প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার। ছবিঃ সংগৃহীত
প্রবীণ রাজনীতিবিদ, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এক শোকবার্তায় তিনি বলেছেন, “তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব এবং সত্যিকারের দেশপ্রেমিককে হারাল।”
রোববার ভোরে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাঁচবারের সংসদ সদস্য জমির উদ্দিন সরকার; তার বয়স হয়েছিল ৯৪ বছর।
তারেক রহমান তার শোকবার্তায় বলেন, “তার আদর্শ, প্রজ্ঞা, সততা ও কর্মময় জীবন আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জমির উদ্দিন সরকারের জন্ম। আইন পেশায় তিনি সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি পান।
ছাত্রজীবনে, ১৯৪৫ সালে ছাত্র ফেডারেশনের মাধ্যমে তার রাজনীতিতে হাতেখড়ি। পরে ছাত্র ইউনিয়ন ও ন্যাপের রাজনীতির যুক্ত হন।
জিয়াউর রহমান জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল গঠন করলে তাতে যোগ দেন জমির উদ্দিন সরকার। পরে বিএনপি প্রতিষ্ঠিত হলে তিনি স্থায়ী কমিটির সদস্য হন। আমৃত্যু তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
২০০১ সালের ২৮ অক্টোবর অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নেন জমির উদ্দিন সরকার। ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত তিনি সেই দায়িত্বে ছিলেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেনে, “ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। সুদীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও দায়িত্ববোধের সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সময়ে তিনি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন।
“গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন।”
তারেক রহমান বলেন, দলের দীর্ঘ সংগ্রাম, প্রতিকূলতা ও দুঃসময়ের কোনো পর্যায়েই কখনো কোনো পরিস্থিতিতেই ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ‘আদর্শচ্যুত হননি’।
“রাজনৈতিক দমন-পীড়ন, নিপীড়ন ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি নিষ্ঠা, প্রজ্ঞা ও দৃঢ়তার সঙ্গে দলীয় জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রেখেছেন। বিশেষ করে বিগত দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে তিনি সাহসিকতা, প্রজ্ঞা ও দৃঢ় প্রত্যয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”
প্রধানমন্ত্রী বলেন, “গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তার অবিস্মরণীয় অবদান বিএনপির ইতিহাসে যেমন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে, তেমনি দেশের গণতান্ত্রিক অভিযাত্রারও এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।”
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
রোববার বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে এবং পরে বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জমির উদ্দিন সরকারের জানাজা হবে। পরে জাতীয় সংসদ প্রাঙ্গণেই দাফন করা হবে সাবেক এই স্পিকারকে।
তার মৃত্যুতে সোমবার সারাদেশে শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।
নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: সংগৃহীত
বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
শ্রম অসন্তোষ ও সার্বিক নিরাপত্তার অভাবে আশুলিয়া, সাভার ও গাজীপুরের আংশিক এলাকার পোশাক কারখানা আগামীকাল রোববার (১৫ নভেম্বর) থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ রাখা হতে পারে বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
এর আগে বেলা ১২টার পর বিজিএমইএর কার্যালয়ে জরুরি মতবিনিময় সভা শুরু হয়। এতে প্রায় ২০০টি কারখানার মালিক অংশ নেন।সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, ‘বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের জরুরি মতবিনিময় সভায় অংশগ্রহণকারী সদস্যদের প্রায় সবাই মতামত দিয়েছেন, এই মুহূর্তে কারখানাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে মজুরি বোর্ডে আলোচনা করার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। সার্বিক পরিস্থিতি ও শিল্পের নিরাপত্তা গভীরভাবে পর্যালোচনা করে সংশ্লিষ্ট অঞ্চলের বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত কারখানাগুলোর মালিকেরা কঠিন অথচ অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সামগ্রিক নিরাপত্তা এবং উৎপাদনের অনুকূল পরিবেশ বজায় না থাকায় এসব কারখানা সচল রাখা সম্ভব হচ্ছে না।’তিনি আরও বলেন, ‘চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম সচল রাখতে ব্যর্থ হওয়া সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী আগামীকাল ১৫ নভেম্বর থেকে বন্ধ রাখতে বাধ্য হবেন বলে মালিকেরা আমাদের জানিয়েছেন।’
মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘আশুলিয়া, সাভার ও গাজীপুরের আংশিক এলাকার এসব কারখানা আমাদের জাতীয় অর্থনীতি এবং রপ্তানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এই শিল্পগুলোকে রক্ষা করা এবং এর সঙ্গে জড়িত লাখো মানুষের কর্মসংস্থান টিকিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব।’
তিনি বলেন, ‘পোশাক খাতের উদ্যোক্তারা আন্তরিকভাবে আশা করেন, সরকার দ্রুততম সময়ের মধ্যে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে এবং আইনের সার্বিক প্রয়োগে কঠোর ও কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে এই সংকট উত্তরণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’
কারখানা বন্ধের সিদ্ধান্তের বিষয়ে বিজিএমইএ সভাপতি বলেন, ‘শ্রম আইনের ১৩(১) ধারায় কোনো বাণিজ্য সংগঠন চাইলেই কোনো কারখানা বন্ধ করতে পারে না। সংশ্লিষ্ট কারখানাগুলো এই বিশৃঙ্খল পরিস্থিতিতে উৎপাদন কার্যক্রম চালাতে না পারার কারণে নিজেরাই বন্ধ করতে বাধ্য হচ্ছে।’
তিনি জানান, বিজিএমইএ ও সরকারের অনুরোধে গত ১২ থেকে ১৪ দিন ধরে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও কারখানাগুলো সর্বোচ্চ চেষ্টা করে চালু রাখা হয়েছিল। তবে পরিস্থিতির কারণে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না।
কারখানা বন্ধের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘আজ পর্যন্ত ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ রয়েছে। তবে আজ ৯২টি কারখানা চেষ্টা করেও উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারেনি। এদের মধ্যে কোনো কারখানা চাইলে আগামীকাল ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করতে পারবে।’
তিনি আরও বলেন, ‘আজ সব মিলিয়ে ১৪৭টি কারখানা উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারেনি। বিজিএমইএর একটি কারখানায় গড়ে ২ হাজার শ্রমিক কাজ করেন। সেই হিসাবে এসব কারখানায় প্রায় ৩ লাখ শ্রমিক কাজ করেন।’
নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
শনিবার (১৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।
যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস
বিগত সময়ে দেশের চিকিৎসকরা রাজনীতির শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বলেন, এমন ঘটনা পৃথিবীর অন্য কোনো দেশে নজিরবিহীন।শনিবার (১৪ নভেম্বর) সকালে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, রাজনৈতিক কারণে অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগানোর সুযোগ পাননি। অথচ দেশের চিকিৎসকদের দক্ষতা নিয়ে গর্ব করার মতো যথেষ্ট কারণ রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের চিকিৎসকরা বিশ্বের অন্য কোনো দেশের চিকিৎসকদের চেয়ে পিছিয়ে নেই। তবে দেশের বিপুল জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনও পর্যাপ্ত নয়।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
সবাই মিলে একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারা জীবন নিয়ন্ত্রণে রাখতে হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতির কারণে সংক্রমণ এমনকি অঙ্গচ্ছেদের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। তবে ডায়াবেটিস সুনিয়ন্ত্রণের মাধ্যমে সারা জীবন সুস্থ ও স্বাভাবিক এবং কর্মক্ষম জীবনযাপন করা যায়। তাই সুস্থভাবে জীবনযাপন করতে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানতে হবে এবং নিজেকে রক্ষার জন্য এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এ প্রেক্ষাপটে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’-এর এ বছরের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি।
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি বলেন, নগরায়ণের প্রভাবে আমাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন ঘটেছে। একই সঙ্গে কায়িক পরিশ্রমের অভাবে ডায়াবেটিসের প্রকোপ দিন দিন বাড়ছে। তাই ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে।
আসুন আমরা প্রত্যেকে নিজের ঘর, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কাজ করি। সবাই মিলে গড়ে তুলি একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ।
ডায়াবেটিক রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।
এ ছাড়া বাণীতে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেছেন রাষ্ট্রপতি।