বাংলাদেশ রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষায় নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে পছন্দের প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অপর এক আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা এবং সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়া। আদালত পৃথক ধারায় ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। মামলার অপর আসামি সরোয়ার হোসেনকে খালাস দেওয়া হয়েছে।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম জানান, মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত তথ্যপ্রমাণ পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত থাকায় তাঁকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। তবে ইউসুফ আলী মৃধা পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০১০ সালে চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ রেলওয়ে। ১০৯টি আবেদনের মধ্যে যাচাই-বাছাই শেষে ৭০ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৩৭ জন। খাতা মূল্যায়নের পর চারজন প্রার্থী উত্তীর্ণ হন।
অভিযোগ অনুযায়ী, পরীক্ষকদের দেওয়া মূল নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে জমা না দিয়ে গোলাম কিবরীয়া নিজেই একটি জাল নম্বরপত্র তৈরি করেন। পাশাপাশি মূল নম্বরপত্রে ঘষামাজা ও ওভাররাইটিংয়ের মাধ্যমে কয়েকজন প্রার্থীর নম্বর পরিবর্তন করা হয়।
দুদকের তদন্তে উঠে আসে, লিখিত পরীক্ষায় মো. ইব্রাহিম খলিল ৪৬ নম্বর পেলেও ঘষামাজা করে তা ৪০ করা হয়। অন্যদিকে, চাকরি পাওয়া প্রার্থী মো. সরোয়ার হোসেনের
নম্বর ৩১ দশমিক ৫ থেকে বাড়িয়ে ৩৭ দশমিক ৫ করা হয়। এতে লিখিত ও মৌখিক পরীক্ষার সম্মিলিত নম্বরে সরোয়ার এগিয়ে যান। পরে তাঁকে নিয়োগের সুপারিশ করা হলে তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা তাতে অনুমোদন দেন।
এ ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০১৮ সালের ২৫ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।
জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার
গোপন সংবাদের ভিত্তিতে রামু সেক্টরের অধীন ২ বিজিবির সদস্যরা এ অভিযান চালান। ছবি: সংগৃহীত
দিনাজপুরে শিশু সহিংসতা সংক্রান্ত বিচারাধীন মামলায় সমঝোতা, দেনমোহর নির্ধারণ ২ লাখ ৫০ হাজার ৫৫১ টাকা।
দিনাজপুরের খানসামায় পারিবারিক বিরোধ ও শিশু সহিংসতা সংক্রান্ত একটি বিচারাধীন মামলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে লিখিত আপোষ- মীমাংসা সম্পন্ন হয়েছে। গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে সম্পাদিত আপোষনামায় বিরোধ নিষ্পত্তি এবং বিবাহের বিষয়ে কয়েকটি শর্ত উল্লেখ করে উভয় পক্ষ সম্মতি প্রকাশ করেছে।
আপোষনামা সূত্রে জানা যায়, প্রথম পক্ষ মোঃ হাসেন আলী তাঁর কন্যা মোছাঃ হাবিবা খাতুনের বিষয়কে কেন্দ্র করে দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে বিজ্ঞ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, দিনাজপুরে শিশু সহিংসতা-০৭/২০২৬ (খানসামা) নম্বর মামলা দায়ের করেন।
পরবর্তীতে উভয় পক্ষের আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আইনজীবী এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, দিনাজপুর জেলা শাখার মধ্যস্থতায় আপোষ-মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।
লিখিত আপোষনামায় উল্লেখ করা হয়েছে, দ্বিতীয় পক্ষের ১ নম্বর ব্যক্তি মোঃ বরকত আলীর সঙ্গে প্রথম পক্ষের কন্যা হাবিবা খাতুনের আইনানুগ বিবাহের ব্যবস্থা করা হবে। এ ক্ষেত্রে ২ লাখ ৫০ হাজার ৫৫১ টাকা দেনমোহর নির্ধারণের বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।
