রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা

  • প্রকাশ : সোমবার ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, সময় : ৩:৪০ এএম

বহুদিন ধরে চলা জল্পনা-গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে নিজেরাই বিয়ের খবর নিশ্চিত করলেন দক্ষিণি সিনেমার আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। 


সম্পর্ক নিয়ে এত দিন প্রকাশ্যে নীরব থাকলেও গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বার্তায় তাঁরা জানান, জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন। দীর্ঘ প্রতীক্ষার পর তাঁদের এই ঘোষণা ভক্তদের কৌতূহলকে দিল আনুষ্ঠানিক স্বীকৃতি।


‘বিরোশ’ নামেই বিয়ের ঘোষণা


ভক্তদের দেওয়া জনপ্রিয় নাম ‘বিরোশ’—দুজনের নাম মিলিয়ে তৈরি এই সম্বোধনকেই বিয়ের আনুষ্ঠানিক পরিচয় হিসেবে বেছে নিয়েছেন তারকা জুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা লেখেন, ‘আমরা কিছু পরিকল্পনা করার আগেই তোমরা আমাদের সঙ্গে ছিলে। অনেক ভালোবাসা দিয়ে আমাদের নাম দিয়েছিলে—বিরোশ।’

জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ মুহূর্তে ভক্তদের সেই নামকেই ধারণ করে তাঁরা বিয়ের ঘোষণা দেন। ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতাও জানান, ‘তোমরা আমাদেরই অংশ। অনেক ভালোবাসা ও আলিঙ্গন।’


তারকাদের নাম জুড়ে এমন সম্বোধনের চল নতুন নয়। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলো ‘বিরোশ’।


রাজস্থানে গোপন আয়োজন


ঘনিষ্ঠ সূত্র বলছে, ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের একটি প্রাসাদে অনুষ্ঠিত হবে মূল বিয়ের আনুষ্ঠানিকতা। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিয়ের বিভিন্ন আচার। দুই পরিবারের নিজস্ব রীতিনীতি মেনে আলাদা আয়োজনও হয়েছে—একটি রাশমিকার পরিবারের উদ্যোগে, অন্যটি বিজয়ের পরিবারের পক্ষ থেকে। এবারের আয়োজনের বিশেষ দিক—কড়া গোপনীয়তা। বিয়ের ভেন্যুতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। অতিথির তালিকা সীমিত। অনুষ্ঠানে মুঠোফোন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এমনকি যাঁরা ছবি বা ভিডিও ধারণ করবেন, তাঁদেরও ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ বা গোপনীয়তা চুক্তিতে সই করতে হয়েছে। অর্থাৎ ‘নো ফোন, নো লিক’ নীতিতেই হচ্ছে এই বহুল আলোচিত আয়োজন।


৪ মার্চ হায়দরাবাদে সংবর্ধনা?


বিয়ের অনুষ্ঠান থাকবে একান্ত ব্যক্তিগত পরিসরে। তবে ৪ মার্চ হায়দরাবাদে ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের জন্য একটি বড় সংবর্ধনার আয়োজন করা হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


পর্দার রসায়ন থেকে বাস্তবের সম্পর্ক


২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘গীতা গোবিন্দাম’ ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। রোমান্টিক এই ছবিতে তাঁদের স্বতঃস্ফূর্ত অভিনয় আর পর্দার সহজাত রসায়ন মুহূর্তেই দর্শকের মন কাড়ে। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁদের জুটি নিয়ে শুরু হয় আলোচনা।

এরপর ‘ডিয়ার কমরেড’-এ আবারও জুটি বাঁধেন তাঁরা। ভিন্ন স্বাদের, আবেগঘন এই ছবিতে তাঁদের সম্পর্কের গভীরতা ও সংবেদনশীল অভিনয় দর্শক-সমালোচক উভয়ের প্রশংসা পায়। দুই ছবির পর থেকেই পর্দার রসায়ন বাস্তবেও কি রূপ নিচ্ছে—এমন প্রশ্ন ঘুরতে থাকে ভক্তমহলে।


