হাসান মাহমুদের ফাইফার উদযাপন

  • প্রকাশ : রবিবার ১১ অক্টোবর, ২০২৬, সময় : ১:৫৫ পিএম

দ্বিতীয় দিনের শেষে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আফগানিস্তানের হাতেই। তবে তৃতীয় দিনের শুরুতেই তাদের ইনিংস গুঁড়িয়ে দিল বাংলাদেশ। পেসার হাসান মাহমুদ ও এবাদত হোসেনের তোপে ২১১ থেকে ২৪০ রানেই অলআউট হয়েছে আফগানিস্তান। মাত্র ২৯ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারিয়েছে তারা। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩৪৬ রানের সুবাদে ১০৬ রানের লিড পেয়েছে শান্তর দল।


আগের দিন ৪ উইকেটে ২১১ রান নিয়ে খেলা শেষ করেছিল আফগানিস্তান। দিনের শুরুতে আফগানিস্তানের ইনিংসের ইতি টানার পথ দেখান এবাদত। তার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন ইকরাম আলিখিল। ১০৩ বলে ৩২ রান করেন এই উইকেটকিপার-ব্যাটার। এতে রহমত শাহর সঙ্গে তার ৮০ রানের জুটি ভাঙে। 


এরপরই শুরু হয় হাসান মাহমুদের দাপট। ইনিংসের ৮৩তম ওভারের শেষ তিন বলে ইসমত আলম, কাইস আহমেদ ও জিয়াউর রহমানকে ফিরিয়ে টেস্টে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ইসমতকে বোল্ড করার পর কাইসকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন হাসান। হ্যাটট্রিক বলে জিয়াউরের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন তিনি। আম্পায়ার সাড়া না দিলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর রিভিউয়ে বদলে যায় সিদ্ধান্ত।


বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়লেন হাসান। সব মিলিয়ে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন তিনি। এর আগে অলক কাপালি ও সোহাগ গাজী এই কীর্তি গড়েছিলেন। হ্যাটট্রিকের পরও থামেননি হাসান। ইয়ামিন আহমদজাইকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন এই পেসার।


টেস্ট ক্যারিয়ারে এটি হাসানের চতুর্থ পাঁচ উইকেটের কীর্তি। একই সঙ্গে সাদা পোশাকে ৫০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। বাংলাদেশের পেসারদের মধ্যে এর আগে মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদ টেস্টে ৫০ বা তার বেশি উইকেট নিয়েছেন।


আফগানিস্তানের হয়ে অধিনায়ক রহমত শাহ সর্বোচ্চ ১০৯ রান করেন। অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টেই সেঞ্চুরি তুলে নেওয়া রহমত বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় এবং টেস্ট ক্যারিয়ারের চতুর্থ শতক পেয়েছেন। তবে তার সেঞ্চুরিও দলকে বড় লিড এনে দিতে পারেনি। শেষ পর্যন্ত ২৪০ রানেই থামে আফগানিস্তানের প্রথম ইনিংস।


এর আগে প্রথম ইনিংসে ৩৪৬ রান করে বাংলাদেশ। প্রথম দিন ২ উইকেটে ২২১ রান তুলে শক্ত অবস্থানে থাকলেও পরে ব্যাটিং ধসে পড়ে দলটি। তানজিদ হাসান তামিমের ৮৩, সাদমান ইসলামের ৬৭ ও লিটন দাসের ৫৩ রানের ইনিংসে বড় সংগ্রহের ভিত তৈরি হয়েছিল। কিন্তু শেষ ৮ উইকেটে মাত্র ১২৫ রান যোগ করতে পারে বাংলাদেশ। আফগানিস্তানের হয়ে মোহাম্মদ সালিম সাফি নেন ৪ উইকেট, ইয়ামিন আহমদজাই ৩টি।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩৩ পিএম

আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির সঙ্গে ক্রিস্তিয়ানো রোনালদোকেও দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। আর পর্তুগিজ মহাতারকা রোনালদোর সেখানে উপস্থিত থাকার ব্যাপারে আশাবাদী তেভেজ নিজেও।


গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে তেভেজ জানান, আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া তার বিদায়ী ম্যাচে খেলতে রাজি হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পাশাপাশি রোনালদোও মাঠে থাকবেন বলে আত্মবিশ্বাসী তিনি। সেক্ষেত্রে দুই মহাতারকাকে একই দলের হয়ে খেলতে দেখা যেতে পারে।


৪২ বছর বয়সী তেভেজ আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সঙ্গে খেলেছেন। অন্যদিকে, ক্লাব পর্যায়ে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় তিনি সতীর্থ ছিলেন রোনালদোরও। তাই তার বিদায়ী ম্যাচে দুজনেরই উপস্থিত থাকার পরিস্থিতি তৈরি হয়েছে।


আগামী ২০ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তেভেজের এই বিদায়ী ম্যাচ। ক্যারিয়ারের শুরুটা বোকা জুনিয়র্সে করা এই ফরোয়ার্ড ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্তাসের মতো ক্লাব ঘুরে ২০১৮ সালে স্বদেশি ক্লাবটিতে ফিরে আসেন। সেখানেই তিন বছর কাটিয়ে ২০২২ সালে ফুটবলকে বিদায় জানান। তবে তার বিদায়ী ম্যাচটি এখনও খেলা হয়নি।মেসি ও রোনালদো দীর্ঘদিন ধরে ফুটবল বিশ্বের দুই প্রতিদ্বন্দ্বী মহাতারকা হিসেবে পরিচিত। বিশেষ করে স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় এল ক্লাসিকোতে বহুবার মুখোমুখি হয়েছেন তারা। তবে তেভেজের বিদায়ী ম্যাচে প্রথমবারের মতো দুজন একই দলের হয়ে খেললে সেটি হবে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত।


মেসি-রোনালদো ছাড়াও ম্যাচটিতে অংশ নেওয়ার কথা রয়েছে একঝাঁক নামী ফুটবলারের। তাদের মধ্যে আছেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন, সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার হুয়ান রোমান রিকেলমে ও ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড।

সর্বশেষ সব খবর

লিওনেল মেসি

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩৩ পিএম

আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে লিওনেল মেসির দীর্ঘদিনের বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্কে টানাপোড়েনের আভাস মিলছে। গত ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’-এর এক প্রতিবেদনে জানা যায়, মেসি তার আইনজীবীকে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) ও সভাপতি ক্লদিও তাপিয়াকে ‘সিজ অ্যান্ড ডেসিস্ট’ চিঠি পাঠানোর নির্দেশ দিয়েছেন—যাতে বাণিজ্যিক কাজে তার নাম ও ছবি ব্যবহার বন্ধ করা হয়।


বিশ বছর ধরে আর্জেন্টিনা জাতীয় দলের মুখ ছিলেন মেসি, যা থেকে বাণিজ্যিকভাবে লাভবান হয়েছে মেসি ও এএফএ উভয় পক্ষই। বিশেষ করে ২০২২ বিশ্বকাপ জয়ের পর চীন, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রে জাতীয় দলের ব্র্যান্ড ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নেয় এএফএ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ফেডারেশনের সঙ্গে মেসির সেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে।


ক্লারিনের খবর অনুযায়ী, এএফএকে ঘিরে চলমান দুর্নীতির অভিযোগ থেকে নিজের নাম ও পরিচয় আলাদা রাখতে চাইছেন মেসি। যদিও চলমান কোনো দুর্নীতির মামলায় মেসির নাম নেই, তবু ২০২৩ সাল থেকে সংস্থার আয়ের কয়েক মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে বুয়েনস এইরেসে তাপিয়াকে কেন্দ্র করে চলা তদন্ত মেসির উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এএফএ ও তাপিয়া অবশ্য নিজেদের নির্দোষ দাবি করে আসছেন।


মেসির সঙ্গে এএফএর সম্পর্কের অবনতির পেছনে আরেকটি কারণ হিসেবে উঠে এসেছে গত এপ্রিলে মায়ামি-ভিত্তিক ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান ভিআইডি মিউজিক গ্রুপের দায়ের করা মামলা। ২০২৫ সালের অক্টোবরে মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলা ও আর্জেন্টিনার প্রীতি ম্যাচ আয়োজন ঘিরে এই মামলা হয়। ওই ম্যাচে মেসি খেলেননি এবং পরিবারের সদস্যদের নিয়ে ভিআইপি বক্সে বসে আর্জেন্টিনার ১-০ গোলের জয় দেখেছিলেন। 


