ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬, সময় : ১:১৬ পিএম

ভারতের বিহারে গঙ্গার পানি বাড়ায় ফারাক্কা ব্যারাজের সব গেট খুলে দিতে অনুরোধ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। রোববার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তিনি এ অনুরোধ জানান। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিহারের মুখ্যমন্ত্রী বিষয়টি জানান।


এদিকে লঘুচাপের প্রভাবে বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্য এলাকায় বৃষ্টিপাত তুলনামূলক কম হতে পারে। ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও হবিগঞ্জের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 


শুভেন্দু অধিকারীকে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেছেন, গঙ্গার পানি বাড়ছে এবং বিহারে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে যাচ্ছে। সম্রাট চৌধুরীর দাবি, ফারাক্কার সব গেট খুলে দিলে গঙ্গার পানির প্রবাহ বাড়বে। এটি বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করবে বলে দাবি করেছেন তিনি। সম্রাট চৌধুরী জানিয়েছেন, শুভেন্দু অধিকারী তাঁকে বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।


এদিকে ফারাক্কা ব্যারাজ ও গঙ্গার পানি বণ্টন নিয়ে ১৯৯৬ সালের ভারত-বাংলাদেশ চুক্তির প্রসঙ্গ সামনে এনেছেন ভারতের জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউয়ের রাজ্যসভার সদস্য সঞ্জয় ঝা। তিনি বলেছেন, চুক্তিটি নবায়নের আগে বিহারের স্বার্থ বিবেচনায় নেওয়া প্রয়োজন।


১৯৯৬ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বণ্টন নিয়ে চুক্তি হয়। সঞ্জয় ঝা বলেন, চুক্তিটি চলতি বছরের ডিসেম্বরে ৩০ বছর পূর্ণ করবে।  ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। এর মধ্যে গঙ্গার পানি বণ্টনের বিষয়টি ১৯৯৬ সালের চুক্তির আওতাভুক্ত। ফারাক্কা ব্যারাজকে কেন্দ্র করে শুষ্ক মৌসুমে গঙ্গার পানি বণ্টনের ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে এই চুক্তিতে। 


নিম্নাঞ্চল প্লাবিত, বাঁধে ভাঙন 


আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, এর লাগোয়া উত্তর ওড়িষ্যা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।


সতর্কবার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


এদিকে উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী তিনটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আকস্মিক ঢলের পানিতে মোগড়া, দক্ষিণ ও মনিয়ন্দ ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ২৫০ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েকটি গ্রামের বহু পরিবার। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পানি বাড়তে থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকার কয়েকটি বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। ত্রাণও প্রস্তুত রাখা হয়েছে।


হবিগঞ্জে বাঁধ ভেঙে অন্তত ২০ গ্রাম প্লাবিত: এদিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ বাঁধে প্রায় দেড় মাস পর আবারও ভাঙন দেখা দিয়েছে। এতে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রবল স্রোতে পানি লোকালয়ে ঢুকে রাস্তা, ফসলি জমি ও ঘরবাড়ি তলিয়ে গেছে। গবাদি পশু ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। 


স্থানীয় বাসিন্দারা বলছেন, দেড় মাস আগে একই বাঁধ ভেঙে তাদের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও বাঁধ ভেঙে যাওয়ায় তারা নতুন করে বিপর্যয়ের মুখে পড়েছেন।


স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে উজান থেকে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি বাড়তে শুরু করে। এক পর্যায়ে কালীগঞ্জ বাঁধ ভেঙে নদীর পানি দ্রুত লোকালয়ে ঢুকে পড়ে। 

 




ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬, সময় : ১১:৩৮ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, সংসদীয় কার্যক্রমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান পালন করবেন। তার অনুপস্থিতিতে এই দায়িত্বে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কোনো মন্ত্রী সংসদে অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে কারা দায়িত্ব পালন করবেন, তাও সুস্পষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও বিকল্প হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে।


অন্যান্য মন্ত্রণালয়ের সংসদীয় কার্যভার বণ্টনে দেখা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আফরোজা খানমকে; তার অনুপস্থিতিতে সংসদীয় কাজ সামলাবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।


তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছেন মন্ত্রী আন্দালিব রহমান, যাঁর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রী এম রশিদউজ্জামান মিল্লাত এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সাচিং প্রুকে। তবে এ দুই মন্ত্রীর যেকোনো একজনের অনুপস্থিতিতে বিকল্প হিসেবে সংসদীয় দায়িত্ব পালন করবেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।


মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে জানানো হয়, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং এর আগে জারি করা এ-সংক্রান্ত পূর্ববর্তী প্রজ্ঞাপনের অন্যান্য বিষয়াবলি অপরিবর্তিত থাকবে।


উল্লেখ্য, গত ২১ আগস্ট নতুন চারজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। শপথের পর নতুনদের মধ্যে দপ্তর বণ্টন এবং পুরোনো একজনের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়। মন্ত্রিসভায় এই রদবদল ও নতুন অন্তর্ভুক্তির ধারাবাহিকতাতেই সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় কার্যাবলী সম্পাদনের জন্য নতুন করে এই দায়িত্ব বণ্টন করা হলো।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬, সময় : ১০:০১ এএম

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে আকাশ মেঘলাসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ সময় আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।


মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ট্রেস পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


পূর্বাভাসে বলা হয়েছে, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.০ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৬ থেকে ১২ ঘণ্টায় আকাশ মেঘলা থাকতে পারে এবং পরবর্তী ৩ থেকে ৬ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


প্রতীকী ছবি

  • প্রকাশ : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬, সময় : ৯:৪৯ এএম

দেশে ডেঙ্গুর সংক্রমণ দ্রুত বাড়ছে। সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন। চলতি বছরে এক দিনে এটাই সর্বোচ্চ সংখ্যা। এর আগে ১৬ আগস্ট ৮০৫ জন এবং ১১ আগস্ট ৭৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।


স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৯৭ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১২৬ জন এবং এর বাইরে ঢাকা অঞ্চলে ১৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।


ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে, ২১৫ জন। এ ছাড়া বরিশালে ১১৭, চট্টগ্রামে ১০৭, ময়মনসিংহে ৭১, রাজশাহীতে ৭৬, রংপুরে ২৩ এবং সিলেটে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি মাসেই মারা গেছেন ৩১ জন। গত ১ জানুয়ারি থেকে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৯২৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি গেছেন ২৭ হাজার ৭৫৮ জন।


মাসভিত্তিক পরিসংখ্যানেও ডেঙ্গুর ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। মে মাসে দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন ৭১৪ জন। জুনে তা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৯০৭ জন। জুলাইয়ে হয় ৯ হাজার ২০৬ জন। গতকাল ২৪ আগস্ট পর্যন্ত শনাক্ত হয়েছে ১৪ হাজার ৬১৩ জন ডেঙ্গু রোগী।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ রোগতাত্ত্বিক বিশ্লেষণ অনুযায়ী, গত এক সপ্তাহে দেশের ছয়টি জেলায় ডেঙ্গুর সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জেলাগুলো হলো ঝালকাঠি, খুলনা, পিরোজপুর, বান্দরবান, ঢাকা ও ময়মনসিংহ। 


চলতি বছরের পরিসংখ্যান বলছে, আগস্টে ডেঙ্গুর সংক্রমণ নতুন গতি পেয়েছে। কীটতত্ত্ববিদদের আশঙ্কা অনুযায়ী সেপ্টেম্বরেও সংক্রমণ বাড়তে থাকলে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়তে পারে। এখনই মশার প্রজননস্থল ধ্বংস ও সমন্বিত মশক নিয়ন্ত্রণ জোরদার করা না গেলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হতে পারে।


সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তৌহিদ উদ্দিন আহমেদ বলেন, মশানাশকগুলোর বিরুদ্ধে এডিস মশার প্রতিরোধক্ষমতা তৈরি হওয়া মারাত্মক প্রভাব ফেলতে পারে। নতুন কোনো কীটনাশক প্রয়োগ করলেও তা অকার্যকর হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ হতে পারে। এখনই মশা নিয়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।


জনস্বাস্থ্যবিদ ও রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজীর আহমেদ বলেন, ২৫ বছরেও ঢাকায় কার্যকরভাবে এডিস মশা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ঢাকার বাইরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা আরও সীমিত। ফলে সামনে পরিস্থিতি সামাল দেওয়া আরও কঠিন হতে পারে।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর

  • প্রকাশ : সোমবার ২৪ আগস্ট, ২০২৬, সময় : ৯:০৪ পিএম

যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করার প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব‌লে‌ছেন, ‘আমি বাংলা‌দে‌শি’। আজ সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে এ কথা ব‌লেন তি‌নি।


হুমায়ুন কবির বলেন, আমি বাংলাদেশি। এখানে আসার এবং বাংলাদেশের জন্য কাজ করার অর্থই এটি। কোনো সুবিধাভোগী মানুষ এখানে কাজ করবে না।