একসঙ্গে বিদেশ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠানে উপস্থিতি কিংবা একই সময়ে একই জায়গায় ছুটি কাটানোর ছবি—সব মিলিয়ে জল্পনা ক্রমেই ঘনীভূত হয়। তবু ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বরাবরই সংযত ছিলেন দুজনেই। সাক্ষাৎকারে প্রশ্ন এলে কৌশলে এড়িয়ে গেছেন, কখনোই সরাসরি স্বীকার বা অস্বীকার করেননি।


সম্প্রতি বাগ্‌দানের গুঞ্জনও ছড়িয়ে পড়ে বিনোদন অঙ্গনে। যদিও সে সময়ও তাঁরা নীরব ছিলেন। অবশেষে নিজেদের মুখেই বিয়ের ঘোষণা আসায় বহুদিনের সেই অনিশ্চয়তার অবসান ঘটল। পর্দায় শুরু হওয়া একটি সফল জুটির গল্প এবার বাস্তব জীবনেও পেল আনুষ্ঠানিক পরিণতি।


নতুন অধ্যায়ের অপেক্ষা


তারকাদের জাঁকজমকপূর্ণ ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর যুগে রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার এই নিয়ন্ত্রিত, সংযত আয়োজন আলাদা নজর কাড়ছে। আলোঝলমলে প্রচারের বদলে তাঁরা বেছে নিয়েছেন ব্যক্তিগত পরিসর ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া পথ। ভক্তদের মতে, ২৬ ফেব্রুয়ারি তাই শুধু একটি বিয়ের দিন নয়—দক্ষিণি সিনেমার জনপ্রিয় জুটির বাস্তব জীবনের নতুন সূচনার দিন। এখন তাঁদের অপেক্ষা, কবে তাঁদের পক্ষ থেকে প্রকাশ পাবে বিয়ের প্রথম আনুষ্ঠানিক ছবি।






সর্বশেষ সব খবর

অপি করিমের সঙ্গে সিনেমা করতে চান কলকাতার শিবপ্রসাদ, জানালেন মুগ্ধতা। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ৩০ নভেম্বর, ২০২৬, সময় : ১:৪৮ এএম

বাংলাদেশের অভিনেত্রী অপি করিমের অভিনয়ে মুগ্ধ ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শুধু প্রশংসা করেই থামেননি, ভবিষ্যতে অপি করিমের সঙ্গে একসঙ্গে সিনেমা করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। এমনকি অভিনেত্রীর বাংলা উচ্চারণ ও সংলাপ বলার দক্ষতারও প্রশংসা করেছেন এই নির্মাতা।

সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন অপি করিম। সেখানকার সঞ্চালক রুম্মান রশীদ খানের কাছে মুঠোফোনে ভয়েস বার্তা পাঠান শিবপ্রসাদ। তাতেই বাংলাদেশের এই অভিনেত্রীর প্রতি নিজের মুগ্ধতার কথা জানান তিনি। শিবপ্রসাদ বলেন, বাংলাদেশের অভিনয়শিল্পীদের প্রতি তার বরাবরই আলাদা সম্মান রয়েছে।

নিজের অভিনয়জীবনের শুরুতে ২০০৩ সালে ‘একটি নদীর নাম’ সিনেমায় শমী কায়সারের সঙ্গে কাজের অভিজ্ঞতাও স্মরণ করেন তিনি। সেই সময়টিকে নিজের জন্য একজন ভক্তের মতো অভিজ্ঞতা বলে উল্লেখ করেন এই অভিনেতা। বাংলাদেশের সিনেমা ও অভিনয়শিল্পীদের কাজ দেখতে গিয়েই অপি করিমের অভিনয়ের সঙ্গে পরিচয় হয় শিবপ্রসাদের। বিশেষ করে ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় অপির অভিনয় তাকে মুগ্ধ করেছে। অভিনেত্রীর কাজ দেখে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, কীভাবে এত অসাধারণ অভিনয় করেছেন অপি, তা তাকে অবাক করেছে।

