অপসারিত নামফলক ও অভিযুক্ত বি এম সুমন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য পরিবর্তন হওয়ার রাতেই বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খানের নামফলক খুলে ফেলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী বিএম সুমন। এ ঘটনায় হলে সৃষ্টি হয়েছে আলোচনা সমালোচনা।
অভিযুক্ত বিএম সুমন প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে তার ছাত্রত্ব শেষ হলেও তিনি এখনও হলে অবস্থান করছেন বলে জানান হল কতৃপক্ষ। তবে জানা গেছে তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে ২য় মাস্টার্সে ভর্তি হয়েছেন।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, বৃহস্পতিবার রাত ৯টা ১৬ মিনিটে তিনি বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ কক্ষের সামনে গিয়ে নামফলকটি খুলে ফেলেন। এসময় তার সাথে দেখা যায় লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের হলের আবাসিক শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমানকে৷ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত হয়।
অভিযুক্ত বি এম সুমনের সঙ্গে থাকা আব্দুল্লাহ আল নোমান বলেন, 'রাতে সুমন ভাই আমাকে একটা জিনিস দেখাবে বলে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তিনি নেমপ্লেট খুলবেন, বিষয়টি আগে জানতাম না। জানলে সেখানে যেতাম না। নেমপ্লেট খুলে ফেলার পর আমি তাকে বলেছি, এটা ঠিক হয়নি। এর আগে বা পরে কী হয়েছে, সে বিষয়ে আমি কিছু জানি না।”
এ ঘটনায় বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী বায়েজিদ হোসেন বলেন, '৫ই আগষ্ট পরবর্তী সময়ে আমরা প্রত্যাশা করেছিলাম নতুন বিশ্ববিদ্যালয় পরিবেশ তথা নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। কিন্তু গতকাল ভিসি পরিবর্তনের ঘোষণার পর বিজয়-২৪ হলের প্রভোস্টের নেমপ্লেট খুলে নেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও শৃঙ্খলাবিরোধী। পরে জানতে পারি, প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী বিএম সুমন এ কাজটি করেছেন। এটি একজন শিক্ষককে অবমাননার শামিল। প্রশাসনের কাছে দ্রুত এ ঘটনার বিচার দাবি করছি।'
এ ঘটনায় অভিযুক্ত বিএম সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। সকালে দেখি আমার হলের শিক্ষার্থী বিএম সুমন এই কাজটি করেছে। তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। তবে তার মাস্টার্স সম্পন্ন হওয়ায় তাকে কয়েকবার হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। জুনিয়র শিক্ষার্থীদের হলে তোলার প্রক্রিয়া চলমান থাকায় যাদের মাস্টার্স শেষ হয়েছে, তাদের হল ছাড়তে বলা হয়েছে।”
দেশের বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের বড় অংশের মধ্যে বিষণ্নতার লক্ষণ রয়েছে বলে মানসিক স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান 'বন্ধু' (BONDHU) এবং যুব উন্নয়ন ও নীতিবিষয়ক প্রতিষ্ঠান 'বাংলাদেশ ইয়ুথ থিংক ট্যাংক' (BYTT) এর যৌথভাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশিত একটি প্রাথমিক গবেষণায় উঠে এসেছে। গবেষণায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৭৪ দশমিক ২ শতাংশের মধ্যে বিষণ্নতার বিভিন্ন মাত্রার লক্ষণ দেখা গেছে।
৪ নভেম্বর, বুধবার বিকেল ৩টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে উক্ত অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) এবং বাংলাদেশ ইয়ুথ থিংক ট্যাংকের সাধারণ সম্পাদক শেখ রিফাদ মাহমুদ। প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা শেষে সমাপনী বক্তব্য দেন সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ থিংক ট্যাংকের পরিচালক কাজী সাদ্দাম হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সুজাউল ইসলাম।
'Socio-demographic Predictors of Depression Among University Students in Bangladesh: Evidence from Regression Modeling' শীর্ষক গবেষণাটি দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত কলেজের ১৮ থেকে ২৬ বছর বয়সী ৪২২ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীর ওপর পরিচালিত হয়। বিষণ্নতার লক্ষণ পরিমাপে গবেষকেরা ডিএএসএস-২১ (DASS-21)-এর বাংলা বিষণ্নতা উপ-স্কেল ব্যবহার করেন।
প্রতিবেদনে বলা হয়, অংশগ্রহণকারীদের মধ্যে ১২ দশমিক ৩ শতাংশের বিষণ্নতার লক্ষণ মৃদু, ২৮ দশমিক ৭ শতাংশের মাঝারি, ১২ দশমিক ৩ শতাংশের তীব্র এবং ২০ দশমিক ৯ শতাংশের অত্যন্ত তীব্র পর্যায়ে ছিল।
গবেষণায় পারিবারিক সম্পর্কের অবনতি, আত্মহত্যার চিন্তা, অনিয়মিত ঘুম ও খাদ্যাভ্যাস, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার এবং ক্যাম্পাসে নিরাপত্তাহীনতাকে বিষণ্নতার ঝুঁকির সঙ্গে সম্পর্কিত বিষয় হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জরিপে অংশ নেওয়া ২৯ দশমিক ১ শতাংশ শিক্ষার্থী জানান, তাঁরা নিয়মিত পড়াশোনার জন্য দিনে এক ঘণ্টাও সময় দেন না। দিনে পাঁচ ঘণ্টার বেশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন ৫৪ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থী। আর ঘুম থেকে ওঠার আধা ঘণ্টার মধ্যে মুঠোফোন দেখেন ৮৭ দশমিক ৪ শতাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়, ২৫ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে। অন্যদিকে, ২২ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থী মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন বলে মনে করলেও তা নিতে পারছেন না।
