জন্ম ও মৃত্যুনিবন্ধনের ওয়েবসাইটের স্ক্রিনশট
ঢাকায় জন্ম ও মৃত্যুনিবন্ধনের কাজে যুক্ত শিউলী আকতার। তাঁর মায়ের মৃত্যু হয়েছে। এখন মৃত্যুনিবন্ধন করতে হবে। তবে সে জন্য তাঁকে যেতে হচ্ছে পৈতৃক এলাকায়। কারণ, অনলাইনে মৃত্যুর আবেদন করা যাচ্ছে না।
তিনি বলেন, তিনি ঢাকায় থাকলেও পৈতৃক বাড়ি রাজশাহীতে। ফলে মায়ের মৃত্যুনিবন্ধন সেখান থেকে করতে হবে। সে জন্য তিনি রাজশাহী যাবেন।
গত নভেম্বর থেকেই মৃত্যুনিবন্ধনের আবেদন করতে না পারার কথা জানিয়েছেন আবুল হাসান নামের এক ব্যক্তি।
তিনি লেখা এক চিঠিতে বলেছেন, সিস্টেমের বেশ কিছু লিংকে প্রবেশ করে কাজ করা যাচ্ছে না। এর মধ্যে নতুন মৃত্যুনিবন্ধনের আবেদন করা যাচ্ছে না। মৃত্যুনিবন্ধন আবেদন প্রিন্ট করা যাচ্ছে না। মৃত্যুনিবন্ধন সনদ পুনর্মুদ্রণও করা যাচ্ছে না। বিষয়টি তিনি জন্ম ও মৃত্যুনিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের প্রতিটি দপ্তরে ই–মেইল করে জানিয়েছেন; কিন্তু কোনো কাজ হয়নি।
এর আগে জন্ম ও মৃত্যুনিবন্ধনের আবেদন অনলাইনেই করা যেত। আবেদন করার পর তার অনুলিপি নিয়ে নিবন্ধন কার্যালয়ে যেতেন সেবাপ্রত্যাশীরা। কার্যালয় থেকে হাতে পেতেন নিবন্ধনের সনদ। জন্মনিবন্ধনে সমস্যা না হলেও তিন মাস ধরে অনলাইনে মৃত্যুনিবন্ধনের আবেদন করা যাচ্ছে না। নিরাপত্তার কারণে তা বন্ধ রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে। তবে এতে শিউলী আকতারের মতো অনেককে নিবন্ধন কার্যালয়ে ছোটাছুটি করতে হচ্ছে।
সরকারি ভাতাসহ উত্তরাধিকার, পারিবারিক সম্পত্তির বণ্টন, পেনশন প্রাপ্তি, জমিজমা বা সম্পত্তির নামজারিসহ নানা প্রয়োজনে মৃত্যু নিবন্ধন সনদ প্রয়োজন। কোনো মৃত ব্যক্তির যদি জন্মনিবন্ধন না থাকে, তাহলে তার মৃত্যুর পর মৃত্যুনিবন্ধন করার আগে জন্মনিবন্ধন করিয়ে নিতে হয়।
জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলে কোনো ফি লাগে না। ৪৫ দিন থেকে ৫ বছরের মধ্যে করলে ২৫ টাকা এবং ৫ বছর পর করালে ৫০ টাকা ফি লাগে। তথ্য সংশোধনের জন্য ১০০ টাকা লাগে। অনলাইনে আবেদন করার পর নিবন্ধকের কাছ থেকে সনদ নিতে হয়। ইউনিয়ন পরিষদের (ইউপি) ক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তা বা ইউপি সচিব সহকারী নিবন্ধক আর ইউপি চেয়ারম্যান নিবন্ধক। সিটি করপোরেশন এলাকায় আঞ্চলিক কার্যালয়ে গিয়ে নিবন্ধন করাতে হয়।
জন্ম ও মৃত্যুনিবন্ধন করা হয় সরকারি এই ওয়েবসাইটে (https://bdris.gov.bd/)। এখন সেখানে আবেদন করতে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড চাওয়া হচ্ছে, যা নিবন্ধক ও সহকারী নিবন্ধকের কাছে থাকে।
নিরাপত্তার কারণ
অনলাইনে মৃত্যুনিবন্ধন আবেদন কেন বন্ধ রয়েছে—জানতে চাইলে রেজিস্ট্রার জেনারেলের (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্বে থাকা আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, তিনি অল্প কিছুদিন হলো এ কার্যালয়ের দায়িত্ব পেয়েছেন। তাই এ বিষয়ে পূর্ণাঙ্গ কোনো তথ্য দিতে পারছেন না।
রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিরাপত্তার কারণে অনলাইনে শুধু মৃত্যুনিবন্ধন বন্ধ রাখা হয়েছে। মৃত্যুনিবন্ধন ঘিরে একটি চক্র ব্যক্তিগত তথ্য বিক্রি করছে বলে খবর পাওয়ার পর গত বছরের ২১ নভেম্বর আবেদন নেওয়া বন্ধ করে দেওয়া হয়।
এক কর্মকর্তা বলেন, মারা গেছেন এমন ব্যক্তির যদি আগে থেকে জন্মনিবন্ধন করা না থাকে, তাহলে মৃত্যুনিবন্ধনের আগে ওই ব্যক্তির জন্মনিবন্ধন করতে হয়। কিছু ব্যক্তির হাতে সেসব তথ্য চলে যায় এবং তারা অর্থের বিনিময়ে সেসব তথ্য ব্যবহার করেছে। এটা জানার পর সিস্টেমে কিছু ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। তার মধ্যে রয়েছে মৃত্যুনিবন্ধনের নতুন আবেদন, মৃত্যুসনদ প্রিন্ট, মৃত্যুসনদ পুনর্মুদ্রণ।
কবে নাগাদ এগুলো খুলে দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে মৃত্যুনিবন্ধনের নতুন আবেদন অনলাইনে খুলে দেওয়া হতে পারে। নিরাপত্তার অংশ হিসেবে আবেদনের সঙ্গে মুঠোফোন নম্বর সংযুক্ত করা হচ্ছে বলে জানান তিনি। তাতে কোনো তথ্য যাচাই করতে হলে নির্ধারিত ব্যক্তির মুঠোফোন নম্বরে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাবে।
রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের তথ্য অনুসারে, মৃত্যুনিবন্ধনের আবেদন অনলাইনে নেওয়া বন্ধ থাকলেও নিবন্ধন কার্যালয়ে এসে যে কেউ আবেদন করতে পারছেন। ওয়েবসাইটে দেওয়া সবশেষ তথ্য অনুসারে, ২৯ জানুয়ারি সারা দেশে ৪ হাজার ২১০টি মৃত্যুনিবন্ধন হয়েছে। তার মধ্যে মৃত্যুনিবন্ধন সংশোধনের আবেদন ছিল ৩৬টি।
