• প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ১:১৭ পিএম

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা করেছে দুই ব্যক্তি। নিহতের নাম নাইমুর রহমান (২৬)। তিনি জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের ব্যবস্থাপক ছিলেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে তাকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। ওই সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও দুজন। 


আহত দুজন হলেন- হোটেলটির মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক ও কর্মী মো. হাসান। তারা শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।ওয়ারী থানার এসআই আল আমিন মিয়া সাংবাদিকদের জানান, দেশীয় ধারালো অস্ত্র নিয়ে দুই ব্যক্তি রাত ২টার দিকে হোটেলে প্রবেশ করেন। তারা নাঈমুরকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তার চিৎকার শুনে আব্দুর রাজ্জাক ও হাসান এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম এবং হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের শ্যামলীর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


পুলিশ সূত্র বলছে, ওসমানী হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে। এ ঘটনায় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তাদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এদিকে হামলাকারীদের সঙ্গে নিহত নাইমুরের অন্য কোনো বিরোধ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।নিহতের চাচাতো ভাই রেদোয়ানুল ইসলাম বলেন, নাঈমুরের সঙ্গে মুরগি ব্যবসায়ীদের ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না। হোটেলের সামনে মুরগির গাড়ি রাখা নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলে আসছিল। এ নিয়ে তারা পুলিশের কাছে অভিযোগ ও জানিয়েছিলেন। এর জের ধরে বৃহস্পতিবার রাতে মুরগি ব্যবসায়ীরা প্রথমে হোটেলের নিরাপত্তাকর্মীর সঙ্গে বাগবিতন্ডায় জড়ান। পরে তারা হোটেলের দোতলায় উঠে যান। সেখানে হোটেলের রিসিপশনে ছিলেন নাইমুর। তাকে সামনে পেয়ে এলোপাতারি কোপায় মুরগি ব্যবসায়ীরা। ওই সময় এগিয়ে আসা আরও দুই হোটেল কর্মকর্তাকে কুপিয়েছে তারা। তাদের অবস্থাও আশঙ্কাজনক।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩৫ এএম

রাজধানীর মগবাজার ও হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে মগবাজার নাভানা রিয়েল এস্টেটের সামনে এ বিস্ফোরণ হয়। একই সময়ে হাতিরঝিল মধুবাগ সংলগ্ন এলাকায়ও বিস্ফোরণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।


পুলিশ সূত্রে জানা গেছে, মগবাজারে নাভানা রিয়েল এস্টেটের সামনে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।


খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এছাড়া রাজধানীর হাতিরঝিল মধুবাগ সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানায় পুলিশ।


এর আগে রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরে একটি বাস ও পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে তিতাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।


একই দিন ভোরে মোহাম্মদপুরের বসিলায় ডিএমপির পশ্চিম পুলিশ লাইন্সের সামনে এসপিবিএনের গ্যারেজে একটি গাড়িতে আগুন দেওয়া হয়।


ফায়ার সার্ভিস জানায়, মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটির কয়েকটি সিট পুড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের এক কর্মকর্তা।


অন্যদিকে, মোহাম্মদপুরের বসিলা সড়কের পাশে পুলিশ লাইন্সের সামনে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) গাড়ির গ্যারেজে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে একটি গাড়ির কয়েকটি সিট পুড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৩৭ পিএম

অতিথি ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জরুরি পরিস্থিতিমোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায়ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে অগ্নিনিরাপত্তা ও জরুরি বহির্গমন মহড়া অনুষ্ঠিত হয়েছে।


বুধবার আয়োজিত এ মহড়ায় হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অগ্নিনির্বাপণ সরঞ্জামের যথাযথ ব্যবহার, অগ্নিকাণ্ডের সময় দ্রুত ও নিরাপদে ভবন থেকে বেরিয়ে আসারকৌশল এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে সাড়া দেওয়ার বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয়। বাংলাদেশফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অভিজ্ঞ কর্মকর্তাদের প্রত্যক্ষ নির্দেশনায় মহড়াটি পরিচালিত হয়।


এ উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো.মিজানুর রহমান সিদ্দিকী বলেন, “আমাদের সম্মানিত অতিথি ও কর্মীদের নিরাপত্তা এবং সুস্থতাসর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে এ যৌথ উদ্যোগ নিরাপত্তাসচেতনতা, প্রস্তুতি এবং দায়িত্বশীল আতিথেয়তা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।”


মহড়ায় মূল্যবান দিকনির্দেশনা, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের জন্য ঢাকা রিজেন্সি কর্তৃপক্ষবাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। এ ধরনেরউদ্যোগের মাধ্যমে ঢাকা রিজেন্সি অতিথি, কর্মী ও সংশ্লিষ্ট সবার জন্য একটি নিরাপদ ও সুরক্ষিতপরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ সব খবর