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত ও গোপনীয় মানসিক স্বাস্থ্যকেন্দ্র চালু, সহজে পাওয়া যায় এমন পেশাদার কাউন্সেলিং সেবা নিশ্চিত এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানোর সুপারিশ করেছে গবেষণা দল। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন ও যাতায়াতব্যবস্থা উন্নত করা এবং দৈনন্দিন জীবনে ভারসাম্য বজায় রাখতে প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে।
আলোচনায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য কেবল ব্যক্তিগত বিষয় নয়; এটি শিক্ষা, জনস্বাস্থ্য ও সামাজিক নীতির সঙ্গে জড়িত জাতীয় গুরুত্বের বিষয়। শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। পূর্বনির্ধারিত তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় আরও কিছুদিন পিছিয়ে দেওয়া হচ্ছে ভর্তি পরীক্ষা। যদিও পরীক্ষার নতুন তারিখ এখনো নির্ধারণ করেনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
বুধবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন।
তিনি বলেন, ‘পূর্বনির্ধারিত তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে এখনো নতুন তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি।’অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষায় (সাপ্লিমেন্টারি) অংশ নেওয়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন তারিখ।এ বিষয়ে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, ‘সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা বর্তমানে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমান সুযোগ পাবে কিনা, এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এছাড়া এখনো ভর্তি নীতিমালা চূড়ান্ত হয়নি। সেটি চূড়ান্ত হলেও আমরা সে অনুযায়ী পরীক্ষা নিতে পারব।’
উল্লেখ্য, সরকারের সিদ্ধান্ত এবং ভর্তি নীতিমালা চূড়ান্ত হওয়ার পর মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হবে।
চলতি বছরের এইচএসসি-সমমান পরীক্ষায় সর্বোচ্চ ২ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি বোর্ডগুলোর ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে ঢাকা বোর্ডের সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদনের পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে।
এতে বলা হয়, শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) শিগগির প্রকাশ করা হবে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে অনলাইনে ফর্ম পূরণ সম্পন্ন করতে হবে।
পরীক্ষার প্রয়োজনীয় ফি বাবদ বোর্ডে জমা দেওয়ার অর্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে পাঠানো সোনালী সেবার রশিদ শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৮ নভেম্বর।পরীক্ষার ফি ব্যাংকে জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা অ্যাকটিভ হবে। চূড়ান্ত তালিকা যাচাই করে পরীক্ষার্থীর সই নিতে হবে এবং প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠানপ্রধান সই করবেন।
এদিকে পরীক্ষার্থীর সইসহ একটি প্রিন্ট কপি শিক্ষাপ্রতিষ্ঠান সংরক্ষণ করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই নামের একাধিক শিক্ষার্থী থাকলে প্রকৃত পরীক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নির্বাচন করতে হবে, যেন প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে অন্য কোনো পরীক্ষার্থীর নাম নির্বাচিত না হয়। এমন ভুলের জন্য যাবতীয় দায় প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।
সোনালী ব্যাংকের সোনালী সেবার কপি ও পরীক্ষার্থীদের সইসহ চূড়ান্ত প্রিন্ট আউট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২৬ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে বোর্ডের ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ
পুরোনো গবেষণার মাঠ পুনরুদ্ধারের দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সহস্রাধিক শিক্ষার্থী। বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডের সামনে থেকে মিছিল নিয়ে বের হয়ে তাঁরা চীন মৈত্রী সিগন্যালে অবস্থান নেন। সেখানে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
এদিকে, সড়ক অবরোধের পাশাপাশি আজ শেরেবাংলা নগরে অবস্থিত গণপূর্ত কমপ্লেক্সের সামনে কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
এর আগে গতকাল মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থীদের এক মতবিনিময় সভায় সব পর্যায়ের পরীক্ষা বর্জন এবং বেলা ১১টার পর সব ধরনের ক্লাসে অংশ না নেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সব ব্যাচের আন্দোলনরত শিক্ষার্থীরা একত্রিত হয়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে আজ থেকে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে।
