• প্রকাশ : শনিবার ০৩ অক্টোবর, ২০২৬, সময় : ৮:৪৪ পিএম

গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন ৪৪ নম্বর ওয়ার্ডের গোপালপুর সোসাইটি মাঠ সংলগ্ন মহব্বতনগর এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৩ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহব্বতনগর এলাকার সোসাইটি মাঠ সংলগ্ন শাহিন আলম নামের এক ব্যক্তির ঝুটের গোডাউনে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। গোডাউনটিতে বিপুল পরিমাণ ঝুট কাপড়, প্লাস্টিক এবং নষ্ট ব্যাটারিসহ বিভিন্ন মালামাল মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় বিকেল ৬টা ১৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। 


গোডাউনের মালিক শাহিন আলম ও ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুনে গোডাউনে থাকা মালামাল পুড়ে গিয়ে আনুমানিক ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 


এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহিন আলম বললেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডাম্পিনার কাজ চলছে। ঘটনার খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুল আলম এবং শিল্প পুলিশের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিস ও পুলিশের তৎপরতায় অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।



সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫৮ পিএম

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৪৭টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ২২টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 


শ্রমিক অসন্তোষের কারণে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও ২৫টি কারখানায়। এ ছাড়া পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিলেও উৎপাদন বন্ধ রেখে ভেতরে অবস্থান করছেন। সোমবার এসব ঘটনা ঘটে।


এদিন সকাল থেকে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানায় উৎপাদন শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। কোথাও শ্রমিকেরা হাজিরা দিয়ে উৎপাদন বন্ধ রাখেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।


শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ২২টি কারখানা হলো সুসুকা নিট, রেডিয়ান্স ফ্যাশন, ক্রিস্টাল কম্পোজিট, আউটলেট স্টিচ, গ্রিন লাইফ নিটেক্স, মণ্ডল নিটওয়্যার, হংকুন লেদার কোম্পানি, সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট, জিম্যাক্স ক্লোথিং, টপ টেক্স সোয়েটার, এ আর জিন্স প্রডিউসার, এফ জি এস ডেনিম ওয়্যার, ফুটস্টেপস বাংলাদেশ, অ্যালায়েন্স নিট কম্পোজিট, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ, ফ্যাশন ডট কম, হা-মীম গ্রুপ, আর্টিস্টিক ডিজাইন, এনভয় গ্রুপ ও নেক্সট কালেকশন।


অন্যদিকে শ্রমিক অসন্তোষের কারণে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সাদাতিয়া সোয়েটার, স্টারলিং অ্যাপারেলস, স্টারলিং ক্রিয়েশন, হলিউড গার্মেন্টস, মুন রেডিওয়্যারস, বান্দো ডিজাইন, এ এম ডিজাইন, ইয়াগী বাংলাদেশ, ভার্চুয়াল বটমস, দি রোজ ড্রেসেস, সেতারা গার্মেন্টস, আলপস অ্যাপারেলস, নিউ এইজ গ্রুপ, ফ্যাশন ফোরাম, অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, ট্রাউজার লাইন, আল-মুসলিম অ্যাপারেলস, ওয়াইপি, কমপ্লিট কম্পোজিট ও উচু ফ্যাশন কারখানায়।


এ ছাড়া ম্যাংগো টেক্স, ফ্যাশন ফোরাম লিমিটেড, নাঈম নিটওয়্যার, স্টারলিং ক্রিয়েশন ও সাদ ফ্যাশনের শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত থাকলেও উৎপাদনকাজে অংশ নেননি। তারা কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন।


নিউ এইজ গ্রুপের সামনে উত্তেজনা, আহত ৩


সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর ও জিরাবো এলাকায় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। বিজিএমইএর তথ্য উল্লেখ করে সংশ্লিষ্ট সূত্র জানায়, নিউ এইজ গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে প্রায় ৭ হাজার ৪৪০ জন শ্রমিক কাজ করেন। সকাল আটটার দিকে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করেন। তবে ৩০ হাজার টাকা নিম্নতম মজুরির দাবিতে উৎপাদন বন্ধ রেখে ভেতরে অবস্থান নেন তারা। সকাল ৮টা ৫০ মিনিটের দিকে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে যান। এ সময় তাদের একাংশ কারখানার ১ নম্বর ফটকের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন।


