পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করল বাংলাদেশ
মিরপুরের স্লো উইকেটে বরাবরই বাড়তি সুবিধা পান স্পিনাররা। স্পিন স্বর্গেই এবার রীতিমতো আগুন ঝরালেন নাহিদ রানা। তরুণ এই পেসারের গতি আর বাউন্সে চোখে সর্ষে ফুল দেখেছেন মোহাম্মদ রিজওয়ান-সালমান আগারা!
ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডেতে ফাইফার পেয়েছেন নাহিদ। তাতে কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট হয়েছে পাকিস্তান।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩০.৪ ওভার সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান করেছে পাকিস্তান। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের সর্বনিম্ন রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন ফাহিম আশরাফ। বাংলাদেশের হয়ে ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন নাহিদ।
নতুন বলে মিতব্যয়ী বোলিং করেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তবে উইকেট এনে দিতে পারেননি এই দুই অভিজ্ঞ পেসারের কেউই।
ফলে ইনিংসের সপ্তম ওভারেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নিজে বোলিংয়ে আসেন। কিন্তু তাতেও উইকেটের দেখা মেলেনি।
পাওয়ার প্লের শেষ ওভারে তাসকিনকে সরিয়ে নাহিদের হাতে বল দেন মিরাজ। আক্রমণে এসেই দলকে ব্রেকথ্রু এনে দেন এই তরুণ পেসার। ওভারের শেষ বলে তাকে কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন সাহিবজাদা ফারহান। ২৭ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি।
নিজের পরের চার ওভারের সবকটিতেই উইকেট পেয়েছেন নাহিদ। যথাক্রমে শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগাকে সাজঘরে ফেরান এই ডানহাতি পেসার। পাকিস্তানের টপ অর্ডার ভেঙে ফাইফার পূরণ করেন তিনি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার।
১৯তম ওভারে নাহিদের সঙ্গে উইকেট পার্টিতে যোগ দেন মিরাজও। ওভারের শেষ বলে আব্দুল সামাদকে লিটনের গ্লাভস বন্দি করে ফেরান তিনি। এরপর হোসাইন তালাতকেও ফিরিয়েছেন মিরাজ।
২৩তম ওভারের প্রথম বলে এই ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন বাংলাদেশ অধিনায়ক। একই ওভারের শেষ বলে শাহিন আফ্রিদিকেও ফেরান মিরাজ।
দ্বিতীয় স্পেলে ফিরে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। ২৪তম ওভারের পঞ্চম বলে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন মোহাম্মদ ওয়াসিম।
৮২ রানে নবম উইকেট হারানোর পর একশর আগেই অলআউটের শঙ্কায় পড়ে পাকিস্তান। তবে ফাহিম আশরাফ একাই কিছুটা লড়াই করেন। আবরার আহমেদকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়েন।
ফাহিমের ৩৭ রানের ইনিংসে ভর করে কোনোরকমে একশ পেরিয়ে অলআউট হয় পাকিস্তান।
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত সভার পর আইসিসি ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আইসিসি ইভেন্টগুলোর সময়সূচি অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ-ভারত। এছাড়া ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০৩৩ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ২০৩৩ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০৩৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ২০৩৫ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় ইভেন্টগুলো রয়েছে।