গত ২৭ অক্টোবর থেকে পুরোনো বাণিজ্য মেলার মাঠ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি দাবি করে তা হস্তান্তরের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ওই দিন মাঠে সচিবালয় নির্মাণের উদ্দেশ্যে চলমান মাটি পরীক্ষার যন্ত্রপাতি ও গাড়ি জব্দ করে ক্যাম্পাসে নিয়ে আসেন তাঁরা। পরদিন মেলা বন্ধের আলটিমেটাম দেওয়ার পর মাঠের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। ২৯ অক্টোবর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এর মধ্যে ওই দিনই জাতীয় যুবমেলাসহ সব ধরনের মেলা স্থগিতের ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তবে মাঠের স্থাপনা অপসারণ না করা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা দায়েরের প্রতিবাদে গত ২ নভেম্বর চূড়ান্ত পদক্ষেপ হিসেবে মাঠটি চাষ করে নিজেদের দখলে নেন আন্দোলনকারীরা।
ছবি : সংগৃহীত
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হলো সদ্যই। এইচএসসি পরীক্ষায় সাম্প্রতিক বছরগুলোর মধ্যে পাসের হার সবচেয়ে কম। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে এবার। পরীক্ষার ফলের এই নিম্নমুখী প্রবণতার প্রভাব পড়বে উচ্চশিক্ষায় ভর্তিতেও।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রাথমিক তথ্য অনুযায়ী, উচ্চশিক্ষায় মোট আসন এবং এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিলে ৮ লাখের বেশি আসন খালি থাকতে পারে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। এখন উত্তীর্ণ শিক্ষার্থীরা অপেক্ষায় উচ্চশিক্ষার জন্য। কেউ দেশের বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে পড়তে চান, আবার কেউ হয়তো বৃত্তি নিয়ে বা বিদেশে পড়ার স্বপ্ন দেখেন। ইতিমধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তিতে আবেদন ও পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে।
এদিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার (সাপ্লিমেন্টারি) সুযোগ দিতে ভর্তি পরীক্ষা পেছানো হতে পারে। কারণ ঢাকা বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আগামী ২ ডিসেম্বর এই পরীক্ষা নেওয়া যায় কি না, সে বিষয়ে প্রাথমিকভাব আলোচনা হচ্ছে। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে এ পরীক্ষার ফলাফল দেওয়ার চিন্তাভাবনা চলছে। কারণ, এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও যেন উচ্চশিক্ষায় ভর্তির সুযোগটা পান।
ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে, আবেদন শুরু ও শেষ কবে তা তুলে ধরা হলো—
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬–২৭ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গত ৬ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রাথমিক বাছাই পরীক্ষা ছিল না। ফলে কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়েছিল। এবারও সে পদ্ধতিতে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হবে কি না, সে তথ্য জানানো হয়নি।
মেডিক্যাল ও ডেন্টাল কলেজ
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে হতে পারে বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর। ওই দিন আইবিএ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১২ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ১৯ ডিসেম্বর ‘বি’ ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা হবে। অনলাইনে আবেদন করা যাবে ১১ থেকে ২৫ নভেম্বর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে অনলাইনে আবেদন শুরু হবে ১১ নভেম্বর ২০২৬ থেকে। ২৫ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে ভর্তিতে আবেদন কার্যক্রম। পাঁচটি ইউনিটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’, ‘চারুকলা ইউনিট’ ও ‘আইবিএ ইউনিট’। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর ২০২৬, শনিবার, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর ২০২৬, শনিবার, চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ২২ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর ২০২৬, শনিবার অনুষ্ঠিত হবে।
আইবিএ ইউনিট ছাড়া সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিট ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১০ জানুয়ারি। পরীক্ষা চলবে ২১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। শুক্র ও শনিবার বাদে অন্য দিনগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, আগামী ১০ থেকে ২১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত শুক্র ও শনিবার ছাড়া পরীক্ষা নেওয়া হবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে এ বছর সেই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। এবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী বছরের (২০২৭ সাল) ৮, ৯ ও ১৬ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। ৮ জানুয়ারি ‘বি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা নেওয়া হবে।
এর আগে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা ১২ থেকে ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন। ১৬ আগস্ট ২০২৬ বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের ভর্তি উপকমিটির সভায় আরও সিদ্ধান্ত হয় যে বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিতে অনলাইন আবেদন কার্যক্রম ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১২টা থেকে শুরু হবে। ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষা শুরু হবে ১ জানুয়ারি ২০২৭ থেকে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৮০তম সভার বিশেষ অধিবেশনে এসব সিদ্ধান্ত হয়েছে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট এ, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট বি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট সি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট ডি এবং চারুকলা অনুষদভুক্ত ইউনিট ই-এর মাধ্যমে এ ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)। ই ইউনিটের পরীক্ষা ৮ জানুয়ারি, বি ইউনিটের পরীক্ষা ১৫ জানুয়ারি, সি ইউনিটের পরীক্ষা ২২ জানুয়ারি এবং ডি ইউনিটের পরীক্ষা ২৩ জানুয়ারি ২০২৭ (শনিবার) অনুষ্ঠিত হবে।
