• প্রকাশ : সোমবার ১৩ জুলাই, ২০২৬, সময় : ৫:৩৬ এএম

‘ঊনত্রিশ বছর বয়সে এসে মনে হচ্ছে, ঢাকার এই তুমুল ব্যস্ততায় মনের মতো একটা মানুষ খুঁজে পাওয়া লটারির টিকিট পাওয়ার মতো। অনেক ডেটিং অ্যাপে আলাপ হয় ঠিকই; কিন্তু দিন শেষে সেখানে মেকি আবহের শঙ্কা থেকেই যায়। ওদিকে আত্মীয়স্বজন এখন আর আগের মতো সম্বন্ধ খোঁজেন না। শূন্যতায় অদ্ভুত দিন কাটছে’– এসব  কথা বলছিলেন ঢাকার বেসরকারি ব্যাংকে কর্মরত আশরাফুল ইসলাম। 


জীবনে একা থাকার আক্ষেপ বা একাকিত্ব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আধুনিক নাগরিক বাস্তবতায় দাঁড়িয়ে ঢাকার শিক্ষিত ও মধ্যবিত্ত তরুণ-তরুণীর বড় অংশই এখন জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে আস্থার সংকটে ভুগছেন। প্রথাগত ডেটিং অ্যাপের ওপর তীব্র অনীহা।


অন্যদিকে পুরোনো পারিবারিক কাঠামোর অনুপস্থিতি– এ দুইয়ের মাঝে দাঁড়িয়ে বদলে যাচ্ছে বাংলাদেশের চিরচেনা বিয়ে ও ডেটিং কালচার। প্রযুক্তিকেন্দ্রিক ম্যাচমেকিং কনসালট্যান্সি সাইয়োনিতে নিবন্ধিত তরুণ-তরুণীর মধ্যে পরিচালিত জরিপ ও প্রতিষ্ঠানটির নিবন্ধিত ডেটা বিশ্লেষণে পাওয়া গেছে চমকে দেওয়া কিছু তথ্য।


আগের ধারণা ছিল, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় পশ্চিমা বিশ্বের মতো বাংলাদেশেও ডেটিং অ্যাপের বাড়বাড়ন্ত হবে। কিন্তু জরিপ বলছে আরেক কথা। পরিসংখ্যান বলছে, ৫৭ শতাংশ তরুণ-তরুণী জীবনের কোনো না কোনো সময়ে ডেটিং অ্যাপ ব্যবহার করেছেন। তবে বর্তমানে মাত্র ১৫ শতাংশ সেখানে সক্রিয় আছেন। 


জানা গেছে, জরিপে অংশ নেওয়া ৮৮ শতাংশ তরুণ-তরুণীই এখন ডেটিং কালচার নিয়ে তীব্র নেতিবাচক ও হতাশাজনক ধারণা পোষণ করেন।


অনেকের কাছে ডেটিং অ্যাপে মোহভঙ্গ, আরেকদিকে সম্পর্কের প্রতারণা– এই দুইয়ের মাঝখানের শূন্যস্থান পূরণ করতে এখন কাজ করছে দায়িত্বশীল ও প্রযুক্তিকেন্দ্রিক ম্যাচমেকিং প্ল্যাটফর্ম। যেখানে পারিবারিক গোপনীয়তা সুরক্ষা পাবে, প্রোফাইল যাচাই করা হবে ও পুরো প্রক্রিয়াটি থাকবে পেশাদার তত্ত্বাবধানে। ধারণার এমন ভিত্তিতেই তৈরি সাইয়োনি।


এই প্ল্যাটফর্মের উদ্যোক্তা তানভীর রহমান সমকালকে বলেন, আমি নিজে ঘটকের কাছে প্রতারিত হয়েছি। কিন্তু বেশি কষ্ট পেয়েছি, যখন দেখেছি এটি শুধু আমার গল্প নয়; সমাজে হাজারো শিক্ষিত পরিবারের অভিজ্ঞতা এখন অনেকটা এ রকমই। এই ধারণা থেকেই সাইয়োনি তৈরির কাজ হাতে নেই।


আত্মকেন্দ্রিক নাগরিক জীবনে যেখানে আস্থার বড্ড অভাব, সেখানে এমন প্ল্যাটফর্ম আধুনিক প্রযুক্তির মিশেলে আশির দশকের সেই হারিয়ে যাওয়া পারিবারিক আন্তরিকতা ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে। বিয়ে কোনো সাময়িক চুক্তি নয়; এটি দুটি পরিবারের দীর্ঘ পথচলার সেতুবন্ধ। তাই জীবনসঙ্গী খোঁজার এই যাত্রায় আজকের তরুণ প্রজন্ম এমন মাধ্যম খুঁজছে, যেখানে আধুনিক মননশীলতার সঙ্গে মিশে থাকবে চিরন্তন পারিবারিক মূল্যবোধ। 

বিষয় : জীবন



সর্বশেষ সব খবর

জমি-জমা বণ্টনের প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০৪ পিএম

বাবা মারা যাওয়ার পর তার রেখে যাওয়া জমি, বাড়ি কিংবা অন্যান্য সম্পত্তি কারা কতটুকু পাবেন, তা নিয়ে অনেক পরিবারেই প্রশ্ন তৈরি হয়। বিশেষ করে ছেলে ও মেয়ের মধ্যে সম্পত্তির ভাগ কত হবে, স্ত্রী কতটুকু পাবেন, মৃত ব্যক্তির বাবা-মা, ভাই-বোন জীবিত থাকলে তাদের অংশ কত হবে কিংবা কোনো সন্তান বাবার আগেই মারা গেলে তার সন্তানরা সম্পত্তি পাবে কি না এসব বিষয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই।


বাংলাদেশে উত্তরাধিকার সম্পত্তি বণ্টনের নিয়ম ধর্মভেদে আলাদা। মুসলিম, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের ক্ষেত্রে উত্তরাধিকার নির্ধারণের আইন ও পদ্ধতি এক নয়। মুসলিম পরিবারের ক্ষেত্রে মূলত ফারায়েজ বা মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী সম্পত্তি বণ্টন করা হয়। এ ক্ষেত্রে উত্তরাধিকারীদের সম্পর্ক, মৃত ব্যক্তির জীবিত স্বজনের সংখ্যা এবং সম্পত্তির ওপর কোনো দায় বা ঋণ রয়েছে কি না, তার ওপর নির্ভর করে কে কতটুকু পাবেন।


তবে কয়েকটি নিয়ম জানা থাকলে নিজের পরিবারের সম্পত্তির প্রাথমিক হিসাব সহজেই করা যায়। চলুন জেনে নেওয়া যাক, বাবা মারা গেলে মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী কারা কতটুকু জমি বা সম্পত্তি পাবেন এবং কীভাবে হিসাব করবেন।


সম্পত্তি বণ্টনের আগে যেসব বিষয় নিষ্পত্তি করতে হবে


কোনো ব্যক্তি মারা গেলেই তার রেখে যাওয়া সম্পত্তি সরাসরি উত্তরাধিকারীদের মধ্যে ভাগ করা যায় না। প্রথমে মৃত ব্যক্তির সম্পত্তি থেকে প্রয়োজনীয় কিছু ব্যয় ও দায় পরিশোধ করতে হয়। এরপর অবশিষ্ট সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হয়।


এ ক্ষেত্রে সাধারণত যে বিষয়গুলো বিবেচনায় নিতে হবে:


> মৃত ব্যক্তির দাফন-কাফনের প্রয়োজনীয় ও যুক্তিসংগত খরচ পরিশোধ করতে হবে।


> তার জীবদ্দশায় নেওয়া ঋণ বা ধারদেনা পরিশোধ করতে হবে।


> স্ত্রীর বকেয়া দেনমোহর থাকলে তা পরিশোধ করতে হবে। দেনমোহর স্ত্রীর পাওনা এবং এটি মৃত ব্যক্তির সম্পত্তির ওপর একটি দায়।


বৈধ অসিয়ত বা উইল থাকলে প্রযোজ্য আইন অনুযায়ী তা কার্যকর করতে হবে। মুসলিম উত্তরাধিকার আইনে সাধারণভাবে উত্তরাধিকারী নন এমন ব্যক্তির অনুকূলে ঋণ ও অন্যান্য দায় পরিশোধের পর অবশিষ্ট সম্পত্তির এক-তৃতীয়াংশ পর্যন্ত অসিয়ত করা যায়। কোনো উত্তরাধিকারীর অনুকূলে অসিয়ত কিংবা এক-তৃতীয়াংশের বেশি অসিয়তের ক্ষেত্রে অন্য উত্তরাধিকারীদের সম্মতির প্রশ্ন আসে।


এসব দায় ও খরচ পরিশোধের পর যে সম্পত্তি অবশিষ্ট থাকবে, সেটিই উত্তরাধিকারীদের মধ্যে বণ্টনযোগ্য সম্পত্তি।


বাবা মারা গেলে তার স্ত্রী কতটুকু সম্পত্তি পাবেন?