বিবাহের আনুষ্ঠানিকতা শেষে হাবিবা খাতুনকে যথাযথ মর্যাদায় স্বামীর সংসারে নিয়ে যাওয়া এবং দাম্পত্য জীবনে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার শর্তও এতে অন্তর্ভুক্ত রয়েছে। আপোষনামার অন্যান্য শর্তে বলা হয়েছে, উভয় পক্ষ ভবিষ্যতে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন, পরস্পরের প্রতি কটূক্তি বা অসম্মানজনক আচরণ করবেন না এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। কোনো পক্ষ আপোষনামার শর্ত ভঙ্গ করলে অপর পক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন বলেও উল্লেখ রয়েছে।
এ ছাড়া আপোষ-মীমাংসার ভিত্তিতে প্রথম পক্ষ তাঁর দায়ের করা শিশু সহিংসতা-০৭/২০২৬ (খানসামা) নম্বর মামলাটি প্রত্যাহারের উদ্যোগ নেবেন বলে আপোষনামায় উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে দ্বিতীয় পক্ষ প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলেও শর্ত রাখা হয়েছে।
আপোষনামার শেষাংশে উভয় পক্ষ স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং শর্তাবলি পড়ে ও শুনে সম্মত হয়ে স্বাক্ষর করেছেন বলে উল্লেখ রয়েছে। এতে আইনজীবী মোঃ মাশহুর রহমান ফাতেম এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, দিনাজপুর জেলা শাখার জেলা তদন্ত কমিটির আহ্বায়ক ও দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান শাহের স্বাক্ষর ও সিল রয়েছে।
আইনগত প্রক্রিয়া ও মানবাধিকারের গুরুত্ব
আইনগতভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপোষনামা সম্পাদিত হলেই বিচারাধীন মামলা স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি হয়ে যায় না। মামলাটি প্রত্যাহার বা নিষ্পত্তির বিষয়টি সংশ্লিষ্ট আদালতের এখতিয়ার ও প্রযোজ্য আইন অনুযায়ী নির্ধারিত হবে।
অন্যদিকে, প্রস্তাবিত বিবাহের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনগত বয়স, স্বাধীন ও স্বতঃস্ফূর্ত সম্মতি এবং নিরাপত্তা নিশ্চিত করা জরুরী। বিশেষ করে হাবিবা খাতুনের নিজস্ব মতামত ও অধিকারকে যথাযথ গুরুত্ব দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, উভয় পক্ষ আপোষনামার শর্ত যথাযথভাবে অনুসরণ করবেন এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিরোধের একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাবেন।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
সশস্ত্র বাহিনী দিবসকে জাতীয় জীবনের ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিন হিসেবে অভিহিত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দিনটি দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় প্রত্যেকের নিজ নিজ দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়।
শনিবার (২১ নভেম্বর) নগরের পতেঙ্গায় বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সশস্ত্র বাহিনী দিবস দেশের প্রতিরক্ষা সক্ষমতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার অঙ্গীকার এবং জাতীয় আত্মবিশ্বাসের প্রতীক। দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমসহ বিশ্বের বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ভবিষ্যতেও তাঁরা এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এদিন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করে। সশস্ত্র বাহিনীর এই সম্মিলিত প্রতিরোধ ও অভিযান মুক্তিযুদ্ধকে আরও বেগবান করে এবং চূড়ান্ত বিজয় অর্জনের পথ সুগম করে।
তিনি আরও বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও আত্মত্যাগকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করতে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, জেলার বিভিন্ন সংসদীয় এলাকার সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, শহীদ পরিবারের সদস্য, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চট্টগ্রাম মহানগরীতে সুপেয় পানির উৎপাদন ও সরবরাহ বাড়াতে ভান্ডালজুড়ি ও মোহরা পানি শোধনাগার প্রকল্প সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এ লক্ষ্যে প্রকল্প দুটির দ্বিতীয় পর্যায় বাস্তবায়নে দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতা চেয়েছে সংস্থাটি। প্রকল্প দুটি বাস্তবায়িত হলে মহানগরে পানির সরবরাহ বাড়ার পাশাপাশি ওয়াসার উৎপাদন ও সরবরাহ সক্ষমতাও বৃদ্ধি পাবে।
