• প্রকাশ : সোমবার ১৩ এপ্রিল, ২০২৬, সময় : ১১:২০ এএম

বরগুনায় এ বছর আলু আবাদ করে ভালো ফলন হলেও সঠিক দামে বিক্রি করতে পারছেন না বরগুনার স্থানীয় আলু চাষীরা। জ্বালানি সংকটের অজুহাতে জেলার বাইরে থেকে তেমন কেনো পাইকার না আসায় কম দামেই আলু বিক্রি করতে হচ্ছে তাদের। অপরদিকে, দীর্ঘদিন ধরে জেলায় কোনো হিমাগার স্থাপন না হওয়ায় আলু সংরক্ষণের কোনো ব্যবস্থাও নেই। ফলে বাধ্য হয়েই উভয় সংকটে আলু চাষীরা। এতে পাইকারী বাজারে লোকসানে বিক্রি করতে হচ্ছে চাষীদের পরিশ্রমে ফলা ক্ষেতের আলু। 


ভুক্তভোগী কৃষকদের এমন অভিযোগের ভিত্তিতে যে কোনো সমস্যা সমাধান এবং আলু বিক্রির ব্যবস্থা করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা কৃষি বিপণন বিভাগ। অপরদিকে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, বরগুনায় প্রত্যায়নের মাধ্যমে চাহিদা অনুযায়ী কৃষক, পাইকার এবং আড়তদারসহ সংশ্লিষ্ট সবাইকে জ্বালানি সরবরাহ করা হচ্ছে।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আলু আবাদের দিক থেকে বরিশাল বিভাগের মধ্যে বরগুনার অবস্থান তৃতীয়। তুলনামূলকভাবে দক্ষিণ অঞ্চলে আলুর চাষ কিছুটা কম হলেও বরগুনায় উৎপাদিত আলুতে এখানকার অনেকটাই চাহিদা পূরণ হয়। তবে গত বছর বরগুনায় ৯৭৫ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এবছর তা কমিয়ে ৯৪৫ হেক্টর জমি নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা কমলেও জেলায় এবছর ভালো হয়েছে আলুর ফলন।


এ বছর বরগুনায় আলু আবাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা ৯৪৫ হেক্টরের বিপরীতে মোট ৭৭৩.৪৫ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে আলু। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় নির্ধারিত ১২০ হেক্টরের বিপরীত ৩০, পাথরঘাটায় ৫৬২ হেক্টরের পরিবর্তে ৫০৫, বামনা নির্ধারিত ৪২ হেক্টর, বেতাগী ১৩২ হেক্টরের বিপরীতে ১৩৩, আমতলী ১৯ হেক্টরের বিপরীতে বেশি ৩০.৪৫, এবং তালতলীতে ৭০ হেক্টরের পরিবর্তে ৩৩ হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়েছে। বর্তমানে এসব জমির আলু উত্তোলনে কৃষকরা ব্যস্ত সময় পাড় করছেন। তবে জ্বালানি সংকটের অজুহাতে পাইকারদের কাছ থেকে সঠিক দাম না পাওয়ায় লোকসানের শঙ্কায় রয়েছেন তারা। অপরদিকে, জেলায় উৎপাদিত আলুর জন্য কোনো হিমাগার না থাকায় আলু সংরক্ষণও করতে পারছেন না স্থানীয় এ সব কৃষকরা।


সরেজমিনে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের বিভিন্ন আলু চাষের খেত ঘুরে দেখা যায়, উৎপাদিত আলু খেত থেকে তুলতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন বয়সী নারী ও পুরুষ চাষীরা। তাদের মধ্যে কেউ খেত থেকে আলু তুলছেন, আবার কেউ তা নির্ধারিত জায়গায় নিয়ে জমা করছেন। তবে তুলনামূলক এ বছর কৃষকদের আলুর ফলন ভালো হওয়ায় কাজের মধ্যে স্বস্তি থাকলেও চোখে মুখে রয়েছে চিন্তার ছাপ। অতিরিক্ত দামে সার ওষুধ কিনতে হলেও ভালো দামে বিক্রি করে লাভের আশা করছিলেন তারা। কিন্তু জ্বালানি সংকটের অজুহাতে পাইকার কমে যাওয়া এবং ভালো দাম না পাওয়ায় লোকসানের শঙ্কায় পড়েছেন বলে অভিযোগ করছেন এখানকার কৃষকরা।