ভিআইডি মিউজিক গ্রুপের দাবি, ওই বক্সের খরচ তারা বহন করেছিল এবং মেসির না খেলা চুক্তিভঙ্গের শামিল। মামলায় মেসির বিরুদ্ধে অবহেলাজনিত ভুল তথ্য দেওয়া ও চুক্তিতে বেআইনিভাবে হস্তক্ষেপের অভিযোগ আনা হয়। এএফএ ও তাপিয়ার সঙ্গে একই মামলায় নাম জড়িয়ে যাওয়াটাও মেসির অস্বস্তির কারণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর অক্টোবরে বেনিনের বিপক্ষে এস্তাদিও মনুমেন্তালে আয়োজিত বিদায়ী ম্যাচের প্রায় ৬০ ডলারের টিকিট মাত্র ৯০ মিনিটে শেষ হয়ে গিয়েছিল, যা পরে পুনর্বিক্রির বাজারে ৬০০ ডলার ছাড়িয়ে যায়। কিন্তু এরপর নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে দর্শক উপস্থিতি ছিল অনেক কম। 


এমনকি ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলে জেতা ম্যাচে বিরতির সময় স্টেডিয়ামের সব গেট খুলে দিয়ে বিনা টিকিটে প্রবেশের ঘোষণা দেওয়ার পরও গ্যালারির কিছু অংশ ফাঁকা রয়ে যায়। একসময় যে দেশে মেসির খেলা দেখতে টিকিটের জন্য হাহাকার ছিল, সেখানে এমন দৃশ্য আর্জেন্টিনা ফুটবলের বাণিজ্যিক ও আবেগীয় সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিতই দিচ্ছে।


সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫৮ পিএম

আজারবাইজানের রাজধানী বাকুতে সাবাহ এফকেকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জোড়া গোল করেছেন অ্যান্থনি গর্ডন। বাকি দুটি গোল করেছেন করিম আদেয়েমি ও গ্যাব্রিয়েল জেসুস। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন বদলি হিসেবে নামা জয়-ল্যান্স মিকেলস। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে বার্সেলোনা। পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট।


ভিয়ারিয়ালের বিপক্ষে রোমাঞ্চকর প্রত্যাবর্তনের জয়ের পর একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। চোটের কারণে ছিলেন না লামিনে ইয়ামাল। রাফিনহা, জোয়াও ক্যানসেলো ও এরিক গার্সিয়াকে রাখা হয় বেঞ্চে। একাদশে সুযোগ পান গর্ডন ও সাবেক আর্সেনাল স্ট্রাইকার জেসুস। রক্ষণভাগের মাঝখানে খেলেন ফ্রেঙ্কি ডি ইয়ং।


প্রথম চার ম্যাচে মাত্র এক জয় পাওয়া সাবাহর বিপক্ষে বার্সেলোনার সহজ জয়ই প্রত্যাশিত ছিল। তবে ম্যাচের শুরুতে সেই ধারণা ভুল প্রমাণের ইঙ্গিত দেয় আজারবাইজানের চ্যাম্পিয়নরা। নবম মিনিটে খায়াল আলিয়েভের শট ঠেকিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক হোয়ান গার্সিয়া। এরপর ডু কুইরোজের ১২ গজ দূর থেকে নেওয়া ভলি অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।


বার্সেলোনাও আক্রমণে কম যায়নি। গর্ডনের একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। পেদ্রির জোরালো ভলি ফিরিয়ে দেন সাবাহ গোলরক্ষক স্তাস পোকাতিলভ। ৩১  গোল করে বার্সাকে এগিয়ে দেন গর্ডন।


 এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বার্সেলোনা। ৩৯ মিনিটে করিম আদেয়েমির ক্রস ঠিকমতো সামলাতে পারেননি পোকাতিলভ। ফিরতি বল পেয়ে সাত গজ দূর থেকে জালে পাঠান গর্ডন। গত ফেব্রুয়ারিতে নিউক্যাসলের হয়ে বাকুতে কারাবাগের বিপক্ষে চার গোল করেছিলেন ইংলিশ এই ফরোয়ার্ড। এবার বার্সেলোনার জার্সিতেও সেই শহরে গোলের দেখা পেলেন তিনি।


