মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নে গিরিনগরে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে প্রায় ৫০০ গ্রামবাসীর অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সারে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেও ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে চিত্রকোট ইউনিযনের ১, ২ ও ৩ নম্বর ওযার্ডের ্র সর্বস্তরের মানুষ অংশ নেন।
শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে প্রতিবাদ করায় বিভিন্ন পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে গিরিনগর জোনাকি সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদও করেছেন এ মানববনে ।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, প্রায় ৬৪ বছর ধরে গিরিনগর জোনাকি সংসদের খেলার মাঠটি তিন গ্রামের শিশু-কিশোর ও সাধারণ মানুষ ব্যবহার করে আসছেন। মাঠটি এলাকার শিশুদের খেলাধুলা, বিনোদন এবং সামাজিক কর্মকান্ডের গুরুত্বপূর্ণ স্থান। এ মাঠ রক্ষা করা শুধু একটি জায়গা রক্ষা নয়, বরং আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করার বিষয়।
তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খেলার মাঠ হিসেবে ব্যবহৃত জায়গাটি দখলের চেষ্টা চলছে। যারা মাঠের মালিকানা দাবি করছেন, তাঁদের বৈধ কাগজপত্র দেখানোর আহ্বান জানান এলাকাবাসী। তাঁরা বলেন, বৈধ কাগজপত্র উপস্থাপন করা হলে বিষয়টি মেনে নেওয়া হবে। অন্যথায় বর্তমান বাজারমূল্য অনুযায়ী জমির মূল্য পরিশোধ করে মাঠটি রক্ষার বিষয়েও তাঁরা আগ্রহী।
চিত্রকোট ইউনিয়ন বিএনপির সভাপতি ও এলাকার অভিভাবক মোঃ খোরশেদ আলম বলেন, আমাদের সন্তানদের খেলাধুলার জন্য এই মাঠটি খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে তারা এখানে খেলাধুলা করে আসছে। মাঠটি দখল হয়ে গেলে শিশুদের খেলার জায়গা থাকবে না। আমরা চাই, মাঠটি রক্ষা করা হোক এবং বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান করা হোক।
আরেক অভিভাবক চিত্রকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনবলেন, প্রায় ৬৪ বছর ধরে তিন গ্রামের মানুষ এই মাঠ ব্যবহার করছেন। মাঠটি নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় আমরা উদ্বিগ্ন। কুদ্দুস বেপারী,মোঃ বাদল,নাসির বেপারী,মাহমুদুল হাসান মৃদুল,আফসানা ইনাম আশা,ফেরদৌস বেপারী,মোঃ বাঁধনসহ যাঁরা জমির মালিকানা দাবি করছেন, তাঁরা বৈধ কাগজপত্র দেখান। কাগজপত্র যাচাই করে ন্যায়সংগত সিদ্ধান্ত নেওয়া হোক।
শহিদুল ইসলাম বাবু ও মাসুদ রানা বিপ্লব দুইজন অভিভাবক বলেন, আমরা কোনো ধরনের সংঘাত চাই না। আমরা চাই, প্রশাসন জমির কাগজপত্র যাচাই করে প্রকৃত বিষয়টি উদ্ঘাটন করুক। শিশু-কিশোরদের খেলাধুলার পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা কামনা করছি।
গিরিনগর জোনাকি সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম উজ্জ্বল মোল্লাা বলেন, এই মাঠের সঙ্গে তিন গ্রামের মানুষের দীর্ঘদিনের সম্পর্ক ও আবেগ জড়িয়ে রয়েছে। প্রায় ৬৪ বছর ধরে মাঠটি এলাকার শিশু-কিশোরদের খেলাধুলার জন্য ব্যবহৃত হয়ে আসছে। মাঠ রক্ষার দাবিতে কথা বলায় আমাকে নিয়ে বিভিন্ন পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। আমরা চাই, প্রকৃত ঘটনা তুলে ধরা হোক এবং কোনো পক্ষের বক্তব্যের ভিত্তিতে একতরফা সিদ্ধান্ত নেওয়া না হোক।
যাঁরা জমির মালিকানা দাবি করছেন, তাঁরা বৈধ কাগজপত্র উপস্থাপন করুন। কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে আইনসম্মত ও শান্তিপূর্ণ সমাধান হোক। আমাদের উদ্দেশ্য কারও সঙ্গে বিরোধ সৃষ্টি করা নয়; আমরা চাই, শিশুদের খেলার মাঠটি রক্ষা পাক এবং এলাকার মানুষ ন্যায়বিচার পান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাঠটির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে সুষ্ঠু সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে শিশু-কিশোরদের খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে মাঠটি রক্ষার দাবি জানান তাঁরা।