মুসলিম উত্তরাধিকার আইনে স্বামীর মৃত্যুর পর স্ত্রী কতটুকু সম্পত্তি পাবেন, তা নির্ভর করে মৃত ব্যক্তির সন্তান বা পুত্রের বংশধর জীবিত আছেন কি না, তার ওপর।


> স্বামীর কোনো সন্তান বা পুত্রের বংশধর না থাকলে স্ত্রী পাবেন মোট বণ্টনযোগ্য সম্পত্তির ১/৪ অংশ।


> স্বামীর সন্তান বা পুত্রের বংশধর থাকলে স্ত্রী পাবেন ১/৮ অংশ।


> একাধিক স্ত্রী থাকলে তাদের সবাই মিলে নির্ধারিত অংশটুকু সমানভাবে ভাগ করে নেবেন।


অর্থাৎ, মৃত ব্যক্তির একাধিক স্ত্রী থাকলেও সন্তান থাকলে প্রত্যেক স্ত্রী আলাদাভাবে ১/৮ অংশ পাবেন না। তাদের সম্মিলিত প্রাপ্য হবে ১/৮ অংশ।


ছেলে ও মেয়ে কতটুকু জমি পাবেন?


মুসলিম উত্তরাধিকার আইনে বাবা মারা গেলে তার ছেলে ও মেয়ে উভয়েই সম্পত্তির উত্তরাধিকারী হন। ছেলে ও মেয়ে একসঙ্গে উত্তরাধিকারী হলে ছেলে মেয়ের দ্বিগুণ সম্পত্তি পাবেন।


অর্থাৎ, ছেলে ও মেয়ের মধ্যে সম্পত্তি বণ্টনের অনুপাত হবে ২ঃ১।


উদাহরণ হিসেবে, কোনো ব্যক্তি এক ছেলে ও এক মেয়ে রেখে মারা গেলে এবং স্ত্রী, বাবা-মা বা অন্য কোনো উত্তরাধিকারী না থাকলে সম্পত্তি তিন ভাগ করতে হবে। এর মধ্যে ছেলে পাবেন দুই ভাগ এবং মেয়ে পাবেন এক ভাগ।


একইভাবে দুই ছেলে ও এক মেয়ে থাকলে সম্পত্তি পাঁচ ভাগ হবে। প্রত্যেক ছেলে দুই ভাগ করে এবং মেয়ে এক ভাগ পাবেন।


মনে রাখতে হবে, বিবাহিত মেয়ে হলেও বাবার সম্পত্তিতে তার উত্তরাধিকারী হওয়ার অধিকার থাকে। বিয়ে হয়ে গেছে কিংবা স্বামীর বাড়িতে থাকেন এমন কারণে মেয়েকে বাবার সম্পত্তি থেকে বাদ দেওয়া যায় না।


বাবা-মা জীবিত থাকলে তারা কতটুকু পাবেন?


বাবা মারা যাওয়ার সময় তার নিজের বাবা ও মা জীবিত থাকলে তারাও সম্পত্তির উত্তরাধিকারী হবেন। মৃত ব্যক্তির সন্তান থাকলে সাধারণ নিয়মে তার বাবা ও মা প্রত্যেকে ১/৬ অংশ করে পাবেন।


অর্থাৎ, মৃত ব্যক্তির স্ত্রী, সন্তান, বাবা ও মা—সবাই জীবিত থাকলে প্রত্যেকের অংশ হিসাব করতে হবে।


তবে সন্তান না থাকলে কিংবা ভাই-বোনের সংখ্যা বেশি হলে মায়ের অংশের হিসাব পরিবর্তিত হতে পারে। একইভাবে মৃত ব্যক্তির বাবা জীবিত থাকলে তার দাদা সাধারণত উত্তরাধিকার থেকে বাদ পড়েন।


শুধু মেয়ে থাকলে সম্পত্তি কীভাবে ভাগ হবে?


অনেকের ধারণা, বাবার ছেলে না থাকলে মেয়েরা বাবার সম্পত্তির পুরোটা পাবেন। কিন্তু মুসলিম উত্তরাধিকার আইনে বিষয়টি এমন নয়। শুধু মেয়ে থাকলে তাদের জন্য নির্দিষ্ট অংশ রয়েছে। অবশিষ্ট সম্পত্তি অন্য যোগ্য উত্তরাধিকারীরা পেতে পারেন। নিয়মগুলো হলো:


> একজন মেয়ে এবং কোনো ছেলে না থাকলে মেয়ে পাবেন মোট সম্পত্তির ১/২ অংশ।


> দুই বা তার বেশি মেয়ে এবং কোনো ছেলে না থাকলে তারা সম্মিলিতভাবে পাবেন ২/৩ অংশ।


একাধিক মেয়ে থাকলে তাদের মধ্যে এই অংশ সমানভাবে ভাগ হবে। অবশিষ্ট অংশ মৃত ব্যক্তির বাবা, ভাই কিংবা অন্য যোগ্য উত্তরাধিকারীরা প্রযোজ্য নিয়ম অনুযায়ী পেতে পারেন। কারা জীবিত আছেন, তার ওপর চূড়ান্ত হিসাব নির্ভর করবে।


বাবা মারা যাওয়ার আগে ছেলে বা মেয়ে মারা গেলে কী হবে?


এটি উত্তরাধিকার সম্পত্তি বণ্টনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক পরিবারে দেখা যায়, দাদা মারা যাওয়ার আগেই তার কোনো ছেলে বা মেয়ে মারা গেছেন। তখন ওই মৃত ছেলে বা মেয়ের সন্তানরা দাদার সম্পত্তির অংশ পাবেন কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।


বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৪ ধারায় এ বিষয়ে বিধান রয়েছে।


এ ধারায় বলা হয়েছে, সম্পত্তির উত্তরাধিকার কার্যকর হওয়ার আগে কোনো ব্যক্তির ছেলে বা মেয়ে মারা গেলে এবং তার সন্তানরা জীবিত থাকলে, ওই সন্তানরা তাদের বাবা বা মা জীবিত থাকলে যে পরিমাণ সম্পত্তি পেতেন, সমপরিমাণ অংশ পাবেন। তারা সম্মিলিতভাবে সেই অংশ নিজেদের মধ্যে ভাগ করে নেবেন।


উদাহরণ হিসেবে, কোনো ব্যক্তির দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। তার এক ছেলে বাবার আগেই মারা গেছেন। ওই ছেলের সন্তান জীবিত থাকলে দাদার মৃত্যুর পর তারা তাদের বাবার প্রাপ্য অংশ পাবেন। অর্থাৎ, শুধু বাবা আগে মারা গেছেন বলে নাতি-নাতনিরা দাদার সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না।


এ বিধানটি মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৪ ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।


জমির পরিমাণ ধরে হিসাব করবেন যেভাবে


উত্তরাধিকার সম্পত্তির হিসাব বুঝতে কয়েকটি উদাহরণ দেওয়া হলো। এখানে প্রতিটি হিসাবের ক্ষেত্রে ধরে নেওয়া হয়েছে, মৃত ব্যক্তির সম্পত্তি তার একক মালিকানাধীন এবং ঋণ, দেনমোহর ও অন্যান্য দায় পরিশোধের পর উল্লেখিত জমিই বণ্টনযোগ্য রয়েছে।


উদাহরণ ১: স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে থাকলে


ধরা যাক, একজন ব্যক্তি ৩০ শতাংশ জমি রেখে মারা গেছেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে জীবিত আছেন। অন্য কোনো উত্তরাধিকারী নেই। এ ক্ষেত্রে


> স্ত্রী পাবেন ১/৮ অংশ বা ৩.৭৫ শতাংশ জমি।


> অবশিষ্ট ২৬.২৫ শতাংশ জমি ছেলে ও মেয়ের মধ্যে ২:১ অনুপাতে ভাগ হবে।


> ছেলে পাবেন ১৭.৫০ শতাংশ জমি।


> মেয়ে পাবেন ৮.৭৫ শতাংশ জমি।


উদাহরণ ২: স্ত্রী, বাবা, মা, এক ছেলে ও এক মেয়ে থাকলে


ধরা যাক, মৃত ব্যক্তির ৬০ শতাংশ জমি রয়েছে। মৃত্যুর সময় তার স্ত্রী, বাবা, মা, এক ছেলে ও এক মেয়ে জীবিত। এ ক্ষেত্রে


> স্ত্রী পাবেন ১/৮ অংশ বা ৭.৫ শতাংশ।


> বাবা পাবেন ১/৬ অংশ বা ১০ শতাংশ।


> মা পাবেন ১/৬ অংশ বা ১০ শতাংশ।


বাকি ৩২.৫ শতাংশ জমি ছেলে ও মেয়ের মধ্যে ২:১ অনুপাতে ভাগ হবে।


> ছেলে পাবেন প্রায় ২১.৬৭ শতাংশ।


> মেয়ে পাবেন প্রায় ১০.৮৩ শতাংশ।


উদাহরণ ৩: শুধু দুই মেয়ে ও স্ত্রী থাকলে


ধরা যাক, একজন ব্যক্তি ২৪ শতাংশ জমি রেখে মারা গেছেন। তার স্ত্রী ও দুই মেয়ে জীবিত আছেন। তার বাবা-মা বা অন্য কোনো উত্তরাধিকারী নেই। এ ক্ষেত্রে


> স্ত্রী পাবেন ১/৮ অংশ বা ৩ শতাংশ।


> দুই মেয়ে সম্মিলিতভাবে পাবেন ২/৩ অংশ বা ১৬ শতাংশ।


> প্রত্যেক মেয়ে পাবেন ৮ শতাংশ করে।


অবশিষ্ট ৫ শতাংশ জমি অন্য যোগ্য উত্তরাধিকারী না থাকলে প্রযোজ্য ফারায়েজের নিয়মে বণ্টিত হবে। এ ধরনের ক্ষেত্রে শুধু তিনজনের অংশ হিসাব করে সম্পত্তির পুরোটা ভাগ হয়ে গেছে ধরে নেওয়া যাবে না।