 বিরতির আগে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বার্সেলোনা। তবে আদেয়েমির কাছ থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি নিজেই। ফেরমিন লোপেসের শটও ঠেকিয়ে দেন পোকাতিলভ।


বিরতির পর মাঠে ফিরেই ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। ৫১ মিনিটে ডান দিক দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে গিয়ে বল কাটব্যাক করেন আদেয়েমি। গ্যাব্রিয়েল জেসুসের শট ফিরিয়ে দেন গোলরক্ষক। ফিরতি বলে নিজের দ্বিতীয় গোলটি করেন গর্ডন।


এর চার মিনিট পরই ব্যবধান ৩-০ করেন আদেয়েমি। আলেহান্দ্রো বালদের নিচু ক্রসে দূরের পোস্টে স্লাইড করে বল জালে পাঠান তিনি। ৬০ মিনিটে জুলস কুন্দের হেড থেকে পাওয়া বল গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বলে পা ছুঁইয়ে বার্সেলোনার চতুর্থ গোলটি করেন জেসুস।


লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে চলতি মৌসুমে এটি ছিল বার্সেলোনার ৬৯তম গোল। ম্যাচে আরও গোলের সম্ভাবনা তৈরি করেছিল ফ্লিকের দল। তবে ৬৩ মিনিটে সাবাহর হয়ে সান্ত্বনাসূচক গোল করেন বদলি খেলোয়াড় মিকেলস। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪১ এএম

আইপিএলের নিলাম ঘিরে মোস্তাফিজুর রহমানকে নিয়ে কয়েক দিন ধরেই চলছিল আলোচনা। ধারণা করা হচ্ছিল, ১৬ ডিসেম্বরের নিলামে দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসারকে। তবে শেষ পর্যন্ত সেই সম্ভাবনা আর সত্যি হলো না। নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পাননি মোস্তাফিজ, নেই সাকিব আল হাসানের নামও। ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো প্রাথমিক তালিকায় মোস্তাফিজের নাম রাখা হয়নি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এ খবর জানিয়েছে।


তবে বাংলাদেশের ১২ ক্রিকেটার নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন। তারা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।


বছরের শুরুতে আইপিএল ঘিরে আলোচনায় ছিলেন মোস্তাফিজ। নিলাম থেকে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।


এ ঘটনার রেশ পরে আরও দূর গড়ায়। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেয়নি বাংলাদেশ দল।


এবারের আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। তাদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দ ২৫টি জায়গা।

সর্বশেষ সব খবর

৫৩ বলে ২০৪ রানের ইনিংস। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৪৪ পিএম

বয়স সবে ১৫। কৈশোরের গণ্ডিই এখনো পেরোননি বৈভব সূর্যবংশী। অথচ এই বয়সেই ব্যাটিং তাণ্ডবে লিস্ট ‘এ’ ক্রিকেটের রেকর্ডের বই যেন তছনছ করে দিলেন ভারতের এই বিস্ময়বালক।

মঙ্গলবার দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বোলারদের ওপর দিয়ে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন বাঁহাতি এই ওপেনার। মাত্র ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে গড়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দ্বিশতকের বিশ্বরেকর্ড।

২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সূর্যবংশীর তাণ্ডবে ম্যাচটা শেষ হয়ে গেছে মাত্র ১৪.২ ওভারে! ৩ উইকেট হারিয়ে ভারত ‘এ’ দল যখন জয়ের বন্দরে পৌঁছায়, তখন সূর্যবংশীর নামের পাশে জ্বলজ্বল করছে ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য এক ইনিংস। অর্থাৎ দলের ২৫০ রানের মধ্যে একাই ২০৪ রান করেছেন এই কিশোর, যার মধ্যে ২৮টিই ছক্কা!

