বাবা ভাঙ্গা।
২০২৬ সালের শুরু থেকেই বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেয়েছে। এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন বুলগেরিয়ার রহস্যময় নারী ও তথাকথিত ‘ভবিষ্যদ্দ্রষ্টা’ বাবা ভাঙ্গা। তাঁর অনুসারীদের দাবি, বহু বছর আগেই তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, ২০২৬ সাল পৃথিবীতে ‘যুদ্ধ ও ধ্বংস’ ডেকে আনবে। এই নারী যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু ও বিশ্বশক্তি হিসেবে চীনের উত্থানের মতো ঘটনার নির্ভুল পূর্বাভাস দিয়েছিলেন বলে কথিত আছে।
সম্প্রতি নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাবা ভাঙ্গা ২০২৬ সালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ও ভিনগ্রহের প্রাণীর সঙ্গে মানুষের প্রথম যোগাযোগ প্রতিষ্ঠার কথা বলে গেছেন।
বাবা ভাঙ্গা ১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে মারা যান। এর তিন দশক পরও তাঁর রহস্যময় ‘ভবিষ্যদ্বাণীগুলো’ বিশ্ববাসীকে ভাবাচ্ছে।
কে এই বাবা ভাঙ্গা
১৯১১ সালে বর্তমান উত্তর মেসিডোনিয়ায় জন্ম নেওয়া এই নারীর প্রকৃত নাম ভ্যাঞ্জেলিয়া পান্ডেভা গুশতেরোভা। মাত্র ১২ বছর বয়সে এক ভয়াবহ টর্নেডোর কবলে পড়ে তিনি দৃষ্টিশক্তি হারান। ভক্তদের মতে, সেই অন্ধত্বই তাঁর ‘দিব্যচক্ষু’ খুলে দেয় এবং তিনি ‘ভবিষ্যৎ দেখার ক্ষমতা’ লাভ করেন।
প্রথাগত শিক্ষা না থাকলেও বাবা ভাঙ্গা বুলগেরিয়া ও এর বাইরে প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হন। ব্যক্তিগত সমস্যা থেকে শুরু করে বৈশ্বিক বিষয়—সব ক্ষেত্রেই মানুষ তাঁর কাছে পরামর্শ নিতে আসত। তিনি ৫০৭৯ সাল পর্যন্ত, তথা সুদূরভবিষ্যতের বিভিন্ন বিষয়ে ‘ভবিষ্যদ্বাণী’ করে গেছেন।
‘ভবিষ্যদ্বাণী’ নিয়ে তোলপাড়
বর্তমান ভূরাজনৈতিক পটভূমিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা ভাঙ্গার ‘ভবিষ্যদ্বাণী’ আবার আলোচনায় এসেছে। তিনি ২০২৬ সালে যুদ্ধ ও ধ্বংসের যে সতর্কবার্তা দিয়েছিলেন, তার সঙ্গে বর্তমান বৈশ্বিক পরিস্থিতির মিল খুঁজে পাচ্ছেন অনেকে।
প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার কূটনৈতিক সম্পর্কে চরম অবনতি, আঞ্চলিক স্থিতিশীলতায় হস্তক্ষেপ নিয়ে বিতর্ক, ইরানে ব্যাপক গণবিক্ষোভ, যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত, কলম্বিয়া নিয়ে উদ্বেগসহ বিভিন্ন ঘটনা বিশ্বজুড়ে সংঘাত উসকে দেওয়ার আশঙ্কা বাড়াচ্ছে। এসব খবর সামাজিক যোগাযাগমাধ্যমে বাবা ভাঙ্গার ‘ভবিষ্যদ্বাণীর’ সঙ্গে মিলিয়ে পাল্লা দিয়ে শেয়ার করা হচ্ছে।
টিকটক, এক্স ও ইউটিউবে বাবা ভাঙ্গার কথিত তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। কেউ কেউ বাস্তব সংবাদের সঙ্গে ষড়যন্ত্র তত্ত্ব মিশিয়ে উপস্থাপন করছেন।
বিশ্লেষকেরা বলছেন, সাধারণ মানুষের মনে অজানাকে জানার কৌতূহল এবং বর্তমান বৈশ্বিক সংকটের ভীতি থেকেই এই ‘ভবিষ্যদ্বাণী’ নতুন করে প্রাণ পেয়েছে। তবে এগুলো আসন্ন কোনো বৈশ্বিক যুদ্ধের প্রামাণ্য তথ্য নয়।
২০২৬ নিয়ে কী ‘ভবিষ্যদ্বাণী’ করেছেন ভাঙ্গা
কথিত আছে, ২০২৬ সালের জন্য বাবা ভাঙ্গা তিনটি প্রধান সতর্কবার্তা দিয়েছিলেন। এগুলো হলো—
১. বৈশ্বিক সংঘাত: বড় শক্তিগুলোর বিরোধের জেরে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা।
