সালমান মুক্তাদির
কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
আজ বুধবার সব ব্যাংকে চিঠি দিয়ে তার হিসাব খোলার ফরম, হালনাগাদ লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। আধাঘণ্টার মধ্যে এ সংক্রান্ত তথ্য দিতে বলা হয়েছে। একটি গোয়েন্দা সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে তথ্য চাওয়া হয় বলে একটি সূত্র জানিয়েছে।
গত শনিবার শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমানের স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও মালামাল লুট হয়। পরে তিনি অভিযোগ করেন বিএনপির লোকজন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দেওয়ায় তার স্টুডিওতে হামলা হয়েছে। তার এই বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের অনেকে প্রতিক্রিয়া জানান। এখন লেনদেন ক্ষতিয়ে দেখার উদ্যোগ নিল সরকার।
ছবি : সংগৃহীত
তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে মজুরি বোর্ডের চতুর্থ সভা চলছে। মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
সভায় দুটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, গার্মেন্টসশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং এ শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন। এর আগে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে বোর্ডের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়।
এর আগে সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে ছয় সদস্যের মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়।
ওই সভায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব উপস্থাপন করা হয়। তবে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান থাকায় সেদিন আলোচনা শেষ হয়নি। এ কারণে পরবর্তী সময়ে আলোচনার জন্য মঙ্গলবার দুপুর ২টায় আবার বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়। মালিকপক্ষের প্রস্তাবিত মজুরির পরিমাণও তখন প্রকাশ করা হয়নি।
তৃতীয় সভায় প্রথমবারের মতো মালিক ও শ্রমিকপক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি অংশ নেন। মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল। শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু।
ছবি : সংগৃহীত
তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণে নিজেদের প্রস্তাব সংশোধন করেছেন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। সোমবার (২৩ নভেম্বর) দীর্ঘ প্রায় সাড়ে ৯ ঘণ্টার আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি চায় ১৫ হাজার ৮০০ টাকা। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করেছে। তবে শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের এই প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরে উভয়পক্ষই নিজেদের প্রস্তাব আরও পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে।
গতকাল দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে ছয় সদস্যের বোর্ডের তৃতীয় বৈঠক শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে রাত ৯টার দিকে বৈঠকটি মুলতবি করা হয়। আজ দুপুর ২টায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বোর্ডের একজন সদস্য জানান, বৈঠকের শুরুতে মালিকপক্ষ শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। সে হিসাবে প্রাথমিক প্রস্তাবে প্রায় ২০ শতাংশ মজুরি বৃদ্ধির কথা বলা হয়।
আলোচনার একপর্যায়ে মালিকপক্ষ তাদের প্রস্তাব সংশোধন করে ১৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে। একই সময়ে শ্রমিকপক্ষও তাদের ৩২ হাজার টাকার দাবি কমিয়ে ২৫ হাজার টাকার নতুন প্রস্তাব দেয়।
পরবর্তী পর্যায়ে মালিকপক্ষ দ্বিতীয় দফায় তাদের প্রস্তাব বাড়িয়ে ১৫ হাজার ৮০০ টাকা করে। এর জবাবে শ্রমিক প্রতিনিধিরাও নিজেদের দাবি পুনর্বিবেচনা করে ২২ হাজার টাকার নতুন প্রস্তাব দেন।
