দীপিকা পাড়ুকোন
বলিউডের আরেকটি অদৃশ্য চাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রমাণ’ দেওয়া। সম্প্রতি আদিত্য ধরের সিনেমা ‘ধুরন্ধর ২’- এর দুর্দান্ত সাফল্যের পর সেই চাপই যেন নতুন করে সামনে এনে দিল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ব্যক্তিগত জীবনকে।
রণবীরের ছবির সাফল্যে পুরো ইন্ডাস্ট্রি যখন উচ্ছ্বসিত, তখন আলোচনার কেন্দ্রে উঠে এলেন দীপিকা। কারণ, তিনি কিছু বলেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমের ‘আদালত’
ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে, কয়েক দিনের মধ্যেই আয় করেছে ৫০০ কোটি রুপির বেশি। রণবীরের অভিনয় প্রশংসিত হয়েছে সর্বত্র। এমনকি দক্ষিণি নির্মাতা এস এস রাজামৌলিসহ অনেক তারকা সিনেমাটির প্রশংসা করেছেন।
কিন্তু সবকিছু ছাপিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন, ‘দীপিকা কোথায়?’, ‘কেন তিনি স্বামীর সিনেমার সাফল্যে কোনো পোস্ট দিলেন না?’
একটি ইনস্টাগ্রাম পোস্ট না থাকাকে কেন্দ্র করে শুরু হলো সম্পর্ক বিশ্লেষণ। কেউ বললেন, দাম্পত্যে সমস্যা; কেউ বললেন, ‘সমর্থন’ নেই। যেন একটি সম্পর্কের মাপকাঠি এখন লাইক, স্টোরি আর ক্যাপশন।
‘নীরবতা’ কি অপরাধ?
বাস্তবতা হলো, সব ভালোবাসা হয়তো সব সময়ই প্রকাশ্যে দেখাতে হয় না। দীপিকা এমন একজন তারকা, যিনি কখনোই প্রতিটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন না; বরং তিনি বরাবরই ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দিয়েছেন।
এটা ভুলে গেলে চলবে না, অতীতে তিনি একাধিকবার ‘ধুরন্ধর’সহ রণবীরের কাজ নিয়ে প্রকাশ্যে প্রশংসা করেছেন। এর আগেও রণবীর অভিনীত ‘৮৩’ বা ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’র সময়ও তিনি ছিলেন সোচ্চার সমর্থক। তাহলে আজ নীরব থাকলেই কি সেই সমর্থন মুছে যায়?
ডিজিটাল যুগের দ্বিমুখী মানদণ্ড
এই বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো- দ্বৈত মানদণ্ড। নারী তারকা মানেই যেন ‘পাবলিক চিয়ারলিডার’। স্বামীর সাফল্যে উচ্ছ্বাস না দেখালে প্রশ্ন উঠবে। কিন্তু উল্টোটা? রণবীর সিং কি সব সময় একইভাবে দীপিকার প্রতিটি কাজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন? এই প্রশ্ন খুব কমই ওঠে। এখানেই স্পষ্ট হয়ে যায়- সমাজ এখনো নারীদের কাছ থেকে ‘দেখানো ভালোবাসা’ আশা করে, অথচ পুরুষদের ক্ষেত্রে সেই চাপ অনেকটাই কম।
সম্পর্ক কি কনটেন্ট?
আজকের দিনে সম্পর্কও যেন কনটেন্টে পরিণত হয়েছে।
কেউ যদি প্রকাশ্যে কিছু না দেখান, তাহলে ধরে নেওয়া হয়, ‘কিছু একটা সমস্যা আছে’। কিন্তু বাস্তবতা ভিন্ন। একটি সম্পর্কের শক্তি ইনস্টাগ্রামের অ্যালগরিদমে মাপা যায় না। দীপিকা হয়তো ব্যক্তিগতভাবে উদ্যাপন করেছেন- ডিনার, ফোনকল বা নিভৃত কোনো মুহূর্তে। সেটা কি কম গুরুত্বপূর্ণ?