এমন এক সময়ে আইসিসি এই সময়সূচি প্রকাশ করল যখন ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অপেক্ষায় রয়েছেন। আইসিসির প্রকাশিত সময়সূচি অনুযায়ী, পরবর্তী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। তবে ২০৩৩ ও ২০৩৫ সালের এর ফাইনাল কোথায় হবে, তা এখনো জানানো হয়নি।
আসন্ন ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত; এর আয়োজক দেশগুলো হলো দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। টুর্নামেন্টটির পরবর্তী আসর ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বরের মধ্যে ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে। এছাড়া ২০৩৫ সালের ওয়ানডে বিশ্বকাপ ২ অক্টোবর শুরু হওয়ার কথা রয়েছে এবং এর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর।
সূচির বাকি অংশে, আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন সময়সূচি সম্পর্কে জানিয়েছে। ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে ভারত। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২৮ সালে) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে আয়োজন করবে। এছাড়া ২০৩৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অক্টোবর মাসে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হবে।
আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা বলেছেন, আইসিসির ইভেন্ট পোর্টফোলিও এবং সময়সূচি ক্রিকেটের বৈশ্বিক কাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এগুলো ক্রিকেট ইকোসিস্টেমে বাড়তি গুরুত্ব, প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ এবং তাৎপর্য যোগ করে। এই টুর্নামেন্টগুলো খেলোয়াড় ও ভক্ত উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে কাজ করে। এর সাথে যুক্ত বিভিন্ন ধাপ বা পথগুলো খেলোয়াড়দের আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করে এবং বৃহত্তর ক্রিকেট অঙ্গনে অংশগ্রহণের সুযোগ তৈরি করে।
তিনি আরও বলেন, আমরা খেলোয়াড় এবং সদস্য অ্যাসোসিয়েশনগুলোর কাছে এই ইভেন্টগুলোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরার গুরুত্ব বুঝি। এটি খেলোয়াড়দের উন্নয়নের পথ সুগম করতে, উচ্চ-কার্যক্ষমতাসম্পন্ন কর্মসূচি গ্রহণ করতে এবং একটি সুসংগঠিত ক্যালেন্ডার তৈরিতে সহায়তা করবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: সংগৃহীত
ক্রিস্টিয়ানো রোনালদো
মাঠের বাইরে বিনিয়োগ আরও বাড়াচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন, তাঁর প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ফুটবলনির্ভর এই ড্রামা সিরিজে কাজ করার জন্য ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথু ভনের সঙ্গে জুটি বেঁধেছেন রোনালদো। তাঁরা যৌথভাবে ‘ইউআর মার্ভ স্টুডিওস’ প্রতিষ্ঠা করেছেন। সিরিজটিতে নিজের চরিত্রে অভিনয় করবেন ৪১ বছর বয়সী রোনালদো। ফরাসি ফুটবল কিংবদন্তি থিয়েরি অঁরি ও ব্রিটিশ অভিনেতা ডামিয়ান লুইসও থাকছেন এ সিরিজে।
সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া সাবেক এই পর্তুগিজ তারকা সিরিজটির নির্বাহী প্রযোজকের দায়িত্বেও আছেন। ইনস্টাগ্রামে নিজের ৬৮ কোটি ১০ লাখ অনুসারীর প্রতি রোনালদো লিখেছেন, ‘রোমাঞ্চকর খবর! আমার প্রথম টিভি শো “ডে ওয়ানস”-এর নির্মাণকাজ সবে শুরু হলো। সামনে আরও চমক আসছে!’
পোস্টটিতে রোনালদো বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। একটি ছবিতে অভিনেতা ডামিয়ান লুইসের সঙ্গে ব্রিটিশ র্যাপার ডেভও আছেন। ডেভও এ সিরিজে অভিনয়শিল্পী তালিকায় রয়েছেন।