দীর্ঘ আলোচনায় উভয় পক্ষই নিজ নিজ অবস্থান থেকে সরে এসে প্রস্তাব সংশোধন করলেও মজুরির পরিমাণ নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। এ কারণে কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়।
ছবি : সংগৃহীত
দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ ও পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।
সবশেষ গত ২৩ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়। যা গত ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে কার্যকর হয়।
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের দেওয়া প্রস্তাবকে অযৌক্তিক ও অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।
প্রস্তাবটি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। সমঝোতায় পৌঁছাতে প্রস্তাব সংশোধন করে আবারও আলোচনায় বসার কথা জানিয়েছেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবুল আখতার এসব কথা বলেন।
তিনি বলেন, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকপক্ষের দাবির ধারেকাছেও নেই। তবে এটি চূড়ান্ত প্রস্তাব নয়। আলোচনা এগিয়ে নিতে শ্রমিকপক্ষও তাদের দাবির পরিমাণ পুনর্বিবেচনা করে সংশোধিত প্রস্তাব দেবে। মালিকপক্ষও তাদের প্রস্তাব সংশোধন করবে বলে আশা করছেন তারা।বাবুল আখতার বলেন, ‘মালিকপক্ষ একটু কম দিয়ে প্রস্তাব শুরু করেছে। তবে এটাই চূড়ান্ত নয়। আমরা চেষ্টা করছি আলোচনা করে একটি সন্তোষজনক জায়গায় পৌঁছাতে।’
তিনি আরও বলেন, সভা শেষ না করে প্রয়োজনে মুলতবি রেখে মঙ্গলবার সকালে আবারও আলোচনায় বসতে চান তারা। প্রয়োজনে সোমবার রাত ১০টা পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে শ্রমিকপক্ষের। ন্যূনতম মজুরির বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে উভয়পক্ষ একমত হয়েছে বলেও জানান তিনি।
মালিকপক্ষের প্রস্তাবের অঙ্ক প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বাবুল আখতার বলেন, প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। উভয়পক্ষের সংশোধিত প্রস্তাবের ভিত্তিতে আলোচনা এগিয়ে নেওয়া হবে।আলোচনায় ২০২৩ সালের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রসঙ্গও তুলে ধরেন শ্রমিকপক্ষের এই প্রতিনিধি। তিনি বলেন, ওই সময় শ্রমিকপক্ষের দাবি ছিল ২৩ হাজার টাকা। তবে শেষ পর্যন্ত ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা। সে সময় মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাবছিল প্রায় ১০ হাজার ৪০০ টাকা।বাবুল আক্তারের ভাষ্য, আগের বারের মতো এবারও প্রাথমিক প্রস্তাবের পর আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।তিনি আরও বলেন, এবার তাদের দাবির পক্ষে সব শ্রমিক ফেডারেশন মিলে যৌক্তিক অবস্থান নিয়েছে। তবে শিল্পের স্বার্থে এবং আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করতে তাদের প্রস্তাবও কিছুটা সংশোধনের প্রয়োজন হতে পারে।
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান
ন্যূনতম মজুরি নিয়ে আলোচনা চললেও শ্রমিকদের আন্দোলন থেমে নেই বলে জানান বাবুল আখতার। তার মতে, নভেম্বরের শুরু থেকে, এমনকি তারও আগে থেকে চলমান এই আন্দোলনের সঙ্গে মজুরি বোর্ডের সভা হওয়া বা না হওয়ার বিষয়টি সরাসরি সম্পর্কিত নয়।
তবে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি মজুরি বোর্ডের মাধ্যমে নিষ্পত্তি হবে। উৎপাদন বন্ধ রাখার পক্ষে শ্রমিক সংগঠনগুলো নয়। শ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় তাদের দাবির প্রতি সহানুভূতি থাকলেও উৎপাদন অব্যাহত রাখা জরুরি।আলোচনায় মালিকপক্ষের দেওয়া তথ্যের বরাত দিয়ে রপ্তানি খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতির কথা উল্লেখ করেন তিনি। তার বক্তব্য, শ্রমিকরা কাজে যোগ না দিলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে, যা শেষ পর্যন্ত শ্রমিকদের বেতন পরিশোধের সক্ষমতার ওপরও প্রভাব ফেলতে পারে।