এখানে উল্লেখ করা হিসাবগুলো সাধারণ উদাহরণ। পরিবারের উত্তরাধিকারীর সংখ্যা ও সম্পর্ক পরিবর্তিত হলে জমির ভাগও পরিবর্তিত হবে।


অনলাইনে উত্তরাধিকার সম্পত্তির হিসাব করবেন যেভাবে


উত্তরাধিকার সম্পত্তির হিসাব নিজে করতে না পারলে অনলাইনে সরকারি উত্তরাধিকার হিসাবের ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এখানে মুসলিম উত্তরাধিকার আইনের বিভিন্ন নিয়ম, উত্তরাধিকারীদের প্রাপ্য অংশ এবং সম্পত্তি বণ্টনের উদাহরণ দেওয়া রয়েছে।


ওয়েবসাইটটি ব্যবহার করতে


> প্রথমে inheritance.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।


> উত্তরাধিকার সম্পত্তির হিসাবসংক্রান্ত অংশে গিয়ে প্রয়োজনীয় তথ্য দেখুন।


> মৃত ব্যক্তির সঙ্গে জীবিত উত্তরাধিকারীদের সম্পর্ক অনুযায়ী প্রযোজ্য অংশ নির্ধারণ করুন।


>সব উত্তরাধিকারীর তথ্য বিবেচনায় নিয়ে সম্পত্তির বণ্টন হিসাব করুন।


এখানে দেওয়া তথ্য ও উদাহরণ প্রাথমিক হিসাব বুঝতে সহায়ক। তবে জটিল উত্তরাধিকার পরিস্থিতিতে আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত।


হিন্দু ও খ্রিষ্টান পরিবারের ক্ষেত্রে কি একই নিয়ম?


বাংলাদেশে উত্তরাধিকার সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে ধর্মভেদে পৃথক ব্যক্তিগত আইন প্রযোজ্য। তাই মুসলিম উত্তরাধিকার আইনের ১/৮, ১/৬ কিংবা ছেলে-মেয়ের ২:১ অনুপাতের নিয়ম অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে সরাসরি প্রয়োগ করা যাবে না।


হিন্দুদের ক্ষেত্রে প্রচলিত দায়ভাগ (Dayabhaga) আইন এবং খ্রিষ্টানদের ক্ষেত্রে প্রযোজ্য উত্তরাধিকার আইন বিবেচনা করতে হয়। খ্রিষ্টানদের উত্তরাধিকারসহ সম্পত্তি বণ্টনের বিভিন্ন বিধান রয়েছে।


এ বিষয়ে বাংলাদেশ সরকারের আইনবিষয়ক তথ্যের পাশাপাশি যুক্তরাজ্য সরকারের বাংলাদেশবিষয়ক পারিবারিক আইন নির্দেশিকাতেও ধর্মভিত্তিক ব্যক্তিগত আইনের বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে।


জমির ভাগ নিয়ে বিরোধ হলে কী করবেন?


উত্তরাধিকার সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে অনেক সময় পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। কেউ নিজের প্রাপ্যের চেয়ে বেশি জমি দাবি করেন, আবার কেউ বোন বা অন্য উত্তরাধিকারীকে তার ন্যায্য অংশ দিতে চান না।


এমন পরিস্থিতিতে প্রথমে সব উত্তরাধিকারীর উপস্থিতিতে আইন অনুযায়ী সম্পত্তির হিসাব নির্ধারণ করা উচিত। আলোচনার মাধ্যমে সমাধান না হলে আইনজীবীর সহায়তায় বণ্টনসংক্রান্ত আইনি পদক্ষেপ নেওয়া যায়।


বিশেষ করে জমির দলিল, খতিয়ান, দখল, পূর্ববর্তী হস্তান্তর এবং ওয়ারিশদের তালিকা যাচাই না করে কোনো বণ্টননামায় স্বাক্ষর করা উচিত নয়।


সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, উত্তরাধিকার সম্পত্তিতে প্রত্যেক বৈধ ওয়ারিশের অধিকার রয়েছে। ছেলে, মেয়ে, স্ত্রী কিংবা অন্য কোনো উত্তরাধিকারীকে তার আইনগত প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করা যায় না। তাই পারিবারিক সম্পর্কের পাশাপাশি প্রচলিত আইন অনুসরণ করে সম্পত্তি বণ্টন করাই উচিত।

সর্বশেষ সব খবর

নেতৃত্বের প্রকৃত পরিচয় পদমর্যাদায় নয়, দায়িত্ববোধ, নৈতিকতা, মানবিকতা ও কর্মের মাধ্যমে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলামের নেতৃত্ব, কর্মদর্শন ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গৃহীত উদ্যোগ


  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪০ পিএম

একটি বিশ্ববিদ্যালয় কেবল ইট-পাথরের অবকাঠামো কিংবা সনদ প্রদানের প্রতিষ্ঠান নয়; এটি জ্ঞানচর্চা, মুক্তবুদ্ধি, গবেষণা, মানবিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার অন্যতম প্রধান কেন্দ্র। আর সেই প্রতিষ্ঠানের নেতৃত্বে যিনি থাকেন, তাঁর চিন্তা, নীতি, আদর্শ, কর্মদক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রযাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম ২০২৬ সালের ১৭ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, শিক্ষার্থীকল্যাণ, অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্য সুরক্ষা, প্রশাসনিক সংস্কার, পরিবেশ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তাঁর নেতৃত্বের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো—বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রে শিক্ষার্থীদের স্বার্থ ও কল্যাণকে প্রাধান্য দেওয়া।


তাঁর বিভিন্ন বক্তব্য, প্রশাসনিক সিদ্ধান্ত, গৃহীত উদ্যোগ, নির্দেশনা এবং গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও প্রতিবেদন পর্যালোচনা করলে নেতৃত্বের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বিশেষভাবে প্রতিফলিত হয়।


১. শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের মূল অগ্রাধিকার (Student First):


একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্তের কেন্দ্রে থাকা উচিত শিক্ষার্থীদের স্বার্থ। শিক্ষার্থীদের আবাসন, শিক্ষা, গবেষণা, চিকিৎসা, নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, সহশিক্ষা কার্যক্রম এবং স্বাভাবিক একাডেমিক পরিবেশ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। উপাচার্য মহোদয়ের শিক্ষার্থীকেন্দ্রিক চিন্তাভাবনা ও বিভিন্ন উদ্যোগে এই অগ্রাধিকার বিশেষভাবে প্রতিফলিত হচ্ছে।


২. আবাসিক হলের সেমিনার ও লাইব্রেরিতে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ:


শিক্ষার্থীদের পড়াশোনা, জ্ঞানচর্চা ও গবেষণার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলের সেমিনার কক্ষ অথবা লাইব্রেরিতে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন। এর মাধ্যমে আবাসিক শিক্ষার্থীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও মানসম্মত পাঠপরিবেশ গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।


৩. কেন্দ্রীয় গ্রন্থাগারের আসনসংখ্যা ১,০০০-এ উন্নীত করার উদ্যোগ:


শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষের আসনসংখ্যা বৃদ্ধি করে ১,০০০-এ উন্নীত করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। একটি গবেষণামুখী বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে আধুনিক, পর্যাপ্ত আসনবিশিষ্ট ও শিক্ষার্থীবান্ধব গ্রন্থাগার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস, উচ্চতর গবেষণা ও জ্ঞানচর্চার সুযোগ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।


৪. বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় গ্রন্থাগারে লিফট ও র‍্যাম্প:


বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় গ্রন্থাগারে সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন প্রবেশাধিকার নিশ্চিত করতে লিফট ও র‍্যাম্পের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন। অটিজম বৈশিষ্ট্যসম্পন্নসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার এই উদ্যোগ একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


৫. স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে চারটি ফুড কোর্ট স্থাপনের উদ্যোগ:


শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টির বিষয়টি বিবেচনায় রেখে ক্যাম্পাসে স্বাস্থ্যসম্মত, পরিচ্ছন্ন ও সুষম খাবার পরিবেশনের লক্ষ্যে চারটি ফুড কোর্ট প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাবারের পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি সময়োপযোগী পরিকল্পনা।


৬. বিশুদ্ধ ও নিরাপদ পানির ব্যবস্থা:


শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনযাপনের বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিশুদ্ধ ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। শিক্ষার্থীদের মৌলিক স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।


৭. আবাসন সমস্যা সমাধানে নির্মাণাধীন হলগুলোর কাজ ত্বরান্বিত করার নির্দেশনা:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসন এবং আবাসিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে নির্মাণাধীন শিক্ষার্থীদের আবাসিক হলগুলোর নির্মাণকাজ যথাযথভাবে এগিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে এ উদ্যোগ বিশেষ গুরুত্ব বহন করে।


৮. শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে আধুনিক অ্যাম্বুলেন্স:


শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও জরুরি চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে দুটি আধুনিক অ্যাম্বুলেন্স সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। অক্সিজেন সরবরাহ ও প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সুবিধাসম্পন্ন এসব অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জরুরি চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


৯. পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনায় স্বতন্ত্র কনজারভেন্সি বিভাগ:


একটি বৃহৎ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল, পরিকল্পিত ও কার্যকর করার লক্ষ্যে উপাচার্য মহোদয় স্বতন্ত্র কনজারভেন্সি বা পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা বিভাগ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিশেষ সভায় অনুমোদন দেওয়া হয়েছে। পৃথক জনবল কাঠামো, বাজেট এবং দায়িত্ব নির্ধারণের মাধ্যমে ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক উদ্যোগ।