অপি করিমের সঙ্গে নির্মাতা এনামুল করিম নির্ঝরের পারিবারিক ঘনিষ্ঠতার কথাও উল্লেখ করেন শিবপ্রসাদ। নির্ঝরকে নিজের পরিবারের মানুষের মতো মনে করেন তিনি। তার প্রতিটি কাজের সময় নির্ঝর আলাদাভাবে বার্তা পাঠিয়ে উৎসাহ দেন বলেও জানান। ‘আহা’ সিনেমার নির্মাতা নির্ঝরের কাজের প্রতিও নিজের মুগ্ধতার কথা তুলে ধরেন এই অভিনেতা। অপি করিমের অভিনয়ের পাশাপাশি তার বাংলা উচ্চারণও নজর কেড়েছে শিবপ্রসাদের। তার মতে, বর্তমান প্রজন্মের অনেক অভিনয়শিল্পীর বাংলা বলার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। এক্ষেত্রে অপি করিমের কাছ থেকে তাদের শেখার পরামর্শ দিয়েছেন তিনি।

ভয়েস বার্তার শেষ দিকে অপি করিমকে আরও বেশি কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান শিবপ্রসাদ। পাশাপাশি একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে বলেন, সুযোগ হলে তারা একই সিনেমায় কাজ করবেন। সেই অপেক্ষায় আছেন বলেও জানান তিনি।
 অন্যদিকে, শিবপ্রসাদের এমন প্রশংসায় আপ্লুত অপি করিম। গুণী এই নির্মাতা ও অভিনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, অপি করিমকে সর্বশেষ ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে। সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং ব্যবসায়িকভাবেও সফল হয়। 

সর্বশেষ সব খবর

লতিফুল ইসলাম শিবলী। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ৩০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৪ এএম

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন গীতি কবি ও ঔপন্যাসিক লতিফুল ইসলাম শিবলী। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তিনি গ্রেড-১ পদমর্যাদায় এ দায়িত্ব পালন করবেন।

রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে লতিফুল ইসলাম শিবলীকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

লতিফুল ইসলাম শিবলী নব্বইয়ের দশকের জনপ্রিয় গীতিকবি হিসেবে পরিচিত। ওই সময়ে তিনি চার শতাধিক গান লিখেছেন। আইয়ুব বাচ্চুর গাওয়া ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’ ও ‘মাকে বলিস’ এবং জেমসের ‘জেল থেকে বলছি’, ‘প্রিয় আকাশী’, ‘বিবাগী’, ‘পালাবে কোথায়’ ও ‘গিটার কাঁদতে জানে’ তার লেখা উল্লেখযোগ্য গান।

গীতিকার পরিচয়ের পাশাপাশি তিনি কবি, ঔপন্যাসিক, গায়ক, নাট্যকার ও অভিনেতা। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘দারবিশ’, ‘দখল’, ‘আসমান’, ‘রাখাল’, ‘ফ্রন্টলাইন’, ‘অন্তিম’ ও ‘নূর’। ২০১৯ সাল থেকে নিয়মিত উপন্যাস প্রকাশ করছেন তিনি। 

১৯৯৭ সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় তার গবেষণাধর্মী গ্রন্থ ‘বাংলাদেশে ব্যান্ড সংগীত আন্দোলন’। তার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পদ্ম পাতার জল’। 

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন লতিফুল ইসলাম শিবলী। 

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ৬:২০ পিএম

ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ঘুরে বেড়াতে বেশ পছন্দ করেন তিনি, সুযোগ পেলেই ছুটে যান নতুন কোনো গন্তব্যে।সেই ভ্রমণের মুহূর্তগুলো আবার ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার ছেলেকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের হলিউডে ঘুরে বেড়ানোর কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করেছেন এ অভিনেত্রী।জানা গেছে, ছেলের স্কুলে ছুটি থাকায় মা-ছেলে মিলে দুই মাসের জন্য সিডনি ছেড়েছেন শাবনূর। এবারের সফরের মূল উদ্দেশ্য ঘোরাঘুরি।


