ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের ৪০২ নম্বর কক্ষে ব্যবহৃত Wi-Fi রাউটারে অননুমোদিত প্রবেশ, নেটওয়ার্কের নাম পরিবর্তন করে অশ্লীল ও কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার, শিক্ষার্থীদের ডিভাইস ব্লক করে ইন্টারনেট ব্যবহারে বাধা এবং অভিযোগ করার পর হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে।
রবিবার (৩০ আগস্ট) লালন শাহ হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাকের কাছে লিখিত অভিযোগে দিয়েছেন ৪০২ নম্বর কক্ষের শিক্ষার্থীরা। এ ঘটনায় জরুরি ভিত্তিতে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
অভিযোগপত্রে শিক্ষার্থীরা জানান, প্রায় ছয় মাস আগে একই Wi-Fi রাউটারে অননুমোদিত প্রবেশ ও সেটিংস পরিবর্তনের ঘটনা ঘটেছিল। পরবর্তীতে বিষয়টি অনুসন্ধান ও যাচাইয়ের মাধ্যমে প্রমাণিত হওয়ার পর সংশ্লিষ্টদের সঙ্গে মীমাংসা করা হয়েছিল বলে দাবি করেন তারা। তবে বর্তমানে একই ধরনের ঘটনা পুনরায় ঘটছে বলে অভিযোগ করেছেন তারা।
তাদের দাবি, গত এক মাস ধরে কক্ষটির Wi-Fi নেটওয়ার্কে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস ধারাবাহিকভাবে ব্লক করা হচ্ছে। পাশাপাশি Wi-Fi-এর নাম পরিবর্তন করে বিভিন্ন অশ্লীল, কুরুচিপূর্ণ ও অপমানজনক শব্দ ও বাক্য ব্যবহার করা হয়েছে। এতে তারা ইন্টারনেট ব্যবহারে বাধার পাশাপাশি মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন।
শিক্ষার্থীদের ভাষ্য, Wi-Fi ব্যবহার করতে না পারায় তাদের ব্যক্তিগত মোবাইল ডাটা বা ইন্টারনেট প্যাকেজ কিনে প্রয়োজনীয় অনলাইন কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এতে প্রতি মাসে আনুমানিক ৫০০ থেকে ৬০০ টাকা বা তারও বেশি অতিরিক্ত ব্যয় হচ্ছে। একই সঙ্গে অনলাইন ক্লাস, শিক্ষক-সহপাঠীদের সঙ্গে যোগাযোগ, একাডেমিক উপকরণ সংগ্রহ, গবেষণা ও অন্যান্য শিক্ষাসংশ্লিষ্ট কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে আরও বলা হয়, ঘটনাটি যাচাই করতে গিয়ে শিক্ষার্থীদের হাতে কিছু স্ক্রিনশট ও কারিগরি তথ্য এসেছে। এর মধ্যে Device Name ও MAC Address-সংক্রান্ত তথ্য রয়েছে বলে তারা জানিয়েছেন। একটি ডিভাইসকে ৪০৩ নম্বর কক্ষে অবস্থানরত শিক্ষার্থী ‘জিতু’র ব্যবহৃত বলে শনাক্ত করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
তবে শিক্ষার্থীরা স্পষ্ট করেছেন, শুধুমাত্র Device Name বা MAC Address-এর ভিত্তিতে তারা কাউকে দায়ী করছেন না। বরং সংশ্লিষ্ট ডিভাইসের মালিকানা, রাউটারের সঙ্গে তার সংযোগ, Access History এবং Wi-Fi-এর সেটিংস পরিবর্তনের সঙ্গে কোনো সম্পৃক্ততা রয়েছে কি না-তা নিরপেক্ষ প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে যাচাই করার দাবি জানিয়েছেন এবং হলের Wi-Fi ও নেটওয়ার্ক সংক্রান্ত কারিগরি দায়িত্বে থাকা টেকনিশিয়ান ‘জয়’-এর কাছে থাকা কারিগরি তথ্য, রাউটার-সংক্রান্ত রেকর্ড এবং পূর্ববর্তী ও বর্তমান ঘটনার বিষয়ে তাঁর পর্যবেক্ষণ তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
অভিযোগপত্রে আরো বলা হয়েছে, বিষয়টি নিয়ে অভিযোগ ও নিউজ প্রকাশের পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ‘সাব্বির’ কর্তৃক হুমকি প্রদর্শনের অভিযোগও তুলেছেন এবং পৃথকভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।
এবিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী সাব্বির হুমকির বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি কাউকে কোন হুমকি দেই নি। তাদের রাউটার কে নিয়ন্ত্রন করছে আমি জানিনা।’
অপরদিকে অভিযুক্ত শিক্ষার্থী জিতুকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক বলেন, 'আমি আবাসিক শিক্ষকদের সাথে এ বিষয়ে বসবো এবং অপরাধীদের বের করার সর্বোচ্চ চেষ্টা করবো। পরবর্তীতে অভিযোগকারী ও অভিযুক্ত সকলের সাথে বসা হবে।'
উৎসবমুখর পরিবেশ ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (TDAA)-এর প্রথম দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে সংগঠনটির প্রস্তাবিত গঠনতন্ত্র আলোচনা, প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনের পর সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ প্রাঙ্গণে এ নির্বাচন ও অ্যালামনাই মিলনমেলার আয়োজন করা হয়। এতে সশরীরে উপস্থিত সদস্যদের পাশাপাশি দূরবর্তী সদস্যদের অনলাইন অংশগ্রহণের সুযোগ রাখা হয়। অনলাইন ও অফলাইন মিলিয়ে নির্বাচনে মোট ৮৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