১০. খেলাধুলা ও শারীরিক সুস্থতার প্রতি বিশেষ গুরুত্ব:


শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদকাসক্তি ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা এবং ইতিবাচক সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের শত ব্যস্ততার মধ্যেও উপাচার্য মহোদয় বিভিন্ন সময় খেলার মাঠ পরিদর্শন করেন, শিক্ষার্থীদের খেলাধুলা উপভোগ করেন এবং ক্রীড়াচর্চায় উৎসাহ প্রদান করেন। তাঁর এই আগ্রহ শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি উৎসাহ সৃষ্টি এবং সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখে।


১১. শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মান অর্জনের প্রত্যয়:


বিশ্ববিদ্যালয়ের প্রকৃত মর্যাদা নির্ধারিত হয় তার শিক্ষা ও গবেষণার উৎকর্ষের মাধ্যমে। গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, মানসম্মত শিক্ষা কার্যক্রম নিশ্চিতকরণ এবং আধুনিক গবেষণার পরিবেশ তৈরির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের গবেষণামুখী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যাশা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় গ্রন্থাগারের উন্নয়ন, গবেষণার সুযোগ সম্প্রসারণ ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরির উদ্যোগ এই বৃহত্তর লক্ষ্যকে এগিয়ে নেওয়ার অংশ।


১২. আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা ও উচ্চতর গবেষণার সুযোগ সম্প্রসারণ:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকে আন্তর্জাতিক যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে একাডেমিক সম্পর্ক সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিয়েছেন।


বিশ্বের বিভিন্ন দেশের উন্নত ও খ্যাতনামা বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে তাঁর সাক্ষাৎ, মতবিনিময় ও সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণার নতুন সম্ভাবনা সৃষ্টি হচ্ছে।


এ ক্ষেত্রে উল্লেখযোগ্য কয়েকটি উদ্যোগ হলো—


- পাকিস্তানের National University of Modern Languages (NUML) এবং National University of Computer and Emerging Sciences (FAST-NUCES)-এর সঙ্গে সহযোগিতা ও সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ। এর আওতায় শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং বৃত্তির সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।


- জাপানের Yamagata University-এর প্রকৌশল অনুষদের সঙ্গে সমঝোতা স্মারক ও শিক্ষার্থী বিনিময় চুক্তি। এর মাধ্যমে শিক্ষার্থী বিনিময়, শিক্ষক ও গবেষক বিনিময়, যৌথ গবেষণা এবং যৌথ প্রকাশনার সুযোগ সৃষ্টি হয়েছে।


- জাপানের Ritsumeikan University-এর প্রতিনিধিদের সঙ্গে শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়ে মতবিনিময় এবং যৌথ গবেষণা, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়ের বিষয়ে সহযোগিতার উদ্যোগ।


- জাপানের National Institute for Environmental Studies (NIES)-এর গবেষকদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহযোগিতা সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক গবেষণা সম্পর্ক জোরদারের প্রচেষ্টা।


- আন্তর্জাতিক বৃত্তি ও উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা এবং বিদেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ।


এই উদ্যোগগুলোর সবচেয়ে বড় তাৎপর্য হলো—রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকরা যেন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়, গবেষণাগার ও একাডেমিক প্রতিষ্ঠানে উচ্চতর শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের সুযোগ পান।


এর ফলে ভবিষ্যতে শত শত শিক্ষার্থী ও শিক্ষকের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষা, পিএইচডি, পোস্টডক্টরাল গবেষণা, যৌথ গবেষণা এবং আন্তর্জাতিক গবেষণাগারে কাজ করার নতুন ক্ষেত্র উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে।


শুধু সমঝোতা স্মারক স্বাক্ষর করাই সাফল্য নয়; এসব চুক্তির মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকরা যেন বাস্তব বৃত্তি, গবেষণা, প্রশিক্ষণ ও উচ্চশিক্ষার সুযোগ পান, সেটিই হবে এর প্রকৃত সার্থকতা। এই আন্তর্জাতিক সহযোগিতার ধারাবাহিকতা বজায় থাকলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিধি আরও বিস্তৃত হবে।


১৩. মানবিক নেতৃত্ব ও অসুস্থদের পাশে দাঁড়ানোর আন্তরিকতা:


একজন প্রশাসকের প্রকৃত পরিচয় শুধু তাঁর প্রশাসনিক সিদ্ধান্ত কিংবা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকে না; বরং বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েও তাঁর মানবিকতার পরিচয় প্রকাশ পায়।


গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, কোনো শিক্ষার্থী গুরুতর অসুস্থ হলে উপাচার্য মহোদয় ব্যক্তিগতভাবে খোঁজখবর নেন, প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হন এবং অনেক ক্ষেত্রে সরাসরি হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করার তদারকি করেন। একজন গুরুতর অসুস্থ শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানোর ক্ষেত্রেও তাঁর সরাসরি সহযোগিতার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।


শুধু শিক্ষার্থী নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কেউ অসুস্থ হলে তাঁদের খোঁজখবর নেওয়া, চিকিৎসার ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করা এবং তাঁদের পাশে দাঁড়ানোর মানসিকতা একজন দায়িত্বশীল ও মানবিক প্রশাসকের পরিচয় বহন করে।


১৪. শোক ও বিপদের সময়ে বিশ্ববিদ্যালয় পরিবারের পাশে থাকা:


বিশ্ববিদ্যালয় পরিবারের কোনো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কিংবা কর্মচারী মৃত্যুবরণ করলে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো, তাঁদের সান্ত্বনা দেওয়া এবং প্রয়োজনে জানাজা বা শেষ বিদায়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার মধ্য দিয়ে তিনি মানবিক দায়িত্ববোধের পরিচয় দেন।


একজন উপাচার্য যখন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের সুখ-দুঃখের অংশীদার হন, তখন প্রশাসন ও বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে আত্মিক সম্পর্ক আরও দৃঢ় হয়। এটি কেবল আনুষ্ঠানিক দায়িত্ব নয়; বরং সহমর্মিতা, আন্তরিকতা ও মানবিক মূল্যবোধের প্রকাশ।


১৫. নৈতিকতা, স্বচ্ছতা ও দায়িত্বশীল প্রশাসনিক সংস্কৃতি:


উপাচার্য মহোদয়ের প্রশাসনিক দৃষ্টিভঙ্গির একটি উল্লেখযোগ্য দিক হলো কাজকে প্রাধান্য দেওয়া। ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিকতার পরিবর্তে দায়িত্ব পালনের মাধ্যমে মূল্যায়িত হওয়ার প্রত্যাশা এবং উপহার গ্রহণ না করার উদ্যোগ একটি ইতিবাচক প্রশাসনিক সংস্কৃতির বার্তা বহন করে।


তিনি চান বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আরও সহজ, স্বচ্ছ ও কাজকেন্দ্রিক হোক। প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাঁদের সমস্যার কথা শোনার মানসিকতা একটি কার্যকর প্রশাসনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।


১৬. ন্যায়নীতি, নিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক স্বার্থকে প্রাধান্য:


বিশ্ববিদ্যালয় পরিচালনায় ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, গোষ্ঠীগত স্বার্থ কিংবা সংকীর্ণ বিবেচনার ঊর্ধ্বে উঠে যোগ্যতা, ন্যায়নীতি, বিধিবিধান ও প্রাতিষ্ঠানিক স্বার্থকে প্রাধান্য দেওয়া অত্যন্ত জরুরি।


বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ, ইনস্টিটিউট, আবাসিক হল, গবেষণাকেন্দ্র ও প্রশাসনিক দপ্তরের সমন্বিত উন্নয়নই একটি সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ভিত্তি।


১৭. শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক:


একটি বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায়। তাঁদের প্রত্যেকের অবদানকে যথাযথ সম্মান দেওয়া, কর্মপরিবেশ উন্নত করা, সমস্যা ও প্রয়োজনের কথা শোনা এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা একজন দক্ষ প্রশাসকের দায়িত্ব।


উপাচার্য মহোদয়ের বিভিন্ন সময়ের যোগাযোগ, শুভেচ্ছা বিনিময়, খোঁজখবর নেওয়া এবং মানবিক আচরণ বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশ তৈরিতে সহায়ক।


নেতৃত্বের মূল্যায়ন: একটি বৃহত্তর প্রত্যাশা


আমার বিবেচনায়, উপাচার্য মহোদয়ের নেতৃত্বের একটি বিশেষ দিক হলো—তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকে শুধু বড় বড় অবকাঠামো নির্মাণ কিংবা প্রশাসনিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ রাখছেন না; বরং একজন শিক্ষার্থীর প্রতিদিনের জীবন, পড়াশোনার পরিবেশ, খাবারের মান, বিশুদ্ধ পানির প্রাপ্যতা, আবাসন সমস্যা, চিকিৎসাসেবা, খেলাধুলা, গ্রন্থাগারের সুযোগ-সুবিধা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অধিকার ও সুযোগের বিষয়গুলোকেও গুরুত্ব দিচ্ছেন।


অন্যদিকে, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য দেশের বাইরে উচ্চতর গবেষণার সুযোগ তৈরির প্রচেষ্টাও তাঁর নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ দিক।