চলতি বছরে এটি তার দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর।যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন শাবনূর।


সেই আমন্ত্রণে সাড়া দিয়ে অস্ট্রেলিয়ার সিডনি থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে লস অ্যাঞ্জেলেসে পৌঁছান তিনি। এর আগে একাধিকবার যুক্তরাষ্ট্রে গেলেও এবারই প্রথম তার লস অ্যাঞ্জেলেস যাওয়া।

হলিউডের প্রতি একসময় বেশ আগ্রহ ছিল এই নায়িকার। তাই লস অ্যাঞ্জেলেসে পৌঁছেই বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে না গিয়ে বিখ্যাত হলিউড সাইন দেখার ইচ্ছা প্রকাশ করেন তিনি। এরপর মা-ছেলে ঘুরে দেখেন সান্তা মনিকা পাহাড়ের ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশ্বখ্যাত ‘হলিউড’ সাইন ও এর আশপাশের এলাকা।


লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠান ও ঘোরাঘুরি শেষে আগামী ৩ ডিসেম্বর শহরটি ছাড়ার কথা রয়েছে শাবনূরের। এর আগে অনুষ্ঠানের ফাঁকে ছেলেকে নিয়ে আরও কিছু জায়গায় ঘুরে বেড়ানোর পরিকল্পনা রয়েছে তার।


লস অ্যাঞ্জেলেস থেকে এরপর শাবনূর যাবেন লন্ডনে। সেখানেও একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি। অনুষ্ঠান শেষে লন্ডনে কয়েক দিন ঘোরাঘুরি করবেন। এরপর যাবেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে কয়েক দিন কাটিয়ে সবশেষে অস্ট্রেলিয়ার সিডনিতে ফেরার পরিকল্পনা রয়েছে এই অভিনেত্রীর।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ১:২৫ পিএম

কোনো ছবিতে আংটি পরিয়ে দিচ্ছেন কনে, কোনোটিতে বর-কনে দুজনে দুজনার আংটি ধরে আছেন, আবার বিয়ের কাগজে সই করার এবং একে অপরকে আলিঙ্গনের ছবিও আছে।


এগুলো কলকাতার সিনেমার অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের ছবি। যেগুলো সোশাল মিডিয়ায় নিজেই প্রকাশ করেছেন তিনি।ছবি প্রকাশের পরপর শুভেচ্ছায় ভাসতে আসছেন মিমি।


আনন্দবাজার জানিয়েছে, দুই পরিবারের সদস্য, স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বাগ্‌দান ও আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন বরকনে।


মিমির স্বামীর নাম সিদ্ধার্থ দত্ত, তিনি বিনোদন জগতের বাইরের মানুষ। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। সিদ্ধার্থের বড় ভাইয়ের স্ত্রী কলকাতার সিরিয়াল-সিরেমার পরিচিত অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য।


মিমিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ত্রমিলা বলেন, “মিমিকে তিনি খুব কাছ থেকে চিনেছেন, জেনেছেন। সিদ্ধার্থের সঙ্গে মিমিকে বেশ মানিয়েছে।”ত্রমিলা আরও বলেন, “আমাদের পরিবারের সবাই জাহাজের পেশায় যুক্ত। আমার স্বামী জাহাজের ক্যাপ্টেন আর সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়ার। ও আমাদের থেকে অনেকটাই ছোট।”


বিয়ের অনুষ্ঠানের ছবিতে দেখা গেছে, মিমি সেজেছিলেন সোনালি জরির কাজ করা পোশাকে। সঙ্গে ছিল সবুজ পাথরের অলংকার। সিদ্ধার্থের পরনে ছিল সাদা পাঞ্জাবি-পায়জামা। ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের আসরের ছিল সাদা ও সোনালি রঙের প্রাধান্য।