শনিবার চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলমের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধি দল। এ সময় চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন প্রকল্প নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও যোগাযোগ মন্ত্রণালয়ের কনস্ট্রাকশন বিভাগের পরিচালক চোই জংওন।
বৈঠকে ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রাম থেকে মহানগরে পানি সরবরাহের পরিকল্পনা তুলে ধরে ওয়াসা। পাশাপাশি কালুরঘাটের মোহরা পানি শোধনাগার প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের মাধ্যমে পানি উৎপাদন দ্বিগুণ করার উদ্যোগের কথাও জানানো হয়।
প্রকল্প দুটি বাস্তবায়নে দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতা চাওয়া হলে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রতিনিধি দলের প্রধান চোই জংওন।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতায় দক্ষিণ চট্টগ্রামে ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এবার ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পের দ্বিতীয় পর্যায় সম্প্রসারণে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে কোরীয় পক্ষের মনোভাব ইতিবাচক।
তিনি আরও বলেন, প্রকল্প দুটি বাস্তবায়ন করা গেলে চট্টগ্রাম মহানগরে পানি সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়বে। একই সঙ্গে ওয়াসার পানি উৎপাদন ও সরবরাহ সক্ষমতাও বৃদ্ধি পাবে।
বৈঠকে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ নজরুল ইসলাম ও আব্দুর রউফ উপস্থিত ছিলেন।
একটি মামলার শুনানির তারিখ পেতে অপেক্ষা করতে হচ্ছে মাসের পর মাস। কোনো কোনো মামলায় বছরে মাত্র এক থেকে দুইবার শুনানির সুযোগ মিলছে। বছরের পর বছর আদালতে ঘুরেও মিলছে না নিষ্পত্তি। পর্যাপ্ত বিচারক, আদালতকক্ষ ও অবকাঠামোর অভাবে চট্টগ্রামের আদালতগুলোতে বাড়ছে মামলাজট, দীর্ঘ হচ্ছে বিচারপ্রক্রিয়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রামে তিন লাখের বেশি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালতেই বিচারাধীন মামলার সংখ্যা ৬৬ হাজার ৪১৮টি। মাত্র আটজন ম্যাজিস্ট্রেটকে এসব মামলার বিচারিক কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।
গত শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর'র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় বিচারিক সক্ষমতা বাড়াতে তিন দফা দাবি তুলে ধরেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা। দাবিগুলোর মধ্যে রয়েছে বিচারক ও ম্যাজিস্ট্রেটের সংখ্যা বৃদ্ধি, নতুন আদালত ভবন নির্মাণ এবং চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন।
আট ম্যাজিস্ট্রেটের ওপর ৬৬ হাজার মামলা
চট্টগ্রাম মহানগরের ১৬টি থানার বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে আটটি ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে। গড়ে একজন ম্যাজিস্ট্রেটের ওপর রয়েছে আট হাজার ৩০০টির বেশি মামলা। ২০২৪ সালে বিচারাধীন মামলা ছিল ৫৯ হাজার ৯৪৯টি। ২০২৫ সালে তা বেড়ে ৬৬ হাজার ২৪৯টিতে দাঁড়ায়। চলতি বছরের অক্টোবর পর্যন্ত এ সংখ্যা বেড়ে হয়েছে ৬৬ হাজার ৪১৮টি।
পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯২ সালে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলা ছিল ৮ হাজার ৫৬৭টি। ২০০৭ সালে তা বেড়ে দাঁড়ায় ১৫ হাজার ১০৬টিতে। ২০০৮ সালে আদালতের সংখ্যা আটে উন্নীত করা হলেও পরবর্তী ১৮ বছরে আর বাড়ানো হয়নি।
আদালতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিদিন নতুন মামলা যুক্ত হওয়ায় পুরোনো মামলা নিষ্পত্তি করেও চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। আদালত বাড়ানোর প্রস্তাবেও অগ্রগতি নেই ২০১৩ সাল থেকে মহানগরে আদালতের সংখ্যা বাড়ানোর জন্য বিভিন্ন সময়ে জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ে আবেদন জানিয়ে আসছে আদালত কর্তৃপক্ষ। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে অতিরিক্ত তিনটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং ২০টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রতিষ্ঠার প্রস্তাব পাঠানো হয়। তবে এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বলেন, আদালত বাড়ানোর ক্ষেত্রে সরকারের সদিচ্ছা থাকলেও অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। শুধু বিচারক নিয়োগ করলেই হবে না, তাঁদের জন্য আদালতকক্ষ, কর্মকর্তা-কর্মচারী ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও নিশ্চিত করতে হবে। দ্রুত নতুন আদালত প্রতিষ্ঠা ও অবকাঠামো সম্প্রসারণ না হলে বিচারপ্রার্থীদের দুর্ভোগ আরও বাড়বে।
প্রধান বিচারপতির কাছে তিন দফা দাবি
মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন বলেন, পর্যাপ্ত বিচারক ও অবকাঠামোর অভাবে চট্টগ্রামে তিন লাখের বেশি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। কোনো কোনো মামলায় বছরে মাত্র এক থেকে দুইবার শুনানির তারিখ পাওয়া যাচ্ছে।
তিনি দ্রুত বিচারক ও ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবন এবং মহানগর দায়রা জজ আদালত ভবন নির্মাণের দাবি জানান।
পাশাপাশি চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের প্রস্তাব তুলে ধরেন তিনি। তাঁর মতে, চট্টগ্রামসহ আশপাশের জেলার বিচারপ্রার্থীদের উচ্চ আদালতে বিচার পেতে ঢাকায় যেতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি ভোগান্তি বাড়ে। সার্কিট বেঞ্চ স্থাপন করা হলে এ অঞ্চলের মানুষের উচ্চ আদালতের বিচারপ্রাপ্তি সহজ হবে।
এ ছাড়া প্রায় ১০ হাজার আইনজীবীর পেশাগত সুবিধার্থে দুটি চেম্বার ভবন নির্মাণের দাবিও জানান তিনি।
আর্থিক সীমাবদ্ধতার কথা জানালেন প্রধান বিচারপতি
মতবিনিময় সভায় প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বাধীনতা ও আর্থিক সক্ষমতা নিয়ে কথা বলেন। তিনি জানান, পুরো বিচার বিভাগের জন্য বরাদ্দ প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা। এই সীমিত আর্থিক সক্ষমতার মধ্যেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে হচ্ছে। তবে স্থাপনা-সংক্রান্ত বিষয়ে সরকারের সহযোগিতা থাকবে।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে প্রায় ৯০ শতাংশ মামলা সরকারের পক্ষে করা হয়েছে। এর মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ মামলার রায় সরকারের বিপক্ষে গেছে। বিচার বিভাগ স্বাধীন না হলে এমনটি সম্ভব হতো না।
দ্রুত বিচার নিশ্চিত করাই চ্যালেঞ্জ
আইনজীবীদের মতে, মামলার সংখ্যা বাড়লেও বিচারিক সক্ষমতা না বাড়ায় সাধারণ মানুষ সময়মতো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘসূত্রতার কারণে বিচারপ্রার্থীদের সময়, অর্থ ও কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। বিশেষ করে দেওয়ানি ও ফৌজদারি মামলার দীর্ঘসূত্রতা সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক ও আর্থিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্রে মামলার চাপ সামাল দিতে নতুন আদালত প্রতিষ্ঠা, বিচারক ও জনবল নিয়োগ, আধুনিক আদালত ভবন নির্মাণ এবং প্রযুক্তিনির্ভর মামলা ব্যবস্থাপনা চালু করা জরুরি। অন্যথায় মামলাজট আরও বাড়বে এবং সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার দীর্ঘসূত্রতায় আটকে থাকবে।
এআই দিয়ে রায় লেখা যাবে না, এজলাসে ফেসবুক-মোবাইল ব্যবহারে মানা