তবে ন্যূনতম মজুরি কত নির্ধারণ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। সংশোধিত প্রস্তাবের ভিত্তিতে আলোচনা অব্যাহত রেখে দ্রুত একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানোই এখন উভয় পক্ষের সামনে প্রধান লক্ষ্য, বলে জানান এ শ্রমিক নেতা।
ছবি : সংগৃহীত
টানা কয়েকদফা কমার পর দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ বাড়ানো হয়েছে ৩ হাজার ১৪৯ টাকা। সোমবার (২৩ নভেম্বর) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। আজ এ দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬১ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৯২৫ টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অলংকার বা গয়নার নকশা অনুযায়ী মজুরি দিতে হবে এবং নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদলালে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে, তবে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই নিয়ম ও দাম বহাল থাকবে।
মিসিং রেভিনিউ ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকুয়েন্সেস’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান
এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করার অধ্যাদেশে ‘কিছু ত্রুটি ছিল’ বলে জানিয়েছেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার। এসব ত্রুটি সংশোধন করে নতুন বিল হিসাবে সেটি সংসদে তোলার জন্য ‘প্রায় প্রস্তুত’ বলেও তথ্য দিয়েছেন তিনি। শনিবার রাজধানীর একটি হোটেলে র্যাপিড আয়োজিত ‘মিসিং রেভিনিউ ইন বাংলাদেশ : ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকুয়েন্সেস’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খায়েরুজ্জামান মজুমদার আরও বলেন, সংশোধিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা এনবিআর কর্মকর্তাদের জন্য যেমন সহায়ক হবে, তেমনি নিশ্চিত করবে যে, নীতি প্রণয়ন এবং তা বাস্তবায়নের কাজ একই ব্যক্তির হাতে থাকবে না। ফলে নীতিমালা প্রণয়নে জাতীয় অগ্রাধিকারগুলো আরও ভালোভাবে প্রতিফলিত হবে এবং বাস্তবায়ন প্রক্রিয়া আরও কার্যকর হবে।
অর্থসচিব খায়েরুজ্জামান বলেন, জমির নিবন্ধন ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে গঠিত কমিটি আগামী মাস থেকে জমির প্রকৃত বাজারদর যাচাই করে মৌজা রেট নির্ধারণের কাজ শুরু করবে। জেলা প্রশাসকের নেতৃত্বে এ কমিটিতে ইউএনও, এনবিআর প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন। প্রকৃত বাজারদরের ভিত্তিতে মৌজা রেট নির্ধারণের পর নিবন্ধন করের হার কমানোর পরিকল্পনা রয়েছে। এতে জমির প্রকৃত মূল্য অনুযায়ী রাজস্ব আদায় বাড়বে, পাশাপাশি অপ্রদর্শিত অর্থের প্রবণতাও কমবে।
রাজস্ব আদায়ের বিপুল সম্ভাবনা
র্যাপিডের হিসাবে, ২০২১-২২ অর্থবছরে ব্যক্তি আয়কর থেকে সম্ভাব্য রাজস্ব ছিল জিডিপির ৪ দশমিক ৮৫ শতাংশ। কিন্তু প্রকৃত আদায় হয়েছে মাত্র শূন্য দশমিক ৯৮ শতাংশ। অর্থাৎ ঘাটতি ৩ দশমিক ৮৭ শতাংশ। একইভাবে অভ্যন্তরীণ ভ্যাট থেকে সম্ভাব্য রাজস্ব ছিল জিডিপির ৩ দশমিক ৮২ শতাংশ, আদায় হয়েছে ১ দশমিক ৮০ শতাংশ। এ ক্ষেত্রে ঘাটতি ২ দশমিক ০২ শতাংশ। শুধু ব্যক্তি আয়কর ও অভ্যন্তরীণ ভ্যাটেই সম্ভাব্য অনাদায়ী রাজস্ব জিডিপির ৫ দশমিক ৮৯ শতাংশ।
গবেষণায় বলা হয়েছে, বিদ্যমান আইন যথাযথভাবে কার্যকর করা গেলে কর-জিডিপি অনুপাত প্রায় ১৩ দশমিক ৫ শতাংশে উন্নীত করা সম্ভব। তবে এতে করপোরেট আয়কর, আমদানি পর্যায়ের ভ্যাট ও অন্যান্য কর অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে সামগ্রিক রাজস্ব আহরণের সম্ভাবনা আরও বেশি। অনুষ্ঠানে এনবিআরের সদস্য সৈয়দ মুশফিকুর রহমান, পিআরআই চেয়ারম্যান জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সায়মা হক বিদিশা, এফইএস বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ফেলিক্স গার্ডেস এবং ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।