বলিউড, ব্র্যান্ডিং আর ব্যক্তিগত সীমারেখা
বলিউডে ব্যক্তিগত জীবন আর পাবলিক ইমেজ প্রায়ই এক হয়ে যায়। ‘পাওয়ার কাপল’ ব্র্যান্ডিং এখন সাধারণ বিষয়। তবু প্রত্যেক মানুষেরই নিজের সীমারেখা নির্ধারণের অধিকার আছে। দীপিকা পাড়ুকোন দীর্ঘদিন ধরেই মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিসরের গুরুত্ব নিয়ে কথা বলে আসছেন।
এই পরিপ্রেক্ষিতে দীপিকার নীরবতা বরং একটি সচেতন সিদ্ধান্ত-যেখানে তিনি নিজের সীমা নিজেই নির্ধারণ করছেন।
‘ধুরন্ধর ২’ সিনেমাকে কেন্দ্র করে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ার এই তর্ক আসলে আমাদের সময়ের প্রতিচ্ছবি। এই ‘সমাজ’ এখন ভালোবাসাকেও দেখতে চায়- প্রমাণসহ। কিন্তু সব অনুভূতি কি দৃশ্যমান হওয়া জরুরি? একটি পোস্ট না থাকলেও সম্পর্ক ভেঙে যায় না; বরং কখনো কখনো নীরবতাই সবচেয়ে গভীর সমর্থন।
অপি করিমের সঙ্গে সিনেমা করতে চান কলকাতার শিবপ্রসাদ, জানালেন মুগ্ধতা। ছবি: সংগৃহীত
লতিফুল ইসলাম শিবলী। ছবি: সংগৃহীত
ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ঘুরে বেড়াতে বেশ পছন্দ করেন তিনি, সুযোগ পেলেই ছুটে যান নতুন কোনো গন্তব্যে।সেই ভ্রমণের মুহূর্তগুলো আবার ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার ছেলেকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের হলিউডে ঘুরে বেড়ানোর কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করেছেন এ অভিনেত্রী।জানা গেছে, ছেলের স্কুলে ছুটি থাকায় মা-ছেলে মিলে দুই মাসের জন্য সিডনি ছেড়েছেন শাবনূর। এবারের সফরের মূল উদ্দেশ্য ঘোরাঘুরি।
চলতি বছরে এটি তার দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর।যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন শাবনূর।
সেই আমন্ত্রণে সাড়া দিয়ে অস্ট্রেলিয়ার সিডনি থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে লস অ্যাঞ্জেলেসে পৌঁছান তিনি। এর আগে একাধিকবার যুক্তরাষ্ট্রে গেলেও এবারই প্রথম তার লস অ্যাঞ্জেলেস যাওয়া।
হলিউডের প্রতি একসময় বেশ আগ্রহ ছিল এই নায়িকার। তাই লস অ্যাঞ্জেলেসে পৌঁছেই বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে না গিয়ে বিখ্যাত হলিউড সাইন দেখার ইচ্ছা প্রকাশ করেন তিনি। এরপর মা-ছেলে ঘুরে দেখেন সান্তা মনিকা পাহাড়ের ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশ্বখ্যাত ‘হলিউড’ সাইন ও এর আশপাশের এলাকা।
লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠান ও ঘোরাঘুরি শেষে আগামী ৩ ডিসেম্বর শহরটি ছাড়ার কথা রয়েছে শাবনূরের। এর আগে অনুষ্ঠানের ফাঁকে ছেলেকে নিয়ে আরও কিছু জায়গায় ঘুরে বেড়ানোর পরিকল্পনা রয়েছে তার।
লস অ্যাঞ্জেলেস থেকে এরপর শাবনূর যাবেন লন্ডনে। সেখানেও একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি। অনুষ্ঠান শেষে লন্ডনে কয়েক দিন ঘোরাঘুরি করবেন। এরপর যাবেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে কয়েক দিন কাটিয়ে সবশেষে অস্ট্রেলিয়ার সিডনিতে ফেরার পরিকল্পনা রয়েছে এই অভিনেত্রীর।
কোনো ছবিতে আংটি পরিয়ে দিচ্ছেন কনে, কোনোটিতে বর-কনে দুজনে দুজনার আংটি ধরে আছেন, আবার বিয়ের কাগজে সই করার এবং একে অপরকে আলিঙ্গনের ছবিও আছে।
এগুলো কলকাতার সিনেমার অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের ছবি। যেগুলো সোশাল মিডিয়ায় নিজেই প্রকাশ করেছেন তিনি।ছবি প্রকাশের পরপর শুভেচ্ছায় ভাসতে আসছেন মিমি।
আনন্দবাজার জানিয়েছে, দুই পরিবারের সদস্য, স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বাগ্দান ও আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন বরকনে।
মিমির স্বামীর নাম সিদ্ধার্থ দত্ত, তিনি বিনোদন জগতের বাইরের মানুষ। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। সিদ্ধার্থের বড় ভাইয়ের স্ত্রী কলকাতার সিরিয়াল-সিরেমার পরিচিত অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য।
মিমিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ত্রমিলা বলেন, “মিমিকে তিনি খুব কাছ থেকে চিনেছেন, জেনেছেন। সিদ্ধার্থের সঙ্গে মিমিকে বেশ মানিয়েছে।”ত্রমিলা আরও বলেন, “আমাদের পরিবারের সবাই জাহাজের পেশায় যুক্ত। আমার স্বামী জাহাজের ক্যাপ্টেন আর সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়ার। ও আমাদের থেকে অনেকটাই ছোট।”
বিয়ের অনুষ্ঠানের ছবিতে দেখা গেছে, মিমি সেজেছিলেন সোনালি জরির কাজ করা পোশাকে। সঙ্গে ছিল সবুজ পাথরের অলংকার। সিদ্ধার্থের পরনে ছিল সাদা পাঞ্জাবি-পায়জামা। ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের আসরের ছিল সাদা ও সোনালি রঙের প্রাধান্য।
মহা আড়ম্বরে মিমি-সিদ্ধার্থর বিয়ের আসর বসবে আগামী ৫ ডিসেম্বর, কলকাতা শহর থেকে দূরে কালিম্পংয়ে পাহাড়ের কোলে। সেখানে বিয়ের বাদ্যি আর আলোর রোশনাই ছুটবে টানা তিনদিন ধরে। সিনেমা জগত থেকে মিমি ঘনিষ্ঠরা উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে।
মিমির বিয়ের কার্ড সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে শুরু হয়েছিল নানা জল্পনা। ওই আমন্ত্রণপত্রের নকশায় বর-কনের প্রতীকী ছবি। আর তাদের সঙ্গে রাখা হয় মিমির তিন পোষ্যও।
২০১০ ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রটি করার পর মিমি রাতারাতি জনপ্রিয়তা পান।পরে ২০১২ ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর ‘বোঝে না সে বোঝে না’, এই সিনেমাটি মিমির জনপ্রিয়তা বাড়িয়ে দেন। তারপর থেকে একের পর একে বাণিজ্যিক ধারার সিনেমা করে যাচ্ছেন মিমি।
‘প্রলয়’, ‘যোদ্ধা’, ‘গ্যাংস্টার’, ‘পোস্ত’, ‘ভিলেন’, ‘ড্রাকুলা স্যার’, ‘মিনি’, ‘রক্তবীজ’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন মিমি। রোমান্টিক চরিত্রের পাশাপাশি থ্রিলার, সামাজিক গল্প ও ভিন্নধর্মী চরিত্রেও দেখা গেছে তাকে।
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমায় অভিনয় করেন মিমি। এই সিনেমার ‘দুষ্টু কোকিল’ ও ‘লাগে উড়াধুরা’ গান দুটি দুই বাংলাতেই আলোচিত।এবারের দুর্গাপূজায় মুক্তি পায় মিমির সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’; পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। সিনেমায় আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে সুমিত্রার চরিত্রে দেখা গেছে তাকে।রাজনীতির মাঠেও পা রেখেছিলেন মিমি।
২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নেন। জয়ী হয়ে ভারতের সংসদ সদস্য হন। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মিমি।
ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি
দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে সমঝোতায় পৌঁছালেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। বিচ্ছেদের পর ফ্রান্সের বিখ্যাত ওয়াইনারি ‘শ্যাটো মিরাভাল’-এর মালিকানা ও শেয়ার বিক্রি নিয়ে চলা তিক্ত বিরোধ আদালতের বাইরেই মিটিয়ে নিয়েছেন হলিউডের এই সাবেক তারকা জুটি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে সমঝোতার কথা জানান দুই তারকার প্রতিনিধিরা। তবে চুক্তির শর্ত কিংবা আর্থিক লেনদেনের বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিবারের কথা ভেবে আমরা আদালতের বাইরে বিষয়টি মিটিয়ে নিয়েছি এবং এ বিষয়ে আর কোনও মন্তব্য করব না।’
২০০৫ সালে মুক্তি পাওয়া ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের সময় কাছাকাছি আসেন পিট ও জোলি। সে সময় জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বিবাহিত ছিলেন পিট। পরে জোলির সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে পরিচিত এই জুটি একসময় হলিউডের অন্যতম আলোচিত তারকা দম্পতিতে পরিণত হয়। এক যুগের বেশি সময় একসঙ্গে থাকার পর ২০১৬ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তাদের ছয় সন্তান রয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।