অসুস্থ শিক্ষার্থী কিংবা বিশ্ববিদ্যালয় পরিবারের কোনো সদস্যের চিকিৎসায় সহযোগিতা করা, মৃত্যুর ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং ব্যস্ততার মধ্যেও শিক্ষার্থীদের খেলাধুলা উপভোগ করতে মাঠে উপস্থিত হওয়া—এসব বিষয় তাঁর প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গিকেও তুলে ধরে।


একজন শিক্ষার্থীর জন্য মানসম্মত লাইব্রেরি, শীতাতপ নিয়ন্ত্রিত পাঠকক্ষ, স্বাস্থ্যসম্মত খাবার, বিশুদ্ধ পানি, নিরাপদ আবাসন, উন্নত চিকিৎসাসেবা, খেলাধুলার সুযোগ এবং প্রতিবন্ধকতামুক্ত চলাচলের পরিবেশ নিশ্চিত করা নিঃসন্দেহে একটি শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয়ের মৌলিক বৈশিষ্ট্য।


আমার কাছে তাঁর এই দৃষ্টিভঙ্গির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—বিশ্ববিদ্যালয়ের প্রতিটি উন্নয়ন পরিকল্পনা, প্রশাসনিক সিদ্ধান্ত ও কার্যক্রমের কেন্দ্রে শিক্ষার্থীকে রাখা।


তবে নেতৃত্বের মূল্যায়ন একদিনে হয় না। সময়, ধারাবাহিক কর্মসম্পাদন, সিদ্ধান্তের নিরপেক্ষতা, প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং অর্জিত ফলাফলের মধ্য দিয়েই একজন নেতার প্রকৃত সাফল্য প্রতিষ্ঠিত হয়। গৃহীত উদ্যোগগুলোর যথাযথ বাস্তবায়ন, কার্যক্রমের ধারাবাহিকতা এবং বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের সহযোগিতা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।


আমাদের প্রত্যাশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য, মর্যাদা ও গৌরব অক্ষুণ্ন রেখে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, শিক্ষার্থীকল্যাণ, মানবিক মূল্যবোধ এবং প্রশাসনিক স্বচ্ছতার ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে এখন সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। একদিকে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনমান উন্নয়ন, আবাসন, স্বাস্থ্য সুরক্ষা, গ্রন্থাগার, খেলাধুলা ও পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিত করার উদ্যোগ; অন্যদিকে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণ—এই দুই ধারার সমন্বয় বিশ্ববিদ্যালয়কে সামগ্রিকভাবে এগিয়ে নেওয়ার একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি।


আমার বিশ্বাস, মাননীয় উপাচার্য মহোদয়ের এই কর্মমুখী নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকলে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টায় কাজ করলে রাজশাহী বিশ্ববিদ্যালয় অচিরেই আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রয়েছে দীর্ঘ ইতিহাস, গৌরবময় ঐতিহ্য, মেধাবী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী এবং বিপুল সম্ভাবনা। প্রয়োজন সেই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানো, পরিকল্পনার বাস্তবায়ন এবং যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা।


একজন উপাচার্যের সবচেয়ে বড় সাফল্য হবে এমন একটি বিশ্ববিদ্যালয় রেখে যাওয়া, যেখানে শিক্ষার্থীরা উন্নত শিক্ষা ও গবেষণার সুযোগ পাবে, শিক্ষকরা আন্তর্জাতিক মানের গবেষণায় নেতৃত্ব দেবেন এবং কর্মকর্তা-কর্মচারীরা মর্যাদা ও কর্মস্পৃহা নিয়ে দায়িত্ব পালন করবেন।


আমাদের প্রত্যাশা—ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান বড়, পদমর্যাদার চেয়ে দায়িত্ব বড়, আনুষ্ঠানিকতার চেয়ে কর্ম বড় এবং সবকিছুর ঊর্ধ্বে শিক্ষার্থীদের স্বার্থ ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কল্যাণ।


রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হিসেবেই নয়, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, মানবিকতা ও আন্তর্জাতিক উৎকর্ষের মাধ্যমে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াক।


Student First. Research First. Institution First. Accountability First. Global Excellence.


একটি সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়, একটি আলোকিত প্রজন্ম এবং একটি জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে উঠুক আমাদের সম্মিলিত প্রচেষ্টায়।



লেখক: মোঃ আসলাম রেজা | রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্যের একান্ত সচিব।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৩৬ পিএম

জনস্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রের সক্ষমতা ও দায়িত্বশীলতার প্রকৃত পরীক্ষা হয় সংকটের সময়। ডেঙ্গু ও হামের সাম্প্রতিক পরিস্থিতি বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার সেই দুর্বলতাকেই নতুন করে সামনে এনেছে। একদিকে ডেঙ্গুর বিস্তার ও মৃত্যুর সংখ্যা বাড়ছে, অন্যদিকে হামের সংক্রমণে আক্রান্ত হচ্ছে অসংখ্য শিশু। প্রতিরোধযোগ্য দুটি রোগের এমন বিস্তার কেবল চিকিৎসাব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে না, প্রশ্ন তুলছে রাষ্ট্রের আগাম প্রস্তুতি, পরিকল্পনা ও জবাবদিহি নিয়েও।


একসময় ডেঙ্গুকে বর্ষাকালীন রোগ হিসেবে বিবেচনা করা হলেও জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ, পরিবেশদূষণ ও এডিস মশার বিস্তারের কারণে পরিস্থিতি বদলে গেছে। এখন ডেঙ্গু নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই। ফলে কয়েক মাসের মশকনিধন অভিযান কিংবা সংক্রমণ বাড়ার পর ফগিং করে এই রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রয়োজন বছরব্যাপী সমন্বিত ও বিজ্ঞানভিত্তিক কর্মপরিকল্পনা।


ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। বাড়ির ছাদ, নির্মাণাধীন ভবন, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, পানির ট্যাংক কিংবা জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার ও তদারকির আওতায় আনতে হবে। শুধু ওষুধ ছিটানোর আনুষ্ঠানিকতা নয়, লার্ভা নিয়ন্ত্রণ ও নিয়মিত নজরদারিকে অগ্রাধিকার দিতে হবে। এ ক্ষেত্রে সিটি করপোরেশন, পৌরসভা, স্থানীয় প্রশাসন ও নাগরিকদের সম্মিলিত দায়িত্বশীলতা জরুরি। স্থানীয় জনপ্রতিনিধি অনুপস্থিত থাকলেও ওয়ার্ডভিত্তিক তদারকি ও জবাবদিহির বিকল্প ব্যবস্থা থাকতে হবে।


অন্যদিকে, হামের সংক্রমণ আমাদের টিকাদান কর্মসূচির ধারাবাহিকতা ও ব্যবস্থাপনাগত দুর্বলতার বিষয়টি সামনে এনেছে। নিয়মিত টিকাদানের মাধ্যমে একসময় বাংলাদেশ হাম নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল। কিন্তু কোনো কারণে শিশুদের একটি অংশ টিকার আওতার বাইরে থেকে গেলে সংক্রমণের ঝুঁকি দ্রুত বাড়ে। হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য এটি মারাত্মক জটিলতা ও মৃত্যুর কারণ হতে পারে। তাই কোনো শিশুর টিকা বাদ পড়া শুধু পরিবারের অসচেতনতার বিষয় নয়, স্বাস্থ্যব্যবস্থার দায়িত্ব পালনেরও প্রশ্ন।


স্বাস্থ্য অধিদপ্তরের ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রকাশিত তথ্য পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেছে। চলতি বছরে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৩১৮ জন। মারা গেছেন ৫০৮ জন। ওই সময় পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৫ হাজার ৬১৭ জন। অন্যদিকে, হামের উপসর্গযুক্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫২ হাজার ১৭৩। পরীক্ষায় নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৭৮৬। উপসর্গযুক্ত ও পরীক্ষায় নিশ্চিত—এই দুই শ্রেণি মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩২৯। এর মধ্যে উপসর্গযুক্ত হিসেবে ১ হাজার ২২৪ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।


এসব পরিসংখ্যান নিছক সংখ্যা নয়; প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি পরিবার, স্বজন হারানোর বেদনা এবং একটি জীবনের অপূরণীয় ক্ষতি। বিশেষ করে শিশুদের হামে মৃত্যুর ঘটনা আমাদের জন্য গভীর উদ্বেগের। তবে উপসর্গযুক্ত ও পরীক্ষায় নিশ্চিত রোগীর হিসাব পৃথকভাবে বিশ্লেষণ করা জরুরি। এতে সংক্রমণের প্রকৃত চিত্র নিরূপণ এবং কার্যকর পরিকল্পনা গ্রহণ সহজ হবে।


হাম প্রতিরোধে প্রতিটি শিশুর জন্য সময়মতো টিকা নিশ্চিত করতে হবে। জন্মনিবন্ধনের সঙ্গে টিকাদানের তথ্য যুক্ত করে কেন্দ্রীয় ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তোলা যেতে পারে। এতে কোন শিশু টিকা পেয়েছে, কার টিকা বাকি এবং কোন এলাকায় টিকাদানের হার কম—তা সহজেই শনাক্ত করা সম্ভব হবে। চরাঞ্চল, পার্বত্য অঞ্চল, বস্তি ও দুর্গম জনপদের শিশুদের জন্য বিশেষ টিকাদান কর্মসূচি জোরদার করতে হবে। কোনো শিশু যেন ভৌগোলিক দূরত্ব, দারিদ্র্য কিংবা প্রশাসনিক অবহেলার কারণে টিকা থেকে বঞ্চিত না হয়।