মো. হেলাল নামে ওই এলাকার এক আলু চাষি বলেন, “আমি প্রত্যেক বছরই আলু চাষ করি। এবছর পাইকার না পাওয়ায় আলু বিক্রি করতে পারছি না। আবার যাদেরকে পাই, তারা জ্বালানি তেলের সংকট বলে ঠিকভাবে দাম দিতে চায় না। আলু চাষে এ বছর যে টাকা খরচ হয়েছে, আমাদের সেই টাকাই উঠবে না।”


৪ লাখ টাকা খরচ করে তিন একর জমিতে আলুর আবাদ করেছেন কৃষক জাকির হাওলাদার। খেতে উৎপাদিত আলু সঠিক দামে বিক্রি করতে না পেরে তিনি বলেন, “এবছর আমরা আলু বিক্রি করতে পারছি না। জমি থেকে আলু উঠিয়ে স্তূপ করে রেখেছি। ৪ লাখ টাকা খরচ করে আশা করছিলাম অন্তত ৬ লাখ টাকায় আলু বিক্রি করতে পারবো। কিন্তু এখন জ্বালানি সংকটের কথা বলে কোনো পাইকার আলু কিনতে চায় না। এ অবস্থায় আলু বিক্রি করতে না পেরে শ্রমিকদের টাকাও দিতে পারছি না।”


কালমেঘা এলাকার স্থানীয় এক বেপারী মো. খলিলুর রহমান বলেন, “তেলের কারণে আলু চাষিরা এবছর নাজেহাল অবস্থায় আছে। একটা গাড়িতে কমপক্ষে ১০০-২০০ লিটার তেলের প্রয়োজন হয়। কিন্তু তেল না পাওয়ায় তারা আলু নিতে আসতে পারছে না। এমন একটা অবস্থা যে কোনো পাম্পেও এক দুই লিটারের বেশি তেল পাওয়া যায় না। মূলত তেলের কারণেই এখানকার সব কৃষকরা সমস্যার মধ্যে পড়েছেন।”


ভুক্তভোগী বিভিন্ন এলাকার এসব কৃষকদেরকে সঠিক দামে আলু বিক্রি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে বরগুনা জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. শাহজাহান আলী বলেন, “চাষিরা যদি আলু বিক্রি করতে না পারেন এবং এ বিষয়ে আমাদের জানালে চাষি এবং ব্যবসায়ীদের নিয়ে বসে কথা বলে আমরা সমাধান করতে পারি। কেনো চাষি আলু বিক্রি করতে পারছে না এবং ব্যবসায়ীরা কেনো ক্রয় করছে না, উভয় পক্ষের আলোচনার মাধ্যমে সরকারি নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী আমরা তা সমাধান করে দিতে পারি। ভুক্তভোগী কোনো চাষি আমাদের কাছে আসলে অথবা সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে সমস্যা দেখলে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সমস্যা চিহ্নিত করে সমাধান করার ব্যবস্থা গ্রহণ করা যাবে বলেও জানান তিনি।”


এ বিষয়ে বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস বলেন, “কৃষকরা মৌসুমের শুরুতে ভালোই দাম পেয়েছেন। পরবর্তীতে মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ পরিস্থিতি শুরু হলেও আমাদের কৃষি ক্ষেত্রে এর তেমন কোনো প্রভাব নেই। বিশেষ করে কৃষি পণ্য উৎপাদন এবং পরিবহনের জন্য বরগুনা জেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই। কোনো কৃষক এবং পাইকার যদি কৃষি পণ্য পরিবহন করতে চায় এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট কৃষি অফিসে যোগাযোগ করলে তাদের চাহিদা অনুযায়ী একটি প্রত্যায়ন দিয়ে দেবে। বরগুনার যে কোনো পাম্পে গেলেই ওই প্রত্যয়ন অনুযায়ী তাদেরকে তেল দেওয়া হয়।


কৃষকদের প্রয়োজনীয় হিমাগার স্থাপনের বিষয়ে তিনি বলেন, “হিমাগার থাকলে কৃষকরা আলু সংরক্ষণ করতে পারেন এবং পরবর্তীতে যখন দাম বেশি পায়, তখন তারা বিক্রি করতে পারেন। কিন্তু সরকারিভাবে কোনো হিমাগার তৈরি করা হয় না, এর জন্য কৃষি উদ্যোক্তা দরকার। ইতোমধ্যে আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি, যদি কোনো কৃষি উদ্যোক্তা এগিয়ে আসে তাহলে আমরা তাদেরকে হিমাগার তৈরিতে প্রশাসনিকভাবে যতটুকু সম্ভব সহযোগিতা করবো।”



সর্বশেষ সব খবর

খুলনা পুলিশ সুপার সরকার ওমর ফারুক

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৫ অক্টোবর, ২০২৬, সময় : ৮:৩৯ পিএম

