রদ্রি
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। এই সাফল্যে সবচেয়ে বড় অবদান রেখেছেন দলের মাঝমাঠের প্রাণভোমরা রদ্রি। গোল কিংবা অ্যাসিস্টের ঝলক না থাকলেও পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলার স্বীকৃতি হিসেবে তিনি জিতে নিয়েছেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’।
ফুটবলপ্রেমীদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, কোনো গোল বা অ্যাসিস্ট ছাড়া কীভাবে সেরা হলেন তিনি?
একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রদ্রির মূল দায়িত্ব গোলের হিসাব মেলানো নয়, বরং খেলার নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা। ম্যানচেস্টার সিটির এই তারকা পুরো টুর্নামেন্টে স্পেনের মাঝমাঠকে সুতোয় বেঁধে রেখেছিলেন। বলের দখল রাখা, রক্ষণভাগ থেকে আক্রমণে ওঠার সংযোগ তৈরি করা এবং প্রতিপক্ষের আক্রমণ শুরু হওয়ার আগেই তা নস্যাৎ করে দেওয়ায় রদ্রি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। স্পেনের রক্ষণভাগ যে পুরো বিশ্বকাপে মাত্র একটি গোল হজম করেছে, তার পেছনে রদ্রির রক্ষণাত্মক দক্ষতার ভূমিকা ছিল সবচেয়ে বেশি।
রদ্রির শ্রেষ্ঠত্বের প্রমাণ মেলে পরিসংখ্যানের পাতায়। টুর্নামেন্টের ৮ ম্যাচে তিনি সফল পাস দিয়েছেন ৬৫০টিরও বেশি। মাঠে তার দৌড়ের পরিধি এবং উচ্চগতির দৌড়ের সংখ্যা ছিল অন্য সবার চেয়ে আলাদা। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের কৌশলগত পরিকল্পনার মূল ভিত্তি ছিলেন রদ্রি। দলের প্রতিটি আক্রমণ বা রক্ষণাত্মক জমাট বাঁধার মুহূর্তে তিনি ছিলেন এক অবিচল স্তম্ভ।
কেন মেসিকেও পেছনে ফেললেন রদ্রি?
ফাইনালে হেরে যাওয়া আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি ৮টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করেও গোল্ডেন বলের লড়াইয়ে হেরেছেন রদ্রির কাছে। অনেকের কাছে এটি অবাক করা বিষয় হলেও, ফিফার মূল্যায়নের মানদণ্ড ভিন্ন। ফিফা শুধু ব্যক্তিগত পরিসংখ্যান বা গোল-অ্যাসিস্ট দেখে সেরা নির্বাচন করে না। একজন ফুটবলারের খেলার সামগ্রিক প্রভাব, দলের প্রতি অবদান, ধারাবাহিকতা এবং ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। রদ্রি টুর্নামেন্টজুড়ে যে অসামান্য ভারসাম্য এবং দলগত শৃঙ্খলা বজায় রেখেছেন, সেটিই তাকে সবকিছুর উর্ধ্বে জায়গা করে দিয়েছে।
ছবি: সংগৃহীত
আইসিসির চেয়ারম্যান জয় শাহ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন জয় শাহ। আইসিসি বোর্ডের পরিচালকদের প্রস্তাবের পর বালিতে অনুষ্ঠিত সংস্থাটির বোর্ড সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন তিনি। জয় শাহর নেতৃত্বের প্রতি আস্থা এবং ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় ধারাবাহিকতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি বোর্ড। বিশ্বজুড়ে ক্রিকেটের সম্প্রসারণ, দর্শক-সমর্থক বৃদ্ধি এবং বাণিজ্যিক উন্নয়নকে সামনে রেখে কাজ করছে সংস্থাটি।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয় শাহ। আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত। প্রত্যেক পরিচালকের প্রতি তাঁদের অব্যাহত বিশ্বাস ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মান ও দায়িত্বের বিষয়। বিশ্বের ক্রিকেটের উন্নয়নে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
ক্রিকেটের সামনে গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে উল্লেখ করে জয় শাহ বলেন, ‘আমরা আমাদের খেলাটির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকের কাছে খেলাটিকে পরিচিত করার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার অসাধারণ সুযোগ।’
তিনি আরও বলেন, ‘আমাদের দায়িত্ব শুধু সফল আয়োজন নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়। সমর্থক, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের গুরুত্ব দিয়ে খেলাটির জন্য আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।’