পর্তুগালের সংবাদমাধ্যম এ বোয়া জানিয়েছে, ‘ডে ওয়ানস’ নির্মাণের অনুমোদন দিয়েছে প্যারামাউন্ট প্লাস। প্রযোজনা সংস্থা স্কাইড্যান্সের সঙ্গে একীভূত হওয়ার পর স্ট্রিমিং প্ল্যাটফর্মটির প্রথম দিকের বড় প্রকল্পগুলোর একটি এটি।
বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, ১০ পর্বের এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে এক প্রতিভাবান ফুটবলারের যাত্রাকে কেন্দ্র করে, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডে খেলার স্বপ্ন পূরণ করেন। পুরো গল্পে কেন্দ্রীয় এই চরিত্রকে তাঁর দীর্ঘদিনের বন্ধুদের প্রতি বিশ্বস্ত থাকতে দেখা যাবে, যাঁরা সেই খেলোয়াড়ের খ্যাতি, অর্থ ও সাফল্য পাওয়ার অনেক আগে থেকেই তাঁর পাশে ছিলেন।
সিরিজটির মূল ভাবনা প্রযোজক ড্যারেন ডেইনের। এর প্রথম পর্বটি পরিচালনা করবেন ম্যাথু ভন এবং ‘বোরাত’খ্যাত বাফটাজয়ী নির্মাতা ড্যান মেজার আছেন প্রোডাকশন ডিরেক্টরের দায়িত্বে।
‘কিংসম্যান’ ফ্র্যাঞ্চাইজি, ‘স্টারডাস্ট’ ও ‘লেয়ার কেক’ সিনেমার পরিচালক ভন রোনালদোর সঙ্গে যৌথ উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘ক্রিস্টিয়ানো ও আমার নতুন প্রতিষ্ঠান শুরু করার জন্য এটিই সবচেয়ে উপযুক্ত প্রকল্প। তাঁকে বন্ধু ও অংশীদার হিসেবে পরিচয় দিতে পারাটা সত্যিই সম্মানের। আমি নিশ্চিত, ফুটবলের সব রেকর্ড ভেঙে দেওয়া এই মানুষটি শিগগিরই চলচ্চিত্র ও টেলিভিশনের জগতেও একই কীর্তি গড়বেন।’
সিরিজটির বিষয়বস্তুর সঙ্গে নিজের আবেগের সম্পর্ক কথা তুলে ধরে আল নাসর তারকা রোনালদো বলেন, ‘আমার পুরো জীবনটাই ফুটবলের। আমি জানি, মাঠের বাইরেও অসাধারণ কিছু গল্প তৈরি হয়। প্রযোজক হিসেবে খেলাটির ভিন্ন এক দিক পর্দায় তুলে ধরতে পেরে আমি গর্বিত। আমার বিশ্বাস, এই গল্প ফুটবলপ্রেমীদের গণ্ডি পেরিয়ে সব শ্রেণির দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। আমার অংশীদার ও বন্ধু ম্যাথু ভনের সঙ্গে বিনোদনজগতে এই প্রথম পথচলা এবং থিয়েরি অঁরির মতো অসাধারণ একজন সাবেক খেলোয়াড় ও ভালো মানুষকে পাশে পাওয়াটা পুরো বিষয়কে আরও বিশেষ করে তুলেছে।’
আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন তিনি। স্কালোনিকে পাশে নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া।
“২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে লিওনেল স্কালোনির কোচিং স্টাফের চুক্তি নবায়নের ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেব আমরা। এএফএ কার্যনির্বাহী কমিটির সকলের, একই সঙ্গে সকল আর্জেন্টাইনের জন্য আনন্দের বিষয় এটি।”
তাপিয়া জানান, আরও চার বছরের জন্য মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে এই চুক্তিতে। আর্জেন্টিনা দলের সঙ্গে পথচলা আরও দীর্ঘ করতে পেরে উচ্ছ্বসিত ৪৮ বছর বয়সি স্কালোনি।
“প্রথম দিনের মতোই আমি এখনও সমান ক্ষুধার্ত ও রোমাঞ্চিত এবং এই ধারা অব্যাহত রাখতে পেরে আমি খুশি। আমি কৃতজ্ঞ এবং এখন থেকে একটি নতুন প্রক্রিয়া শুরু হবে।”
স্কালোনির দীর্ঘদিনের সহকারী ওয়াল্তার সামুয়েল ইউরোপে কোচিং করানোর সিদ্ধান্ত নিয়েছেন, তাকে বাদ দিলে তার বাকি স্টাফরা অপরিবর্তিত থাকছেন।
আগামী ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল স্কালোনির। গত বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে হারের পর আর্জেন্টিনা দলে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন তিনি। ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তাপিয়ার সঙ্গে কয়েক দফা বৈঠক, অনেক চিন্তাভাবনা এবং পরিবারের সঙ্গে আলোচনার পর দায়িত্বে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ২০২২ বিশ্বকাপজয়ী এই কোচ।