ছবি : সংগৃহীত
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ সাত জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ৫৬ প্লাটুনই মোতায়েন করা হয়েছে উত্তপ্ত হয়ে ওঠা গোপালগঞ্জে। বুধবার বিজিবির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বাহিনীর একেক প্লাটুনে ১৫ থেকে ৫০ জন সদস্য সাধারণত থাকতে পারে। তবে বিজিবির ক্ষেত্রে ৩০-৪০ জনে একটি প্লাটুন হিসেব করা হয়।
১০৮ প্লাটুন মোতায়েনের বিষয়ে বিজিবির সংবাদ সম্মেলনে বলা হয়, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।”
এরমধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়ের করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।”
সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
মাঠ পর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে।
“এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।”
বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আগামী ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আমাদের বিরতিহীনভাবে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ ডিসেম্বর। রিটার্নিং অফিসার মনোনয়ন বাছাইয করবেন ৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময়সীমা ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।ইসি সচিব জানান, এই উপ-নির্বাচনে প্রবাসী ও দেশের অভ্যন্তরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোস্টাল ভোটিং ব্যবস্থা থাকবে।
এই নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এছাড়া এই আসনের দুই উপজেলা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।সম্প্রতি সরকারি দলের সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করায় এই আসনটি শূন্য ঘোষণা করা হয়।গত ১৭ নভেম্বর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানান, ড. মোহাম্মদ ওসমান ফারুক গত ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকার বরাবর পাঠান। গত ১৫ নভেম্বর তিনি পদত্যাগপত্রটি গ্রহণ করেন।
স্পিকার বলেন, ‘পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র পাওয়ার তারিখ থেকে সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়।’
ছবি : সংগৃহীত
দেশের পাঁচ বিভাগীয় ও জেলা পর্যায়ে নির্মিত পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে চালু হতে যাচ্ছে। ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোতে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং প্রশাসনিক প্রস্তুতি এগিয়ে নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে হাসপাতালগুলোর উদ্বোধন করবেন।
দীর্ঘদিন আগে হাসপাতালগুলোর নির্মাণকাজ শেষ হলেও প্রয়োজনীয় চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে সেগুলো চালু করা সম্ভব হয়নি। অবশেষে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ায় হাসপাতালগুলো চালুর উদ্যোগ বাস্তবায়নের পথে। হাসপাতাল পাঁচটি চালু হলে ঢাকার বাইরে শিশুদের বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হবে। গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীর হাসপাতালগুলোর ওপর নির্ভরশীলতাও কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নতুন করে চালু হতে যাওয়া হাসপাতালগুলো হচ্ছে- বরিশাল, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল এবং কুমিল্লা শিশু হাসপাতাল। প্রতিটি প্রতিষ্ঠানে ২০০টি করে শয্যা থাকবে। এসব হাসপাতালে শিশুদের নিবিড় পরিচর্যা এবং জটিল রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা রাখা হয়েছে।
পাঁচটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচটি উপপরিচালক, পাঁচটি সহকারী পরিচালক, ১০০টি সিনিয়র কনসালটেন্ট, ২০০টি জুনিয়র কনসালটেন্ট এবং ১০টি আবাসিক চিকিৎসকের পদ।
এ ছাড়া ১৫টি আবাসিক সার্জন, পাঁচটি আবাসিক মেডিকেল অফিসার, ৩২৫টি মেডিকেল অফিসার, ১০টি সহকারী ডেন্টাল সার্জন, ২০টি ইমার্জেন্সি মেডিকেল অফিসার এবং ২০টি অ্যানেসথেশিয়া-সংক্রান্ত পদ রাখা হয়েছে।
হাসপাতালগুলোর প্রশাসনিক কার্যক্রম শুরু করার প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে পাঁচ প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়।
