বাংলাদেশ শিশু একাডেমির অঙ্গ সংগঠন রাজশাহী শিশু বিকাশ কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরণ করেছেন রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম।
রাজশাহী শিশু একাডেমি পরিচালিত নগরীর তেরখাদিয়ায় রাজশাহী শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের মাঝে এ পোশাক বিতরণ করা হয় ৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম শিশুদেরকে বলেন, স্বপ্ন দেখতে হবে, মেধা ও শ্রম দিয়ে স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে। ইতোপূর্বে এখান থেকে অনেকে-ই সফলতার স্বাক্ষর রেখেছে। তোমরাও পারবে। তিনি বলেন, এদেরকে সুন্দর করে গড়ে তোলা আমার আপনার সবার দায়িত্ব। এই শিশুদের মেধার বিকাশ ঘটাতে সরকার সচেষ্ট, আমরাও সচেষ্ট। তাদের মেধাকে বিকশিত করতে আমরা আছি তাদের পাশে। তাদের মেধা ও শ্রমে সাফল্য অর্জিত হলেই তাদের স্বপ্ন পূরণ হবে এবং আমাদের এ দেশটিও আরও সুন্দর হবে। বক্তব্যে শিশুদের করা আবৃত্তি ও পরিবেশনার প্রশংসা করেন তিনি । এছাড়া প্রতিটি জাতীয় দিবসে তাদের প্যারেড সহ সবকিছু ভাল মানের বলে তিনি শিশুদের প্রশংসা করেন।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুরুল কাদির'র সভাপতিত্বে ও শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষক রাকিবুল আলম'র সার্বিক তত্বাবধানে এ অনুষ্ঠানে শিশু একাডেমি পরিচালনা কমিটির সদস্য সুজাউদ্দিন ছোটন ও সেলিম রেজা সহ শিক্ষক, ছাত্র ও সুধী সমাজের একাংশ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিশু বিকাশ কেন্দ্রের ১৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের হাতে এ উপহার তুলে দেয়া হয়। উপহারের মধ্যে ছিল প্রত্যেকের জন্য একটি করে কম্বল ও সোয়েটার।
আদালতের রায় ও আইনি প্রক্রিয়া উপেক্ষা করে বসতবাড়ি ভেঙে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। এতে বসতভিটা হারিয়ে দুই ভাইয়ের পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘদিনের বসতভিটা, গাছপালা ও সংসারের শেষ আশ্রয় হারিয়ে পরিবার দুটির সদস্যরা দিশেহারা। তাঁদের অভিযোগ, আদালতের রায় বাতিল হওয়ার কপি দেখানোর পরেও এবং সময় চেয়েও তারা কোনো প্রতিকার পাননি। বরং প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে তাঁদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রংপুরের একটি কমিউনিস্ট সেন্টারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী মো. আহমদ আলী।
তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর (সজিদপাড়া) গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আজগর আলী। লিখিত বক্তব্যে আহমদ আলী জানান, তাঁদের বসতভিটা নিয়ে ৫/৮৮ বাটোয়ারা মামলা দীর্ঘদিন ধরে চলমান। তাঁদের দাবি, মামলার মূল বাদী কুলসুমসহ ৩জন সেই মামলা করেন এবং তাঁর বাবা মামলা চলাকালেই বাদীর নিকট জমি ক্রয় করে নেয় এবং প্রায় ১৫/১৬ বছর ধরে ওই জমিতে তারা পাকা বাড়ী নির্মান করে বসবাস করে আসছেন। কিন্তু গত ২৫ নভেম্বর ২০২৬ তারিখ মঙ্গলবার তাঁদের জীবনে নেমে আসে চরম বিপর্যয়।
আহমদ আলীর অভিযোগ, সেদিন রংপুরের সংশ্লিষ্ট প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা জজ আদালতের নাজির পুলিশ ও বুলডোজার নিয়ে তাঁদের বাড়ি ভাঙতে উপস্থিত হন। এ সময় তাঁরা জমির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র এবং আদালতের রায়ের কপি অর্থাৎ যে মামলায় বাড়ী ভাংতে আসা হয়েছে সেই মামলা তিন বছর আগে অর্থাৎ ২৬/০৬/২০২৩ তারিখে ১৯৯/১৫ নং মামলার মাধ্যমে বাতিল ও রদ করা হয়েছে মর্মে রায়ের কপি সংশ্লিষ্টদের দেখান। আহমদ আলীর ভাষ্য অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের জানান, তিনি আদালতের নির্দেশ বাস্তবায়নে এসেছেন এবং এ বিষয়ে নাজিরকে সহযোগিতা করতে এসেছেন তাই শুধু নাজিরের নির্দেশনা অনুযায়ী বাড়ি ভাঙার কার্যক্রম বন্ধ করার সুযোগ রয়েছে। তখন নাজির মো. আখিরুজ্জামানকে আদালতের রায়ের কপি দেখালেও তিনি উচ্ছেদ কার্যক্রম বন্ধ করেননি।