একই সঙ্গে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানো অপরিহার্য। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, প্রয়োজনীয় পরীক্ষা, চিকিৎসা এবং জটিল রোগীকে দ্রুত উন্নত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা থাকতে হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর পর্যাপ্ত নিয়োগ, নিয়মিত প্রশিক্ষণ, ওষুধ ও পরীক্ষার উপকরণ সরবরাহ এবং জরুরি শয্যার সক্ষমতা বাড়াতে হবে। রাজধানী ও বড় শহরের হাসপাতালগুলোর ওপর নির্ভরশীলতা কমাতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করা প্রয়োজন।


স্বাস্থ্য খাতের আরেকটি বড় সমস্যা হলো দায়িত্ব পালনে সমন্বয়হীনতা। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ, সিটি করপোরেশন ও পৌরসভার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। মশকনিধন, রোগ নজরদারি, চিকিৎসা ও টিকাদান—প্রতিটি ক্ষেত্রেই দায়িত্ব নির্ধারণের পাশাপাশি নিয়মিত অগ্রগতি মূল্যায়ন করতে হবে।


স্বাস্থ্যসেবায় রাজনৈতিক প্রভাব, অদক্ষতা কিংবা অনিয়মের সুযোগ থাকা উচিত নয়। নিয়োগ, পদোন্নতি ও দায়িত্ব বণ্টনে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে পেশাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতাকে প্রাধান্য দিতে হবে। কারণ রোগী হাসপাতালে কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে আসেন না, রোগও রাজনৈতিক পরিচয় দেখে সংক্রমণ ছড়ায় না। জনস্বাস্থ্য রক্ষায় বিশেষজ্ঞদের মতামত ও বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি গড়ে তোলা জরুরি।


করোনার অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে, জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতি, নির্ভরযোগ্য তথ্য, দক্ষ জনবল এবং সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। তাই ডেঙ্গু ও হামের বর্তমান পরিস্থিতিকে সাময়িক সংকট হিসেবে দেখার সুযোগ নেই। প্রয়োজন স্থায়ী রোগ নজরদারি, আগাম সতর্কীকরণ, গবেষণা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা।


রাষ্ট্রের প্রথম দায়িত্ব মানুষের জীবন রক্ষা করা। রোগ ছড়িয়ে পড়ার পর চিকিৎসা দেওয়া অবশ্যই জরুরি, কিন্তু সংক্রমণ প্রতিরোধ করা আরও বেশি গুরুত্বপূর্ণ। প্রতিবছর একই ধরনের সংকটের পুনরাবৃত্তি হলে তা শুধু স্বাস্থ্য খাতের ব্যর্থতা নয়, রাষ্ট্রীয় পরিকল্পনা ও জবাবদিহিরও দুর্বলতার পরিচয় বহন করে। তাই জনস্বাস্থ্যকে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে রেখে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ, দক্ষ ও জবাবদিহিমূলক স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। মানুষের জীবন নিয়ে অবহেলা কিংবা দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ রাষ্ট্রের নেই।

সর্বশেষ সব খবর

ধারাভাষ্যকার কুমার কল্যাণ।

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৮:১৩ পিএম

স্বপ্ন যখন জেদে রূপ নেয়, তখন কোনো বাধাই পথ আটকে রাখতে পারে না। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কুমার কল্যাণ তেমনই এক নাম। প্রতিকূলতা, অভাব আর অবহেলাকে পেছনে ফেলে কেবল নিজের কণ্ঠ, মেধা ও অধ্যবসায়ের জোরে গড়ে তুলেছেন ব্যতিক্রমী এক পেশাগত পরিচয়। যে সমাজে ডাক্তার কিংবা প্রকৌশলী হওয়ার বাইরে অন্য কিছু ভাবাকে একসময় বিলাসিতা মনে করা হতো, সেখানে ধারাভাষ্যকেই জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। আড়াইশ টাকা পকেটে নিয়ে ঢাকায় আসা সেই তরুণের শূন্য থেকে সাফল্যের শিখরে ওঠার গল্প শুনিয়েছেন ইকবাল মাহমুদ।

রেডিওর কণ্ঠে স্বপ্নের বীজ

আশির দশকের যশোরের এক গ্রাম। দুপুর গড়িয়ে বিকেল নামলেই বাড়ির বড়রা রেডিওতে কান পেতে বসতেন কলকাতা ডার্বির উত্তেজনা উপভোগ করতে। অষ্টম শ্রেণিতে পড়ুয়া কিশোর কুমার কল্যাণের আগ্রহ অবশ্য শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ ছিল না। খেলার চেয়েও তাঁকে বেশি মুগ্ধ করত আকাশবাণী কলকাতার বিখ্যাত ধারাভাষ্যকার অজয় বসুর কণ্ঠ। তাঁর শব্দচয়ন, বর্ণনার ভঙ্গি আর কণ্ঠের জাদু কিশোর কল্যাণের মনে গভীর ছাপ ফেলেছিল।

সেই মুগ্ধতা থেকেই শুরু হয় স্বপ্নের পথে হাঁটা। বাড়ির আয়নার সামনে দাঁড়িয়ে একাই ধারাভাষ্য দেওয়ার অনুশীলন করতেন তিনি। সুযোগ আসে নিজের স্কুলের একটি ছোট টুর্নামেন্টে। প্রথমবার হাতে তুলে নেন মাইক্রোফোন। সেই শুরু। এরপর ধীরে ধীরে গ্রামের মাঠ পেরিয়ে তাঁর কণ্ঠ পৌঁছে যায় শহরের স্টেডিয়ামে। যশোর স্টেডিয়ামে একটি বড় ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সুযোগ পেয়ে উপলব্ধি করেন, এই জগতই তাঁর স্বপ্নের ঠিকানা।

বাবার তিরস্কারই হয়ে উঠল প্রেরণা

তবে স্বপ্নের পথে যাত্রাটা মোটেও সহজ ছিল না। পরিবারের একমাত্র ছেলে হওয়ায় তাঁকে ঘিরে স্বজনদের প্রত্যাশাও ছিল অনেক। কিন্তু খেলাধুলা নিয়ে পড়ে থাকা কিংবা ধারাভাষ্যকে পেশা হিসেবে বেছে নেওয়ার বিষয়টি তাঁর বাবা সহজভাবে মেনে নিতে পারেননি।

একদিন ক্ষোভের সঙ্গে বাবা বলেছিলেন, ‘খেলাধুলা কি তোকে ভাত দেবে? রেডিও-টিভি তোকে লাথি মেরে বের করে দেবে!’

বাবার সেই তিরস্কারই একসময় তাঁর কাছে হয়ে ওঠে জেদ আর ঘুরে দাঁড়ানোর প্রেরণা। মনে মনে প্রতিজ্ঞা করেন, একদিন নিজের কাজ দিয়েই প্রমাণ করবেন যে ধারাভাষ্যও হতে পারে সম্মানজনক পেশা।

অবশেষে ২০০৩ সালের ১০ অক্টোবর। পকেটে মাত্র আড়াইশ টাকা নিয়ে ঢাকার বাসে চড়ে বসেন তিনি। পেছনে ফেলে আসেন চেনা পরিবেশ, পরিবার আর নিরাপদ আশ্রয়। সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। তবে লক্ষ্য ছিল একটাই—ধারাভাষ্য দিয়েই নিজের ভাগ্য বদলাতে হবে।

ঢাকার পথে নতুন লড়াই

ঢাকায় এসে শুরু হয় জীবনের নতুন অধ্যায়। স্বপ্ন বাস্তবায়নের পথে প্রথম দিকেই নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয় তাঁকে। প্রখ্যাত ধারাভাষ্যকার চৌধুরী জাফর উল্লাহ শারাফাত শুরুতে তাঁকে জানিয়েছিলেন, শুধু ধারাভাষ্য দিয়ে বাংলাদেশে সংসার চালানো প্রায় অসম্ভব।

কিন্তু কুমার কল্যাণ সহজে হাল ছাড়ার মানুষ নন। তিনি বুঝেছিলেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে শুধু ক্রিকেট কিংবা ফুটবলে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাই বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল থেকে শুরু করে সাঁতার—বিভিন্ন খেলার নিয়ম, কৌশল ও খুঁটিনাটি সম্পর্কে জ্ঞান অর্জনে মনোযোগী হন।

২০০৫ সালে বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকার নিয়োগের অডিশনে ৮৪ জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করেন তিনি। কিন্তু সাফল্যের সেই স্বীকৃতির পরও শুরুতে বড় কোনো ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সুযোগ পাননি। অপেক্ষা করতে হয়েছে, সহ্য করতে হয়েছে অবহেলা।

অবশেষে ২০০৬ সালে ইংল্যান্ড সিরিজের সময় অনেক অনুরোধের পর মাত্র দুই ওভারের জন্য মাইক্রোফোন হাতে পান তিনি। কিন্তু সেই দুই ওভারেই নিজের সামর্থ্যের পরিচয় দেন কুমার কল্যাণ। তাঁর কণ্ঠ, উপস্থাপনা ও বর্ণনার ভঙ্গি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। সেদিনের সেই ছোট্ট সুযোগই যেন খুলে দেয় সম্ভাবনার নতুন দরজা।

বিশ্বকাপ থেকে পেশাগত প্রতিষ্ঠা

কুমার কল্যাণের ক্যারিয়ারে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ ছিল অন্যতম বড় অর্জন। দীর্ঘদিনের পরিশ্রম, অনুশীলন আর আত্মবিশ্বাস তাঁকে ধীরে ধীরে নিয়ে যায় পরিচিতির জায়গায়।