দ্বৈত নাগরিকত্ব থাকলে মন্ত্রিত্ব নেওয়ার ক্ষেত্রে আইনি বাধা ও নেটিজেনদের সমালোচনার জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি সিটিজেনশিপ নিয়ে এসেছি, আর আপনারা বললেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো নাগরিকত্ব নিয়ে কাজ করতে এসেছি, আমরা কাজ করি।


দে‌শের এক‌টি গণমাধ‌্যম আপনার যুক্তরা‌জ্যের নাগ‌রিকত্ব নি‌য়ে সংবাদ প্রকাশ করার বিষয়‌টি তোলা হ‌লে হুমায়ুন ক‌বির ব‌লেন, তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার? মঈন মঈনুদ্দিন, ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার? নাকি।


তিনি বলেন, দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ সব, দেশপ্রেমিক মানুষ যারা আছে, গণমাধ্যম এবং রাজনৈতিক নেতারা-এখন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ্‌ এই দেশকে এগিয়ে নিয়ে যাব।


ঘুষ.সাইট

  • প্রকাশ : সোমবার ২৪ আগস্ট, ২০২৬, সময় : ৮:২৯ পিএম

বিদেশি ওয়েবসাইট থেকে অনুপ্রাণিত হয়ে দেশে সরকারি সেবা নিতে কোথায় কত টাকা ঘুষ চাওয়া হচ্ছে, সেই তথ্য জানাতে দুই বন্ধু মিলে তেরি করেছেন ‘ঘুষ.সাইট’ (ghush.site)। গত শুক্রবার (২১ আগস্ট) ওয়েবসাইটটি চালু হওয়ার পর মাত্র ৩ দিনেই এটিতে সরকারি সেবা পেতে ঘুষ চাওয়ার ১ হাজার ৩২৯ টি অভিযোগ জমা পড়েছে। আর ঘুষ হিসেবে চাওয়া অর্থের পরিমাণ ২৫ কোটি ৫৫ লাখ টাকা।


ওয়েবসাইটটিতে ভুক্তভোগীরা নিজেদের নাম-পরিচয় গোপন রেখেই ঘুষ চাওয়ার অভিজ্ঞতা জানাতে পারছেন। যেখানে অভিযোগ জানাতে হলে ব্যবহারকারীকে সংশ্লিষ্ট দপ্তরের নাম, সেবার ধরন, এলাকা ও ঘুষ হিসেবে কী পরিমাণ অর্থ দাবি করা হয়েছিল এবং শেষ পর্যন্ত কী হয়েছিল- এই ৫ ধরনের তথ্য দিতে হয়। সেই সঙ্গে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেয়ারও সুযোগ রয়েছে।


তবে এখানে অভিযোগ জানাতে কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয় না। সবমিলিয়ে পুরো প্রক্রিয়াটি ২ মিনিটেরও কম সময়েই শেষ করা যায়। তবে কোনো ব্যক্তির নাম, পদবি বা ফোন নম্বর উল্লেখ করা যায় না।


নিজস্ব অর্থে পরিচালিত ওয়েবসাইটটির দুই প্রতিষ্ঠাতা হলেন- সাইফ কবির ও শাহেদ শরিফ। কোনো এনজিও বা প্রতিষ্ঠানের সঙ্গে এর আনুষ্ঠানিক সম্পৃক্ততা নেই এবং বাইরের কোনো অর্থায়নও নেয়া হয়নি বলে জানিয়েছেন তারা। তবে ওয়েবসাইটটিতে স্বেচ্ছায় অনুদানের সুযোগ রয়েছে।


উদ্যোক্তারা জানিয়েছেন, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করার চেয়ে সরকারি কোন দপ্তর বা সরকারি সেবা ঘিরে ঘুষ চাওয়ার অভিযোগ বেশি আসছে, সেটি তুলে ধরাই ওয়েবসাইটটির মূল উদ্দেশ্য। সবমিলিয়ে বিচ্ছিন্নভাবে থাকা ঘুষের অভিজ্ঞতাগুলো এক জায়গায় এনে কোনো সরকারি সেবা বা দপ্তরে কত টাকা ঘুষ চাওয়ার অভিযোগ রয়েছে, তার একটি চিত্র তৈরি করা। 


তবে ওয়েবসাইটে যুক্ত হওয়া তথ্যকে যাচাই করা অভিযোগ বা প্রমাণ হিসেবে দাবি করছে না ওয়েবসাইটটি।