ভুক্তভোগীর অভিযোগ, তারা নাজির আখিরুজ্জামানকে বলেন যে, তাঁদের বাড়ি না ভেঙে বাদীপক্ষকে জমির দখল বুঝিয়ে দেওয়া হোক এবং তিনি পরের দিন আদালতে গিয়ে আগের রায়টি বাতিল করার পরের রায়টি দেখাবেন। কিন্তু তিনি আদালতের রায় অবজ্ঞা করে অন্য এক বাতিল রায় কার্যকর করার জন্য বুলডোজার চালানোর নির্দেশ দেন এবং তাঁদের দুই ভাইয়ের পৃথক বাড়ি ভেঙে ফেলেন। এতে তাঁদের প্রত্যেকের আনুমানিক ৫০ লাখ টাকা থেকে এক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন আহমদ আলী। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, বাড়ি হারিয়ে এখন পরিবার দুটির সদস্যদের মাথা গোঁজার ঠাঁই নেই।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিনের সংসারের স্মৃতি, জীবনের সঞ্চয় সবকিছু এক মুহূর্তে ধ্বংস হয়ে গেছে। আহমদ আলীর দাবি, তাঁর প্রায় ২০ বছরের প্রবাসজীবনের উপার্জন এবং বড় ভাইয়ের পেনশনের অর্থের বড় অংশ দিয়ে বাড়ি দুটি নির্মাণ করা হয়েছিল। সেই স্বপ্নের ঠিকানাই এখন ধ্বংসস্তূপ।
সংবাদ সম্মেলনে নাজির আখিরুজ্জামানের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তোলেন আহমদ আলী। তাঁর দাবি, নাজিরের ভূমিকা ও নির্দেশনার কারণে তাঁদের বাড়িঘর ভাঙার ঘটনা ঘটেছে। এমনকি আদালতের রায়ের কপি দেখানোর পরও তিনি তাঁদের কোনো কথা শোনেননি। ভুক্তভোগীদের অভিযোগ, এ ঘটনায় তাঁরা শুধু বসতভিটাই হারাননি, বরং তাঁদের সঙ্গে চরম অবিচার করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নাজিরের বক্তব্য সংবাদ সম্মেলনের লিখিত বিবৃতিতে পাওয়া যায়নি।
আহমদ আলী আরও জানান, বাড়িঘর ভাঙার পর তাঁরা গত ২৬ নভেম্বর ২০২৬ তারিখে রংপুরের মিঠাপুকুর সিভিল জজ আদালতে একটি দরখাস্ত দাখিল করে ৫/৮৮ মামলাটি ১৯৯/১৫ নম্বর মামলার মাধ্যমে বাতিল হয়েছে মর্মে দেখান এবং বে আইনীভাবে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে মর্মে জানান। কিন্তু এর কোন প্রতিকার তারা পান নি। তাঁর প্রশ্ন, আদালতের রায় ও ডিক্রির প্রকৃত অবস্থা বিবেচনা না করে কীভাবে এমন উচ্ছেদ কার্যক্রম চালানো হলো? এই উচ্ছেদের বৈধতা এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা প্রধান বিচারপতি, আইনমন্ত্রী ও আইন সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পুনর্বাসন ও প্রতিকারের দাবি জানিয়েছেন। তাঁদের আকুতি, বিচারের দ্বারস্থ হয়েও যেন আর কোনো পরিবারকে বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয়হীন হয়ে পড়তে না হয়।
ময়মনসিংহের ভালুকায় গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনসাধারণের যাতায়াত সহজ করতে একদিনে চারটি পৃথক সড়কের উন্নয়নকল্পে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (MRIDP) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ভালুকার বাস্তবায়নে এসব নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
প্রকল্পের আওতায় আংগারগারা-আওলিয়াচালা সড়কের ৫০০ মিটার, চানপুর-পাঁচগাঁও সড়কের ২ হাজার ১০০ মিটার, তামাট বাজার-আংগারগারা আরঅ্যান্ডএইচ সড়কের ৪০০ মিটার এবং আংগারগারা বাজার (ডাকাতিয়া ইউনিয়ন)-বাটাজোর সড়কের ৮০০ মিটার অংশের উন্নয়নকল্পে নির্মাণকাজ করা হবে।
এলজিইডির দেওয়া তথ্য অনুযায়ী, আংগারগারা-আওলিয়াচালা সড়কের ৫০০ মিটার নির্মাণকাজে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৬১ লাখ ৩২ হাজার ২৫৯ টাকা। কাজটি বাস্তবায়ন করবে মেসার্স শাহ সুলতান কনস্ট্রাকশন, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।
চানপুর-পাঁচগাঁও সড়কের ২ হাজার ১০০ মিটার উন্নয়নকাজে চুক্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি ৮০ লাখ ৩৯ হাজার ২৭২ টাকা। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে মুসকান ট্রেডার্স, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।
অন্যদিকে, তামাট বাজার-আংগারগারা আরঅ্যান্ডএইচ সড়কের ৪০০ মিটার উন্নয়নকল্পে নির্মাণকাজে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৪৩ লাখ ৩৮ হাজার ২২৬ টাকা। এ কাজ বাস্তবায়ন করবে মেসার্স আয়েশা এন্টারপ্রাইজ, গফরগাঁও, ময়মনসিংহ।