 খুলনায় শারদীয় দূর্গাপূজা ২০২৬ ইং উপলক্ষে আজ ডিউটিরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ ব্রিফিং প্রদান করেন খুলনা পুলিশ সুপার সরকার ওমর ফারুক। 


এ সময় তিনি বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য বলে ব্রিফিংয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ব্রিফিংয়ে এসপি ডিউটিরত সকল সদস্যকে উৎসাহ যোগান এবং সর্বোচ্চ দায়িত্ব পালনে আন্তরিকতা ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানান।


উক্ত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল বেরুনী, অতিঃ পুলিশ সুপার ট্রাফিক ও ডিএসবি, আবির সিদ্দিকী শুভ্র, অতিঃ পুলিশ সুপার, (বি-সার্কেল) মোঃ খায়রুল আনাম, বিপিএম-সেবা, অতিঃ পুলিশ সুপার (সি-সার্কেল) মোঃ সালাউদ্দিন সহ ডিউটিতে মোতায়েনকৃত ফোর্সবৃন্দ।

সর্বশেষ সব খবর

ড্রেনের পাশে নবজাতক কন্যাশিশুকে উদ্ধার

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৫ অক্টোবর, ২০২৬, সময় : ৮:৩৫ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে ড্রেনের পাশে পড়ে থাকা একদিন বয়সী এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা শিশুটিকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।


আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহেশগঞ্জ এলাকায় সমীরের বাড়ির গলির পেছনে ড্রেনের পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়।


স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মহেশগঞ্জ বাজার এলাকায় পথচারীরা নবজাতক কন্যাশিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে দ্রুত বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নবজাতককে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।  


বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, নবজাতকের পরিচয় ও তার মা-বাবার সন্ধান বের করার চেষ্টা চলছে। কে বা কারা শিশুটিকে সেখানে রেখে গেছে, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ সব খবর

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৫ অক্টোবর, ২০২৬, সময় : ৮:১৭ পিএম

"দূর্বার তারুন্য, দূর্নীতি রুখবেই" এই প্রতিপাদ্য সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে দুর্নীতি দমন কমিশন পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 


আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল দশটায় সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়। 


বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার সরকারি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়, পাওতা মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নান্দিকাঠি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিচারকরা প্রতিযোগিতায় নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কে বিজয়ী ও সরকারি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয় রানারআপ ঘোষণা করেন। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইকরা অমি আলম।


বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডু, নলছিটি উপজেলা দুর্নীতি প্রতিরোধ সমিটির সভাপতি শামসুল আলম খান বাহারের সভাপতিত্বে এসময় আর-ও উপস্থিত ছিলেন, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান, সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল বাশার, প্রভাষক মানবেন্দ্র মুখার্জী, জয়নাল আবেদীন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবদুল কুদ্দুস, শাহাদাত আলম, শিক্ষক জান্নাতুল ফেরদৌস প্রমুখ। 


অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, নলছিটি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৫ অক্টোবর, ২০২৬, সময় : ৮:০৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় সমিতির পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির কর্মকর্তা বৃন্দ নির্বাহী অফিসারের সঙ্গে এ সৌজন্য সাক্ষাত করেন। 


রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ওমর শাহজাদা শাহাদাত, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহসভাপতি মাজহারুল ইসলাম আজহার, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদ ওমর, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ইউসুফ মোল্লা, তথ্যবিষয়ক সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, সহপ্রচার সম্পাদক তুষার আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক আসমা আক্তার ঝুলি এবং চিকিৎসাবিষয়ক সম্পাদক ডালিম উপস্থিত ছিলেন। এ ছাড়া সমিতির নির্বাহী সদস্য শাওন আহমেদ ও শামীম আহমেদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


সৌজন্য সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি রূপগঞ্জের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পল্লী চিকিৎসকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।


এ সময় সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাঁরা জনস্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে পারবেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৫ অক্টোবর, ২০২৬, সময় : ৭:৫৯ পিএম

নাটোর-১, (লালপুর - বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন, তিনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোন ভেদাভেদ না রেখে কেবলমাত্র সবাইকে বাংলাদেশী হিসেবে পরিচিতি দেওয়ার জন্য এবং তাদের প্রত্যেকটি অধিকারকে সমুন্নত করার জন্য কাজ করে যাচ্ছেন।


আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নাটোরের লালপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে ৪৬টি মন্দিরে জিআর চালের ডিও প্রদান অনুষ্ঠানে অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এ সময় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল আরও বলেন, আগামী বছর সারা বাংলাদেশের মন্দির গুলো এমন পর্যায়ে পৌঁছে যাবে আপনারা নিজেরাই স্বাবলম্বী হয়ে মন্দির পরিচালনা এবং নিজেদের পুজো অনেক চমৎকার ভাবে উদযাপন করতে পারেন সে ব্যবস্থা আমরা করবো। 


সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আরো বলেন, এই বাংলাদেশ এখন আর কেউ আপনাদের সংখ্যালঘু বলতে পারবে না, আমি এখন একটি মসজিদে যেমন অনুদান দেই সাথে সাথে একটি মন্দিরের জন্যও অনুদান দেই।


এ সময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু ও হামিদুর রহমান বাবু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রঞ্জু, লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ সব খবর

শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

ক্লাস চলাকালীন টেবিলেই ঘুমাচ্ছিলেন শিক্ষিকা


  • প্রকাশ : বৃহস্পতিবার ১৫ অক্টোবর, ২০২৬, সময় : ৭:৫১ পিএম

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে টেবিলে মাথা রেখে রাজিয়া সুলতানা নামক এক শিক্ষিকার ঘুমানোর অভিযোগ উঠেছে।


সম্প্রতি এ ঘটনার ছবি ও ভিডিও স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ার পর অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।




ঘটনাটি ঘটেছে জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের শ্যামপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গতকাল শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাজিয়া সুলতানা একটি টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে। এ সময় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা নিজেদের মতো অবস্থান করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।


কয়েকজন সাংবাদিক বিদ্যালয়ে গেলে বিষয়টি তাদের নজরে আসে। তারা প্রায় পাঁচ থেকে ছয় মিনিট শ্রেণিকক্ষের সামনে অবস্থান করেন। এ সময় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের হৈচৈ ও চিৎকারের একপর্যায়ে শিক্ষিকার ঘুম ভাঙ্গে।


বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ক্লাস চলাকালে এভাবে ঘুমানো উচিত হয়নি। ক্লাস চলছিল, অথচ তিনি ঘুমাচ্ছিলেন। শিক্ষার্থীরাও তখন চিৎকার-চেঁচামেচি করছিল। তিনি দীর্ঘ সময় ঘুমিয়ে ছিলেন। শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় একজন শিক্ষকের এভাবে ঘুমিয়ে পড়া স্বাভাবিক বিষয় নয়।


ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কয়েকজন অভিভাবক বলেন, শিশুদের নিয়মিত পাঠদান ও সঠিক পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশায় তারা সন্তানদের বিদ্যালয়ে পাঠান। শ্রেণিকক্ষে শিক্ষক ঘুমিয়ে পড়লে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ব্যাহত হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।


এদিকে, ঘটনার সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষিকা মমতা বেগম বলেন,এই শিক্ষিকা এর আগে যেখানে চাকুরী করতেন সেখানে একই কাজ করতে, বিভিন্ন শিক্ষক ও শিক্ষিকার সাথে ঝগড়া,তর্ক করতেন বলে জানিয়েছেন। বারবার শর্তক করার পরেও কোন ভাবে তিনি আমাদের কথা শুনতে রাজি না। তিনি আরো জানান জলঢাকা উপজেলার শিক্ষা অফিসার স্যার এর আগেও শর্তক করেছিলেন ১৪ দিনের কিন্তু ওনার কোন পরির্বতন নেই।


ক্লাস চলাকালে ঘুমিয়ে পড়ার বিষয়ে আর একজন শিক্ষকের কাছে জানতে চাইলে সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন বলেন, রাজিয়া সুলতানা সব সময় আমাদের তিন জন শিক্ষকের সাথে ঝগড়া ঝাটি করেন, স্কুলের কাছে বাসা কিছুক্ষণ পরপর ক্লাস না করে বাসায় যান, এই বিষয়ে বার বার বলার পরেও তিনি তার ইচ্ছা মতো চলেন।


এ বিষয়ে জলঢাকা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ক্লাসে ঘুমানোর কোনো নিয়ম নেই। কোনো শিক্ষক অসুস্থ হলে তিনি ছুটি নিতে পারেন। ভালো না লাগলেও প্রধান শিক্ষককে জানিয়ে ছুটি নেওয়া যায়। অথচ তিনি সেটা না করে ক্লাসে ঘুমিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসি হ্যাপি বলেন, শ্রেণিকক্ষে শিক্ষকদের এই ধরনের আচরণকে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা এবং শিক্ষার পরিবেশের জন্য মারাত্মক পরিপন্থী হিসেবে দেখেন।বিষয়টি আমরা তদন্ত করে সত্যতা যাচাই করে শাস্তির ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

সর্বশেষ সব খবর