এতে রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে তাদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
হাসপাতালগুলোতে শিশুদের জটিল ও সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার জন্য ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সুবিধা রাখা হচ্ছে। পাশাপাশি থাকবে বড় পরিসরের আইসিইউ ইউনিট এবং কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। ভবিষ্যতে শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর বিষয়টি বিবেচনায় রেখে হাসপাতালগুলোর অবকাঠামো নির্মাণ করা হয়েছে। ফলে প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে হাসপাতালগুলোর সেবা সম্প্রসারণের সুযোগ থাকবে।
এসব প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। হাসপাতালগুলো চালুর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে রয়েছে নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টিপ্যারামিটার বা কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিন। ২০০ শয্যার শিশু হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় এসব চিকিৎসা সরঞ্জাম ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেয়া হয়েছে বলে জানা গেছে।
হাসপাতালগুলো চালুর উদ্যোগে গতি আসে গত ১০ মে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকের পর। ওই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ছয় বিভাগে দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে প্রতিবেদন জমা দিতে বলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর হাসপাতালগুলো চালুর জন্য প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ শুরু করে।
এরই ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের জানান, চলতি বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন। হাসপাতালগুলোর জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্দেশ্যে নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে বলে তিনি সে সময় উল্লেখ করেন। ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করবেন বলেও জানান তিনি।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রতীকী ছবি
নিবন্ধনের ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে যারা বায়োমেট্রিক তথ্য দিচ্ছেন না, তাদের আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকছে। এতে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বাড়ছে, কাজের অগ্রগতি হচ্ছে না। এ কারণে সমন্বয় কমিটির বৈঠকে এ ধরনের আবেদন নিষ্পত্তির জন্য ছয় মাস সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দেয়ায় আবেদন বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তী সময়ে আবার আবেদন করতে পারবেন বলে উল্লেখ করেন আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, অনির্দিষ্টকাল আবেদন পেন্ডিং (নিষ্পত্তির অপেক্ষায়) অবস্থায় রাখার সুযোগ নেই। তাই বায়োমেট্রিক তথ্য দেয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন।
এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বাসসকে বলেন, অনলাইনে এনআইডি আবেদন করার পর আবেদনকারীকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য এসএমএস পাঠানো বা ডেকে পাঠানো হয়। কিন্তু কেউ সাড়া না দিলে এবং ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে তার আবেদনটি বাতিল করা হবে। কারণ, কোনো আবেদন বছরের পর বছর অনিষ্পন্ন অবস্থায় রাখা সম্ভব নয়।
সূত্র: বাসস
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেখানে তিনি আর্মি ট্যাকটিক্যাল ভেহিকেল (সাঁজোয়া যান) চালিয়ে জয়েন্ট স্পেশাল ফোর্সের চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে যাত্রা করেন।স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করছেন তিনি।
বিশেষ এ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করে।মহড়া পরিদর্শন শেষে বিকেলেই হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতার মধ্যে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছে সরকার। মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ের জন্য ঢাকার সব বিদেশি দূতাবাস, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থার মিশনের প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের উদ্দেশে ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
