প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন।

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:২২ পিএম

নিজস্ব উদ্যোগে, শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ কর্মী পাঠানোর মধ্য দিয়ে বৈদেশিক কর্মসংস্থানে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগকে ঐতিহাসিক আখ্যা দিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, কর্মীদের অভিবাসন ব্যয় কমানো, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।


তিনি বলেন, সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক উদ্যোগ।


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল, যা বর্তমানে দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে প্রবাসীদের কল্যাণ, অধিকার ও স্বার্থ সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ আরও সুসংহত হয়।


মাহদী আমিন বলেন, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সম্পূর্ণ সরকারি উদ্যোগে, কর্মীদের শূন্য অভিবাসন ব্যয়ে এবং নিয়োগকর্তার অর্থায়নে মালয়েশিয়ায় ১১২ কর্মীর প্রথম দল পাঠানো হয়েছে। স্বচ্ছ ডিজিটাল লটারি ও সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় পরিচালিত এই উদ্যোগ বৈদেশিক কর্মসংস্থানে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।


তিনি বলেন, বিএনপি সরকারের লক্ষ্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, অভিবাসন ব্যয় হ্রাস এবং প্রবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই অঙ্গীকার বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


একজন কর্মীর বিদেশযাত্রা শুধু ব্যক্তিগত স্বপ্ন নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের সচ্ছলতা, সন্তানদের ভবিষ্যৎ ও স্বজনদের মুখে হাসি ফোটানোর প্রত্যাশা উল্লেখ করে মাহদী আমিন বলেন, প্রবাসীদের ঘামঝরা শ্রম ও কষ্টার্জিত উপার্জনে সমৃদ্ধ হয় দেশ, বদলে যায় লাখো পরিবারের জীবন এবং শক্তিশালী হয় বাংলাদেশের অর্থনীতি।


তিনি আরও বলেন, শহীদ জিয়ার সূচিত পথ, দেশনেত্রীর প্রাতিষ্ঠানিক উদ্যোগ এবং গণমানুষের নেতার নেতৃত্বে এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। বিদেশে কর্মসংস্থান যেন অভিবাসন ব্যয়ের বোঝা না হয়ে প্রতিটি কর্মীর জন্য মর্যাদা, নিরাপত্তা, সচ্ছলতা ও সম্ভাবনার স্থায়ী দুয়ার হয়ে ওঠে।


প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ফ্লাইটে ১১২ বাংলাদেশি কর্মীকে বিদায় শুভেচ্ছা জানান তিনি। কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।



সর্বশেষ সব খবর

নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পর শিশু-কিশোরদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪৯ পিএম

খেলার আনন্দ যেন সবার, কেউ যেন বাদ না পড়ে। শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটিয়ে খেলাধুলায় অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা গড়ে তোলার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


জুমার নামাজ শেষে শিশুদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাদের খেলার সুযোগ ও অংশগ্রহণের খোঁজ নেন তিনি।


শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী।


নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না, কেউ বাদ পড়ছে কি না, তা জানতে চান তিনি।


শিশুদের নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শও দেন প্রধানমন্ত্রী। একজনের সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে তাদের উৎসাহিত করেন তিনি।


শিশু-কিশোরদের সঙ্গে এই সময় কাটানোর মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ সব খবর

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪০ পিএম

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বা স্কুল ফিডিং কর্মসূচি চালু করবে সরকার। এর আওতায় দেশের ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন দুপুরের খাবার পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।


তিনি বলেন, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান জানান, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে।


এ কর্মসূচির আওতায় চার থেকে ১০ বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ২০২৭ সাল থেকে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে প্রায় ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন দুপুরের খাবার পাবে।


খাবারের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে ডা. জুবাইদা রহমান বলেন, চলমান কর্মসূচির পাশাপাশি খাবারের মান তদারকিতে মায়েদের সম্পৃক্ত করতে হবে। এ ক্ষেত্রে তদারকি ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রন্ধন প্রতিযোগিতায় জমা পড়া ৩০০টি রেসিপির মধ্য থেকে নির্বাচিত সেরা পাঁচজনকে পুরস্কৃত করা হয়।


বিদ্যালয়ের খাবারের মান ও পুষ্টিগুণ বাড়াতে স্থানীয় পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, ‘বিভিন্ন জেলা বা উপজেলা পর্যায়ে স্কুলের মিড ডে মিল বা শিশুদের বিদ্যালয়ের দুপুরের খাবার সুস্বাদু ও সহজলভ্য করার জন্য রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে।’


প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি অনুসরণ এবং স্থানীয় উপকরণের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রন্ধনপ্রণালি, সহজলভ্য স্থানীয় উপকরণ, শাকসবজি, আমিষ, দুগ্ধজাত পণ্য ব্যবহার, মায়েদের সম্পৃক্ততা ও তদারকি দেশের শিশুদের পুষ্টির মান বহুগুণে বাড়াবে।’


