পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
শেখ হাসিনাকে নিয়ে কী করা, না করা তারাও তো পাগলামি বুঝতেছে বলে দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, তারাও তো এই জঘন্য পাগলকে মানে একটা সন্ত্রাসীকে নিয়ে ওখানে আছে। অপ্রয়োজনীয়ভাবে নানা বিরক্তি তৈরি হচ্ছে। তাই তারাও এর চ্যালেঞ্জ ও অসুবিধা অনুভব করে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিককদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘‘সে (শেখ হাসিনা) আসবে না ডিসেম্বরে। শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবে ‘শেখ আসবে না’। প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে হাতকড়া পরিয়ে দেশে আনা হবে, না হয় কড়া নজরদারীতে।’’
গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি। এরপর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এই রাজনৈতিক পটপরিবর্তনে দলটির বহু নেতা যে যেভাবে পেরেছেন পালিয়ে গেছেন বিভিন্ন দেশে।
দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পার হয়েছে। অন্তর্বর্তী সরকারের পর বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকারে আছে বিএনপি।এদিকে দীর্ঘ দুই বছর পর শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে গত ৯ নভেম্বর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেছিলেন তিনি। তবে বাংলাদেশ সরকার তার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করে। পাশাপাশি কার্যক্রম আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরেও উত্তেজনা বাড়ছে।
নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পর শিশু-কিশোরদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
খেলার আনন্দ যেন সবার, কেউ যেন বাদ না পড়ে। শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটিয়ে খেলাধুলায় অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা গড়ে তোলার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জুমার নামাজ শেষে শিশুদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাদের খেলার সুযোগ ও অংশগ্রহণের খোঁজ নেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী।
নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না, কেউ বাদ পড়ছে কি না, তা জানতে চান তিনি।
শিশুদের নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শও দেন প্রধানমন্ত্রী। একজনের সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে তাদের উৎসাহিত করেন তিনি।
শিশু-কিশোরদের সঙ্গে এই সময় কাটানোর মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন।
নিজস্ব উদ্যোগে, শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ কর্মী পাঠানোর মধ্য দিয়ে বৈদেশিক কর্মসংস্থানে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগকে ঐতিহাসিক আখ্যা দিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, কর্মীদের অভিবাসন ব্যয় কমানো, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক উদ্যোগ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল, যা বর্তমানে দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে প্রবাসীদের কল্যাণ, অধিকার ও স্বার্থ সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ আরও সুসংহত হয়।
মাহদী আমিন বলেন, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সম্পূর্ণ সরকারি উদ্যোগে, কর্মীদের শূন্য অভিবাসন ব্যয়ে এবং নিয়োগকর্তার অর্থায়নে মালয়েশিয়ায় ১১২ কর্মীর প্রথম দল পাঠানো হয়েছে। স্বচ্ছ ডিজিটাল লটারি ও সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় পরিচালিত এই উদ্যোগ বৈদেশিক কর্মসংস্থানে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি বলেন, বিএনপি সরকারের লক্ষ্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, অভিবাসন ব্যয় হ্রাস এবং প্রবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই অঙ্গীকার বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
একজন কর্মীর বিদেশযাত্রা শুধু ব্যক্তিগত স্বপ্ন নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের সচ্ছলতা, সন্তানদের ভবিষ্যৎ ও স্বজনদের মুখে হাসি ফোটানোর প্রত্যাশা উল্লেখ করে মাহদী আমিন বলেন, প্রবাসীদের ঘামঝরা শ্রম ও কষ্টার্জিত উপার্জনে সমৃদ্ধ হয় দেশ, বদলে যায় লাখো পরিবারের জীবন এবং শক্তিশালী হয় বাংলাদেশের অর্থনীতি।