দিনের প্রথম অধিবেশনে উপস্থিত অ্যালামনাই সদস্যদের সামনে নাট্যকলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তাবিত গঠনতন্ত্র উপস্থাপন করা হয়। এ সময় গঠনতন্ত্রের বিভিন্ন ধারা নিয়ে সদস্যদের মধ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সদস্যরা বিভিন্ন বিষয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরেন এবং আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনের বিষয়গুলো বিবেচনা করা হয়। পরে গঠনতন্ত্রের বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা ও আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনটির গঠনতন্ত্র অনুমোদন লাভ করে। সংশ্লিষ্টরা মনে করছেন, গঠনতন্ত্র অনুমোদনের মধ্য দিয়ে নাট্যকলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠনটি একটি সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার ভিত্তি তৈরি করেছে।
গঠনতন্ত্র অনুমোদনের পর নির্ধারিত প্রক্রিয়ায় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। সশরীরে উপস্থিত সদস্যদের পাশাপাশি দূরবর্তী সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করতে অনলাইন ভোটের ব্যবস্থাও রাখা হয়। অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট ৮৭ শতাংশ ভোট কাস্ট হওয়াকে সংগঠনটির প্রথম নির্বাচন হিসেবে উল্লেখযোগ্য সাড়া হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। এর মধ্য দিয়ে নাট্যকলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
২০২৬-২০২৮ মেয়াদের জন্য নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আহসান হাবীব। সহ-সভাপতি হয়েছেন মো. সাইফুল ইসলাম শাহীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. এনামুল হাসান কাওছার। পরিষদের অন্যান্য পদে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, অর্থ সম্পাদক মো. আরিফুর ইসলাম, দপ্তর সম্পাদক মুনতাছরিন রহমান মীম, শিল্প ও সংস্কৃতি সম্পাদক জেরিন চাকমা, আইসিটি, প্রচার ও ডকুমেন্টেশন সম্পাদক মিরাজ হোসেন শান্ত এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক মো. ইমাম হোসেন। কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম তাসিন, সৈয়দা কাজরিয়া রহমান প্রথমা ও মো. আলম হোসেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা আহ্বায়ক কমিটির প্রধানের নেতৃত্বে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত পরিষদের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে সংগঠনের সকল সাধারণ সদস্য, নির্বাচন কমিশন এবং নির্বাচন-সংশ্লিষ্ট বিভিন্ন উপকমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে নাট্যকলা পরিবারের মেলবন্ধন আরও সুদৃঢ় করা, অ্যালামনাই সদস্যদের পেশাগত বিকাশে সহযোগিতা করা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত পরিষদের সদস্যরা।
নবগঠিত পরিষদের পক্ষ থেকে জানানো হয়, নাট্যকলা বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করা, সদস্যদের পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ তৈরি করা এবং নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে TDAA গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগের সেতুবন্ধন তৈরি এবং বিভাগের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে অ্যালামনাইদের সম্পৃক্ত করাও সংগঠনটির অন্যতম লক্ষ্য হিসেবে কাজ করবে।
প্রথম দ্বিবার্ষিক নির্বাচন ও গঠনতন্ত্র অনুমোদনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নাট্যকলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (TDAA) একটি আনুষ্ঠানিক সাংগঠনিক কাঠামোর অধীনে নতুন যাত্রা শুরু করল।
কুবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৬–২৭ শুরু হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অর্থনীতি বিভাগ ও ফার্মেসি বিভাগের মধ্যকার ম্যাচের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন হয়।
উদ্বোধনী ম্যাচে ট্রাইব্রেকারে ফার্মেসি বিভাগকে ৪–৩ গোলে হারিয়ে জয় পায় অর্থনীতি বিভাগ। পরে দ্বিতীয় ম্যাচে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ট্রাইব্রেকারে সিএসই বিভাগকে ৩–১ গোলে পরাজিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন এবং ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি ড. মোহাম্মদ মহিউদ্দীন। এ সময় উপ-উপাচার্য আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