২. প্রাকৃতিক বিপর্যয়: ভয়াবহ ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো চরম প্রাকৃতিক দুর্যোগ।
৩. অর্থনৈতিক অস্থিতিশীলতা: ইউরোপে সংঘাতের ফলে বিশ্বজুড়ে চরম আর্থিক বিপর্যয়।
বাবা ভাঙ্গার যেসব অনুমান সঠিক হয়েছে
—২০০০ সালে রুশ সাবমেরিন ‘কুর্স্ক’ দুর্ঘটনা।
—২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে বিমান হামলা।
—বারাক ওবামার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া।
—চেরনোবিল পারমাণবিক বিপর্যয়।
—বৈশ্বিক সন্ত্রাসবাদের উত্থান।
যেসব ‘ভবিষ্যদ্বাণী’ সত্য হয়নি
—২০১০ সালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু।
—২০২৫ সালে ভিনগ্রহের প্রাণীদের পৃথিবীতে আগমন।
বাবা ভাঙ্গার অন্যান্য পূর্বাভাস
২০২৮ সাল: জ্বালানির সন্ধানে শুক্র গ্রহে মানুষের অভিযান।
২০৩৩ সাল: ব্যাপক মাত্রায় মেরু অঞ্চলের বরফ গলা।
২০৭৬ সাল: বিশ্বব্যাপী সাম্যবাদের প্রসার।
২১৭০ সাল: ভয়াবহ খরায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিপর্যয়।
৩০০৫ সাল: মঙ্গল গ্রহের সভ্যতার সঙ্গে পৃথিবীর বাসিন্দাদের যুদ্ধ।
৩৭৯৭ সাল: বসবাসের অযোগ্য হয়ে পড়বে পৃথিবী।
৫০৭৯ সাল: পৃথিবীর ধ্বংস।
যুদ্ধ অবসানের প্রচেষ্টায় অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাইয়ের সঙ্গে মুখোমুখি বৈঠকের কথা বিবেচনা করছেন। বুধবার (১১ নভেম্বর) মার্কিন ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তা এবং আলোচনার সঙ্গে পরিচিত ব্যক্তিদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্যেষ্ঠ সহযোগী এবং বিদেশি সমকক্ষদের জানিয়েছেন, তিনি তেহরানের সঙ্গে ভ্যান্সের ‘আলোচনা পুনরায় শুরু করার’ বিষয়ে উন্মুক্ত রয়েছেন এবং তাকে আলোচনার অনুমোদন দিয়েছেন। ভ্যান্স গত অক্টোবরে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব রেজাইকে বৈঠকের অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন, তবে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ভ্যান্স ও রেজাইয়ের সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে দোহাকে বিবেচনা করা হচ্ছে। তবে আলোচনা পুনরায় শুরু করার আগে ইরানি কর্মকর্তারা ওয়াশিংটনের নৌ অবরোধ প্রত্যাহার, জব্দকৃত সম্পদ অবমুক্ত করা এবং তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার দাবি জানানোয় এই কূটনৈতিক প্রচেষ্টা বড় বাধার মুখে পড়েছে।
জার্নালের উদ্ধৃত মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের মতে, মধ্যস্থতাকারীরা বড় ধরনের হামলার ঝুঁকি কমাতে মার্কিন বিমানবাহী রণতরীগুলোকে আরও দূরে সরিয়ে নেওয়া এবং ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ শিথিল করার প্রস্তাব দিয়েছেন। এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালী দিয়ে পঁচিশটি ট্যাংকার চলাচলের অনুমতি দেবে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের দাবিগুলোকে ‘অবাস্তব’ বলে অভিহিত করলেও জানিয়েছেন, তেহরান তাদের অবস্থান পরিবর্তন করলে ওয়াশিংটন কূটনীতির জন্য প্রস্তুত রয়েছে। তবে ইরানি কূটনীতিকরা ব্যক্তিগতভাবে কোনো চুক্তিতে পৌঁছানোর বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং কিছু আঞ্চলিক মধ্যস্থতাকারীও আগামী কয়েক দিনের মধ্যে কোনো চুক্তি হওয়ার বিষয়ে সন্দিহান।
পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পখতুনখোয়া প্রদেশে গোয়েন্দাভিত্তিক পৃথক অভিযানে অন্তত ৭৪ জন জঙ্গিকে খতম করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১৩ নভেম্বর) দ্য কাবুল ট্রিবিউনে খিয়াল হামিদজাইয়ের প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) জানিয়েছে, বেলুচিস্তানের কোয়েটা জেলার কুররাম এলাকায় এবং খাইবার পখতুনখোয়া প্রদেশের মির আলী ও ওরিয়াকজাই জেলায় এই অভিযানগুলো পরিচালিত হয়েছে। আইএসপিআর-এর এই বিবৃতির বরাতে জিও নিউজ খবরটি প্রচার করেছে।
নিহত ব্যক্তিদের ‘ভারত-সমর্থিত’ জঙ্গি হিসেবে অভিহিত করেছে সামরিক বাহিনী, তবে তাদের পরিচয়, সংশ্লিষ্ট দল বা অভিযানগুলোর সুনির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
এই অভিযানগুলোতে কোনো নিরাপত্তা কর্মী বা সাধারণ নাগরিক হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি। এ ছাড়া পৃথক অভিযানগুলোর সময়কাল এবং ফলাফল সম্পর্কেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: দ্য কাবুল ট্রিবিউন
ছবি : সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ হামলার দায় স্বীকার করেছে।
আইআরজিসির দাবি, সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার প্রতিক্রিয়ায় বাহরাইনে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড বন্ধ না হলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম আইআরজিসির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালিতে আকাশপথে উসকানিমূলক তৎপরতা ও তেল পাচার বন্ধ করতে আগ্রাসী পক্ষকে সতর্ক করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড আবার ঘটলে কোনো সীমাবদ্ধতা ছাড়াই জবাব দিতে প্রস্তুত রয়েছে তাদের মহাকাশ বাহিনী।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, দেশটির হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সেখানে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কারা হামলা চালিয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।
উল্লেখ্য, ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে সিরিক শহরের অবস্থান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।
ছবি: সংগৃহীত
ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের একটি গ্রামে প্রতিবছর আয়োজন করা হয় গোবর ছোড়াছুড়ির এক উৎসব। এই উৎসব দেখতে স্থানীয় বাসিন্দা ও দূরদূরান্ত থেকে পর্যটকেরা এখানে আসেন। শতাব্দীপ্রাচীন এ উৎসবের নাম ‘গোরিহাব্বা’। হিন্দু ধর্মীয় বিশ্বাস ও স্থানীয় ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এর প্রচলন।ফ্রান্স ২৪-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দীপাবলির তৃতীয় দিনে দক্ষিণ ভারতের গুমাতাপুরা গ্রামে উৎসবটি অনুষ্ঠিত হয়। স্থানীয়ভাবে পূজিত দেবতা বীরেশ্বরের সম্মানে এ আয়োজন করা হয়।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, গোবরের স্তূপ থেকে তার আবির্ভাব হয়েছিল। পরে প্রতিবছর তার সম্মানে গোরিহাব্বা উৎসব পালনের ইচ্ছা প্রকাশ করেন তিনি। উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় সকালে। গ্রামের বিভিন্ন স্থান থেকে গোবর সংগ্রহ করে মন্দিরের কাছে জড়ো করেন বাসিন্দারা। এরপর গাধার পিঠে দানবের সাজে এক ব্যক্তিকে নিয়ে শোভাযাত্রা বের করা হয়।