অন্যদিকে ঘুষের অভিযোগ জমা দেয়ার পর সেটি সরাসরি ওয়েবসাইটে প্রকাশ করা হয় না। প্রথমে মডারেশনের মাধ্যমে অভিযোগকারীর ব্যক্তিগত তথ্য সরানো হয়। সেই সঙ্গে আক্রমণাত্মক, অস্পষ্ট বা নীতিমালা ভঙ্গ করে- এমন অভিযোগও বাদ দেয়া হয়। 


এরপর অভিযোগটি প্রকাশ করা হয়। যেখানে বিভাগ, দপ্তর, সেবার ধরন, ঘুষ চাওয়া অর্থের পরিমাণ ও ঘটনার ফলাফল অনুযায়ী তথ্য দেখা যায়।


৩ দিনেই হাজারের বেশি অভিযোগ


সোমবার দুপুরে ওয়েবসাইটটি ঘুরে দেখা যায়, ওয়েবসাইটটি চালুর প্রথম ৩ দিনেই এতে ১ হাজার ৩২৯টি অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে ঘুষ চাওয়ার সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ঢাকা বিভাগ থেকে। এই বিভাগ থেকে এ পর্যন্ত ৮৬৯টি অভিযোগ জমা পেড়েছে। 


পাশাপাশি ২ নম্বরে থাকা চট্টগ্রাম বিভাগ থেকে ৪৩৮টি অভিযোগ জমা পড়েছে। এছাড়া রাজশাহী বিভাগের ২২টি অভিযোগ জমা পড়েছে। সবমিলিয়ে এসব অভিযোগে ঘুষ হিসেবে চাওয়া অর্থের মোট পরিমাণ ২৫ কোটি ৫৫ লাখ টাকা।


অভিযোগ মানেই প্রমাণ নয়


ওয়েবসাইটটিতে জমা পড়া প্রতিটি অভিযোগ আলাদাভাবে যাচাই করা হয় না, যেটি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা। এ কারণে সাইটে প্রকাশিত প্রতিটি রিপোর্টের সঙ্গে ‘আনভেরিফায়েড’ (যাচাই করা হয়নি) শব্দটি উল্লেখ করা থাকে। 


উদ্যোক্তারা জানিয়েছেন, ঘুষ.সাইট কোনো অভিযোগকে সত্য ঘটনা বা কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রমাণ হিসেবে উপস্থাপন করছে না। এটি কোনো তদন্ত সংস্থাও নয়, দুর্নীতি দমন কমিশনের বিকল্প হওয়ার দাবিও করছে না; বরং মানুষের অভিজ্ঞতাগুলো এক জায়গায় এনে একটি উন্মুক্ত রেকর্ড তৈরি করাই এর উদ্দেশ্য।


এ বিষয়ে ওয়েবসাইটটির উদ্যোক্তাদের একজন সাইফ কবির গণমাধ্যমকে বলেন, শুধু ওয়েবসাইটে কত মানুষ ঢুকল এটিই তাদের কাছে সাইটটির সাফল্যের মাপকাঠি নয়; বরং কোনো নাগরিক সরকারি সেবা নিতে যাওয়ার আগে মানুষের অভিজ্ঞতা দেখে যদি বুঝতে পারেন, কোথায় কত টাকা ঘুষ চাওয়ার অভিযোগ রয়েছে এবং অন্যায্য দাবি প্রত্যাখ্যান করতে পারেন, সেটিকেই এই উদ্যোগের সাফল্য হিসেবে দেখছেন তারা।

  • প্রকাশ : সোমবার ২৪ আগস্ট, ২০২৬, সময় : ৬:৪৬ পিএম
  • আপডেট : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬, সময় : ১০:০২ পিএম

এ সম্পর্কিত আরও খবর


  • প্রকাশ : সোমবার ২৪ আগস্ট, ২০২৬, সময় : ৬:৪৬ পিএম

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের কলেজে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ২ সেপ্টেম্বর থেকে। ভর্তি প্রক্রিয়া চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর, ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর। আজ সোমবার একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। অন্যবারের মত এবারও ফলাফলের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।


অনলাইনে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে আবেদন করতে হবে। শিক্ষার্থীরা ২ থেকে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন।


খাতা পুনর্মূল্যায়নে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। এ দুই দিন পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা। এরপর ১৭ সেপ্টেম্বর রাত ৮টায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। ১৯ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত কলেজ নিশ্চিত করতে হবে। না করলে আবেদন বাতিল হয়ে যাবে।


এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর ভর্তি নেবে কলেজ ও মাদ্রাসাগুলো। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস।