সব ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার সব ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা নেওয়া হবে বহুনির্বাচনি প্রশ্নোত্তর পদ্ধতিতে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে চাওয়া শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী বছরের ৩০ জানুয়ারি শুরু হবে। ওই দিন এ ইউনিট দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা ৮ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে শেষ হবে। ২০২৬–২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা চট্টগ্রাম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এবং রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) বিভাগীয় শহরে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে বি১, বি২ ও বি২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট-৩০ জানুয়ারি; বি ইউনিট-৫ ফেব্রুয়ারি; সি ইউনিট-২৯ জানুয়ারি; ডি ইউনিট-৬ ফেব্রুয়ারি; বি১ উপ-ইউনিট-৩ ফেব্রুয়ারি; বি২ উপ-ইউনিট-৪ ফেব্রুয়ারি; ডি১ উপ-ইউনিট-৮ ফেব্রুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ ডিসেম্বর ২০২৬। ১৭ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিট এবং ১৮ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ ডিসেম্বর সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সি ইউনিটের আওতায় রয়েছে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল ও চারুকলা স্কুলের ডিসিপ্লিনগুলো। আর ডি ইউনিটের আওতায় রয়েছে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনগুলো।
পরদিন ১৮ ডিসেম্বর ২০২৬ এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটের আওতায় রয়েছে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনগুলো। বি ইউনিটের আওতায় রয়েছে জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনগুলো। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্যান্য নির্দেশনা পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্নাতক ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৪ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৮ জানুয়ারি। ৬ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিশ্ববিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদে স্নাতক কোর্সে লেভেল–১, সেমিস্টার–১–এ ছাত্রছাত্রী ভর্তির জন্য গঠিত ভর্তি কমিটির প্রথম সভার সিদ্ধান্ত মোতাবেক ভর্তি পরীক্ষা ২৪ থেকে ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে ওয়েবসাইটে জানানো হবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্বঘোষিত ২৬ ও ২৭ জানুয়ারির পরিবর্তে ১৭ ও ১৮ জানুয়ারি শাবিপ্রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হবে। শাবিপ্রবির ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র সেখানে রয়েছে। এ অবস্থায় পরীক্ষার্থীদের যাতায়াত ও আবাসন ভোগান্তি হ্রাস এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) স্নাতকে ভর্তি পরীক্ষা শুরু হবে ১৮ ডিসেম্বর ২০২৬ সি ইউনিটের (বিজ্ঞান) মাধ্যমে। পরদিন ১৯ ডিসেম্বর ইউনিট এ ও বি (ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার)-এর ভর্তি পরীক্ষা হবে। প্রথম দিনের ভর্তি পরীক্ষা সকালে; দ্বিতীয় দিনের পরীক্ষা সকালে ও বিকেলে নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে। প্রাথমিকভাবে এই তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি কমিটি।
চুয়েটে এবার চারটি অনুষদের অধীনে ১২টি বিভাগে মোট আসনসংখ্যা রয়েছে ৯৩১। এর মধ্যে ১১টি আসন বিভিন্ন কোটায় সংরক্ষিত। পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল ও স্থাপত্য অনুষদের এসব বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোর পাশাপাশি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ নিয়ে ক গ্রুপ। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ নিয়ে গঠিত হবে খ গ্রুপ।
তবে চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার যোগ্যতা, বিষয়ভিত্তিক মানবণ্টন ও অন্যান্য শর্তে কোনো পরিবর্তন আসবে কি না, তা একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের পর ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হবে।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা হবে—বিএসসি অনার্স ইন ওশানোগ্রাফি, বিএসসি অনার্স ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস, এলএলবি অনার্স ইন মেরিটাইম ল এবং বিএসসি অনার্স ইন ফিশারিজ প্রোগ্রামে। ভর্তি আবেদনের সময়সীমা ও ভর্তি-সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে ওয়েবসাইটে।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারির শুরুতে অনুষ্ঠিত হবে। বিইউপির ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার ছয়টি অনুষদের ভর্তি পরীক্ষা চার দিনে অনুষ্ঠিত হবে। আগামী ১ ও ৯ জানুয়ারি বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ জানুয়ারি আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা এবং ৮ জানুয়ারি সায়েন্স ও টেকনোলজি অনুষদ, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদ, মেডিক্যাল স্টাডিজ অনুষদ ও সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সূচির কথা উল্লেখ করা হয়নি।
