই। সমস্ত একটা দল তাদের কুক্ষিগত করে নিয়েছে। এটা কি গণতন্ত্র? এর মাধ্যমে কি জনগণের মতামত প্রতিফলিত হবে?’


জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে ওই আইনশৃঙ্খলা সভায় রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী এবং রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিনসহ মহানগর ও জেলা পুলিশের কর্মকর্তা এবং জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সংসদ সদস্য মাহবুবুর রহমানের বক্তব্যের জবাবে জেলা প্রশাসক ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ইসরাত জাহান বলেন, আইনশৃঙ্খলা কমিটি জেলার সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। এখানে সরকারি কর্মকর্তাসহ উপস্থিত সবার পারস্পরিক সম্মান ও মর্যাদা বজায় রেখে আলোচনা করা সমীচীন। যেকোনো বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে সবারই শব্দচয়নের ব্যাপারে আরও দায়িত্বশীল ও সতর্ক থাকা উচিত।


  • প্রকাশ : সোমবার ১২ অক্টোবর, ২০২৬, সময় : ৯:৩৪ পিএম

সিলেটে এক কিশোরীকে ধর্ষণ মামলার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী আব্দুল্লাহ মিয়া গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বগাইয়া গ্রামের বাসিন্দা। মামলার রায়ের তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্র্যাইব্যুনালের পিপি মোশতাক আহমদ।


মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালে বাড়িতে একা পেয়ে বগাইয়া গ্রামের এক কিশোরীকে ধর্ষণ করেন আবদুল্লাহ মিয়া। এ ঘটনায় আবদুল্লাহ মিয়াকে একমাত্র আসামী করে থানায় মামলা হয়। প্রায় চার বছর পর ওই মামলার রায়ে আদালত আবদুল্লাহ মিয়াকে মৃত্যুদণ্ড দেন।


জাতীয় কন্যাশিশু দিবস পালিত

  • প্রকাশ : সোমবার ১২ অক্টোবর, ২০২৬, সময় : ৮:২৪ পিএম

নাটোরের লালপুরে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। 


আজ সোমবার (১২ অক্টোবর) লালপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার কাজী মোঃ মেশকাতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


এ বছরের প্রতিপাদ্য ছিল- ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়।’


উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবীর হোসেন, উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, একাডেমিক সুপারভাইজার সাদ শিবলী, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শাহিনা সুলতানা প্রমুখ।


আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা নিশ্চিতকরণ এবং সমাজে কন্যাশিশুর মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়। কন্যাশিশুর সুস্থ বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।


বক্তারা কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের শিক্ষা, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করার মাধ্যমে একটি সচেতন ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান।


  • প্রকাশ : সোমবার ১২ অক্টোবর, ২০২৬, সময় : ৭:১৬ পিএম

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করতে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।


আজ সোমবার (১২ অক্টোবর) বেলা ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহসংক্রান্ত এক অবহিতকরণ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


ডা. কে এম বাবর বলেন, স্বাবলম্বী পরিবার গড়ার অঙ্গীকার নিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ কার্যক্রমের সুফল প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে তথ্য সংগ্রহে নির্ভুলতা নিশ্চিত করা জরুরি।


গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরিফ রফিকুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. মোরাদ হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারেক সুলতান।


এ সময় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


  • প্রকাশ : সোমবার ১২ অক্টোবর, ২০২৬, সময় : ৭:০২ পিএম

নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর) লালপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


এতে সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ মেশকাতুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ।


সভায় কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।