ক্রিকেটের ঐক্যবদ্ধ করার শক্তির কথা তুলে ধরে আইসিসি চেয়ারম্যান বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি, মানুষকে একত্রিত করার সক্ষমতাই ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি। বোর্ড ও সদস্য দেশগুলোর সহযোগিতায় আমাদের লক্ষ্য হবে পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দেওয়া এবং এমন অগ্রগতি নিশ্চিত করা, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী উত্তরাধিকার তৈরি করবে।’
এদিকে বোর্ড সভায় নারী ক্রিকেটের উন্নয়ন, সহযোগী সদস্য দেশগুলোর জন্য সুযোগ সম্প্রসারণ, আন্তর্জাতিক ক্রিকেটের সততা ও স্বচ্ছতা রক্ষা এবং খেলাটির দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধির বিষয়েও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে আইসিসি।
২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনকে সামনে রেখে বৈশ্বিক সম্প্রসারণ, নতুন দর্শক তৈরি এবং ক্রিকেটের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নই হবে জয় শাহর দ্বিতীয় মেয়াদের অন্যতম প্রধান লক্ষ্য।
ছবি : সংগৃহীত
ব্রাজিল ও পর্তুগালের মতো ফুটবল পরাশক্তিকে পেছনে ফেলে ফিফা র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে উঠে এসেছে মরক্কো। সম্প্রতি নাইজারের বিপক্ষে বড় জয় আর ব্রাজিল-পর্তুগালের হারে দুই ধাপ এগিয়েছে ‘অ্যাটলাস লায়ন্স’রা। আফ্রিকার দল হিসেবে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের রেকর্ডও স্পর্শ করেছে তারা। অন্যদিকে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮২তম।
আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) বাছাইপর্বে নাইজারকে ৫-১ গোলে হারিয়েছে মরক্কো। অন্যদিকে প্রীতি ম্যাচে ডেনমার্কের কাছে ১-৪ গোলে হেরেছে পর্তুগাল। জাপানের কাছে ২-৩ গোলে হেরেছে ব্রাজিল। এই ফলগুলোর প্রভাব পড়েছে ফিফা র্যাঙ্কিংয়ে। দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে মরক্কো।
এছাড়া ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে স্পেন। তাদের পয়েন্ট ২ হাজার ১৩। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১ হাজার ৯৬৪। সর্বশেষ প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে হারলেও নিজেদের অবস্থান ধরে রেখেছে তিন বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স। চতুর্থ স্থানে ইংল্যান্ড। ফ্রান্সের চেয়ে ১৮ পয়েন্ট কম ইংলিশদের। পঞ্চম স্থানে থাকা মরক্কোর পয়েন্ট ১ হাজার ৮০৫।
মরক্কোর পরেই রয়েছে ব্রাজিল। এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে যাওয়া সেলেসাওদের পয়েন্ট ১ হাজার ৮০০। আর দুই ধাপ পিছিয়ে সপ্তম স্থানে থাকা পর্তুগালের পয়েন্ট ১ হাজার ৭৯৭।
এদিকে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮২তম। সাফ চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচের দুটিতে জিতেছিল হামজা চৌধুরীর দল। তবে সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ।
ছবি : সংগৃহীত
ফুটবলে জয়-পরাজয়ের গল্পে কখনো কখনো একটা সংখ্যা হয়ে ওঠে ইতিহাস। স্পেনের জন্য সংখ্যাটি ছিল ৪৩। টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হারতে হলো বিশ্ব চ্যাম্পিয়নদের। আর সেই ইতিহাসের ইতি টানল ইংল্যান্ড। মাদ্রিদে রোববার রাতে উয়েফা নেশনস লিগের গ্রুপ সির ম্যাচে স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে টমাস টুখেলের দল।
শুরু থেকে অনেকটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ইংল্যান্ডের হাতে। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেইন। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন এসরি কনসা। এরপর ৬০ মিনিট পূর্ণ হওয়ার আগেই ইংল্যান্ডের হয়ে তৃতীয় গোলটি করেন বেন হোয়াইট। মনে হচ্ছিল, স্পেনের মাঠে বড় এক জয় নিয়েই ফিরবে ইংল্যান্ড। কিন্তু ফুটবল তো আর চিত্রনাট্য মেনে চলে না!