একপর্যায়ে সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাস কারখানার সামনে দিয়ে যাওয়ার সময় বাসের শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে উত্তেজিত শ্রমিকদের একটি অংশ বাসটির কাচ ভাঙচুর করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ সময় পাশের আল-মুসলিম গার্মেন্টস ও জনরন সোয়েটার কারখানায়ও হাঙ্গামার চেষ্টা হয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে থাকা শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দৌড়াদৌড়ির সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পান সিরাতুব নামের এক নারী শ্রমিক। রেখা ও সুইটি নামের আরও দুই নারী শ্রমিক পায়ে আঘাত পান। তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়। আহত তিনজনই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।


এ ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিউ এইজ গ্রুপের আশপাশের অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, আল-মুসলিম অ্যাপারেলস ও ট্রাউজার লাইনসহ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে নিজ নিজ গন্তব্যে চলে যান।


এদিকে শিল্পাঞ্চলের দেওয়ান ইদ্রিস রোডের গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টসেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধু রোডের এম অ্যান্ড এইচ করপোরেশন লিমিটেডে শ্রমিক অসন্তোষের খবর পাওয়া গেছে।


মজুরি নিয়ে অনিশ্চয়তায় শ্রমিকেরা


শ্রমিকদের ভাষ্য, নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হলেও নতুন বেতন কাঠামো নিয়ে তাদের অনিশ্চয়তা কাটেনি। চাকরি হারানোর ভয়ে অনেক শ্রমিক সরাসরি আন্দোলনে অংশ নিচ্ছেন না। তবে তাদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। সরকার ও মালিকপক্ষ আন্তরিক হলে শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে যৌক্তিক বেতন কাঠামো ঘোষণা করা সম্ভব বলে মনে করেন তারা।


শিল্পাঞ্চলে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।


আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে, কয়েকটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কোথাও শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান করছেন। দুই-একটি জায়গায় শ্রমিকেরা কারখানার ফটকে ইটপাটকেল নিক্ষেপ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। বর্তমানে সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ সব খবর

প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দীন

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪০ পিএম

যেকোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বিজিবির ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেছেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে।”


সোমবার সকালে ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে এসব কথা বলেন তিনি।


বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ময়মনসিংহ সেক্টরের অধীনে ২৪২ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত এলাকায় তিনটি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে। সীমান্তে নজরদারি বাড়াতে সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে।


এছাড়া সাম্প্রতিক সময়ে ১১টি ঘটনায় ১৪১ জনকে পুশ-ইন প্রতিহত করা হয়েছে। চারজন মানব পাচারকারীকে আটক এবং ১৩ জনকে পাচারের হাত থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ৭০ জন মাদক চোরাকারবারিকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।


দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “বাংলাদেশের সীমান্ত দিয়ে যেকোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে ঢুকতে বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।


“দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা আর মানুষের জানমাল রক্ষায় আমরা পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছি। সীমান্তে যেকোনো অবৈধ তৎপরতা ঠেকাতে আমাদের নজরদারি এবং অভিযান চলমান থাকবে।”


বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিজিবির পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, চোরাচালান এবং রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে।


তিনি আরও জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঝুঁকিপূর্ণ এবং স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোকে চিহ্নিত করে সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পাশাপাশি সীমান্ত আধুনিকায়ন কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

সর্বশেষ সব খবর
  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৩:১৫ পিএম
  • আপডেট : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৩:১৫ পিএম


  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৩:১৫ পিএম

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পাটাভোগ গ্রামের  হরিবাড়ী এলাকায় একটি অটো গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় অটো গ্যারেজ মালিক অহিদুল্লাহ (৫০)কে হত্যা করে ১৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। 