নিজেকে এমনভাবে প্রস্তুত করেছেন যে, টানা ১৬০ ওভার—অর্থাৎ চারটি টি-টোয়েন্টি ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সক্ষমতা অর্জন করেছেন। শারীরিক ও মানসিক প্রস্তুতির পাশাপাশি খেলাটির প্রতি গভীর মনোযোগই তাঁকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে।

পেশাগত সম্মানের প্রশ্নেও তিনি বরাবরই সচেতন। পরিচিতি পাওয়ার আশায় বিনা পারিশ্রমিকে কাজ করার প্রবণতা থেকে নিজেকে দূরে রেখেছেন। নিজের শ্রম ও মেধার যথাযথ মূল্যায়ন চেয়েছেন সব সময়। আজ তিনি গর্বের সঙ্গে বলতে পারেন, ধারাভাষ্য পেশায় যুক্ত থেকেই পরিবারের দায়িত্ব পালন করছেন।

যে পেশাকে একসময় অনেকে অনিশ্চিত কিংবা অবাস্তব বলে মনে করেছিলেন, সেই পেশাকেই নিজের জীবিকার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তাঁর পথচলা প্রমাণ করে, আন্তরিকতা, দক্ষতা ও পেশাদারত্ব থাকলে ধারাভাষ্যও হতে পারে সম্মানজনক জীবিকা।

নতুনদের জন্য কুমার কল্যাণের পাঠ

ধারাভাষ্যের জগতে নতুনদের জন্য কুমার কল্যাণের পরামর্শও বেশ স্পষ্ট। তাঁর মতে, শুধু সুন্দর কণ্ঠ থাকলেই একজন ভালো ধারাভাষ্যকার হওয়া যায় না। এর জন্য প্রয়োজন নিয়মিত চর্চা, ভাষার ওপর দখল এবং খেলা সম্পর্কে গভীর জ্ঞান।

শুদ্ধ উচ্চারণ: ধারাভাষ্য শুধু উচ্চকণ্ঠে কথা বলা কিংবা উত্তেজনা প্রকাশের বিষয় নয়; এটি একটি শিল্প। তাই উচ্চারণ হতে হবে স্পষ্ট, শুদ্ধ ও সাবলীল।

ভাষার যথাযথ ব্যবহার: বাংলা ধারাভাষ্যের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ইংরেজি শব্দের ব্যবহার কিংবা কৃত্রিম কথনভঙ্গি পরিহার করতে হবে। ভাষার সৌন্দর্য ও স্বাভাবিকতা বজায় রাখা জরুরি।

খেলা সম্পর্কে অগাধ জ্ঞান: যে খেলার ধারাভাষ্য দেওয়া হবে, সেই খেলার নিয়ম, ইতিহাস, পরিসংখ্যান, খেলোয়াড়দের পারফরম্যান্স ও প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।

উপস্থাপনা ও ব্যক্তিত্ব: নিয়মিত অনুশীলনের পাশাপাশি মার্জিত পোশাক, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং গোছানো ব্যক্তিত্ব একজন ধারাভাষ্যকারকে অন্যদের থেকে আলাদা করে তোলে।

কণ্ঠের জাদুতে স্বপ্নজয়ের গল্প

প্রচলিত ধারণার বাইরে গিয়ে নিজের পরিচয় গড়ে তোলার স্বপ্ন যাঁরা দেখেন, কুমার কল্যাণ তাঁদের জন্য এক অনুপ্রেরণার নাম। যশোরের গ্রামের বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে অনুশীলন করা সেই কিশোর আজ মাইক্রোফোন হাতে দেশের ক্রীড়াঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন।

তাঁর এই পথচলা কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প নয়; এটি স্বপ্ন, সাহস, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের গল্প। বাবার তিরস্কার, আর্থিক অনিশ্চয়তা কিংবা পেশাগত অবহেলা—কোনোটিই তাঁকে লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি।

কুমার কল্যাণের জীবন আমাদের মনে করিয়ে দেয়, সাফল্যের জন্য সব সময় প্রচলিত পথ অনুসরণ করতে হয় না। নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস, কঠোর পরিশ্রম এবং প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার মানসিকতা থাকলে অচেনা পথও একদিন সাফল্যের ঠিকানা হয়ে উঠতে পারে।


সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫৫ পিএম

ধনী হতে কে না চায়! চাকরি-ব্যবসা কিংবা ফ্রিল্যান্সিং থেকে যতই উপার্জন আসুক না কেন, তা মাস শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায়। জিনিসপত্রের বাড়তি দাম, জীবনযাপনের ব্যয় এত বেড়েছে যে সঞ্চয় করা কঠিন। এসব সংকট তো রয়েছেই, পাশাপাশি মধ্যবিত্তদের কিছু অভ্যাসের কারণেও তারা কখনো টাকা জমাতে পারে না। 


নিউজ১৮-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে মূলত ৬ ভুলের কারণে মধ্যবিত্তদের অ্যাকাউন্টে কখনও কোটি কোটি টাকা জমে না। 


অযথা খরচ


প্রতিদিন বাইরে খাবার খাওয়া, বন্ধু-বান্ধব নিয়ে প্রায়ই রেস্টুরেন্টে খাওয়া এবং অপ্রয়োজনীয় অনলাইন শপিং করা অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। আপাতদৃষ্টিতে খরচগুলোকে সামান্য মনে হলেও, এই ছোট ছোট খরচগুলোই জমে জমে মোটা অঙ্কে দাঁড়ায়। ধরা যাক, আপনি প্রতি সপ্তাহে অপ্রয়োজনে ১ হাজার টাকা খরচ করেন। বছরে এই খরচ ৫২ হাজার টাকায় পৌঁছায়! এই টাকাটা সঞ্চয় বা বিনিয়োগ করলে পাঁচ-দশ বছরে কত টাকা হয় নিশ্চয় বুঝতে পারছেন।


অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন


স্ট্রিমিং সার্ভিস যেমন নেটফ্লিক্স, হইচই, দামি জিমের মেম্বারশিপ কিংবা বিভিন্ন অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন—এই খরচগুলো মাসের পর মাস বেতন থেকে কাটছে। যোগ করলে দেখা যাবে, সেই টাকার অঙ্কটাও কিন্তু নেহাত কম নয়। কিন্তু কখনও ভেবে দেখেছেন, এগুলো আদৌ কতটা প্রয়োজনীয়? নিজেকে প্রশ্ন করুন।


ক্রেডিট কার্ডের অতিরিক্ত ব্যবহার


অনেকেই ক্রেডিট কার্ড দিয়ে বিলাসিতার জিনিস কেনেন যেগুলো না কিনলেও চলে। আপনি যদি মাসের শেষে পুরো টাকা পরিশোধ করতে না পারেন, তবে আপনাকে ক্রেডিট কার্ডের উপর উচ্চ হারে সুদ দিতে হয়। এতে পণ্যের আসল দামের চেয়ে আপনি অনেক বেশি টাকা খরচ করে ফেলেন। এটাই ঋণের জালে জড়ানোর প্রথম ধাপ।ক্যাশ নিন


লোন নিয়ে দামি গাড়ি কেনা


খুব কম মানুষই পুরো টাকা নগদে দিয়ে গাড়ি কেনেন। বেশিভাগেই গাড়ি কেনে লোন নিয়ে। প্রতিমাসে সেই লোনের ইএমআই ভরতে হয়। মনে রাখবেন, 'গাড়ির কিস্তি দিতে পারা' মানেই ‘গাড়ি কেনার সামর্থ্য আছে’ এমনটা নয়। এছাড়া, গাড়ি একটি অবচয়যোগ্য সম্পদ। কেনার পর থেকেই গাড়ির দাম কমতে থাকে। ঋণ নিয়ে খুব বেশি দামি গাড়ি কিনে তার উপর সুদ দেওয়া মানে দ্বিগুণ লোকসান গোনা।


সাধ্যের বাইরে গিয়ে দামি ফ্ল্যাট কেনা


আয়ের তুলনায় দামি বাড়ি কেনা বড় ভুল। বিশাল বাড়ি বা ফ্ল্যাট কেনার মানে হল বেশি ট্যাক্স, বেশি রক্ষণাবেক্ষণ খরচ এবং বেশি ইউটিলিটি বিল। বাড়ি কেনার আগে মাসিক কিস্তি ছাড়াও এই আনুষঙ্গিক খরচগুলোর কথা ভাবতে হবে।


অবসরের জন্য বিনিয়োগ না করা


ধনী হওয়ার মূল মন্ত্র হলো বিনিয়োগ। ট্যাক্স-সুবিধা পাওয়া যায় এমন অবসরের অ্যাকাউন্ট, সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করুন। 

বিষয় :

সর্বশেষ সব খবর
  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০৭ পিএম
  • আপডেট : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০৭ পিএম

