সাংবাদিক মোস্তাকের মায়ের সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
রাজধানীর পুরান ঢাকার নারিন্দা মশুরিখোলা দরবার শরীফে শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুম্মা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পরে ঢাকা জার্নালিস্ট কাউন্সিল ডিজেসি -এর সাধারণ সম্পাদক মো : মোস্তাফিজুর রহমান মোস্তাকের মাতা মরিয়ম বেগম ( ৮০) এর সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ সাইফুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন মো: ইউসুফ গুল, আফজাল হোসেন চিশতি, ওল্ড ঢাকা নাগরিক সমাজের মহাসচিব সানি মাহতাব, সাংবাদিক মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক, নিয়াজুর রহমান অন্তু,সহ অসংখ্য দরবারের ভক্ত ও আশেকানরা।
দোয়া শেষে আগত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়ন কার্যক্রমের মাঠপর্যায়ের তথ্য নির্ভুলভাবে সংগ্রহ ও যাচাই করার ওপর গুরুত্বারোপ করেছেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, সরকারী প্রকল্প বাস্তবায়নে প্রকৃত চিত্র জানতে হলে মাঠপর্যায়ে যেতে হবে।শুধু সভায় আলোচনা কিংবা প্রতিবেদন শুনে বাস্তব সমস্যার গভীরতা অনুধাবন করা সম্ভব নয়।এ জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের সমন্বিতভাবে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
রবিবার (২৩ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ (কাঞ্চন-১)-এ জেলা প্রশাসন, দিনাজপুরের আয়োজনে ‘ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়ন সংক্রান্ত মনিটরিং পরিকল্পনায় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার উপস্থিত সুধীজনদের সালাম জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, সভায় উপস্থিত অনেকে তাঁদের বক্তব্যে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন। তবে সরেজমিনে না গেলে বাস্তব পরিস্থিতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায় না। অতীতে অনেক কিছু শুনেছেন, কিন্তু বাস্তবে এসে সমস্যার গভীরতা আরও বেশি বলে উপলব্ধি করেছেন। দিনাজপুরের ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, প্রায় ৪০ লাখ মানুষের এই জনপদ বাংলাদেশের শস্যভান্ডার হিসেবে পরিচিত।পর্যটন সম্ভাবনাসমৃদ্ধ দিনাজপুরকে নানা বিশেষণে অভিহিত করা যায়।
এ জেলার মানুষের শান্তিপূর্ণ ও ইতিবাচক ভাবমূর্তির কথাও তিনি উল্লেখ করেন। সীমান্তবর্তী জেলা হিসেবে দিনাজপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বিভাগীয় কমিশনার অবৈধ অনুপ্রবেশ ও মাদকের প্রবেশ প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, মাদক একটি জাতির ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। এ ক্ষেত্রে বিশেষ নজরদারী প্রয়োজন। শিক্ষা বিভাগের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হচ্ছে কি না, তা শিক্ষকদের পর্যবেক্ষণ করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়েও গুরুত্ব দিতে হবে।
সভায় সন্তানদের অগ্রাধিকার, জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত বিভিন্ন বাস্তব সমস্যার বিষয় উঠে আসায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এসব কারিগরি সমস্যার সমাধানে কীভাবে সহযোগীতা করা যায়, তা সংশ্লিষ্ট পর্যায়ে জানানো হবে বলেও আশ্বস্ত করেন। জনবল সংকট প্রসঙ্গে তিনি বলেন, সরকারী দপ্তরগুলোতে জনবল একটি বড় সমস্যা। তবে সীমিত জনবল নিয়েই অতিরিক্ত সমন্বয় ও দায়ীত্বশীলতার মাধ্যমে নির্ধারিত কাজ সম্পন্ন করতে হবে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা অত্যন্ত জরুরী। প্রকৃত উপকারভোগী চিহ্নিত করতে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা যাবে না।
দিনাজপুরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ জেলার প্রতি বিশেষ দৃষ্টি রয়েছে। সরকারের বিভিন্ন প্রকল্প দিনাজপুরে এমনভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে অন্য জেলাগুলোও এখানকার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে। দিনাজপুরকে মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়ীত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
উন্নয়নমূলক কার্যক্রমের প্রসঙ্গে খাল খনন ও বৃক্ষরোপণ প্রকল্পের কথা উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, খাল খননের ক্ষেত্রে এমনভাবে কাজ করতে হবে, যাতে প্রকল্পের সুফল দীর্ঘস্থায়ী হয়। শুধু কাজ সম্পন্ন করলেই হবে না, এর স্থায়ীত্ব ও কার্যকারিতাও নিশ্চিত করতে হবে।সরকারী সেবার মান ও জনভোগান্তি প্রসঙ্গে তিনি বলেন, দিনের শেষে জনগণ যেন সরকারী দপ্তর থেকে হয়রানির শিকার না হয়ে কাঙ্ক্ষিত সেবা পায়, সেটিই নিশ্চিত করতে হবে। বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে নাগরিকদের কাছ থেকে নানা সময় অভিযোগ আসে।