এ ছাড়া আংগারগারা বাজার (ডাকাতিয়া ইউনিয়ন)-বাটাজোর সড়কের ৮০০ মিটার নির্মাণকাজে চুক্তিমূল্য ধরা হয়েছে ৯২ লাখ ৭২ হাজার ৭৯৬ টাকা। কাজটি বাস্তবায়ন করবে মেসার্স ফুয়াদ এন্টারপ্রাইজ, ফুলপুর, ময়মনসিংহ।
চারটি সড়কের উন্নয়নকল্পে নির্মাণকাজে সর্বমোট চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৮২ হাজার ৫৫৩ টাকা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উছমান গনী মল্লিক মাখন, আব্দুল্লাহ আল মামুন খালেক পাঠান, দৈনিক দি এশিয়ান এইজের সাংবাদিক ও ভালুকা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রংপুর শিশু হাসপাতাল।
চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে রংপুরে ১০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল ২০০ শয্যায় উন্নীত করে চালু হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। এ হাসপাতাল চালু হলে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। একই সঙ্গে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীমুখী নির্ভরতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, ১০০ শয্যার রংপুর শিশু হাসপাতাল নির্মাণের পর জনবল, চিকিৎসা সরঞ্জাম ও প্রশাসনিক অনুমোদনের অভাবে হাসপাতালটিতে পুরোপুরি চিকিৎসাসেবা শুরু করা যায়নি। তবে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে হাসপাতালের বর্হিবিভাগে কিছু চিকিৎসাসেবা দেওয়ার অস্থায়ী ব্যবস্থা করা হয়।
এদিকে, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার জানিয়েছেন রংপুরসহ দেশের পাচঁটি শিশু হাসপাতাল এখন উদ্বোধনের জন্য প্রস্তুত। এর মধ্যে খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যার হাসপাতাল চালু হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে।
এসব হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে, পোর্টেবল এক্স-রে, মাল্টিপ্যারামিটার ও কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিনের মতো প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম রাখার পরিকল্পনা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, রংপুর আধুনিক শিশু হাসপাতালটি চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে নার্স নিয়োগ দেওয়া হয়েছে। উপপরিচালক পদেও কর্মকর্তা পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাকে ২৯ নভেম্বরের মধ্যে যোগ দিতে বলা হয়েছে। এছাড়াও সিনিয়র কনসালট্যান্ট, জুনিয়র কনসালট্যান্ট এবং মেডিকেল অফিসার পদে দ্রুত জনবল নিয়োগ সম্পন্ন হবে জানা গেছে।
এ হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগীদের দীর্ঘদিনের শয্যা সংকট ও ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, রংপুর নগরীর প্রাণকেন্দ্রে সাবেক সদর হাসপাতাল এলাকায় প্রায় দুই একর জমির ওপর ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক শিশু হাসপাতাল নির্মাণ করা হয়। ২০১৯ সালে নির্মাণকাজ শেষ হওয়ার পর ২০২০ সালের ৮ মার্চ ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি সিভিল সার্জনের কাছে হস্তান্তর করে। তিনতলা এ হাসপাতালে রয়েছে জরুরি বিভাগ, বহির্বিভাগ, চিকিৎসকদের চেম্বার, ল্যাব, অপারেশন থিয়েটার, ওয়ার্ড ও কেবিন। পাশাপাশি চিকিৎসক, নার্স ও কর্মচারীদের আবাসনের ব্যবস্থাও রয়েছে।
তবে নির্মাণের পরপরই দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে ২০২০ সালের ১৯ এপ্রিল হাসপাতালটিকে করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতাল হিসেবে চালু করা হয়। সেখানে ১০টি আইসিইউ শয্যা দিয়ে চিকিৎসা শুরু হলেও পরে আরও পাঁচটি আইসিইউ শয্যা বাড়ানো হয়। সিসিইউসহ ৭০ থেকে ৮০টি শয্যায় সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও করা হয়। ২০২২ সালের শুরুতে করোনা রোগীর চাপ কমে গেলে হাসপাতালটি কার্যত বন্ধ হয়ে যায়।