এ সম্পর্কিত আরও খবর


'আরণ্যক’ : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০৭ পিএম

সাহিত্যের কিছু বই থাকে যেগুলো পড়া শেষ হলেও তার রেশ দীর্ঘদিন মনের মধ্যে থেকে যায়। প্রকৃতির সৌন্দর্য মানুষের জীবন এবং হারিয়ে যাওয়া সময়ের প্রতি এক গভীর মমত্ববোধ জাগিয়ে তোলার ক্ষমতা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায়। বাংলা সাহিত্যের এই শক্তিমান কথাসাহিত্যিক তাঁর অসাধারণ পর্যবেক্ষণক্ষমতা ও সহজ-সরল বর্ণনাশৈলীর মাধ্যমে পাঠককে পরিচিত জগতের বাইরেও এক নতুন পৃথিবীর সন্ধান দিয়েছেন। ‘পথের পাঁচালী’ ‘অপরাজিত’সহ তাঁর কালজয়ী সৃষ্টিগুলোর মধ্যে ‘আরণ্যক’ বিশেষভাবে উল্লেখযোগ্য। সম্প্রতি পড়েছি তাঁর লেখা এই অনন্য উপন্যাসটি যা প্রকৃতি ও মানুষের সম্পর্ক নিয়ে আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে।

উপন্যাস পরিচিতি:
‘আরণ্যক’ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অনন্য প্রকৃতিনির্ভর উপন্যাস যা প্রথম প্রকাশিত হয় ১৯৩৯ সালে। এটি শুধু অরণ্যের সৌন্দর্যের বর্ণনা নয় বরং অরণ্যকে ঘিরে গড়ে ওঠা মানুষের জীবন জীবিকা বিশ্বাস সংস্কৃতি ও জীবনসংগ্রামের এক অসাধারণ আখ্যান। উপন্যাসে শহুরে জীবনের ব্যস্ততা ও অরণ্যের নিস্তব্ধতা এবং সভ্যতার বিস্তার ও প্রকৃতির ধ্বংসের মধ্যকার দ্বন্দ্ব অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। লেখকের সহজ-সরল ভাষা ও প্রকৃতির জীবন্ত বর্ণনা পাঠককে অরণ্যের এক মায়াময় জগতে নিয়ে যায়।

চরিত্র বিশ্লেষণ:
সত্যচরণ: উপন্যাসের প্রধান চরিত্র। কলকাতার শিক্ষিত যুবক সত্যচরণ জীবিকার প্রয়োজনে বিহারের ভাগলপুর অঞ্চলের এক দুর্গম অরণ্যে জমিদারির কাজে আসে। তার দায়িত্ব ছিল অরণ্য জরিপ করা এবং বনভূমি কেটে জমি বন্দোবস্তের ব্যবস্থা করা। প্রথমদিকে অরণ্যের নির্জনতা তাকে একাকী করলেও ধীরে ধীরে সে প্রকৃতির প্রেমে পড়ে যায়। তার চরিত্রের মধ্য দিয়ে প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা এবং নিজের কাজের কারণে সেই প্রকৃতি ধ্বংস করার অপরাধবোধ প্রকাশ পেয়েছে।

যুগলপ্রসাদ: প্রকৃতিপ্রেমী ও ব্যতিক্রমী একজন মানুষ। অরণ্যের সৌন্দর্য বাড়ানোর জন্য সে বিভিন্ন ফুলের চারা ও লতা রোপণ করে। কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়াই প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিতে তার আগ্রহ সত্যিই মুগ্ধ করার মতো।

ভানুমতী: রাজা দোবরু পান্নার নাতনি। তার সরলতা স্বাভাবিক সৌন্দর্য আত্মমর্যাদা ও স্বতন্ত্র ব্যক্তিত্ব সত্যচরণের মনে গভীর প্রভাব ফেলে। তার চরিত্রে অরণ্যবাসী মানুষের ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় পাওয়া যায়।

রাজু পাঁড়ে: একজন সরলপ্রাণ ও ধর্মভীরু মানুষ। তার জীবনযাপন বিশ্বাস ও চিন্তাভাবনার মধ্য দিয়ে অরণ্য অঞ্চলের সাধারণ মানুষের জীবনদর্শন ফুটে উঠেছে।

কুন্তা: একজন অসহায় ও স্বামীহারা নারী। তার জীবনের দুঃখ-কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে সমাজের প্রান্তিক নারীদের অসহায় অবস্থান এবং কঠিন বাস্তবতা প্রকাশ পেয়েছে।
এ ছাড়া ধাতুরিয়া মটুকনাথ মঞ্চীসহ আরও বেশ কিছু চরিত্র উপন্যাসটিকে সমৃদ্ধ করেছে। প্রত্যেকের জীবন ও অভিজ্ঞতা অরণ্যকেন্দ্রিক সমাজের ভিন্ন ভিন্ন দিক তুলে ধরেছে।

মূল ভাব:
উপন্যাসের মূল কাহিনি আবর্তিত হয়েছে সত্যচরণের অরণ্যজীবনকে কেন্দ্র করে। জীবিকার প্রয়োজনে সে যে অরণ্যে আসে একসময় সেই অরণ্যই তার ভালোবাসার জায়গা হয়ে ওঠে। অরণ্যের গাছপালা পাহাড় নদী পাখির ডাক এবং প্রকৃতির অপার সৌন্দর্য তাকে গভীরভাবে আকৃষ্ট করে। একই সঙ্গে অরণ্যবাসী মানুষের সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে।
কিন্তু সত্যচরণের কাজের সঙ্গে জড়িয়ে ছিল অরণ্য ধ্বংসের বিষয়টি। তাকে বনভূমি কেটে জমি বন্দোবস্ত করতে হতো। যে অরণ্যকে সে ভালোবেসে ফেলেছিল নিজের দায়িত্ব পালনের কারণে তাকেই ধ্বংস করতে হয়। একদিকে মানুষের জীবিকা ও বসতি স্থাপনের প্রয়োজন অন্যদিকে প্রকৃতির অস্তিত্ব রক্ষার প্রশ্ন। এই দ্বন্দ্ব সত্যচরণের মনে গভীর অপরাধবোধ তৈরি করে।

অন্যদিকে লেখক অরণ্যবাসী মানুষের দারিদ্র্য জীবনসংগ্রাম সংস্কৃতি বিশ্বাস সামাজিক সম্পর্ক ও জীবনযাপনের বাস্তব চিত্র তুলে ধরেছেন। তাদের সরলতা আত্মমর্যাদা অতিথিপরায়ণতা এবং প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক উপন্যাসটিকে আরও জীবনঘনিষ্ঠ করে তুলেছে। সব মিলিয়ে ‘আরণ্যক’ প্রকৃতি ও মানুষের সম্পর্ক এবং সভ্যতার বিস্তারে হারিয়ে যেতে থাকা এক জগতের মর্মস্পর্শী কাহিনি।

উপন্যাস থেকে শিক্ষা:
‘আরণ্যক’ একদিকে যেমন প্রকৃতির অপার সৌন্দর্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয় অন্যদিকে তেমনি মানুষের স্বার্থকেন্দ্রিক কর্মকাণ্ডের কারণে প্রকৃতি কীভাবে ধ্বংস হচ্ছে তা ভাবতে বাধ্য করে। উপন্যাসটি আমাকে উপলব্ধি করিয়েছে মানুষ প্রকৃতির মালিক নয় বরং প্রকৃতিরই একটি অংশ। জীবিকার প্রয়োজনে মানুষ প্রকৃতিকে ব্যবহার করলেও তার ভারসাম্য ও অস্তিত্ব রক্ষা করা জরুরি। বইটির সবচেয়ে ভালো লাগার বিষয় হলো লেখক শুধু অরণ্যের সৌন্দর্যই তুলে ধরেননি অরণ্যবাসী মানুষের জীবনকেও সমান গুরুত্ব দিয়েছেন। তাদের সরলতা বিশ্বাস সংস্কৃতি দারিদ্র্য ও জীবনসংগ্রাম আমাকে বিশেষভাবে ভাবিয়েছে। একই সঙ্গে সত্যচরণের অরণ্যের প্রতি ভালোবাসা এবং নিজের কাজের কারণে সেই অরণ্য ধ্বংস করার বেদনাটি গভীরভাবে স্পর্শ করেছে।
সবচেয়ে বেশি মন ছুঁয়ে গেছে উপন্যাসের সেই বাস্তবতা যেখানে উন্নয়নের নামে অরণ্য ধ্বংস হয়ে যায় এবং তার সঙ্গে হারিয়ে যায় প্রকৃতির অপার সৌন্দর্য ও বহু মানুষের চেনা জীবন। সত্যচরণের অরণ্য ছেড়ে শহরে ফিরে আসার মধ্য দিয়ে এই হারিয়ে যাওয়ার বেদনা আরও গভীর হয়ে ওঠে।

সবশেষে বলতে চাই ‘আরণ্যক’ শুধু একটি উপন্যাস নয় এটি প্রকৃতির প্রতি ভালোবাসা মানুষের জীবনসংগ্রাম এবং হারিয়ে যেতে থাকা এক পৃথিবীর জন্য গভীর মমত্ববোধের গল্প। বইটি শেষ করার পরও অরণ্যের দৃশ্য চরিত্রগুলো এবং সত্যচরণের অনুভূতি মনের মধ্যে রয়ে যায়। আমারও ইচ্ছে হয় কখনো শহরের কোলাহল ছেড়ে সত্যচরণের মতো এমন কোনো অরণ্যে কিছুদিন কাটিয়ে আসি। যারা প্রকৃতি মানুষ ও জীবনের গভীর সম্পর্ককে একটু ভিন্নভাবে আবিষ্কার করতে চান তাদের জন্য ‘আরণ্যক’ নিঃসন্দেহে একটি অবশ্যপাঠ্য উপন্যাস।

লেখক : ফারজানা ইয়াছমিন শ্রাবণী,
শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

সর্বশেষ সব খবর