নোয়াখালী জেলায় সৌরবিদ্যুৎভিত্তিক ব্যবস্থা স্থাপনের অগ্রগতি, গুরুত্ব ও বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মাৎ জোহরা খাতুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুমিল্লা অঞ্চলের বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী প্রকৌশলী শেখ ফিরোজ কবির। সভায় সভাপতিত্ব করেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
সভায় শুরুতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নোয়াখালী বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মো. হাবিবুল বাহার এবং বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, চৌমুহনী এর নির্বাহী প্রকৌশলী জনাব প্রকৌঃ মোঃ শাহাদাত ইসলাম সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি, জাতীয় রুফটপ সোলার সিস্টেম বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
আলোচনায় টেকসই ও পরিবেশবান্ধব বিদ্যুৎব্যবস্থা গড়ে তুলতে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জাতীয় গ্রিডে সৌরবিদ্যুতের সংযোগ বৃদ্ধি এবং গ্রাহক পর্যায়ে নেট মিটারিং পদ্ধতিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, জ্বালানি সাশ্রয় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সৌরশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গ্রাহক পর্যায়ে সোলার সিস্টেম স্থাপন করা হলে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ কমানো সম্ভব হবে।
সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মডেল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ক্ষেত্রে গ্রাহক, সেবাদানকারী প্রতিষ্ঠান ও বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার মধ্যে সমন্বয় করে কাজ করার বিষয়টিও গুরুত্ব পায়। পাশাপাশি বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব CAPEX ও OPEX মডেলের বিভিন্ন সুবিধা তুলে ধরেন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী নোয়াখালী জেলার বিভিন্ন মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
প্রধান অতিথি জেলার সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি এবং নেট মিটারিং পদ্ধতিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় সরকারি ও বেসরকারি পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ এবং সরকারের জাতীয় রুফটপ সোলার কৌশলপত্র বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা ও বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বিদ্যুৎ বিভাগের উপসচিব, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান, সব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নরসিংদীর ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে আকলিমা আক্তার পাখি (৩০) নামে এক নারী ও তার ৮ বছর বয়সী মেয়ে রাফা মনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পলাশের ঘোড়াশাল বাইপাস সড়কের সামনের রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত আকলিমা আক্তার ঘোড়াশালের ফুলদিরটেক গ্রামের সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী। তারা ওই গ্রামে ভাড়া বাসায় বসবাস করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আকলিমা আক্তার তার মেয়ে রাফা মনিকে নিয়ে ঘুরতে ঘোড়াশাল বাইপাস সড়কে আসেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা ঘোড়াশাল রেললাইনে উঠেন। এসময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে ঘটনাস্থলে আকলিমা আক্তার মারা যান।