জানা যায়, এবারের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মোট ১৮টি বিভাগ অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার বলেন, “এখানে অংশগ্রহণকারী সবাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বহিরাগত কেউ নয়। তাই খেলাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া যাবে না। হার-জিত খেলাধুলারই অংশ। একটি দলই চ্যাম্পিয়ন হবে, সেটি মাথায় রেখে সুশৃঙ্খল ও সুন্দরভাবে খেলতে হবে। কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ করা যাবে না।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে ফুটবলের পাশাপাশি বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এসব আয়োজন সফল করতে শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন। মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি হলে খেলাধুলা স্থগিত রাখার পরিস্থিতি তৈরি হয়।”
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন পড়ালেখার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দেয়। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি নেতৃত্ব, দলগত কাজ এবং পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। পাশাপাশি যুবসমাজকে অনলাইন আসক্তি ও মাদক থেকে দূরে রাখতেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি ড. মোহাম্মদ মহিউদ্দীন বলেন, “খেলায় জয়-পরাজয় থাকবেই। প্রতিদ্বন্দ্বিতা যেন বন্ধুত্ব নষ্ট না করে। খেলাকে বিনোদনমূলকভাবে উপভোগ করতে হবে এবং পরাজয় থেকে শিক্ষা নিয়ে পরবর্তী টুর্নামেন্টের জন্য প্রস্তুত হতে হবে।”
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘Pubali Bank PLC Presents Jagannath University AI & IT Fest 2026’। এতে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়, ৪০টি টেক ক্লাব এবং হাজারো তরুণ মেধাবী শিক্ষার্থী অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজকরা।
আজ রোববার (৩০ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। প্রযুক্তিপ্রেমী তরুণদের একত্রিত করার পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও নতুন ধারণা তুলে ধরার প্ল্যাটফর্ম হিসেবে আয়োজনটি করা হয়েছে।
আয়োজক কমিটির সদস্য বায়েজিদ জানান, ফেস্টে থাকছে AI, Robotics, Innovation, Project Showcase ও Olympiad। পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার ও প্রযুক্তিখাতের সঙ্গে সংযোগ তৈরির লক্ষ্যে থাকছে TechCare Zone, Industry Talk এবং Live Pitch। এসব আয়োজনে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের CEO, industry leaders ও অভিজ্ঞ mentors অংশ নেবেন।
তিনি আরও বলেন,ফেস্টের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর ধারণা উপস্থাপনের সুযোগ পাবেন। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও টেক ক্লাবের সদস্যদের মধ্যে যোগাযোগ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, এটি শুধু একটি প্রযুক্তি উৎসব নয় বরং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবক, প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থী, টেক ক্লাব এবং শিল্পখাতের প্রতিনিধিদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার ও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে।
বায়েজিদ আরও জানান, প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল বিশ্বে তরুণদের দক্ষ করে তুলতে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে যোগাযোগ বাড়ানো জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান, নেটওয়ার্কিং এবং নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ তৈরি করবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়, পূর্ববর্তী রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ২৯ আগস্ট তারিখ পূর্বাহ্ন হতে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আজ থেকেই পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমানকে এই পদে নিয়োগ দেওয়া হলো। তিনি বিধি মোতাবেক এই পদের সব সুবিধা প্রাপ্ত হবেন।
গত বছরের ৫ মার্চ ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হক। তাঁর আবেদনের প্রেক্ষিতে আজ থেকে অধ্যাপক ড. আতিকুর রহমানকে দায়িত্ব দেন প্রশাসন।
দায়িত্ব পাওয়ার পর নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ আমার ওপর আস্থা রাখার জন্য। দপ্তরের দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সকলের দোয়া চাই। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা সবার সেবা দেওয়ার জন্য এই দপ্তর কাজ করবে। যদিও আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে তবে উপাচার্য স্যার ইতিমধ্যে একটি প্রকল্প নিয়েছেন যাতে সংশ্লিষ্ট সকলের দক্ষতা বৃদ্ধি পায়। আশা করি প্রকল্পটি দ্রুতই বাস্তবায়ন হবে। দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কাম্য।”