বক্তব্যে এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, ‘আমরা প্রায়ই বলি, রান্না একটি শিল্প। তবে এটি একই সঙ্গে একটি ভাষা, একটি বিজ্ঞান এবং মানুষের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম। যেখানে প্রয়োজন, অনুরাগ, সৃজনশীলতা এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব মিলনমেলা। আমরা রান্নায় আমাদের ইতিহাস, ব্যক্তিত্ব এবং ভালোবাসার একটি অংশ যোগ করি।’


রন্ধন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মাদারিপুরের তাহেরা ইসলাম তিন্নি, দ্বিতীয় অবস্থানে রয়েছেন আবু আব্দুলাহ এমডি সিয়াম এবং তৃতীয় স্থান অধিকার করেন রংপুরের সাজিয়া ফেরদৌস। বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক প্রদান করা হয়।


পরে বিশিষ্ট চিকিৎসক জুবাইদা রহমান বিজয়ী ও প্রতিযোগীদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন।


রান্নায় নতুনত্ব ও সৃজনশীলতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, ‘রান্না নিয়ে নতুন পরীক্ষা-নিরীক্ষা করা থামাবেন না। আপনাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আপনাদের রান্নাকে অনন্য করবে। রান্নার প্রতি আপনাদের আসক্তিকে কখনো হারিয়ে যেতে দেবেন না। এই যাত্রার প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। বিশ্বের দরবারে বাংলাদেশের রান্নাকে আরও প্রসিদ্ধ করতে সহযোগিতা করুন।’


বিশ্বের ক্ষুধা দূরীকরণে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন দিক তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, সবার জন্য খাদ্য নিশ্চিত করা, দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, শিশুদের খর্বতা ও অপুষ্টির অবসান, ক্ষুদ্র কৃষকদের সহায়তা, টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলা এবং খাদ্যের অপচয় ও ক্ষতি কমানো এর অন্যতম লক্ষ্য।


বাংলাদেশের শিশুদের পুষ্টি পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, বাংলাদেশের ৬৪টি জেলায়, ৫০০টি উপজেলায়, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নের ৯০ হাজার ৪৯টি গ্রামের প্রেক্ষাপটে পাঁচ বছরের নিচে ২৫ দশমিক ১ শতাংশ শিশু খর্বতার শিকার।’


তিনি বলেন, ‘বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার গঠিত সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।’


কৃষিপ্রধান বাংলাদেশের নতুন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করে ডা. জুবাইদা রহমান বলেন, ‘কৃষিপ্রধান এই দেশে নতুন প্রজন্মকে কৃষির প্রতি যত্নবান হওয়ার অনুপ্রেরণা দেওয়া জরুরি।’


কৃষি উৎপাদন বৃদ্ধি ও পুষ্টির ঘাটতি দূরীকরণে বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নত ফসলের চাষ, ভিটামিন ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, ভিটামিন এ-সমৃদ্ধ সোনালি ধান এবং পুষ্টির অভাব দূরীকরণে রোগ প্রতিরোধী আলু চাষের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি কীটনাশকের ব্যবহার কমাতে পোকা প্রতিরোধী বেগুন চাষের প্রসার ঘটছে। বর্তমানে ৩০ হাজারেরও বেশি কৃষক এ ধরনের বেগুন চাষ করছেন।


আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, আধুনিক সেচ ও কৃষি অবকাঠামোর উন্নয়ন, খাল খননের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি, জলাবদ্ধতা দূরীকরণ এবং পতিত জমিকে আবাদি জমিতে রূপান্তরের উদ্যোগ নিতে হবে। জাতীয় খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নীতি বাস্তবায়নের পাশাপাশি পুষ্টি সংবেদনশীল নীতির ওপরও গুরুত্ব দিতে হবে।


মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, ‘বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তায় মা ও শিশুদের বৈচিত্র্যময় ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যকর রান্নার অভ্যাস তৈরিতে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।’


ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ‘আসুন, পৃথিবীকে জিরো হাঙ্গার- শূন্য ক্ষুধার দিকে এগিয়ে নিতে আমরা সকলেই প্রচেষ্টা চালাই।’


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহজামান খান প্রমুখ।

সর্বশেষ সব খবর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ২:৩৪ পিএম

শেখ হাসিনাকে নিয়ে কী করা, না করা তারাও তো পাগলামি বুঝতেছে বলে দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, তারাও তো এই জঘন্য পাগলকে মানে একটা সন্ত্রাসীকে নিয়ে ওখানে আছে। অপ্রয়োজনীয়ভাবে নানা বিরক্তি তৈরি হচ্ছে। তাই তারাও এর চ্যালেঞ্জ ও অসুবিধা অনুভব করে।বৃহস্প‌তিবার (২৬ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিক‌কদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘‘সে (‌শেখ হা‌সিনা) আসবে না ডিসেম্বরে। শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবে ‘শেখ আসবে না’। প্রত্যর্পণ চু‌ক্তির মাধ্যমে তাকে হাতকড়া পরিয়ে দে‌শে আনা হবে, না হয় কড়া নজরদারীতে।’’


গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি। এরপর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এই রাজনৈতিক পটপরিবর্তনে দলটির বহু নেতা যে যেভাবে পেরেছেন পালিয়ে গেছেন বিভিন্ন দেশে।


দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পার হয়েছে। অন্তর্বর্তী সরকারের পর বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকারে আছে বিএনপি।এদিকে দীর্ঘ দুই বছর পর শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে গত ৯ নভেম্বর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেছিলেন তিনি। তবে বাংলাদেশ সরকার তার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করে। পাশাপাশি কার্যক্রম আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরেও উত্তেজনা বাড়ছে।

সর্বশেষ সব খবর

বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৩৮ পিএম

রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন। এবারের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে সরকার গুরুত্ব দিচ্ছে। এ জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান এবং উন্নত খামার ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হচ্ছে।


তিনি বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষ গ্রহণের প্রায় ৬৫ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে।


প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত। চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাত থেকে ১০৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে।


তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা রোগবালাই। বর্তমানে ১৭টি রোগের টিকা উৎপাদিত হলেও তা পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি ও ন্যায্যমূল্য নিশ্চিত করতেও কাজ করছে সরকার।


অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেন প্রধানমন্ত্রী। স্বর্ণপদকপ্রাপ্তদের ৫০ হাজার এবং রৌপ্যপদকপ্রাপ্তদের ৩০ হাজার টাকা করে দেওয়া হয়।


মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন ও বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন বক্তব্য দেন।


এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে। রাজধানীর কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি দেশের ৬৪টি জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৮ নভেম্বর পর্যন্ত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫৫ পিএম

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে ফের সভা ডেকেছে মজুরি বোর্ড। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।


এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে এ মজুরি ১২ হাজার ৫০০ টাকা। বোর্ডের আলোচনায় তিনটি গ্রেডের মজুরি সব সদস্যের সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়। এর মধ্যে সর্বোচ্চ গ্রেড-১-এর নিম্নতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এর ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এর ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।


অন্যদিকে সর্বনিম্ন গ্রেড-৪-এর মজুরি বোর্ড সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। একই সঙ্গে সিদ্ধান্ত হয়, কোনো গ্রেডের শ্রমিকের প্রাপ্ত মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে নির্ধারিত নিম্নতম মজুরির সঙ্গে অন্তত দুই হাজার টাকা সমন্বয় করা হবে।


এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করে।তবে মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন শ্রমিক প্রতিনিধিরা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় সেদিন কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরে উভয়পক্ষ নিজেদের প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৩৩ পিএম

বিশ্বের পাসপোর্টের শক্তি ও ভ্রমণসুবিধা নিয়ে আর্টন ক্যাপিটলের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ১৯২তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ।বুধবার (২৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ সূচকে এ তথ্য উঠে এসেছে।


আর্টন ক্যাপিটলের পাসপোর্ট ইনডেক্সে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের অবস্থান তুলে ধরা হয়েছে। এ সূচকে বাংলাদেশের মোবিলিটি স্কোর ৬৫। বাংলাদেশি পাসপোর্টধারীরা ১৭টি দেশে ভিসা ছাড়াই এবং ৬৬টি দেশে পৌঁছানোর পর ভিসা নিয়ে প্রবেশ করতে পারেন। এ ছাড়া ১১৫টি গন্তব্যে ভ্রমণের জন্য আগাম ভিসা প্রয়োজন।


দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল। এ অঞ্চলে বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।বিশ্ব তালিকায় ভারতের অবস্থান ১২৮তম, ভুটান ১৬৩তম, শ্রীলঙ্কা ১৮০তম, নেপাল ১৮৩তম, পাকিস্তান ১৯৪তম এবং আফগানিস্তান ১৯৮তম।


আর্টন ক্যাপিটল একটি বৈশ্বিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি পাসপোর্ট ইনডেক্স চালু করে। বিভিন্ন দেশের নাগরিকেরা কতটি গন্তব্যে ভিসা ছাড়াই, পৌঁছানোর পর ভিসা নিয়ে অথবা ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের মাধ্যমে প্রবেশ করতে পারেন, তার ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়।


তবে আর্টন ক্যাপিটল ও যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকের মূল্যায়ন পদ্ধতি এক নয়। ফলে দুই প্রতিষ্ঠানের সূচকে একই দেশের পাসপোর্টের অবস্থানে ভিন্নতা দেখা যায়।

সর্বশেষ সব খবর