মহা আড়ম্বরে মিমি-সিদ্ধার্থর বিয়ের আসর বসবে আগামী ৫ ডিসেম্বর, কলকাতা শহর থেকে দূরে কালিম্পংয়ে পাহাড়ের কোলে। সেখানে বিয়ের বাদ্যি আর আলোর রোশনাই ছুটবে টানা তিনদিন ধরে। সিনেমা জগত থেকে মিমি ঘনিষ্ঠরা উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে।


মিমির বিয়ের কার্ড সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে শুরু হয়েছিল নানা জল্পনা। ওই আমন্ত্রণপত্রের নকশায় বর-কনের প্রতীকী ছবি। আর তাদের সঙ্গে রাখা হয় মিমির তিন পোষ্যও।


২০১০ ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রটি করার পর মিমি রাতারাতি জনপ্রিয়তা পান।পরে ২০১২ ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর ‘বোঝে না সে বোঝে না’, এই সিনেমাটি মিমির জনপ্রিয়তা বাড়িয়ে দেন। তারপর থেকে একের পর একে বাণিজ্যিক ধারার সিনেমা করে যাচ্ছেন মিমি।


‘প্রলয়’, ‘যোদ্ধা’, ‘গ্যাংস্টার’, ‘পোস্ত’, ‘ভিলেন’, ‘ড্রাকুলা স্যার’, ‘মিনি’, ‘রক্তবীজ’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন মিমি। রোমান্টিক চরিত্রের পাশাপাশি থ্রিলার, সামাজিক গল্প ও ভিন্নধর্মী চরিত্রেও দেখা গেছে তাকে।


ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমায় অভিনয় করেন মিমি। এই সিনেমার ‘দুষ্টু কোকিল’ ও ‘লাগে উড়াধুরা’ গান দুটি দুই বাংলাতেই আলোচিত।এবারের দুর্গাপূজায় মুক্তি পায় মিমির সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’; পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। সিনেমায় আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে সুমিত্রার চরিত্রে দেখা গেছে তাকে।রাজনীতির মাঠেও পা রেখেছিলেন মিমি।


২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নেন। জয়ী হয়ে ভারতের সংসদ সদস্য হন। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মিমি।

সর্বশেষ সব খবর
  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ১:২৪ পিএম
  • আপডেট : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ১:২৪ এএম

এ সম্পর্কিত আরও খবর


ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ১:২৪ পিএম

দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে সমঝোতায় পৌঁছালেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। বিচ্ছেদের পর ফ্রান্সের বিখ্যাত ওয়াইনারি ‘শ্যাটো মিরাভাল’-এর মালিকানা ও শেয়ার বিক্রি নিয়ে চলা তিক্ত বিরোধ আদালতের বাইরেই মিটিয়ে নিয়েছেন হলিউডের এই সাবেক তারকা জুটি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে সমঝোতার কথা জানান দুই তারকার প্রতিনিধিরা। তবে চুক্তির শর্ত কিংবা আর্থিক লেনদেনের বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।


বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিবারের কথা ভেবে আমরা আদালতের বাইরে বিষয়টি মিটিয়ে নিয়েছি এবং এ বিষয়ে আর কোনও মন্তব্য করব না।’


২০০৫ সালে মুক্তি পাওয়া ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের সময় কাছাকাছি আসেন পিট ও জোলি। সে সময় জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বিবাহিত ছিলেন পিট। পরে জোলির সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে পরিচিত এই জুটি একসময় হলিউডের অন্যতম আলোচিত তারকা দম্পতিতে পরিণত হয়। এক যুগের বেশি সময় একসঙ্গে থাকার পর ২০১৬ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তাদের ছয় সন্তান রয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।


তবে বিচ্ছেদের পরও ফ্রান্সের ওয়াইনারিটির মালিকানা নিয়ে বিরোধ থামেনি। বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলাকালে সম্পত্তিটির মালিকানা, নিয়ন্ত্রণ এবং অংশীদারত্ব নিয়ে তাদের বিরোধ আরও জটিল হয়ে ওঠে। ওয়াইনারিটি ফ্রান্সে অবস্থিত হলেও এর শেয়ার বিক্রির সিদ্ধান্ত এবং আগের পারস্পরিক সমঝোতার ব্যাখ্যা নিয়ে দুই পক্ষের অবস্থান ছিল ভিন্ন। সেই বিরোধই শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়।