ম্যাচে ফেরার সুযোগ পেয়ে যায় স্পেন। লামিনে ইয়ামালকে নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করে লাল কার্ড দেখেন ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসন। পেনাল্টি থেকে স্পেনের প্রথম গোলটি আসে, গোলদাতা ওইয়ারসাবাল। এরপর পাল্টা আক্রমণে ব্যবধান কমান বদলি খেলোয়াড় নিকো উইলিয়ামস।
তখনো খেলা শেষ হতে ১৫ মিনিট বাকি। ১০ জনের ইংল্যান্ডের ওপর একের পর এক আক্রমণ চালাতে থাকে স্পেন। সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারিও তখন স্বাগতিকদের সমর্থনে গর্জন করছে। কিন্তু গোলরক্ষক জেমস ট্রাফোর্ড দুবার দুর্দান্তভাবে স্পেনের নিশ্চিত গোলের চেষ্টা আটকে দেন। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।
এই জয় টুখেলের দলের জন্য প্রতিশোধেরও। ইউরো ২০২৪-এর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল স্পেন। কিছুদিন আগে ওয়েম্বলিতে নেশনস লিগের আরেক ম্যাচেও ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছিল স্পেন।
অন্যদিকে স্পেনের জন্য হারটি বিশেষ এক অধ্যায়ের সমাপ্তি। টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পথে দলটি জিতেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, নেশনস লিগ ও বিশ্বকাপ। নিজেদের মাঠেও চার বছরের বেশি সময় পরে হারল তারা। তবে এই হারে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠা আটকে যায়নি স্পেনের। গ্রুপের সেরা দুই দল হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলবে স্পেন ও ইংল্যান্ড।
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত সভার পর আইসিসি ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আইসিসি ইভেন্টগুলোর সময়সূচি অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ-ভারত। এছাড়া ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০৩৩ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ২০৩৩ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০৩৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ২০৩৫ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় ইভেন্টগুলো রয়েছে।
এমন এক সময়ে আইসিসি এই সময়সূচি প্রকাশ করল যখন ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অপেক্ষায় রয়েছেন। আইসিসির প্রকাশিত সময়সূচি অনুযায়ী, পরবর্তী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। তবে ২০৩৩ ও ২০৩৫ সালের এর ফাইনাল কোথায় হবে, তা এখনো জানানো হয়নি।
আসন্ন ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত; এর আয়োজক দেশগুলো হলো দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। টুর্নামেন্টটির পরবর্তী আসর ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বরের মধ্যে ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে। এছাড়া ২০৩৫ সালের ওয়ানডে বিশ্বকাপ ২ অক্টোবর শুরু হওয়ার কথা রয়েছে এবং এর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর।
সূচির বাকি অংশে, আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন সময়সূচি সম্পর্কে জানিয়েছে। ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে ভারত। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২৮ সালে) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে আয়োজন করবে। এছাড়া ২০৩৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অক্টোবর মাসে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হবে।
আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা বলেছেন, আইসিসির ইভেন্ট পোর্টফোলিও এবং সময়সূচি ক্রিকেটের বৈশ্বিক কাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এগুলো ক্রিকেট ইকোসিস্টেমে বাড়তি গুরুত্ব, প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ এবং তাৎপর্য যোগ করে। এই টুর্নামেন্টগুলো খেলোয়াড় ও ভক্ত উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে কাজ করে। এর সাথে যুক্ত বিভিন্ন ধাপ বা পথগুলো খেলোয়াড়দের আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করে এবং বৃহত্তর ক্রিকেট অঙ্গনে অংশগ্রহণের সুযোগ তৈরি করে।
তিনি আরও বলেন, আমরা খেলোয়াড় এবং সদস্য অ্যাসোসিয়েশনগুলোর কাছে এই ইভেন্টগুলোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরার গুরুত্ব বুঝি। এটি খেলোয়াড়দের উন্নয়নের পথ সুগম করতে, উচ্চ-কার্যক্ষমতাসম্পন্ন কর্মসূচি গ্রহণ করতে এবং একটি সুসংগঠিত ক্যালেন্ডার তৈরিতে সহায়তা করবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: সংগৃহীত