আল মামুন, শাখাওয়াত মুন ও ইলিয়াস হোসেন

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১:৫৮ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেনসহ তিনজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের একদল নেতাকর্মী। বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাদের ধরে মারধরের পর মোহাম্মদপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাদের মারধরের কয়েকটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।


তাদের সঙ্গে আটক আরেক ব্যক্তি হলেন আইনজীবী সুফি মো. আল মামুন।


ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শাখাওয়াত মুনকে ঘিরে ধরে কয়েকজন জিজ্ঞাসাবাদ করছেন। এ সময় চারপাশ থেকে ‘একটা একটা লীগ ধর’ বলে স্লোগান দেওয়া হচ্ছিল।


একজন মুনকে জিজ্ঞাসা করেন, “এরপর আপনাদের নাশকতার প্ল্যান কী?”


জবাবে মুন বলেন, “আমি তো এখন ওএসডি অবস্থায় আছি।”


এ সময় এক ব্যক্তি মুনের গালে চড় মারেন। পরে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। একপর্যায়ে তাকে কান ধরতেও বাধ্য করা হয়।


অন্য একটি ভিডিওতে দেখা যায়, চট্টগ্রামের সাবেক ডিসি ইলিয়াসকে পুলিশ ভ্যানে তোলার পরও মারধর করা হচ্ছে। এ সময় উপস্থিত কারও কারও কণ্ঠে ‘আয়, মারিস না’ বলতে শোনা যায়।


ভিডিওতে মোহাম্মদপুর ও ধানমন্ডি থানা ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিত থাকার কথাও বলা হচ্ছিল।


মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাদের আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।


পুলিশ কর্মকর্তা হালিম বলেন, সম্ভবত তারা কোনো রেস্তোরাঁয় বসেছিলেন। তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা যাচাই করছে পুলিশ।


মুনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময়কার একটি মামলা রয়েছে।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩৭ পিএম

রাজধানী ঢাকায় নির্দিষ্ট দিনে অনেক এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে। সেটি আগে থেকে জানা না থাকলে ভোগান্তিতে পড়তে হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর কোন কোন এলাকার শপিং মল, মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে নিচে তুলে ধরা হলো।


বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট


মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপারমার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ফরচুন শপিং মল, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট ও সাকুরা মার্কেট।


যেসব এলাকার দোকানপাট বন্ধ


মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা ও রমনা শিশুপার্ক।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৪৮ এএম

সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হলেই মিলছে শীতের হালকা পরশ। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকার তাপমাত্রা নেমে এসেছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।


পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ। গতকাল মঙ্গলবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।


আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।


আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে। আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ২০ মিনিটে।

সর্বশেষ সব খবর

আসামি রায়হান আলী।

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৩৯ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে আসল নিবন্ধিত দলিলের নম্বর ব্যবহার করে অন্যান্য তথ্য পরিবর্তনের মাধ্যমে জাল দলিল তৈরি এবং সেই দলিলের ভিত্তিতে জমির মালিকানা দাবি ও নামজারির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতের নির্দেশে ঢাকা মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে। পরে পুলিশের অভিযানে মামলার আসামি রায়হান আলী ও তার স্ত্রী রাশেদা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার সূত্রে জানাগেছে, গত সোমবার (১৬ নভেম্বর ২০২৬) তারিখে ঢাকার মোহাম্মদপুর থানায় ৫১ নম্বর মামলা হিসেবে এফআইআর রুজু করা হয়। আদালত অভিযোগ ও দাখিল করা নথিপত্র পর্যালোচনা করে প্রাথমিকভাবে অপরাধ সংঘটনের উপাদান পাওয়ায় মামলাটি এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দেন।‘

গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) মধ্যরাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে রায়হান আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এসআই রতনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় বলে মামলার একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী জানিয়েছেন।

ঘটনার কেন্দ্রে রয়েছে ৬৮৬৩ নম্বর একটি প্রকৃত নিবন্ধিত দলিল। মামলার অভিযোগে বলা হয়েছে, ওই দলিলের নম্বর অপরিবর্তিত রেখে দাতা, গ্রহীতা, সম্পত্তির তফসিল, জমির পরিমাণ ও মালিকানাসংক্রান্ত অন্যান্য তথ্য পরিবর্তন করে কথিত জাল দলিল তৈরি করা হয়। পরে ওই দলিলের ভিত্তিতে রায়হান আলী জমির মালিকানা দাবি করেন।