২০১৮ বিশ্বকাপের শেষ ষোলো থেকে আর্জেন্টিনা ছিটকে পড়ার পর স্কালোনিকে ওই বছরের জন্য ভারপ্রাপ্ত কোচ করা হয়। ২০০৬ বিশ্বকাপে খেলা এই সাবেক ফুটবলার তখনও পর্যন্ত কোচ হিসেবে ছিলেন একদম আনকোরা ও অপরিচিত। আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বে ছিলেন তিনি।
ওই বছরের শেষ নাগাদ তার মেয়াদ বাড়ানো হয় ২০১৯ কোপা আমেরিকা পর্যন্ত। অনভিজ্ঞ একজনকে দায়িত্ব দেওয়ায় তখন তুমুল সমালোচনায় হয় আর্জেন্টিনার ফুটবল মহলে। ‘অযোগ্য’ কোচ নিয়োগের জন্য ফুটবল কর্তাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে কিংবদন্তি দিয়েগো মারাদোনা বলেছিলেন, “এই লোক এমনকি ট্র্যাফিকও নিয়ন্ত্রণ করতে পারবেন না।”
২০১৯ কোপা আমেরিকায় ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর আবার সমালোচনার ঝড় বয়ে যায়। তার পরও ২০২২ বিশ্বকাপ পর্যন্ত তার মেয়াদ বাড়ানো হয়।
এরপর কেবলই অবারিত সাফল্যের সময়। ২৮ বছরের খরা কাটিয়ে ২০২১ কোপা আমেরিকা জয় করে আর্জেন্টিনা। তখনকার ইউরোপ চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে জেতে ফিনালিস্সিমা ট্রফি। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে জিতে নেয় ২০২২ বিশ্বকাপ। মেয়াদ বাড়ানো হয় স্কালোনির। সাফল্যের পরিধিও বাড়ে। কোপা আমেরিকার ট্রফি ধরে রাখে তার দল ২০২৪ আসরে।
বিশ্বকাপেও ট্রফি ধরে রাখা থেকে একটি জয় দূরে ছিল স্কালোনির দল। কিন্তু ফাইনালের মঞ্চে নিষ্প্রভ পারফরম্যান্সে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের।
স্কালোনির কোচিংয়ে আর্জেন্টিনার এসব সাফল্যে সবচেয়ে অগ্রণী ভূমিকা ছিল অধিনায়ক লিওনেল মেসির। গত অক্টোবরে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে বর্ণাঢ্য ও গৌরবময় যাত্রার ইতি টানেন এই ফুটবল জাদুকর।
মেসিকে ছাড়া আর্জেন্টিনা জাতীয় দলের পুনর্গঠনের কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। মহাতারকার অবসরের পর প্রথম ম্যাচ খেলবে তারা বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে উরুগুয়ের বিপক্ষে। এরপর মঙ্গলবার কোস্টা রিকার মুখোমুখি হবে তিনবারের বিশ্বকাপজয়ীরা।
ইতালি ৩ : ১ ফ্রান্স
ইতালি গোল হজম করেছিল জিয়ানলুইজি দোন্নারুম্মার ভুলে। শোধ দিল তরুণ স্ট্রাইকার পিও এসপোজিতোর জোড়া গোলে। সঙ্গে ডেভিদে ফ্রাত্তেসির আরও এক গোল। সান সিরোয় আজ ফ্রান্সকে ৩-১ ব্যবধানে হারিয়ে নেশনস লিগে নিজেদের গ্রুপে শীর্ষে উঠে গেছে রবার্তো মানচিনির দল। দেশের মাটিতে ১৯৬২ সালের পর এই প্রথম ফ্রান্সকে হারাল ইতালি। শুরুটা অবশ্য ছিল ফ্রান্সের। দেজিরে দুয়ের শট প্রথমে আটকে যায় পাশের জালে। এরপর আদ্রিয়েন রাবিওর শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। কিন্তু ১০ মিনিটে নিজের ভুলেই ম্যাচের প্রথম গোল হজম করেন তিনি। দোন্নারুম্মার ভুল পাস পেয়ে যান মাইকেল ওলিসে। বল নিয়ে ডি-বক্সে ঢুকে গোলকিপারের নিচ দিয়ে জাল খুঁজে নেন তিনি। জিনেদিন জিদানের দল এগিয়ে যায়।
ইতালি সমতায় ফেরে ২৬ মিনিটে। বাঁ প্রান্ত দিয়ে মালো গুস্তোকে ফাঁকি দিয়ে ক্রস বাড়ান নিকোলো কাম্বিয়াঘি। কাছ থেকে বল জালে জড়াতে ভুল করেননি ইন্টার মিলানের স্ট্রাইকার পিও এসপোজিতো। বিরতির আগে গোল শোধের সুযোগ পেয়েছিল ফ্রান্সও। ব্র্যাডলি বারকোলার শট লাগে পোস্টে।