মানারাত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ডিবেটিং ক্লাব আয়োজিত ‘Manarat Invitational-Chapter One’-এ বিজয়ী হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (JnUDS) দল ‘JnUDS-একাত্তরের গণহত্যা’। ফাইনালে বাংলা কলেজের দলকে ৭-০ ব্যালটে হারিয়ে বিজয়ী শিরোপা অর্জন করে দলটি।
২৯ আগস্ট (শনিবার) মানারাত ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস, আশুলিয়ায় অনুষ্ঠিত হয় এ বিতর্ক প্রতিযোগিতা। এতে ১২টি বিশ্ববিদ্যালয়ের ১২টি দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে মানারাতের দল 'MIUDC-প্রত্যাশা'কে পরাজিত করে সেমিফাইনালে ওঠে জেএনইউডিএসের 'একাত্তরের গণহত্যা'। এরপর সেমিফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 'JUDO-অমর একুশ' দলকে ৩-২ ব্যালটে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দলটি।
ফাইনালে 'এই সংসদ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদান সমর্থন করে না' মোশনের ওপর বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে বাংলা কলেজের দলকে ৭-০ ব্যালটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় 'JnUDS-একাত্তরের গণহত্যা'। চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় ৩ হাজার টাকা।
চ্যাম্পিয়ন দলের হয়ে বিতর্কে অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী সাদিয়া আফরোজ মীম, ফার্মেসি বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী আবরার তানজীম এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী ওমর ফাহমিদ খান।
চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জানিয়ে সাদিয়া আফরোজ মীম বলেন, “জেএনইউডিএস হয়ে ট্রফি জেতা সবসময়ই আনন্দের। আবরার ও ফাহমিদ আমার অসাধারণ দুজন টিমমেট। তারা দুজনও অনেক ভালো বিতার্কিক। জেএনইউডিএসে এত ভালো ভালো জুনিয়র বিতার্কিক তৈরি হচ্ছে, সেটা দেখে অর্থ সম্পাদক হিসেবে আমি গর্বিত। জেএনইউডিএসের এই ট্রফির ধারা সবসময় অব্যাহত থাকুক এই আশা করি।”
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের ২০২৬–২৭ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে ৪৮তম ব্যাচের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. নাফিস ফুয়াদ এবং সাধারণ সম্পাদক একই ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের আব্দুল্লাহ আল মারুফ মনোনীত হয়েছে। এছাড়া জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে একই ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. রাকিবুল ইসলাম এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক হিসেবে একই ব্যাচের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রামিসা হক চৌধুরী দায়িত্ব পেয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ক্লাবের এক দশকপূর্তি ও কমিটি হস্তান্তর অনুষ্ঠানে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ক্লাবের অ্যালামনাই, নেতৃবৃন্দ ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিটিতে বিভিন্ন বিভাগভিত্তিক আটজন সহ-সভাপতি মনোনীত হয়েছে। ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছে মো. তাওসীফ ইশরাক, মেহেরিন সুলতানা, হাসানাত তৌহিদুর রহমান, ফারিহা ইয়াসমিন, মো. তানভিরুল ইসলাম, মো. ইয়াজ আহমেদ, মো. মাহদী হাসান চৌধুরী ও মো. রাকিবুল ইসলাম (অতিরিক্ত দায়িত্ব)।
নবনির্বাচিত সভাপতি মো. নাফিস ফুয়াদ বলেন, “সভাপতি হিসেবে বুটেক্স বিজনেস ক্লাবের নেতৃত্ব দেওয়া আমার জন্য যেমন আনন্দের, তেমনি এক বিশাল দায়িত্বের। সাধারণ সদস্য থেকে শুরু করে আজ এই জায়গায় পৌঁছানোর পেছনের মূল শক্তিই ছিল ক্লাবের প্রতি ভালোবাসা এবং শেখার অদম্য ইচ্ছা।
আমার লক্ষ্য খুব স্পষ্ট , আমাদের নতুন কমিটির মাধ্যমে ক্লাবটিকে শুধু ক্যাম্পাসে নয়, করপোরেট জগতেও এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। সাধারণ সম্পাদকসহ সব ক্লাব অফিসিয়াল কে সাথে নিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও গ্লোবাল প্ল্যাটফর্মে যুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।”
সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ বলেন, “বুটেক্স বিজনেস ক্লাব আমার বিশ্ববিদ্যালয় জীবনের এক অন্যতম অভিজ্ঞতা। সদ্য ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বপ্রাপ্তি আমার জন্যে অত্যন্ত গর্বের এবং সম্মানের। এই দায়িত্ব আমার প্রতি রাখা আস্থার প্রতিফলন; একই সাথে একটি বড় দায়িত্বের অঙ্গীকার। ক্লাব থেকে এযাবৎ পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অর্থবহ কিছু করতে চাই যা ক্লাবের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখবে৷ আশা করছি সবার সার্বিক সহযোগিতায় এবং অংশগ্রহণে ক্লাবের ভবিষ্যৎ পথচলা আরো সুন্দর হবে।”