আসল দলিলের নম্বর ব্যবহার করে জালিয়াতি : মামলার অভিযোগ অনুযায়ী, ৬৮৬৩ নম্বর দলিলটি প্রকৃতপক্ষে একটি নিবন্ধিত দলিল। সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস থেকে এর সার্টিফায়েড কপিও সংগ্রহ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, ‘ওই দলিলের নম্বর ব্যবহার করে ভিন্ন তথ্যসংবলিত একটি দলিল তৈরি করা হয়। পরে সেটিকে জমির মালিকানার ভিত্তি হিসেবে উপস্থাপন করা হয়।অভিযোগকারী আসল দলিলের সার্টিফায়েড কপির সঙ্গে অভিযুক্তদের ব্যবহৃত দলিলের দাতা, গ্রহীতা, সম্পত্তির তফসিল, জমির পরিমাণ ও মালিকানার তথ্য তুলনা করে জালিয়াতির বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।’

প্রথমে স্বামীর নামে নামজারি : মামলার নথি অনুযায়ী, কথিত জাল দলিলের ভিত্তিতে রায়হান আলী নিজের নামে জমির মালিকানা দাবি করেন। পরে ২০২৫ সালের ২৫ নভেম্বর তার নামে নামজারির আবেদন করা হয়।১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে সংশ্লিষ্ট ভূমি অফিসে তার নামে নামজারি সম্পন্ন হয়।’

প্রথম নামজারির তথ্য:- নামজারি খতিয়ান নম্বর: ২০২৫-১০১৫৮৭- আবেদন নম্বর: ১৩৬৩১১৪৭- আবেদনের তারিখ: ২৫ নভেম্বর ২০২৫- মিউটেশন মামলা নম্বর: ৪৬৬১ (ওঢ-ও)/২০২৫-২৬অভিযোগকারীর প্রশ্ন, মূল নিবন্ধিত দলিলের সঙ্গে দাখিল করা দলিলের তথ্যের অমিল থাকলে নামজারি প্রক্রিয়ায় তা যাচাই করা হয়েছিল কি না।

হেবা দলিলে স্ত্রীর নামে সম্পত্তি হস্তান্তর : মামলার নথিতে বলা হয়েছে, প্রথম নামজারি সম্পন্ন হওয়ার পর ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে রায়হান আলী তার স্ত্রী রাশিদা খাতুনের নামে ১০৫৩৭/২৫ নম্বর হেবা দলিল সম্পাদন করেন।এরপর ২০২৬ সালের ২৬ জানুয়ারি রাশিদা খাতুনের নামে নামজারির আবেদন করা হয়। ১৭ ফেব্রুয়ারি তার নামে দ্বিতীয় নামজারি সম্পন্ন হয়।

দ্বিতীয় নামজারির তথ্য: নামজারি খতিয়ান নম্বর: ২০২৬-১০০৩১৮- আবেদন নম্বর: ১৪১২১২৭০- আবেদনের তারিখ: ২৬ জানুয়ারি ২০২৬- মিউটেশন মামলা নম্বর: ৬৬৫৮ (ওঢ-ও)/২০২৫-২৬।

অভিযোগকারীর দাবি, প্রথমে স্বামীর নামে নামজারি এবং পরে হেবা দলিলের মাধ্যমে স্ত্রীর নামে দ্বিতীয় নামজারির পুরো প্রক্রিয়াটি তদন্ত করা প্রয়োজন।

সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসের ভূমিকা তদন্তের দাবি : অভিযোগকারীর দাবি, আসল দলিলের নম্বর ব্যবহার করে ভিন্ন তথ্যসংবলিত দলিল তৈরি এবং সেই দলিলের ভিত্তিতে সরকারি ভূমি রেকর্ডে নামজারি সম্পন্ন হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস ও ভূমি প্রশাসনের কার্যক্রম খতিয়ে দেখা দরকার।বিশেষ করে মূল দলিলের তথ্য যাচাই, নামজারি আবেদন পরীক্ষা, হেবা দলিল সম্পাদন এবং দ্বিতীয় নামজারি অনুমোদনের প্রতিটি পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন তিনি। সাব-রেজিস্ট্রি অফিস ও ভূমি প্রশাসনের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশের অভিযোগও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

এ ছাড়া দলিল প্রস্তুতকারী, শনাক্তকারী, সাক্ষী, নিবন্ধন কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং নামজারি অনুমোদনকারী কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা তদন্তের দাবি উঠেছে।অভিযোগকারীরা ৬৮৬৩ নম্বর আসল দলিলের সার্টিফায়েড কপির সঙ্গে কথিত জাল দলিলের তুলনামূলক পরীক্ষা, ১০৫৩৭/২৫ নম্বর হেবা দলিলের বৈধতা যাচাই এবং ৪৬৬১ ও ৬৬৫৮ নম্বর মিউটেশন মামলার সম্পূর্ণ নথি পর্যালোচনার দাবি জানিয়েছেন।

তাদের দাবি, তদন্তে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং প্রকৃত জমির মালিকের অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সব খবর