গ্রুপ নির্বাচন


বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যেকোনো গ্রুপের (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়) জন্য আবেদন করতে পারবেন। মানবিক ও ব্যবসায় বিভাগের শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় আবেদন করতে পারবেন। মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে পাস করা শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে।


যেকোনো গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা গার্হস্থ্য বিজ্ঞান ও সংগীত বিষয়ের যেকোনো একটিতে আবেদন করতে পারবেন।


মেধাক্রম নির্ধারণ


সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গ্রেড পয়েন্ট ও প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে।


বিজ্ঞান গ্রুপে ভর্তির ক্ষেত্রে সমান মোট নম্বর প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত ও উচ্চতর গণিত বা জীববিজ্ঞানে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে। যদি তারপরেও প্রার্থী বাছাইয়ে জটিলতা নিরসন না হয়, তবে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থ বিজ্ঞান, রসায়নে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে।


মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের ক্ষেত্রে সমান মোট নম্বর বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে।


এক গ্রুপের প্রার্থী অন্য গ্রুপে ভর্তির ক্ষেত্রে জিপিএ একই হলে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জটিলতা নিরসন না হলে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে।


স্কুল ও কলেজ এবং সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠান থেকে পাস করা শিক্ষার্থীরা প্রতিষ্ঠান নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে স্ব স্ব বিভাগে (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষার্থীদের স্ব স্ব বিভাগে ভর্তি নিশ্চিত করেই কেবল অবশিষ্ট শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।


ভর্তি ফি


ঢাকা মহানগরের এমপিওভুক্ত কলেজে বাংলা ও ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মহানগর এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনের কলেজে ভর্তির ফি হবে ৩ হাজার টাকা। জেলা পর্যায়ের কলেজে দুই ভার্সনের ভর্তির ফি ২ হাজার ও উপজেলা বা মফস্বল পর্যায়ের কলেজে ভর্তির ফি দেড় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।


ননএমপিও বা আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি, সেশন চার্জ ও ভর্তি ফি ঢাকা মহানগর এলাকার কলেজের বাংলা ভার্সনের জন্য সাড়ে ৭ হাজার টাকা ও ইংরেজি ভার্সনের জন্য সাড়ে ৮ হাজার টাকা।


ঢাকা ছাড়া অন্যান্য মহানগর এলাকার ননএমপিও কলেজে বাংলা ভার্সনে ভর্তির জন্য ৫ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ভর্তির জন্য ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। জেলা পর্যায়ের কলেজের বাংলা ভার্সনে ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। আর উপজেলা বা মফস্বল পর্যায়ের কলেজে বাংলা ভার্সনে আড়াই হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা ভর্তি ফি দিতে হবে।


সরকারি কলেজগুলো সরকারি নির্দেশনা অনুযায়ী ভর্তি ফি নেবে। দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ভর্তির জন্য কলেজগুলোকে ফি যতদূর সম্ভব মওকুফে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের থেকে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করার সময় ৩৪০ টাকা ভর্তি ফি নেবে।


কোটা


একাদশে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ বা মাদ্রাসার ৯৩% আসন সকলের জন্য উন্মুক্ত থাকবে, যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে।


শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের জন্য ১% এবং অধীনস্থ দপ্তর বা সংস্থায় কর্মরত কর্মকর্তা বা কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে ১% সহ মোট ২% আসন মহানগর, বিভাগীয় ও জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে সংরক্ষিত থাকবে। 


যদি আবেদনকারীর সংখ্যা বেশি হয়, সেক্ষেত্রে তাদের নিজেদের মধ্যে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ রাখতে হবে। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর প্রধানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।


বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার ভর্তির জন্য ৫% আসন সংরক্ষিত থাকবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। 


এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযোদ্ধা সনদ যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা পাওয়া না গেলে মেধা তালিকা থেকে ওইসব আসনে ভর্তি করতে হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না।


যেসব কলেজে ভর্তি নিষিদ্ধ


স্থাপনের অনুমতি আছে কিন্তু পাঠদানের প্রাথমিক অনুমতি নেই, এমন কলেজ বা সমমানের প্রতিষ্ঠান কোনো অবস্থাতেই শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। পাঠদানের প্রাথমিক অনুমতিপ্রাপ্ত অথবা স্বীকৃতিপ্রাপ্ত কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে অননুমোদিত ক্যাম্পাস এবং অনুনোমোদিত কোনো বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা যাবে না।