দ্বিতীয়ার্ধে নাটকীয়তা বাড়ে। ৬০ মিনিটে কাম্বিয়াঘিকে ফাউল করেন গুস্তো। ইতালি পেনাল্টি পায়, কিন্তু পিও এসপোজিতোর বড় ভাই সেবাস্তিয়ানো এসপোজিতো সেটি মিস করেন। তবে আক্ষেপ বেশিক্ষণ থাকেনি। তিন মিনিট পরই এগিয়ে যায় স্বাগতিকেরা। বদলি নামা ফেদেরিকো দিমার্কো পেনাল্টি এলাকায় নিচু ক্রস পাঠান। কাছ থেকে বল জালে পাঠান ডেভিদে ফ্রাত্তেসি।
৭৪ মিনিটে আবারও পেনাল্টি পায় ইতালি। আন্তোনিও ভের্গারাকে বক্সের ভেতর ফেলে দেন দায়ো উপামেকানো। এবার স্পটকিকের দায়িত্ব নেন পিও এসপোজিতো। মাইক মাইনিয়ঁ ঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন, তবু লাভ হয়নি। নিচু শটে ডান পাশের কোনা দিয়ে বল জালে জড়িয়ে যায়। ম্যাচের শেষ দিকে ফ্রি-কিকে ওলিসে গোলের কাছাকাছি গিয়েছিলেন। কিন্তু ফ্রান্স আর ম্যাচে ফিরতে পারেনি। ৬৪ বছর পর ঘরের মাটিতে ফ্রান্সকে হারানোর আনন্দে মাঠ ছাড়ে ইতালি।
নেশনস লিগে পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের শীর্ষেও উঠে গেছে ইতালি। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে দুইয়ে নেমে গেছে ফ্রান্স। একই দিন তুরস্ককে ২-১ গোলে হারানো বেলজিয়াম ৯ পয়েন্ট নিয়ে তিনে।
কম ও মাঝারি ক্ষমতার স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বাংলাদেশে আসছে পাবজি মোবাইলের নতুন সংস্করণ ‘পাবজি মোবাইল ফ্ল্যাশ’। আগামীকাল (১৩ নভেম্বর) দেশে চালু হতে যাচ্ছে গেমটি। তুলনামূলক কম জায়গা ব্যবহার করেই এতে পাবজি মোবাইলের পরিচিত ব্যাটল রয়্যাল অভিজ্ঞতা পাওয়া যাবে।
‘দ্য বেস্ট রিয়েল শুটিং গেম’ স্লোগান নিয়ে আসা ফ্ল্যাশের অন্যতম আকর্ষণ এর ছোট ডাউনলোড আকার। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েডে ০.৯৬ গিগাবাইটের কম ডাউনলোড করতে হবে। শুরু থেকেই এতে জনপ্রিয় এরাঙ্গেল মানচিত্র ও ক্ল্যাসিক ব্যাটল রয়্যাল মোড থাকবে। ফলে আলাদা করে এসব ডাউনলোডের অপেক্ষা ছাড়াই খেলা শুরু করা যাবে। প্রয়োজন অনুযায়ী পরে অন্য মানচিত্র, মোড ও ইভেন্টের উপকরণ ডাউনলোড করা যাবে।
হালকা সংস্করণ হলেও মূল পাবজি মোবাইলের সঙ্গে সংযোগ থাকছে ফ্ল্যাশের। খেলোয়াড়েরা তাদের বিদ্যমান অ্যাকাউন্ট, বন্ধুদের তালিকা ও গেমের বিভিন্ন সম্পদ ব্যবহার করতে পারবেন। দুই সংস্করণের খেলোয়াড়েরা একই ম্যাচমেকিং ব্যবস্থায় একসঙ্গে খেলতেও পারবেন। ফলে বন্ধুদের সঙ্গে খেলতে সবাইকে একই সংস্করণ ব্যবহার করতে হবে না। কম ও মাঝারি ক্ষমতার স্মার্টফোনে খেলার অভিজ্ঞতা উন্নত করতে ফ্ল্যাশের গ্রাফিকসে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। ফ্ল্যাশের বেটা সংস্করণের তুলনায় গড় ফ্রেমরেট ১০ শতাংশ বাড়ানো এবং স্থিতিশীলতা ১০ শতাংশ উন্নত করার লক্ষ্য রাখা হয়েছে। একই সঙ্গে মেমোরির ব্যবহার ১২ শতাংশ ও শক্তি খরচ ৩ শতাংশ কমানোর লক্ষ্য রয়েছে। গেম চালু হওয়া এবং ম্যাচ শুরুর আগে লোড হওয়ার সময়ও কমিয়ে আনার ওপর জোর দেওয়া হয়েছে।
সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে ফ্ল্যাশে থাকছে পূর্ণাঙ্গ ব্যানপ্যান নিরাপত্তাব্যবস্থা। এর আওতায় খেলা চলাকালে নজরদারি, নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কর্মীদের মাধ্যমে পর্যালোচনার ব্যবস্থা থাকবে। গেমটি খেলতে স্মার্টফোনে অন্তত ২ গিগাবাইট র্যাম থাকতে হবে। ডিভাইসের সক্ষমতা ও সামঞ্জস্য অনুযায়ী সেকেন্ডে ২৫, ৩০, ৪০ ও ৬০ ফ্রেম বা এফপিএসে খেলার সুযোগ পাওয়া যাবে।
পরিচিত যুদ্ধক্ষেত্র, পুরোনো অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা ও কম ডাউনলোড আকারের সমন্বয়ে আরও বেশি স্মার্টফোন ব্যবহারকারীর কাছে পৌঁছাতে চায় পাবজি মোবাইল ফ্ল্যাশ। বাংলাদেশে ১৩ নভেম্বর থেকে শুরু হবে এর যাত্রা।