তিনতলা মূল হাসপাতাল ভবনের প্রতি তলার আয়তন ২০ হাজার ৮৮২ দশমিক ৯৭ বর্গফুট। এ ছাড়া নির্মাণ করা হয়েছে চারতলা ভিত্তির তিনতলা সুপারিনটেনডেন্ট কোয়ার্টার। সিঁড়ি বাদে প্রতি তলার আয়তন দেড় হাজার বর্গফুট। ছয়তলা ডক্টরস কোয়ার্টারের নিচতলায় গাড়ি পার্কিং, দ্বিতীয় তলা থেকে ডাবল ইউনিট। আছে ছয়তলা বিশিষ্ট স্টাফ অ্যান্ড নার্স কোয়ার্টার। দুইতলা বিশিষ্ট গ্যারেজ কাম ড্রাইভার কোয়ার্টার। নিচে দুটি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে সেখানে। বিদ্যুৎ সাবস্টেশন স্থাপনের জন্যও নির্মাণ করা হয়েছে একটি ভবন। মূল ভবনের প্রথম তলায় ইমার্জেন্সি, আউটডোর, চিকিৎসকদের চেম্বার এবং ল্যাব। দ্বিতীয় তলায় অপারেশন থিয়েটার, ব্রোন ইউনিট এবং তৃতীয় তলায় ওয়ার্ড এবং কেবিন রয়েছে।
দীর্ঘদিন ধরে পড়ে থাকা হাসপাতালটি রংপুরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটির উদ্বোধন করেন। দ্রুত জনবল নিয়োগ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের আশ্বাস দেওয়া হলেও কার্যক্রম শুরু হয়নি। একই বছরের মার্চে হাসপাতাল চালুর জন্য প্রশাসনিক অনুমোদন, জনবল, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেন তৎকালীন সিভিল সার্জন।
এদিকে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই শিশু রোগীর চাপ বাড়ছে। শয্যা সংকটের কারণে একটি বিছানায় তিন থেকে চারজন শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ পরিস্থিতিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ১০০ শয্যার শিশু হাসপাতালটি ২০০ শয্যায় উন্নীত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে হাসপাতালটির শয্যাসংখ্যা দ্বিগুণ করার অনুমোদনসহ প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেওয়া হয়।
সর্বশেষ গত ১ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট শাখার অতিরিক্ত সচিব আরিফ আহমদ হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, শিশু হাসপাতালের যন্ত্রপাতি কেনার জন্য ২০৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুত জনবল নিয়োগ ও আসবাবপত্র কেনার কাজ চলছে।
সুশাসনের জন্য নাগরিক-সুজন রংপুর মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম বুলেট বলেন, রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি বিশেষায়িত শিশু হাসপাতাল। সাত বছরেও এটি চালু না হওয়ায় শিশু রোগীদের ভোগান্তি বেড়েছে। তবে ১০০ শয্যার হাসপাতালটি ২০০ শয্যায় উন্নীত করা আশাব্যঞ্জক উদ্যোগ। ডিসেম্বরে হাসপাতালটি চালু হলে শিশুদের জটিল সার্জারিসহ সাধারণ সব রোগের চিকিৎসা স্বল্পমূল্যে দেওয়া যাবে এবং ভোগান্তিও কমে আসবে।
রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, শিশু হাসপাতালটিতে নতুন উপপরিচালক নিয়োগের কথা শুনেছি। ইতিমধ্যে কিছু সরঞ্জামও এসেছে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মেশকাতুল আবেদ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর প্রচেষ্টায় হাসপাতালটি সম্প্রতি ২০০ শয্যায় উন্নীত করা হয়েছে। এ জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টি ও বাজেট দ্বিগুণ করা হয়েছে। ইতোমধ্যে ১২ জন নার্স যোগ দিয়েছেন। চিকিৎসক নিয়োগের জন্য পাঁচ থেকে ছয়জনের তালিকাও পাঠানো হয়েছে। হাসপাতালের উপপরিচালকও আগামী সপ্তাহের মধ্যে দায়িত্ব গ্রহণ করবেন।
তিনি আরও বলেন, হাসপাতালের প্রয়োজনীয় আসবাবপত্র এসে পৌঁছেছে। যন্ত্রপাতি কেনার কাজ করছে সিএমএসডি। বিভিন্ন দপ্তরে কর্মরত অফিস সহকারী ও পরিচ্ছন্নতাকর্মীদেরও এখানে পদায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনতলা ভবনটি ছয়তলায় উন্নীত করার কাজ শুরু হবে।
সিলেটে আবারও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে কানাইঘাটের উপজেলা রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। ব্যাংকটির কানাইঘাট শাখায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরী ও স্থানীয় লোকজনের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ব্যাংক কার্যালয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কার্যালয়েরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে থাকা সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ ছাড়া দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকের কার্যালয়ের প্রবেশ গেটেও পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায় তারা। এ সময় উপজেলা রোডের দায়িত্বে থাকা নৈশপ্রহরী বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের পথচারীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের তৎপরতায় সাইনবোর্ডে লাগা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। ফলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পায় ব্যাংক কার্যালয়।কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংকের বাইরে থাকা সাইনবোর্ডে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এর আগে সিলেট মহানগরীর উপশহরস্থ গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস ও মোগলাবাজার শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়।
প্রিপেইড মিটার
প্রিপেইড মিটার বাতিল করে পূর্বের পোস্ট পেইড মিটার পুনঃস্থাপনসহ চার দফা দাবিতে সোমবার অর্ধদিবস হরতাল আহ্বান করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি।
তাদের দাবিগুলোর মধ্যে আছে- সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা প্রদান, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণের তৎপরতা বন্ধ।
হরতাল সফল করার লক্ষ্যে এর মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সঙ্গে মতবিনিময়, অফিস-আদালত, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, পথসভা, পোস্টারিং এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।
তিনি বলেন, প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই হরতাল কোনো গোষ্ঠী, শ্রেণি কিংবা দলের স্বার্থে নয়। আপামর বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে এই হরতাল।
তিনি বলেন, “পোস্ট পেইড মিটারের তুলনায় প্রিপেইড মিটারে গ্রাহকদের দ্বিগুণ তিনগুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। বাস্তবিক অর্থে প্রিপেইড মিটার জনগণের পকেট কাটার ফাঁদ এবং ভোগান্তির যন্ত্রে পরিণত হয়েছে। এটি তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রকল্প হলেও এখনো বহাল রয়েছে।”
পলাশ কান্তি নাগ বলেন, বর্তমান সরকারও বিগত সরকারের মতো দুর্নীতিবাজ ও লুটেরাদের স্বার্থ রক্ষা করে চলেছে। তা না হলে সারাদেশের কোটি কোটি বিদ্যুৎ গ্রাহকদের সমস্যাকে কেন আমলে নিচ্ছে না। এ সময় বিদ্যুৎ গ্রাহকদের ন্যায়সংগত দাবিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে হরতাল কর্মসূচি সফল করার আহ্বান জানান।
এর আগে, ১৮ অক্টোবর রংপুর প্রেসক্লাব চত্বরে এক সংবাদ সম্মেলন থেকে সোমবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা আধাবেলা হরতালের কর্মসূচি ঘোষণা করেছিল বিদ্যুৎ গ্রাহক ফোরাম।
বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু বলেন, “রংপুর দরিদ্রপীড়িত অঞ্চল। যে আয় তা দিয়ে বর্তমান বাজারে জীবন চালানো দায়। তার ওপর বিদ্যুৎ বিভাগের নানা অপকর্ম, অব্যাহত লোডশেডিং, ভুতুড়ে বিল তার ওপর মরার উপর খাঁড়ার ঘা হিসাবে প্রিপেইড মিটার গ্রাহকদের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। এতে জনজীবন অতিষ্ঠ।”
রাজশাহীতে ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি।
শনিবার দুপুর ৩টা পর্যন্ত রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান।
পুলিশ জানায়, আটক নারীরা দেশের বিভিন্ন এলাকা থেকে রাজশাহীতে এসেছেন। মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ায় পকেটমারের আশঙ্কায় বিশেষ নজরদারি চালাচ্ছিল পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এবং পকেটমারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।গাজিউর রহমান বলেন, আটক নারীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বিকাল ৪টার দিকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতেও অভিযান চলছে।
শনিবার বিকাল তিনটা থেকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের উদ্যোগে তাফসির মাহফিল শুরু হয়। এতে প্রধান আলোচক হিসেবে ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে রাত সাড়ে ৮টায়।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর উপস্থিত থাকার কথা রয়েছে।