রাফা মনিকে আহত অবস্থায় নরসিংদীর সদর হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়। খবর পেয়ে রাত ৯টা ৪০ মিনিটে ঘটনাস্থল থেকে আকলিমা আক্তারের মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দিলীপ চন্দ্র সরকার জানান, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি মোটরসাইকেল থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় মোটরসাইকেলটিও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কড়ইকান্দি ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় স্থানীয় শাওকত হোসেনের মেশিনারিজ দোকান ও জাহাঙ্গীর মিয়ার হালিমের দোকানের মাঝামাঝি একটি খালি জায়গায় মোটরসাইকেল ফেলে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পালিয়ে যান। পরে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেলটি উপস্থিত সাধারণ মানুষ ও সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেলের ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন নতুন বাজার এলাকা ব্যাংকের মাঠ নিজ বাসা থেকে চাপাতি, চায়নিজ কুড়াল ও দুটি বড় সামুরাইসহ মো. রাজু মিয়া ওরফে ‘চোক্কা রাজু’ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই ১১টি মামলা রয়েছে। এ ছাড়া তার নামে একটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে নতুন বাজার ব্যাংকের মাঠ, নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাজু ওই এলাকার রিপন মিয়ার ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তার দেখানো মতে বাড়ি থেকে একটি চাপাতি, একটি চায়নিজ কুড়াল ও দুটি বড় সামুরাই উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টিও রয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাকসুদ আলম বলেন গ্রেপ্তার রাজুর বিরুদ্ধে পূর্বে ১১টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মির্জা ফয়সল আমিন
টিফিনের টাকা থেকে অল্প অল্প করে সঞ্চয় করত প্রথম শ্রেণির শিক্ষার্থী মুন্নি। সেই টাকা একটি ব্যাংকে জমিয়ে রেখেছিল সে। এবার নিজের জমানো সেই টাকাই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিনকে উপহার দিয়েছে শিশুটি। গতকাল বিকেলে বালিয়া ইউনিয়নের একটি নির্বাচনী সভায় এ ঘটনা ঘটে। মুন্নি ওই গ্রামের হানিফের মেয়ে। টিফিনের টাকা বাঁচিয়ে একটি ব্যাংকে জমা করা অর্থ নির্বাচনী ব্যয়ের জন্য মির্জা ফয়সল আমিনের হাতে তুলে দেয় সে।
এ সময় মির্জা ফয়সল আমিন বলেন, ‘এই শিশুরা তাদের সঞ্চিত অর্থ আমার নির্বাচনী ব্যয়ের জন্য দান করেছে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। আর আমি আমার এই অর্থ এই মসজিদে দান করলাম।’
শিশুর জমানো টাকা উপহার দেওয়ার এই ঘটনা নির্বাচনী সভায় উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে। মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র। তিনি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী।
মুন্নির বাবা হানিফ বলেন, ‘আমার মেয়ে ছোটবেলা থেকেই টিফিনের টাকা থেকে কিছু কিছু সঞ্চয় করে একটি ব্যাংকে জমা রাখত। সেই জমানো টাকা দিয়ে সে মির্জা ফয়সল আমিনকে উপহার দিতে চেয়েছে। মেয়ের এমন ইচ্ছায় আমি আনন্দিত। ছোট মানুষ হলেও তার এই ভালোবাসা ও আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে।
আরিফ শাহরিয়ার
আজ শুক্রবার বাদ জুমা বিয়ে হওয়ার কথা ছিল তরুণ প্রকৌশলী আরিফ শাহরিয়ারের। আগামীকাল শনিবার দুপুরে বউভাতের আয়োজনও ঠিক ছিল। কিন্তু বিয়ের আগের দিন গতকাল বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। আলোকসজ্জায় সাজানো বর ও কনের দুই বাড়িতেই নেমে এসেছে শোক। গতকাল রাত পৌনে আটটার দিকে মারা যাওয়া আরিফ (২২) গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানিপাড়ার বাসিন্দা। কনের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় এলাকায়।
