রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।
রোববার (২৯ নভেম্বর) রাত ১টার দিকে পবা উপজেলার ভূগরোইল মোড় এলাকায় অবস্থিত উপজেলা ভূমি অফিসে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, অন্য দুটি বিস্ফোরিত হয়নি।
তবে এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। সাম্প্রতিক সময়ে রাজশাহীর বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনার পর ভূমি অফিসে এ হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনার খবর পেয়ে বেলা ১২টায় রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর তিনি সাড়ে ১২টায় পারিলা ইউনিয়নের পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন এবং সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী উপস্থিত ছিলেন।
এর আগে সকালে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলনও ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, পবা উপজেলা ভূমি অফিসের আগে পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্র সহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে।
এসব বিষয় বিবেচনায় নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব মহলকে নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভূমি অফিসে জনগণের গুরুত্বপূর্ণ দলিল ও রেকর্ড সংরক্ষিত থাকে। এ ধরনের হামলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। বিধ্বংসী কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে মনে হচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, অসৎ উদ্দেশ্যে কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য কেউ কেউ এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে এ ধরনের প্রবণতা খুব বেশি নয়। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও পল্লী বিদ্যুৎ কার্যালয়গুলোতে নাইট গার্ড মোতায়েনের পাশাপাশি পুলিশের টহল অব্যাহত রয়েছে। সার্বিক নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে স্থাপনা ও জনস্বার্থ রক্ষায় জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন বলেন, পবা শহরকেন্দ্রিক উপজেলা হওয়ায় এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সাম্প্রতিক সময়ে বিমান বন্দর এবং পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এর ধারাবাহিকতায় আজ রাতে উপজেলা ভূমি অফিসেও হামলা হয়েছে। নিক্ষেপ করা তিনটি পেট্রোল বোমার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, দুটি বিস্ফোরিত হয়নি। নাইট গার্ড ও অন্যান্য নিরাপত্তাকর্মী সজাগ থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাত পর্যন্ত টহল দিচ্ছেন। পাশাপাশি আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছেন।
ইউএনও বলেন, সহিংসতা ও নাশকতার নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত নাগরিক ও এলাকাবাসীকেই ভোগ করতে হয়। তাই কোথাও কোনো দুর্বৃত্তের সন্ধান পাওয়া গেলে জনগণকে সতর্ক থাকতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পবা উপজেলায় এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী নিরলসভাবে কাজ করছে।
সংঘর্ষে নিহত ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। ছবি: সংগৃহীত
রোববার (২৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুরে শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। ছবি: শাবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। রোববার ভোর ৪টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরআগে শনিবার দিনভর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা ( কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।
নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ হয়। এতে ভোটার সংখ্যা ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মো. আরিফ হোসেন
নোয়াখালীর সেনবাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আরিফ হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরিফ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের খালেক ডুবাই আলার বাড়ির গোরফার মিয়ার ছেলে। তিনি কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হন আরিফ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। একই দিন বিকেলে বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরে জানাবেন।
ভাঙ্গা হয়ে ঢাকা-বরিশাল পথে বন্ধ বাস চলাচল বাস না পেয়ে ভোগান্তিতে যাত্রীরা সড়কে গাড়ি নেই
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি এবং প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকা থেকে ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
ডা. সেলিম আকতার চৌধুরী কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলার নম্বর এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।