গোবরবোঝাই একটি গরুর গাড়িও ফুল ও কলাপাতা দিয়ে সাজিয়ে মন্দিরে নেওয়া হয়। সেখানে প্রার্থনা শেষে শুরু হয় গোবর ছোড়াছুড়ি। উৎসব দেখতে আশপাশের এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে পর্যটকেরা আসেন। তাদের কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের কাছ থেকে এ উৎসবের কথা জেনে সেখানে গেছেন বলেও জানিয়েছেন।
অংশগ্রহণকারীদের বিশ্বাস, গোবর শুধু ধর্মীয়ভাবে পবিত্র নয়, এর রয়েছে স্বাস্থ্যগত উপকারিতাও। তাদের ধারণা, গোবর ছোড়াছুড়ির এই রীতি অসুস্থতা দূর করতে এবং বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দিতে পারে। তবে এসব বিশ্বাসের বৈজ্ঞানিক ভিত্তি প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
কপ সম্মেলনের পরিভাষা বুঝতে বাংলা শব্দকোষ প্রকাশ।
আন্তর্জাতিক জলবায়ু কূটনীতি ও পরিবেশবিষয়ক আলোচনার জটিল পরিভাষাগুলো সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করতে প্রকাশিত হয়েছে ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ শীর্ষক নতুন একটি বই।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনাতলিয়ায় কপ-৩১ সেন্টারে বাংলাদেশ প্যাভিলিয়নে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জমান মজুমদার বইটি রচনা করেছেন। বইটির মুখবন্ধ লিখেছেন দেশের বিশিষ্ট জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এটি যৌথভাবে প্রকাশের দায়িত্ব পালন করেছে সিথ্রিইআর (C3ER), লিডার্স (LEDARS), ওসিএল (OCL) এবং এসআরসিএল (SRCL)।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, সেফ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রহমত উল্লাহ ও সিপিআরডির প্রধান নির্বাহী শামসুদোহাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশনা সূত্রে জানা যায়, বৈশ্বিক জলবায়ু কূটনীতি ও নীতিনির্ধারণী আলোচনায় অভিযোজন, প্রশমন, ক্ষতিপূরণ তহবিল, কার্বন বাজার, এনডিসি (NDC), টিপিং পয়েন্ট কিংবা জলবায়ু শরণার্থীর মতো নতুন নতুন কারিগরি শব্দ যুক্ত হচ্ছে। ইংরেজি এসব শব্দের প্রকৃত অর্থ ও প্রেক্ষাপট বাংলায় স্পষ্টভাবে তুলে ধরার লক্ষ্যেই এই শব্দকোষটি সংকলন করা হয়েছে।
বইটিতে মোট ১ হাজার ২৯৪টি গুরুত্বপূর্ণ পরিবেশগত ও জলবায়ুবিষয়ক পরিভাষার সহজ বাংলা ব্যাখ্যা স্থান পেয়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন জলবায়ু চুক্তির সংক্ষিপ্ত রূপ, আলোচনার কারিগরি শব্দের অর্থ এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করা উল্লেখযোগ্য সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সংক্ষিপ্ত বিবরণ যুক্ত করা হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য-উপাত্তও বইটিতে সন্নিবেশিত করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, কপ-৩১ (COP31) সম্মেলনকে সামনে রেখে শিক্ষার্থী, গবেষক, সাংবাদিক, উন্নয়নকর্মী ও নীতিনির্ধারকদের জন্য এই শব্দকোষটি একটি অপরিহার্য সহায়িকা হিসেবে কাজ করবে এবং দেশের জলবায়ু কার্যক্রম ও কূটনৈতিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতীকী ছবি