তবে বিচ্ছেদের পরও ফ্রান্সের ওয়াইনারিটির মালিকানা নিয়ে বিরোধ থামেনি। বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলাকালে সম্পত্তিটির মালিকানা, নিয়ন্ত্রণ এবং অংশীদারত্ব নিয়ে তাদের বিরোধ আরও জটিল হয়ে ওঠে। ওয়াইনারিটি ফ্রান্সে অবস্থিত হলেও এর শেয়ার বিক্রির সিদ্ধান্ত এবং আগের পারস্পরিক সমঝোতার ব্যাখ্যা নিয়ে দুই পক্ষের অবস্থান ছিল ভিন্ন। সেই বিরোধই শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়।
জোলি ওয়াইনারিতে নিজের অংশ ‘স্টোলি গ্রুপ’-এর একটি ইউনিটের কাছে বিক্রি করেন। পিটের অভিযোগ, এ বিক্রির মাধ্যমে তাদের মধ্যে থাকা পারস্পরিক সম্মতির চুক্তি লঙ্ঘন করা হয়েছে। এ নিয়ে মামলা করেন তিনি। জবাবে পিটের বিরুদ্ধে পাল্টা মামলা করেন জোলি; তার অভিযোগ, পিট প্রতিহিংসাপরায়ণ আচরণ করেছেন।
আদালতে জমা দেওয়া নথিতে জোলির আইনজীবী দল আরও দাবি করে, গার্হস্থ্য নির্যাতনের অভিযোগ নিয়ে নীরব থাকার শর্তে একটি গোপনীয়তা চুক্তিতে (এনডিএ) সই করতে রাজি না হওয়ায় পিট তার অংশ কিনে নিতে অস্বীকৃতি জানান। এ ছাড়া ২০১৬ সালের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে ফ্রান্সে যাওয়ার পথে ব্যক্তিগত বিমানে এক সন্তানের গলা চেপে ধরা এবং আরেক সন্তানকে আঘাত করার অভিযোগও ওঠে পিটের বিরুদ্ধে। তবে এসব অভিযোগে কোনো ফৌজদারি মামলা দায়ের হয়নি।
সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
ফের সংসার ভাঙার খবর জানালেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামী মহসিন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে নিজেই এ খবর নিশ্চিত করেন এই সংগীতশিল্পী।
ইংরেজিতে দেওয়া ওই স্ট্যাটাসে ন্যান্সি লেখেন, ‘মেহেদী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলার একসময় অনেক অর্থ ছিল, তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো বছরগুলোর স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি লেখেন, ‘যারা আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে ছিলেন, এই সময়ে তাদের কাছে আমার অনুরোধ, বিষয়টি বুঝবেন, আমাদের সিদ্ধান্তকে সম্মান করবেন এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে সহযোগিতা করবেন।’
এ সংগীতশিল্পী লেখেন, ‘জীবন নিজের নিয়মেই এগিয়ে চলে। আমি শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে জীবনের নতুন অধ্যায়কে গ্রহণ করতে চাই। সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে পারিবারিক আয়োজনে গীতিকার ও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়ার চিফ অপারেটিং অফিসার (সিওও) মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি। এটি ছিল সংগীতশিল্পীর তৃতীয় বিয়ে।
প্লেব্যাক ও আধুনিক গানে জনপ্রিয়তা পাওয়া ন্যান্সি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিকবার মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন।
সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এ পর্যন্ত তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে ভালোবেসে বিয়ে করেন তিনি। এই সংসারে তাদের মার্জিয়া বুশরা রোদেলা নামে এক কন্যাসন্তান রয়েছে এবং ২০১২ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
২০১৩ সালের ৪ মার্চ তিনি ময়মনসিংহ পৌরসভার তৎকালীন কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন। এই সংসারে তাদের নায়লা নামে এক কন্যাসন্তান জন্ম নেয় এবং ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
পরে ২০২১ সালের আগস্ট মাসে তিনি গীতিকবি ও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম মিউজিকের কর্মকর্তা মহসিন মেহেদীকে বিয়ে করেন। এই সংসারেও তাদের মেহনাজ নামে এক কন্যাসন্তান রয়েছে।