পরিবার ও এলাকাবাসী জানান, আরিফ সম্প্রতি ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে পড়াশোনা শেষ করেন। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি চাকরি করতেন। বিয়ের জন্য প্রায় এক মাস আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পর থেকে বর ও কনের দুই বাড়িতেই প্রস্তুতি চলছিল। বর বরণের জন্য কনের বাড়ির ফটক ও ঘর সাজানো হয়েছিল। দাওয়াতপত্রও বিলি করা হয়েছিল।
গতকাল রাতে আরিফের গায়েহলুদের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় তাঁর নিথর দেহ রাখা ছিল গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কফিনে। ডেভিড কোম্পানিপাড়ায় অবস্থিত স্বেচ্ছাসেবী এই সংগঠনের পরিচালক কায়সার প্লাবন বলেন, আগামীকাল দুপুরে কমিউনিটি সেন্টারে বউভাতের কথা ছিল। সবকিছু পণ্ড হয়ে গেল নিমেষে।
চিকিৎসা নিয়ে অভিযোগ
আরিফ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা পরিবারের। আরিফের একমাত্র বড় বোন শারমিন সুলতানা শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে তাঁর ভাইয়ের চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন। তিনি জানান, চার দিন আগে আরিফ জ্বরে আক্রান্ত হন। শরীরের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গেলে গতকাল সকাল নয়টার দিকে তাঁকে শহরের হাসপাতাল রোডের একটি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। শারমিনের অভিযোগ, সেখানে দীর্ঘ সময় বসিয়ে রাখার পর বেলা একটার দিকে একজন চিকিৎসক ব্যবস্থাপত্র দেন। ওষুধ নিয়ে আরিফকে বাড়িতে আনা হয়।
বিকেলে আরিফের অবস্থা আরও খারাপ হয়। সাড়ে পাঁচটার দিকে তাঁকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। শারমিনের অভিযোগ, সেখানে জরুরি বিভাগের সামনে প্রায় এক ঘণ্টা তাঁকে রিকশায় বসে থাকতে হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক দেখেন। রাত পৌনে আটটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হুদা। আজ শুক্রবার সকালে মুঠোফোনে পরিবারের বরাত দিয়ে বলেন, আজ দুপুরে প্রকৌশলী আরিফের বিয়ে হওয়ার কথা ছিল। গতকাল রাতেই তিনি মারা যান। তবে ঠিক কী কারণে মারা গেছেন, তা জানা যায়নি।
চিকিৎসক যা বলছেন
বিষয়টি নিয়ে গাইবান্ধা শহরের হাসপাতাল রোডের মাইশা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কাইয়ুম মিয়ার সঙ্গে কথা বলেছে গণমাধ্যম।
মুঠোফোনে কাইয়ুম বলেন, ‘আরিফ শাহরিয়ার আমার পরিচিত। আজ শুক্রবার দুপুরে তাঁর বিয়ের দাওয়াত আমাকেও দিয়েছিলেন। তাঁকে বৃহস্পতিবার দুপুরে আমাদের ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার জন্য আনা হয়। চিকিৎসক মনির হোসেন তাঁকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। তারপরও হাসপাতালে ভর্তি না করে পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাঁকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
বৃহস্পতিবার রাতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন চিকিৎসক মেহেদী হাসান। তিনি আজ সকালে বলেন, ‘ওই রোগীকে (আরিফ শাহরিয়ার) হাসপাতালে মৃত অবস্থায় আমরা পাই। সাধারণত জ্বরে হঠাৎ করে মারা যাওয়ার কথা নয়। আত্মীয়স্বজনের কাছে তাঁর বর্ণনা শুনে এবং আগের রিপোর্ট দেখে বোঝা গেছে, তিনি বেশ কয়েক দিন ধরে টাইফয়েডে আক্রান্ত ছিলেন। তাঁর ডেঙ্গুর উপসর্গ ছিল না। সম্ভবত তিনি স্ট্রোক বা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’
আজ বাদ জুমা গাইবান্ধা শহরের রেলস্টেশন জামে মসজিদে আরিফ শাহরিয়ারের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর শহরের পৌর কবরস্থানে তাঁর দাফন হয়।