জোলি ওয়াইনারিতে নিজের অংশ ‘স্টোলি গ্রুপ’-এর একটি ইউনিটের কাছে বিক্রি করেন। পিটের অভিযোগ, এ বিক্রির মাধ্যমে তাদের মধ্যে থাকা পারস্পরিক সম্মতির চুক্তি লঙ্ঘন করা হয়েছে। এ নিয়ে মামলা করেন তিনি। জবাবে পিটের বিরুদ্ধে পাল্টা মামলা করেন জোলি; তার অভিযোগ, পিট প্রতিহিংসাপরায়ণ আচরণ করেছেন।


আদালতে জমা দেওয়া নথিতে জোলির আইনজীবী দল আরও দাবি করে, গার্হস্থ্য নির্যাতনের অভিযোগ নিয়ে নীরব থাকার শর্তে একটি গোপনীয়তা চুক্তিতে (এনডিএ) সই করতে রাজি না হওয়ায় পিট তার অংশ কিনে নিতে অস্বীকৃতি জানান। এ ছাড়া ২০১৬ সালের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে ফ্রান্সে যাওয়ার পথে ব্যক্তিগত বিমানে এক সন্তানের গলা চেপে ধরা এবং আরেক সন্তানকে আঘাত করার অভিযোগও ওঠে পিটের বিরুদ্ধে। তবে এসব অভিযোগে কোনো ফৌজদারি মামলা দায়ের হয়নি।


 

সর্বশেষ সব খবর

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১:০১ এএম

ফের সংসার ভাঙার খবর জানালেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামী মহসিন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।


বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে নিজেই এ খবর নিশ্চিত করেন এই সংগীতশিল্পী।


ইংরেজিতে দেওয়া ওই স্ট্যাটাসে ন্যান্সি লেখেন, ‘মেহেদী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলার একসময় অনেক অর্থ ছিল, তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো বছরগুলোর স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’


তিনি লেখেন, ‘যারা আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে ছিলেন, এই সময়ে তাদের কাছে আমার অনুরোধ, বিষয়টি বুঝবেন, আমাদের সিদ্ধান্তকে সম্মান করবেন এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে সহযোগিতা করবেন।’


এ সংগীতশিল্পী লেখেন, ‘জীবন নিজের নিয়মেই এগিয়ে চলে। আমি শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে জীবনের নতুন অধ্যায়কে গ্রহণ করতে চাই। সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’


উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে পারিবারিক আয়োজনে গীতিকার ও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়ার চিফ অপারেটিং অফিসার (সিওও) মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি। এটি ছিল সংগীতশিল্পীর তৃতীয় বিয়ে।


প্লেব্যাক ও আধুনিক গানে জনপ্রিয়তা পাওয়া ন্যান্সি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিকবার মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন।


সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এ পর্যন্ত তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে ভালোবেসে বিয়ে করেন তিনি। এই সংসারে তাদের মার্জিয়া বুশরা রোদেলা নামে এক কন্যাসন্তান রয়েছে এবং ২০১২ সালে তাদের বিচ্ছেদ ঘটে।


২০১৩ সালের ৪ মার্চ তিনি ময়মনসিংহ পৌরসভার তৎকালীন কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন। এই সংসারে তাদের নায়লা নামে এক কন্যাসন্তান জন্ম নেয় এবং ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।


পরে ২০২১ সালের আগস্ট মাসে তিনি গীতিকবি ও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম মিউজিকের কর্মকর্তা মহসিন মেহেদীকে বিয়ে করেন। এই সংসারেও তাদের মেহনাজ নামে এক কন্যাসন্তান রয়েছে।

সর্বশেষ সব খবর