তিনি আরও বলেন, শহীদ জিয়ার সূচিত পথ, দেশনেত্রীর প্রাতিষ্ঠানিক উদ্যোগ এবং গণমানুষের নেতার নেতৃত্বে এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। বিদেশে কর্মসংস্থান যেন অভিবাসন ব্যয়ের বোঝা না হয়ে প্রতিটি কর্মীর জন্য মর্যাদা, নিরাপত্তা, সচ্ছলতা ও সম্ভাবনার স্থায়ী দুয়ার হয়ে ওঠে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ফ্লাইটে ১১২ বাংলাদেশি কর্মীকে বিদায় শুভেচ্ছা জানান তিনি। কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন। এবারের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে সরকার গুরুত্ব দিচ্ছে। এ জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান এবং উন্নত খামার ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হচ্ছে।
তিনি বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষ গ্রহণের প্রায় ৬৫ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে।
প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত। চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাত থেকে ১০৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে।
তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা রোগবালাই। বর্তমানে ১৭টি রোগের টিকা উৎপাদিত হলেও তা পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি ও ন্যায্যমূল্য নিশ্চিত করতেও কাজ করছে সরকার।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেন প্রধানমন্ত্রী। স্বর্ণপদকপ্রাপ্তদের ৫০ হাজার এবং রৌপ্যপদকপ্রাপ্তদের ৩০ হাজার টাকা করে দেওয়া হয়।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন ও বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন বক্তব্য দেন।
এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে। রাজধানীর কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি দেশের ৬৪টি জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৮ নভেম্বর পর্যন্ত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে ফের সভা ডেকেছে মজুরি বোর্ড। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে এ মজুরি ১২ হাজার ৫০০ টাকা। বোর্ডের আলোচনায় তিনটি গ্রেডের মজুরি সব সদস্যের সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়। এর মধ্যে সর্বোচ্চ গ্রেড-১-এর নিম্নতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এর ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এর ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে সর্বনিম্ন গ্রেড-৪-এর মজুরি বোর্ড সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। একই সঙ্গে সিদ্ধান্ত হয়, কোনো গ্রেডের শ্রমিকের প্রাপ্ত মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে নির্ধারিত নিম্নতম মজুরির সঙ্গে অন্তত দুই হাজার টাকা সমন্বয় করা হবে।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করে।তবে মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন শ্রমিক প্রতিনিধিরা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় সেদিন কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরে উভয়পক্ষ নিজেদের প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়।
বিশ্বের পাসপোর্টের শক্তি ও ভ্রমণসুবিধা নিয়ে আর্টন ক্যাপিটলের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ১৯২তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ।বুধবার (২৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ সূচকে এ তথ্য উঠে এসেছে।
আর্টন ক্যাপিটলের পাসপোর্ট ইনডেক্সে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের অবস্থান তুলে ধরা হয়েছে। এ সূচকে বাংলাদেশের মোবিলিটি স্কোর ৬৫। বাংলাদেশি পাসপোর্টধারীরা ১৭টি দেশে ভিসা ছাড়াই এবং ৬৬টি দেশে পৌঁছানোর পর ভিসা নিয়ে প্রবেশ করতে পারেন। এ ছাড়া ১১৫টি গন্তব্যে ভ্রমণের জন্য আগাম ভিসা প্রয়োজন।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল। এ অঞ্চলে বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।বিশ্ব তালিকায় ভারতের অবস্থান ১২৮তম, ভুটান ১৬৩তম, শ্রীলঙ্কা ১৮০তম, নেপাল ১৮৩তম, পাকিস্তান ১৯৪তম এবং আফগানিস্তান ১৯৮তম।
আর্টন ক্যাপিটল একটি বৈশ্বিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি পাসপোর্ট ইনডেক্স চালু করে। বিভিন্ন দেশের নাগরিকেরা কতটি গন্তব্যে ভিসা ছাড়াই, পৌঁছানোর পর ভিসা নিয়ে অথবা ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের মাধ্যমে প্রবেশ করতে পারেন, তার ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়।
তবে আর্টন ক্যাপিটল ও যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকের মূল্যায়ন পদ্ধতি এক নয়। ফলে দুই প্রতিষ্ঠানের সূচকে একই দেশের পাসপোর্টের অবস্থানে ভিন্নতা দেখা যায়।