কৃষি গুচ্ছ
কৃষি গুচ্ছভুক্ত নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ জানুয়ারি। এবারের ভর্তি কার্যক্রমের নেতৃত্ব দেবে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১৫ নভেম্বর ২০২৬। শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। শিক্ষার্থীদের সুবিধার্থে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা ৫ ফেব্রুয়ারি ২০২৭ বেলা ১১টায়, বি ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ভর্তি পরীক্ষা ৬ ফেব্রুয়ারি ২০২৭ বেলা ৩টায় এবং সি ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা ৭ ফেব্রুয়ারি ২০২৭ বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গুচ্ছভুক্ত ভর্তি
সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ১৯ মার্চ ২০২৭ থেকে শুরু হবে। ওই দিন ‘বি ’ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এরপর সি আর ডি ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ মার্চ এবং এ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। এ ছাড়া ভর্তি আবেদন ও অন্যান্য তথ্য পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
গত বছরে যুক্ত থাকা ২০টি বিশ্ববিদ্যালয়ে সঙ্গে নতুনভাবে আরও ২-৩টি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে বলেও জানা গেছে। তবে শিক্ষা কার্যক্রম প্রাথমিক পর্যায়ে থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনের ওপর।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ১১টি বিভাগ রয়েছে। ১১টি বিভাগে মোট ৬৩০টি আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। বিভাগগুলো হলো ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং (৮০), ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (৮০), ফেব্রিক ইঞ্জিনিয়ারিং (৮০), অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (৮০), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (৮০), টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (৪০), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (৪০), টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (৪০), ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং (৪০), এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৪০) ও টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (৩০)।
তালা ভেঙে উপাচার্য ও উপ-উপাচার্যদের উদ্ধার করেন ছাত্রদলের নেতারা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবনের প্রধান ফটকের তালা ভেঙে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম ও উপ-উপাচার্যদের উদ্ধার করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ সংগঠনটির শীর্ষ নেতারা নেতৃত্ব দেন। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে, এদিন বিকেল ৫টার দিকে বিশেষ সিন্ডিকেট সভা চলাকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দেন বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এ বিষয়ে তালা দেওয়া শিক্ষার্থীদের মধ্যে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী মো. শাহরিয়ার বলেন, ‘আমাদের ইন্সটিটিউটের পরিচালক হিসেবে দর্শন বিভাগের একজন অধ্যাপককে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমরা চাই আমাদের বিভাগের শিক্ষকদের মধ্যে কাউকে দায়িত্ব দেওয়া হোক। বিশেষ করে এ মুহূর্তে সহযোগী অধ্যাপক হামিম কামরুল হককে দিলে বিভাগের জন্য ভালো হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আওয়ামীপন্থি শিক্ষক হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ তুলছে। এবং তাকে অধিকার থেকে বঞ্চিত করছে। আমরা চাই, সহযোগী অধ্যাপক হামিম কামরুল হককে যদি না দেওয়া হয় তাহলে বাংলা বিভাগের অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি যিনি আমাদের বিভাগের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তাকে দেওয়া হোক। তবুও আমরা দর্শন বিভাগের কাউকে চাই না।’
এ বিষয়ে দাবি জানিয়ে ওইদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপিও দেন তারা।
এ দিকে তালা ভাঙায় নেতৃত্ব দেওয়া শাখা ছাত্রদলের নেতাদের দাবি, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হামিম কামরুল ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থানসহ বর্তমানে পলাতক আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তাই প্রশাসনের পক্ষ থেকে যাকে দায়িত্ব দেওয়া হবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে তারা জানান। এছাড়া, তালা দেওয়ার সঙ্গে জড়িতরা ক্যাম্পাসে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বলে অভিযোগ ছাত্রদল নেতাদের।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।