ব্রিফিংয়ের পর তিনি সাংবাদিকদের বলেন, “এগুলো কূটনৈতিক পরিস্থিতি নিয়মিত ব্রিফিং। পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের একাশিতম অধিবেশনের সভাপতির দায়িত্বে থাকাবস্থায় মন্ত্রী হিসাবে আমার প্রথম ব্রিফিং।
“বিভিন্ন বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি, নীতি নিয়ে সর্বশেষ অবস্থা জানানো। আমরা বিনিয়োগসহ সার্বিক দিক নিয়ে কথা বলেছি। বিভিন্ন ক্ষেত্রে আমাদের নীতিগুলো কীভাবে এগোচ্ছে, সে বিষয়ে আমি কথা বলেছি। কীভাবে আমরা সন্ত্রাসীদের মোকাবেলা করছি, সে বিষয়ে।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমরা সন্ত্রাসবাদকে যেভাবে মোকাবেলা করছি, সেটাই সঠিক উপায়। এবং টেররিস্টদের ব্যাপারে যে আমরা কঠোর অবস্থান, বাংলাদেশের মানুষ কঠোর অবস্থানে এবং বাংলাদেশের মানুষ চায় আমাদের সরকারও এদের ব্যাপারে কঠোর অবস্থান নেয়। সুতরাং আপনি জানেন, এখানে সবাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।
“আপনারা জানেন, সবাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সন্ত্রাসবাদ তো আর কোনোভাবেই সহ্য করা যায় না। মানে, এটা পৃথিবীর সব জায়গায় অগ্রহণযোগ্য।”
ওই ব্রিফিংয়ের পর সাইবার সুরক্ষা আইন নিয়ে কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
সে প্রসঙ্গে টেনে হুমায়ুন কবির বলেন, “আমরা কী করছি, সে বিষয়ে দেশের মানুষকে সর্বশেষ অবস্থা জানিয়ে রাখতে চাই।
“তবে যেকোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা দৃঢ় আছি। আমরা সেক্ষেত্রে দৃঢ় অবস্থানে।”
দেশের মানুষ এবং বিদেশি অংশীদারদের সঙ্গে উন্মুক্ত সংলাপ এবং আলোচনার মাধ্যমে সরকারের নীতি এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন।
সাইবার সুরক্ষা আইনের মতো বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও এমন মতবিনিময় হবে বলে জানান তিনি।
সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকার কোনো উদ্বেগ প্রকাশ করেছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “না, কারও কাছে এ বিষয়ে উদ্বেগ প্রকাশের জন্য এই ব্রিফিং নয়, আপনি বিষয়টা বললেন। এটা হচ্ছে, আমরা আমাদের নীতি নিয়ে কীভাবে এগোচ্ছি, সে বিষয়ে ছিল এটা।”
সন্ত্রাসী বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, এমন প্রশ্নে প্রতিমন্ত্রী হুমায়ুন বলেন, “এটা তো পরিষ্কার, টেররিস্ট তো একজনই। টেররিস্ট তো আওয়ামী টেররিস্ট, টেররিজম। ওকে?
“বাংলাদেশের মানুষের উপর টেররিজম তো এক জায়গা থেকেই, যে আওয়ামী টেররিজম। স্পন্সর্ড বাই হাসিনা আপা ফ্রম দিল্লি। তো এটা তো সবাই জানে, এটা তো রকেট সায়েন্স না যে ইয়ে হবে।
“তো হ্যাঁ, টেররিস্ট তো বাংলাদেশের মানুষ এখন এই গোষ্ঠীর লোককেই জানে, কারা। সুতরাং এইটা তো এখন আর কারও কাছে আশ্চর্যজনক বিষয় নয়।”
পরিস্থিতি মোকাবেলায় সরকার আরও কঠোর হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা একটা আত্মবিশ্বাসী সরকার। কেন? আমরা মানুষের দ্বারা নির্বাচিত সরকার। বাংলাদেশের ওভারহোয়েলমিং, দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত সরকার। এই সরকার তো আর এলোমেলো সরকার না। অবৈধ না, যেমনটা অতীতে আমরা দেখেছি। সুতরাং বাংলাদেশের মানুষের সঙ্গে এর জোরালো অবস্থান আছে।
“সুতরাং আমরা খুব আত্মবিশ্বাসের সঙ্গে এটা মোকাবেলা করছি এবং আমাদের মানুষজনের সঙ্গে আত্মবিশ্বাসের কথা বলছি।”
আওয়ামী লীগ ‘বিচ্ছিন্ন সন্ত্রাস’ চালাচ্ছে বলে অভিযোগ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, “এরা মনে করে যে, এগুলা করে মানুষ আতঙ্কিত হবে। কিন্তু এবং মানে মানুষ তো আতঙ্কিত হচ্ছেই না।
“আপনি যদি দেখে থাকেন, এটা উল্টো প্রতিক্রিয়া হচ্ছে। তারাই আতঙ্কিত হচ্ছে। এই টেররিস্টরাই আতঙ্কিত হচ্ছে। এজন্য আমি বলছি না যে—‘জয় বাংলা’ এখন পরিণত হয়েছে পালিয়ে যাওয়ার স্লোগান। মানে জয় বাংলা বলেই মনে হয় কেউ মারতেছে দৌড়।”
আরেক প্রশ্নে হুমায়ুন কবির বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সরকারের অবস্থান হবে দৃঢ়, এটাই বলতে পারি। আওয়ামী সন্ত্রাসীদের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা দৃঢ়ভাবে মোকাবেলা করব।”