ইনিংসের শুরু থেকেই আমিরাতের বোলারদের ওপর চড়াও হন সূর্যবংশী। মাত্র ১৬ বলে তুলে নেন ফিফটি। এরপর আরও ভয়ংকর রূপ ধারণ করে ২৮ বলেই পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের ২৯ বলে করা দ্রুততম লিস্ট ‘এ’ সেঞ্চুরির রেকর্ডটি এক বলের ব্যবধানে নিজের করে নেন তিনি।

সেঞ্চুরির পর যেন রানের গতি আরও বাড়িয়ে দেন সূর্যবংশী। পরের ১০০ রান তুলতে খরচ করেন মাত্র ২৪ বল! ৪০ বলে ১৫০ রান পূর্ণ করে ভেঙে দেন গত বছর বিহারের হয়ে অরুণাচল প্রদেশের বিপক্ষে নিজেরই গড়া ৫৯ বলের রেকর্ড। আর ৫২তম বলে ডাবল সেঞ্চুরি ছুঁয়ে চুরমার করে দেন চ্যাড বোয়েসের ১০৩ বলে করা দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড। আগের রেকর্ডের প্রায় অর্ধেক বল খেলেই দুইশ ছুঁয়েছেন তিনি।

এই এক ইনিংসেই একের পর এক কীর্তি গড়েছেন সূর্যবংশী। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ২৮টি ছক্কা হাঁকিয়ে ভেঙেছেন ২০১৮ সালে ডি’আর্সি শর্টের গড়া ২৩ ছক্কার রেকর্ড। এ ছাড়া বছরের শুরুতে শ্রীলঙ্কা

‘এ’ দলের বিপক্ষে ১১ বলে দ্রুততম ফিফটির রেকর্ডটি আগেই তার দখলে ছিল। ফলে লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ফিফটি (১১ বল), সেঞ্চুরি (২৮ বল), দেড়শ (৪০ বল) এবং ডাবল সেঞ্চুরির (৫২ বল) রেকর্ড এককভাবে ১৫ বছর বয়সী এই কিশোরের দখলে।

সর্বশেষ সব খবর

ছবি: চ্যাটজিপিটি দিয়ে বানানো

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৪১ পিএম

ইতালির সিসিলিতে লাল কার্ড দেখানোর পর ড্রেসিংরুম থেকে ছুরি হাতে মাঠে ফিরে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এক ফুটবলারের বিরুদ্ধে। ভয়াবহ এই ঘটনার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও ডাকতে বাধ্য হন আয়োজকরা। তবে এ ঘটনায় কেউ আহত হননি।


ঘটনাটি ঘটে ইতালির তৃতীয় ডিভিশনের একটি অপেশাদার ফুটবল ম্যাচে। মুখোমুখি হয়েছিল গ্যালাকটিক পাওলিনি ও অ্যাথলেটিক পারতান্না।


ম্যাচ চলাকালে গ্যালাকটিক পাওলিনির ১০ নম্বর জার্সিধারী ফুটবলার ডেল পাওলিনি প্রতিপক্ষের বেঞ্চের সামনে অশালীন অঙ্গভঙ্গি করেন। এ ঘটনায় প্রথমে হলুদ কার্ড দেখেন তিনি। পরে প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়কে লাথি মারলে রেফারি ভিনসেঞ্জো পার্নিস তাকে সরাসরি লাল কার্ড দেখান।


পাওলিনিকে লাল কার্ড দেখানোর প্রতিবাদে রেফারির সঙ্গে তর্কে জড়ান গ্যালাকটিকের কোচ কালান্দ্রা। একপর্যায়ে তাকেও লাল কার্ড দেখান রেফারি। এতে মাঠের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।


তবে ঘটনার ভয়াবহতা বাড়ে এরপর। লাল কার্ড দেখে ড্রেসিংরুমে চলে গেলেও কয়েক মিনিট পর ছুরি হাতে আবার মাঠে ফিরে আসেন পাওলিনি। অভিযোগ, প্রতিপক্ষ অ্যাথলেটিক পারতান্নার বেঞ্চের কাছে গিয়ে খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখাতে থাকেন তিনি। এমনকি দলের এক কর্মকর্তার গলায় ছুরি ধরেন বলেও অভিযোগ উঠেছে।


এ পরিস্থিতিতে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে ম্যাচ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন রেফারি। পরে ঘটনাস্থলে পুলিশ ডাকা হয়।


এদিকে, ঘটনার পর ইতালি ফুটবল সংস্থার কাছে লিখিত অভিযোগ জানিয়েছে অ্যাথলেটিক পারতান্না। ভবিষ্যতে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ক্লাবটি।

সর্বশেষ সব খবর