জানাগেছে রবিবার দিবাগত গভীর রাতে গ্যারেজের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ডাকাতদল। পরে গ্যারেজ মালিক অহিদুল্লাহ ও তাঁর স্ত্রী হোসনা খাতুনকে রশি দিয়ে বেঁধে ফেলে। এ সময় গ্যারেজে থাকা অটোগাড়ী থেকে ৬০ টি ব্যাটারি, ১৬টি চার্জার ও দুটি অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা।


পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীকে উদ্ধার করেন। গুরুতর অসুস্থ অবস্থায় অহিদুল্লাহকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ওহিদুল্লাহ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার তুলাতলি গ্রামের ওহাব আলী প্রধানের ছেলে। 


এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান জানান, নিহত অহিদুল্লাহর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৩:১৩ পিএম


রবিবার (২২ নভেম্বর) বিকেল ৪ টায়নশ্রীনগর থানা প্রাঙ্গণে গোলঘরে ওসি তদন্ত মিল্টন দত্তের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।


সভার শুরুতে নবাগত ওসি মোঃ আতাউর রহমান উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং তাদের সাথে দুটি করে রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।


এ সময় তিনি শ্রীনগর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, চুরি-ডাকাতি ও কিশোর গ্যাং প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।


মতবিনিময় সভায় নবাগত ওসি মোঃ আতাউর রহমান বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। সমাজ থেকে অপরাধ, মাদক ও সন্ত্রাস নির্মূলে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শ্রীনগর থানাকে একটি জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে আমি সবার সহযোগিতা চাই। সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই থানায় এসে আইনি সেবা পেতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হবে।


সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মহাসড়কের নিরাপত্তা, মাদক বিস্তার এবং যানজট নিরসনসহ নানা সমস্যার কথা তুলে ধরেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশ প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন।


মতবিনিময় সভায় শ্রীনগর থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় প্রেসক্লাব ও বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ১:০৬ পিএম

চট্টগ্রাম নগরের দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, মোটরসাইকেলে করে দুই যুবক পুলিশ লাইনসের সামনে এসে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি ককটেল সড়কের মাঝখানে বিস্ফোরিত হয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে অবিস্ফোরিত ককটেলটি সড়ক থেকে উদ্ধার করা হয়।


খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ সব খবর

মতবিনিময় সভায় বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৬ এএম

মানুষ পুড়িয়ে মারার রাজনীতি কোনোভাবেই বরদাশত করা হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

শনিবার (২১ নভেম্বর) রাতে ভাণ্ডারিয়া প্রেসক্লাবের আয়োজনে স্থানীয় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ এবং ঘুমন্ত অবস্থায় বাসের হেলপার নিহত হওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।’ তিনি বলেন, ‘এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে।

এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করছি। মানুষ পুড়িয়ে মারার রাজনীতি বন্ধ না হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।’ সাংবাদিকদের উদ্দেশে আহম্মদ সোহেল মনজুর বলেন, ‘সাংবাদিকদের পেশাগত ও গুণগত মান আরও বাড়াতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাহসী ভূমিকা পালন করতে হবে। আপনারা যদি এখনো সত্য লিখতে ভয় পান, তাহলে লিখবেন কবে? সত্যের পথে থাকুন, আমি আপনাদের সঙ্গে রয়েছি।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদীরা আবারও মানুষ পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মন্তব্য করেন তিনি। আমরা কোনো নোংরা রাজনীতি করতে চাই না। জনগণের জীবনমান উন্নয়ন ও জনকল্যাণই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।’

বিএনপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার যখন দেশের সর্বত্র উন্নয়নের রাজনীতি করছে, ঠিক তখনই একটি পক্ষ উন্নয়ন বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তবে সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে।’

রাজনীতিতে অর্থের প্রভাব কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘টাকার রাজনীতি বন্ধ করতে হবে। ভালো মানুষদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আমরা দেওয়ার জন্য এসেছি, নেওয়ার জন্য নয়।’

ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার জমাদার।

এ সময় প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল মান্নান হাওলাদার, এইচ এম জুয়েলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ মিঠু।

সর্বশেষ সব খবর