তাই সব বিভাগের কর্মকর্তাদের এ বিষয়ে সচেতন ও দায়ীত্বশীল হতে হবে। সর্বোপরি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার জনাব মোঃ জিদান আল মুসা পিপিএম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান; স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) শেখ হাফিজুর রহমান; সড়ক ও জনপথ অধিদপ্তর, দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ আলী হোসেন; জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুল মতিন ও সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন; জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মোঃ আলা উদ্দীন আল আজাদ; জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোর্শেদ আলী খান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনাজপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটিসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা।
সভায় পুলিশ সুপার জনাব মোঃ জিদান আল মুসা পিপিএম, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আলী হোসেনসহ অন্যান্য অংশগ্রহণকারী সংক্ষিপ্ত বক্তব্য দেন। তাঁরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, বাস্তবায়নসংক্রান্ত সমস্যা ও সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন।
সভায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়নের মনিটরিং পরিকল্পনা, মাঠপর্যায়ের তথ্য যাচাই, সরকারী সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বাস্তব সমস্যা ও করণীয় নিয়ে আলোচনা হয়।পরিশেষে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার জনাব মোঃ জাহাঙ্গীর আলমের বক্তব্যের পর সভাপতি জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম সভার সমাপ্তি ঘোষণা করেন।
মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ীর ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হন
গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বাড়ানোর দাবিতে পৃথক এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে মহানগরের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানার শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শ্রমিকেরা।
অন্যদিকে, বেতন বাড়ানোর দাবিতে সদর উপজেলার ভবানীপুর ও বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ীর ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হন। ইসলাম গার্মেন্টসের এক শ্রমিক মারা গেছেন-এমন গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন।
পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে শ্রমিকেরা আরও উত্তেজিত হয়ে ওঠেন। পরে সকাল পৌনে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ইসলাম গার্মেন্টসসহ আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুরের মেম্বারবাড়ী ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা। বেতন বাড়ানোর দাবিতে তারা মহাসড়কের দুই স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা মেম্বারবাড়ী এলাকায় মহাসড়ক অবরোধ করেন। একই সময়ে পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারী যাত্রীরা।
বেলা ১১টা পর্যন্ত বাঘের বাজার ও ভবানীপুর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
ছবি : সংগৃহীত
ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা পঞ্চগড়। রাতভর বৃষ্টির ফোঁটার মতো ঝরেছে কুয়াশা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা কমে আসায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কোথাও কোথাও সামনের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ভোরের দিকে তা আরও ঘন হয়ে ওঠে। এতে সকালেও শীতের অনুভূতি ছিল বেশি।
এদিকে মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়ছে। রাতভর কুয়াশা পড়ায় ভোরে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে সকালে কাজে বের হওয়া মানুষ ও যানবাহনের চালকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিললে গরম অনুভূত হয়।
চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর রহমান বলেন, রাত থেকেই প্রচুর কুয়াশা পড়ছে। সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢাকা। রাস্তায় সামনে কী আছে, তা ঠিকমতো দেখা যাচ্ছে না। কয়েক দিন ধরে সকাল ও রাতে শীত বেশি লাগছে।
আরেক বাসিন্দা শহিদুল্লাহ বলেন, ভোরে কাজে বের হতে হয়। কিন্তু কুয়াশার কারণে রাস্তাঘাট দেখা যায় না। গাড়িগুলোও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকাল ৮টা বেজে গেলেও সূর্যের দেখা পাওয়া যায়নি।
এর আগে গত ১৯ নভেম্বর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।
আ. লীগের মিছিল শেষে দুই গ্রামবাসীর সংঘর্ষ
চট্টগ্রাম উত্তর জেলা আ'লীগের সাধারণ সম্পাদক আটক
দিনাজপুর জিলা স্কুলে পদচারপথের উদ্বোধন করলেন রংপুর বিভাগীয় কমিশনার